রবিবার, অক্টোবর ৪, ২০২৬

নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল : জামায়াত আমির

জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথার ওপর আস্থা রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন চায় দলটি।

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়।
এই সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল। এরপরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না। বৃষ্টি-ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না।

কিছু সংস্কারের বিষয় আছে এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।

বক্স অফিসে বাজিমাত করল ‘আ মাইনক্রাফট মুভি’

জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’ অবলম্বনে ‘আ মাইনক্রাফট মুভি’ মুক্তি পেয়েছে ৪ এপ্রিল। এরপর থেকে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ছবিটি। এরই মধ্যে আয় ছাড়িয়ে গেছে ৮১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের সর্বোচ্চ আয়কৃত হলিউড ছবি এটি।
মুক্তির চতুর্থ সপ্তাহান্তে এটি আয় করেছে ছয় কোটি পাঁচ লাখ ডলার। এর মধ্যে আমেরিকার বাইরের আয় ৪৩ কোটি ৬৬ লাখ ডলার।

ছবিটির গল্পে দেখা যায়, চারজন সাধারণ ব্যক্তি—গ্যারেট ‘দ্য গার্বেজ ম্যান’ গ্যারিসন (জেসন মোমোয়া), হেনরি, নাটালি এবং ডন—হঠাৎ করে একটি রহস্যময় পোর্টালের মাধ্যমে ওভারওয়ার্ল্ড নামক এক কল্পনাপ্রবণ জগতে প্রবেশ করেন। এই নতুন জগতে টিকে থাকতে এবং ঘরে ফিরে যেতে, তাদেরকে স্থানীয় বিশেষজ্ঞ কারিগর স্টিভ (জ্যাক ব্ল্যাক) এর সহায়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।
​

জ্যারেড হেসের এ ছবিতে আছেন জ্যাসন মমোয়া, জ্যাক ব্ল্যাক, ড্যানিয়েল ব্রুকস, এমা মায়েরস প্রমুখ।

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে : সিইসি

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় স্বাগত বক্তব্যে এ কথা বলেন সিইসি।

তিনি বলেছেন, আমাদের এই আয়োজনের সফলতার জন্য রাজনৈতিক সমর্থন জরুরি।
আপনাদের সমর্থন ছাড়া পুরো প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তারপরও আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া সীমিত পরিসরে হলেও শুরু করে যেতে চাই।

ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনি ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ দেবেন তারা।

আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পাবে- প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান।

এর আগে গত ৮ এপ্রিল কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও কমিশনে জমা দেয়।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে, আর্থিক সংস্থান ও পাইলটিংয়ের পরামর্শগুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

পুলিশ সপ্তাহ শুরু আজ

‘পুলিশ সপ্তাহ’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আগামী ২ মে পর্যন্ত চলবে এ আয়োজন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন এবং পদক প্রদান করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এদিকে পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশনে নিজ নিজ ইউনিটের চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এ ছাড়া জনমনে আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশ হতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা বৃদ্ধিসহ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামীকাল বুধবার সকালে পুলিশ অডিটোরিয়ামে এসবি, সকাল সোয়া ৯টায় সিআইডি, সকাল ১০টায় র‌্যাবের প্রেজেন্টেশন, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

পরদিন ১ মে আইজির ব্যাজ প্রদান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন এবং বিভিন্ন শ্রেণির নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা, অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ অফিসারদের সঙ্গে বর্তমান পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠান এবং নৈশভোজ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দ মেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতির স্টলের পুরস্কার বিতরণী ও সমাপনী হবে।

মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা, সাগরে নিখোঁজ ৬০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

লোহিত সাগরে চলমান মার্কিন বিমানবাহী রণতরী থেকে টো ট্র্যাক্টরসহ একটি মার্কিন যুদ্ধবিমান সাগরে পড়ে নিখোঁজ হয়েছে। গত সোমবার এই ঘটনা ঘটে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতি গোষ্ঠীদের ছোড়া গুলি এড়াতে বিমানবাহী রণতরীটি যখন দ্রুত বাঁক নিচ্ছিল, তখন একটি এফ/এ-১৮ই যুদ্ধবিমান ইউএনএন ট্রুম্যান থেকে পড়ে যায়। ইয়েমেনের এই সশষ্ত্র গোষ্ঠীটি এর আগেও বিমানবাহী রণতরী ট্রুম্যানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

ঘটনার সময় ক্রুরা বিমানবাহী জাহাজ ট্রুম্যানের হ্যাঙ্গার বেতে থাকা এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। এ ছাড়া একটি টো ট্র্যাক্টরও সাগরে পড়ে যায়। বিমানটি সাগড়ে পড়ে যাওয়ার আগে নাবিকরা বিমানটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েও ব্যর্থ হন।

দ্বিতীয় একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বিমানটি সাগরে ডুবে গেছে।
নৌবাহিনীর মতে, একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানের দাম ৬০ মিলিয়ন ডলারের বেশি।

এক বিবৃতি অনুসারে, সকল কর্মীদের খোঁজ নেওয়া হয়েছে, তারা সুস্থ আছে। তবে একজন নৌবাহিনীর নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন বিমান ও নৌ হামলা চালিয়ে আসছে হুতি গোষ্ঠীদের লক্ষ্য করে। কিন্তু অভিযানের ফলাফল সম্পর্কে তারা মুখ বন্ধ করে রেখেছে।

আলআরাবিয়া ইংলিশ গত সপ্তাহে তাদের প্রতিবেদনে বলেছিল, অভিযানগুলোতে কমপক্ষে ৫০০ হুতি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মীও রয়েছেন। হুতিরা বারবার দাবি করেছে, তারা এই অঞ্চলে মার্কিন সামরিক সম্পদে আক্রমণ করেছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, কোনো আক্রমণই তাদের কাছাকাছি পৌঁছায়নি।

গত মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে পাঁচটি এমকউ-৯ রিপার ড্রোনও হারিয়েছে। যার প্রতিটির মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার। হুতি দাবি করেছে, তারা এগুলো ভূপাতিত করেছে।

ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং ঘটনার সময় লোহিত সাগরে ছিল। সোমবার নৌবাহিনী জোর দিয়ে বলেছে, স্ট্রাইক গ্রুপ এবং এর বিমান শাখা সম্পূর্ণরূপে মিশন পরিচালনায় সক্ষম।

সূত্র : আল আরাবিয়া, সিএনএন

মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই

বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে বলে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেরে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে, তার পরে নয়।’ আরেক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘সরকার একটি অর্থবহ নির্বাচন দিতে চায়। যদি সংস্কারের তালিকা ছোট হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব।
’

রবিবার ‘মুহাম্মদ ইউনূস : রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এ সাক্ষাৎকার সম্প্রচারমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত সপ্তাহে দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে গিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আলজাজিরা’য় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্ন ছিল, শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা পর্ব সম্ভবত শেষ হয়েছে, কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। জবাবে ড. ইউনূস বলেন, ‘মানুষ এখনো অধৈর্য হয়ে ওঠেনি।
বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বর্তী সরকারকে যেতে দাও। আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে, যত তাড়াতাড়ি সম্ভব (ক্ষমতা) হস্তান্তর করো।
’ আগামী নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও সাক্ষাৎকারে দাবি করেন প্রধান উপদেষ্টা।

আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সিদ্ধান্ত আওয়ামী লীগের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কি না। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তা ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বিষয়টিও এখানে বিবেচ্য।
’

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘সেটা নয়। অন্য দলগুলো হয়তো দাবি করতে পারে যে, আওয়ামী লীগ বর্তমান আইনের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে না।’

রোহিঙ্গাসংকট নিয়ে আলজাজিরার প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, ‘সরকার আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছে, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে। কীভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায়, সে চিন্তাও সরকার করছে।’

নতুন সংবিধান ছাড়া জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় : ফরহাদ মজহার

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘বর্তমান সংবিধান জনগণের দ্বারা প্রণীত নয়। তাই একটি নতুন, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে স্বাধীন গঠনতন্ত্র প্রয়োজন।’

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘গণ-অভ্যুত্থান : বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এ সভার আয়োজন করে।

ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানের ফসল কিন্তু নেতা নন। ‘ড. ইউনূস মহা ভুল করেছেন। তিনি আমাদের জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে দেননি।
আমাদের হাতে কোনো বিপ্লবী দলিল নেই। আগামী দিনে এর ফলাফল জনতাকে ভোগ করতে হবে।’

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র না থাকায় আমরা দুর্বল হয়েছি উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘এই অভ্যুত্থানের গণ অভিপ্রায় হচ্ছে গণসার্বভৌমত্ব। এর প্রথম ধাপ হবে সংবিধানে গণসার্বভৌমত্ব উল্লেখ করা।
কিন্তু আমরা হাসিনার সংবিধানটাই ছুড়ে ফেলতে পারিনি। এর বদলে আমরা করেছি কয়েকটি সংস্কার কমিশন। এর নেতৃত্বে যারা ছিলেন, তারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন না। কমিশনগুলো জনগণের কাছে থেকে কথা শোনেনি। এতে আমরা ক্রমে দুর্বল হয়েছি।
ফলে যারা আপনাদের অশান্তিতে রেখেছে, আপনারা তাদের বিচার করতে পারবেন না। তাই গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রে নতুন স্বাধীন গঠনতন্ত্র লাগবে।’

রাষ্ট্রের সার্বভৌমত্বকে বাতিল করে জনগণের সার্বভৌমত্বকে মূল্যায়ন করার দাবি জানিয়ে এই রাষ্ট্রচিন্তক বলেন, বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জনগণ প্রণয়ন করেনি। যারা পাকিস্তানের সংবিধান প্রণয়ণের জন্য নির্বাচিত হয়েছিল, তারাই আমাদের ওপর তাদের সেই সংবিধান চাপিয়ে দিয়েছিল। একাত্তরের ১০ এপ্রিলের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাদ দিয়ে তারা ‘সমাজতন্ত্র, বাঙালী জাতীয়তাবাদ’সহ ৪টি মূলনীতি করেছিল। রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের অধিকার আছে, আমরা কী চাই সেটা পরিষ্কার করে বলা। আমরা এই সংবিধানকে বাতিল করে জনতার অভিপ্রায়ের নতুন গঠনতন্ত্র চাই।’

গণসার্বভৌমত্বের নতুন সংবিধানে ৩টি বিষয় উল্লেখ করার দাবি জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘প্রথমত, রাষ্ট্র এমন আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না, যাতে জনগণের ব্যক্তিস্বার্থ ও মর্যাদা নষ্ট হয়। দ্বিতীয়ত, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করবে এমন আইন বা নীতি রাষ্ট্র গ্রহণ করতে পারবে না। তৃতীয়ত, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি গ্রহণ করতে পারবে না, যেন জীবন ও জীবিকা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।’

পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা ও সেখানে ধর্মের প্রসঙ্গে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘আমরা আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রে ইসলামের খোঁজ করি। আধুনিক রাষ্ট্র ক্যাপিটাল দিয়ে চলে। আমরা সারাক্ষণ ক্যাপিটালের অধীনে থাকি। পুঁজিবাদের অধীনে থেকে ধর্ম প্রতিষ্ঠা হবে না। আগামী দিনের লড়াই হবে এই পুঁজির বিরুদ্ধে।’

পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্র ক্যাপিটাল দিয়ে চলে। পুঁজির অধীনে থেকে ধর্ম প্রতিষ্ঠা সম্ভব নয়। ভবিষ্যতের সংগ্রাম হবে এই পুঁজির বিরুদ্ধে। এই লড়াইয়ে জাতীয়তাবাদে বিভক্ত করে আলাদা হওয়া যাবে না। কারণ দুনিয়াতে জাতীয়তাবাদের যুগ শেষ হয়ে গিয়েছে।’

আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসঊদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে : জামায়াত

সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না। ভারতের এ ধরনের একগুঁয়েমির কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ করা যাচ্ছে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, ‘২৭ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক যথাক্রমে গোপালপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মিকাইল ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি যে ভারতীয় বিএসএফ ঠাণ্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই যাচ্ছে।’

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং ৪৮ জনকে আহত করেছে। বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না।
ভারতের এ ধরনের একগুঁয়েমির কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ করা যাচ্ছে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।’

বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী মাসেই চালু হচ্ছে স্টারলিংক, লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই অনুমোদন দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন হচ্ছে। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে।

বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হবে জানতে চাইলে ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার কাছ থেকে স্টারলিংক আজ অনুমোদন পেয়েছে। মে মাসের মাঝামাঝিতে চালুর সম্ভাবনা রয়েছে। স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর জন্য একটি অনুরোধ করেছে, যেটা লোকাল গেটওয়ে ছাড়া। সরকার ৯০ দিনের জন্য সে অনুমতি দেবে।
এ ছাড়া তারা ট্যারিফ প্ল্যানের (সেবা মূল্য) জন্য কাজ করছে। এ বিষয়ে তারা বিটিআরসিতে আবেদন করবে।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমদ তৈয়্যবকে উদ্ধৃত করে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব হিসেবে একটি বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার তথ্য-প্রযুক্তিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারী বলেন, বাংলাদেশের হাওর-বাঁওড় দ্বীপাঞ্চলে, দুর্গম পার্বত্য এলাকায়, বিশেষভাবে উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। যেসব অঞ্চলে এখনো ফাইবার পৌঁছেনি, সেখানে দ্রুত সময়ে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্ব-উদ্যোগী হয়ে স্পেইসএক্স সিইও ইলন মাস্ককে ফোন করে ৯০ দিনের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে কার্যক্রম শুরু করার আহ্বান জানান। এ লক্ষ্য অর্জনে বিডা, বিটিআরসি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় নিবিড়ভাবে কাজ করেছে।

তিনি আরো বলেন, স্টারলিংকের সেবাগুলো মধ্যে একটি প্রাথমিক সেবা হচ্ছে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট, যেখানে লোডশেডিংয়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না, যেটি আইএসপির ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে যদি লম্বা সময় ধরে লোডশেডিং থাকে, মোবাইল টাওয়ারের ব্যাটারির ব্যাকআপ ফুরিয়ে গেলে মোবাইল ইন্টারনেটেও বিঘ্ন ঘটে।
স্টারলিংকের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না।

মঙ্গলবার সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

মঙ্গলবার সকাল ৯ টায় নির্বাচন কমিশন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
।