রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ভ্যাংকুভারে রাস্তার উৎসবে গাড়িচাপা : নিহত অন্তত ৯

কানাডার ভ্যাংকুভারে রাস্তার উৎসবে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। পশ্চিমাঞ্চলীয় এই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১৪ মিনিটে এ ঘটনায় ‘আরো অনেকে’ আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তারা ‘নিশ্চিত’ যে ঘটনাটি সন্ত্রাসী হামলা ছিল না। এ ঘটনার তদন্ত চলছে।

পুলিশ আরো জানায়, দক্ষিণ ভ্যাংকুভারের ইস্ট ৪৩তম এভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে অনুষ্ঠিত ফিলিপিনো সংস্কৃতির বার্ষিক লাপু লাপু উৎসবে সন্দেহভাজন ব্যক্তি গাড়ি তুলে দেন। ভ্যাংকুভার পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান স্টিভ রাই এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় একটি গাড়ি ও একজন সন্দেহভাজন জড়িত ছিলেন। আরো বিস্তারিত তথ্য পরদিন সকালে প্রকাশ করা হবে।

উৎসবে খাবার বিক্রি করা একটি ট্রাকের মালিক ইয়োসেব ভারদেহ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জানান, হামলাটি তার ভ্যানের একদম সামনে ঘটেছে।
তিনি বলেন, ‘এই লোকটি আমার কিছু ক্রেতাকে মেরে ফেলেছে। যে মানুষগুলো তাদের বানের জন্য অপেক্ষা করছিল, তাদের কেউ কেউ গাড়ির ধাক্কায় আহত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি ট্রাক থেকে বেরিয়ে এসে দেখলাম, মানুষের দেহ পড়ে আছে অন্য খাবারের ট্রাকের নিচে, স্বামীরা তাদের স্ত্রী বা সন্তানের জন্য চিৎকার করছে…এটা ছিল ভয়াবহ দৃশ্য।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশের বেশ কিছু গাড়ি, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসের গাড়ি উপস্থিত রয়েছে এবং আহতরা মাটিতে পড়ে আছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ভ্যাংকুভারের লাপু লাপু উৎসবে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কথা শুনে তিনি ‘অত্যন্ত মর্মাহত’। তিনি আরো বলেন, ‘হতাহত ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি, ভ্যাংকুভারের ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায়ের প্রতি এবং পুরো ভ্যাংকুভারবাসীর প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আমরা সবাই আপনাদের শোকের অংশীদার।’

ফিলিপাইনে প্রতিবছর ২৭ এপ্রিল লাপু লাপু দিবস উদযাপন করা হয়, জাতীয় বীর লাপু-লাপুর স্মরণে, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন। ২০২৩ সালে ভ্যাংকুভারে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের আয়োজন শুরু হয়।
উৎসবের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ‘ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বিদ্যমান সাংস্কৃতিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক’।

বিজয়ের দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া আদর্শ নয়, বলছেন সিমন্স

টেস্টে ছন্দে নেই বাংলাদেশের ওপেনাররা। সর্বশেষ ১২ ইনিংসে নেই কোনো ফিফটি। এমন কঠিন সময়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকানো একজন ওপেনারকে পাওয়া কোচের জন্য স্বস্তিরই। সিরিজে ১-০ ব্যবধানে আবার পিছিয়েও রয়েছে বাংলাদেশ।

যদিও ভিন্ন সংস্করণে ছন্দে আছেন এনামুল হক বিজয়। ডিপিএলের দুর্দান্ত ছন্দের কারণেই প্রায় তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে বিজয়কে পাওয়া স্বস্তির হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেন একটু অখুশি কোচ ফিল সিমন্স।

সংবাদ সম্মেলনে দেওয়া সিমন্সের বক্তব্যে সেটাই ফুটে উঠেছে।
আগামীকাল দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেছেন, ‘এটা আদর্শ নয়। কিন্তু বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টেগুলো এভাবেই সাজানো। চার দিনের টুর্নামেন্ট বছরের শেষ দিকে হয়। এখন ডিপিএলের সময়।
এ বিষয়ে আমাদের কিছু করার ছিল না। জানি, আমাদের উদ্বোধনী জুটি অনেকদিন ধরেই সমস্যার কারণ।’

দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়দের ব্যর্থতায় আগামীকাল একাদশেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের। দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেলে ২০২২ সালের জুনের পর প্রথমবার খেলতে নামবেন তিনি। এবারের ডিপিএলে ১৪ ম্যাচে ৮৭৪ রান নিয়ে এখন পর্যন্ত রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষেই আছেন উইকেটরক্ষক ব্যাটার।
সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। শুধু যে লিস্ট ‘এ’ ক্রিকেটেই ছন্দে তা অবশ্য নয়, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ছিলেন। ৭ ম্যাচে ৬৭.৭০ গড়ে ৭০০ রানই তার প্রমাণ।

শুধু মায়ার কারণেই একটা সম্পর্ক টিকে থাকে : অপু বিশ্বাস

শুধু মায়ার কারণেই একটা সম্পর্ক টিকে থাকে। এমনটাই মনে করেন দেশের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। এই সম্পর্ক যেকোনো ক্ষেত্রেই হতে পারে বলে অভিনেত্রীর মত।

অপু বিশ্বাসের কাছে ভালোবাসা মানে ‘সম্মান আর বিশ্বাস’।
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে সম্পর্ক টিকে থাকার কারণ হিসেবে অপু বিশ্বাস বলেন, ‘‘মায়া এমন একটি জিনিস—সংসার জীবন হোক, সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক কিংবা যেকোনো সম্পর্ক যার প্রতি মায়া সৃষ্টি হয়, সে যেখানে যতদূরেই যাক না কেন তার প্রতি চোখ, ভালোলাগা, অ্যাটাচমেন্টটা থাকবেই।”

অপু বিশ্বাসকে দীর্ঘদিন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তিনি বর্তমানে ফ্যাশন ফটোশুটে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপু বিশ্বাসের হালের লুক রয়েছে নেটিজেনদের আলোচনায়।
অপুর ভক্তরা আশা করছেন, খুব তাড়াতাড়ি সিনেমায় ফিরবেন তাদের প্রিয় নায়িকা।

অপু বিশ্বাস বর্তমানে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একক মায়ের মতো করে জীবন কাটাচ্ছেন। তবে ছেলের জীবনে শুধু মা-ই নন, বাবার ভালোবাসাও মেলে। অপু বিশ্বাসের সাবেক স্বামী, ঢালিউড মেগাস্টার শাকিব খান মাঝেমধ্যেই ছেলের সঙ্গে সময় কাটাতে যান অপুর বাসায়।

চলতি মাসেই গিয়েছিলেন সিঙ্গাপুরে। সোশ্যাল হ্যান্ডলে অপুর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মা-ছেলে ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্কে। সিংহমূর্তির পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে মা-ছেলের মুখে দেখা যায় আনন্দের ঝলক।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তান জয়কে সঙ্গে নিয়ে এক টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন।
এরপর ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলেকে নিয়েই নিজের সংসার গুছিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হোক আমরা চাই না : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক চান না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে তারা সমস্যার সমাধান করুক।’

রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই।
আমরা জানি যে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এখানে কোনো সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়।’

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করুক।
আমরা দেখেছি, দু-একটা দেশ থেকে ইতোমধ্যেই মধ্যস্থতারও প্রস্তাব এসেছে। এখন আলাপ-আলোচনা হোক, মধ্যস্থতা হোক, যেভাবেই হোক এই সংকটের সমাধান হোক।’

বাংলাদেশ এই সংকটের সমাধান করতে আগ্রহী কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখব, তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নই।’

এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর মোট ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
তাদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জনকে, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জনকে, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জনকে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জনকে সুপারিশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবোগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।

জেহাদের অর্থ যেখানে সেখানে মানুষ খুন করা নয় : শাহরুখ খান

কাশ্মীরে জঙ্গি হামলার জের ধরে উত্তপ্ত ভারত। পাকিস্তানের সঙ্গে বৈরি সম্পর্কে নতুন করে কালো মেঘ ভর করেছে এ হামলার ঘটনায়। মর্মান্তিক এ হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক। যার ফলে প্রতিবাদে উত্তাল গোটা দেশ।
এই উত্তাপ ছড়িয়েছে বলিউডেও। শাহরুখ খান, সালমান খান থেকে অক্ষয় কুমার, নতুন প্রজন্মের ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরো অনেক তারকা শোক প্রকাশ করেছেন এবং বিচারের দাবি তুলেছেন। এই নিকৃষ্টতম হামলার বিচারও দাবি করেছেন শাহরুখ খান।

পেহেলগামের ঘা এখনু দগদগে ভারতীয়দের মনে।
জেহাদের নামে জঙ্গি হামলার এই ভয়াবহতার শেষ কোথায়, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরইমধ্যে নতুন করে ভাইরাল হলো শাহরুখ খানের পুরনো একটি ভিডিও যেখানে জেহাদ সম্পর্কে কথা বলেছেন বলিউড বাদশা।

পেহেলগামের ঘটনায় যখন উত্তাল ভারত, তখন নতুন করে ভাইরাল হল বলিউড বাদশা শাহরুখ খানের একটি পুরনো মন্তব্য, যেখানে তিনি ‘জেহাদ’-এর প্রকৃত অর্থ তুলে ধরেছেন। ভিডিওতে কিং খানকে বলতে শোনা গেছে, “আমাদের ধর্মে একটা শব্দ রয়েছে, চিরকাল যার অপব্যবহার হয়ে আসছে।
সেটা হল জেহাদ। যে শব্দের আসল অর্থ হল, আমাদের অন্তরাত্মার খারাপ চিন্তাভাবনা দূর করা কিংবা ভিতরের অসুর নিধন করা। এটাকেই বলে জেহাদ। জেহাদের অর্থ যেখানে সেখানে মানুষ খুন করা নয়।”

ইসলামিক রাষ্ট্রগুলিতে হানাহানি কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে করা জঙ্গি কার্যকলাপের দৌলতে আজকের দুনিয়ায় জেহাদ শব্দটি বহুল প্রচলিত।
এমন আবহেই ভাইরাল বাদশার অতীত মন্তব্য। যেখানে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন জেহাদের প্রকৃত অর্থ।

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও মুসলিম হওয়ার জেরে একাধিকবার দেশদ্রোহী খোঁটা শুনতে হয়েছে শাহরুখ খানকে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তার অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তবুও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশা। আজও তিনি ভারতের অমুল্য এক সম্পদ হিসেবেই বিবেচিত হন।

মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ আটক ৪৯

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) দেশটির নিলাই এলাকার দেশা পালমার আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্য বৈধ কাগজ না থাকায় ৪৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ছয়জন, বাংলাদেশের সাতজন, মিয়ানমারের ১৪ জন, নেপালের চারজন, ভারতের ৯ জন, পাকিস্তানের পাঁচজন এবং নাইজেরিয়া ও ইয়েমেনের দুজন করে নাগরিক রয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য সকল আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

স্বর্ণ পাচার মামলায় জামিন মিলছে না অভিনেত্রী রান্যা রাওয়ের

দুবাই থেকে ভারতে সোনা পাচারের মামলায় কন্নড় অভিনেত্রী রান্যা রাও ও তার বন্ধু তরুণ কন্ডুরু রাজুর জামিনের আবেদন খারিজ করল কর্ণাটক হাইকোর্ট। গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিচারপতি এস. বিশ্বজিৎ শেঠি এই নির্দেশ দেন। আদালতের বিস্তারিত আদেশ এখনও প্রকাশ হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বিদেশি মুদ্রা সংরক্ষণ ও চোরাচালান প্রতিরোধ আইন প্রয়োগের ফলে অভিযুক্ত রান্যা রাও এক বছরের মধ্যে জামিন পাওয়ার কোনো সুযোগ পাবেন না।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, তদন্তে উঠে এসেছে রান্যা ও তরুণ মিলে অন্তত ১০০ কেজি সোনা দুবাই থেকে ভারতে পাচার করেছেন। সংস্থাটির দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র তিন মাসে দুইজনে একসঙ্গে ২০ বার দুবাই গিয়েছেন। গত এক বছরে রান্যা একা দুবাই গিয়েছেন মোট ৫৬ বার।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরার সময় গ্রেপ্তার করা হয় রান্যা রাওকে।
তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৪.২ কেজি সোনার বার, যার বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি। এরপরে ৯ মার্চ গ্রেপ্তার হন তরুণ রাজু।

আদালতে রান্যার পক্ষের আইনজীবী সন্দেশ চৌটা জানান, রান্যাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অপরদিকে তরুণের আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে একমাত্র অভিযোগ, তিনি দুবাই গিয়ে সোনা রান্যার হাতে তুলে দিয়েছিলেন।

তবে ডিআরআই’র আইনজীবী মধু এন রাও আদালতে জানান, পাচারের বিষয়টি স্পষ্ট ও এই মামলার তদন্ত এখনও চলছে। তিনি বলেন, ‘বিমানবন্দরে রান্যা কীভাবে ভিআইপি প্রোটোকল ও পুলিশ এসকর্ট পেলেন, সেই দিকটিও তদন্তাধীন।’

পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ

কাশ্মিরে পেহেলগাম হামলার পর ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করে দিয়েছে ভারত, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান এই সিদ্ধান্তকে “যুদ্ধের ঘোষণার সমান” আখ্যা দিয়ে জানিয়েছে, ভারত যদি পানি আটকে দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা গুরুতর প্রতিক্রিয়ার জন্ম দেবে। এরই মধ্যে শনিবার (২৬ এপ্রিল) সিন্ধু নদ সংক্রান্ত ইস্যুতে ফের কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পানি কখনোই কূটনৈতিক অস্ত্র হতে পারে না এবং পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসব মন্তব্য করেন। আলোচনায় তিনি সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করে জানান, পাকিস্তান নিজেই গত দুই দশক ধরে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ গেছে এবং দেশটি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও বলেন, পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত।

ভারতের সাম্প্রতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেহবাজ শরিফ বলেন, এই অঞ্চলে শান্তি বজায় রাখাই পাকিস্তানের প্রধান লক্ষ্য। ইরান যদি এই সংকট নিরসনে কোনও গঠনমূলক ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা আন্তরিকভাবে স্বাগত জানাবে। তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় কাশ্মিরি জনগণের পাশে থাকবে এবং জাতিসংঘের প্রস্তাবসমূহের ভিত্তিতে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন দিয়ে যাবে।

উল্লেখ্য, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ছিল দক্ষিণ এশিয়ায় বিরল এক দ্বিপাক্ষিক সফলতা। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির আওতায় তিনটি নদীর ওপর পাকিস্তান এবং তিনটি নদীর ওপর ভারতের নিয়ন্ত্রণ ছিল। কয়েক দশক ধরে চুক্তিটি কার্যকর থাকলেও কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনার জেরে এবার তা ভেঙে পড়ার মুখে।

ভারত বলছে, কাশ্মিরে চলমান সশস্ত্র আন্দোলন পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের ফল। অন্যদিকে পাকিস্তানের দাবি, এটি একটি বৈধ স্বাধীনতাকামী গণআন্দোলন। ১৯৮৯ সাল থেকে কাশ্মিরে যে সশস্ত্র বিদ্রোহ চলছে, তাতে এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ, সশস্ত্র যোদ্ধা এবং নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ভারতের একতরফা পদক্ষেপ এবং পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় এক নতুন ধরণের সংকট তৈরি করছে, যার কেন্দ্রবিন্দু এবার শুধু সীমান্ত নয়, বরং পানি। বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তন ও পানি নিরাপত্তা এক ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়, তখন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পানি নিয়ে এমন দ্বন্দ্ব আন্তর্জাতিক মহলেও উৎকণ্ঠা সৃষ্টি করছে।

সৃজিতের জীবনে নতুন প্রেম! সত্য সামনে আনলেন নির্মাতা

গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এখন তিনি পুরোপুরি সুস্থ। তবে অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা!

টলিউডের অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে এক বিদেশিনী অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে।
সেই বিদেশিনি হলেন আলেকজান্দ্রা টেলর। টলিউডের খুবই চেনা মুখ আলেকজান্দ্রা। অনেক বাংলা ছবিতেই তাকে দেখা গেছে। সম্প্রতি তাদের দুজনকে এক ফিল্মি পার্টিতে দেখা গেছে একসঙ্গে।
তারপর থেকে জল্পনা আরও তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় সৃজিত-আলেকজান্দ্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে । কিলবিল সোসাইটির প্রিমিয়ারে আলেকজান্দ্রা ও সৃজিতকে কথা বলতে দেখা যায়। আর সেখান থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, তাদের মধ্যে কিছু একটা চলছে।
সৃজিত নতুন করে বিদেশিনীর প্রেমে পড়েছেন। ব্যস, গুঞ্জন বাতাসের বেগে ছড়াতে শুরু করে। অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন সৃজিত।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, প্রেম নয়, আলেকজান্দ্রা খুব ভালো বন্ধু। সৃজিত বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু।
ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালোবাসি। সে একটা পেট শপে আগে কাজও করেছে।’

নতুন সিনেমায় আলেকজান্দ্রাকে যুক্ত করার বিষয়ে সৃজিত জানালেন, অনেক বিষয় নিয়ে আলেকজান্দ্রার সঙ্গে আলোচনা হচ্ছে। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি তিনি।

সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তারা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দুজনের কেউই স্বীকার করেননি। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবার নতুন প্রেমের গুজবকেও উড়িয়ে দিলেন সৃজিত।