রবিবার, অক্টোবর ৪, ২০২৬

২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা করতে পারে : পাক মন্ত্রী

ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর ডনের।

সংবাদ সম্মেলনে তারার বলেন, গত সপ্তাহে অধিকৃত কাশ্মীরে পেহেলগাম হামলার পর কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত।
এর পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন’ থেকে জানা গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয় ভারত সরকার।

ভারতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে।

আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এ অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এ আচরণ বেপরোয়া।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যেকোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি।

ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলোত্তি

রিয়াল মাদ্রিদ অধ্যায় শুধু নয়, ক্লাব অধ্যায়েরই ইতি টেনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়েই সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এ কোচকে। একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলোত্তি এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।

গত মাসে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পরই দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল।
তাঁর আগেই অবশ্য আনচেলোত্তির ব্রাজিলে নাম লেখানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তিটি ভেস্তে যাওয়ায় এই ইতালিয়ান থেকে যান রিয়ালেই।

কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়, কোপা দেলরের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়ালের সঙ্গে সেই সম্পর্কেরও ইতি ঘটতে যাচ্ছে তাঁর। রিয়ালের নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে জাবি আলন্সোর নাম।

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ৪২টি কক্ষে ৮৮ জন ছিলেন। মঙ্গলবার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি হোটেল এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে হোটেলের ভিতরে ধোঁয়া ছড়াতে থাকে। ফলে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় হোটেলটি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা জানালার গ্লাস ভেঙে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৩টা নাগাদ হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে যারা মারা গেছেন তাদের অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র মনোজ বর্মা।

হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেল মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবেছে যুক্তরাষ্ট্রের ছয় কোটি ডলারের বেশি দামের একটি যুদ্ধবিমান। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এই কথা জানিয়েছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে।
যুদ্ধবিমানটিতে থাকা সব কর্মীকে উদ্ধার করা হয়েছে।
তবে একজন নাবিক সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত চলছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে রণতরি ট্রুম্যান বড় ধরনের একটি বাঁক নিয়েছিল, যার কারণে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।
গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছেন, তাঁরা মার্কিন রণতরি ট্রুম্যানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন।

ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বড় অভিযানের অংশ হিসেবে রণতরিটি এখন লোহিত সাগরে অবস্থান করছে।

কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে রণতরি ট্রুম্যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রণতরিটি থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় প্রতিদিনই হুতিদের বিরুদ্ধে রণতরিটি থেকে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের সংশ্লিষ্টতা নেই: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, তিন সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলার সঙ্গে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে উপদেষ্টা ফারুকী লেখেন, ‘ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।’

তিনি বলেন, ‘ঘটনা থেকে মাত্র আট মাস দূরে দাঁড়িয়ে আমরা, খুনির বিচার হয় নাই এখনো। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনো হলোকাস্ট ডিনায়াল মানুষের বুকে লাগে।
আর কালকে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা- এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেওয়ার একটা চেষ্টা হিসেবেই দেখেছে সবাই। প্রেস কনফারেন্সে তাদের কথাগুলা আমাকে বিস্মিত করলেও ধৈর্য নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর মানুষ তাদের ক্ষোভ জানিয়েছে।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরো বলেন, ‘আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলো তাদের চাকরিচ্যুত করেছে।
প্রত্যেক চ‍্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব‍্যাপার। তারপরও অনলাইনে কাউকে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি যে, আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না।
’

পোস্টের শেষ অংশে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সবার উদ্দেশে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।’

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, ‘এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দিইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে, এটা সরকার করেছে।’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম।
আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কিভাবে, পরিবারকে কী দেবে।’

মতবিনিময়সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত করা হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে আনতে বিএনপির অনুরোধে এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফেরত আনতে বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ নিয়ে কাজ করছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত করা হচ্ছে।

জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন।
তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন।
সব কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কভিড-১৯ মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

অ্যাম্বুল্যান্সে হামলার সময় আটক চিকিৎসাকর্মীকে মুক্তি দিল ইসরায়েল

গাজা উপত্যকার দক্ষিণে অ্যাম্বুল্যান্সে প্রাণঘাতী হামলার ঘটনায় আটক এক চিকিৎসাকর্মীকে ইসরায়েল মঙ্গলবার মুক্তি দিয়েছে। তিনি ২৩ মার্চ থেকে আটক ছিলেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে।

পিআরসিএস এদিন এক বিবৃতিতে বলেছে, ‘দখলদার বাহিনী সম্প্রতি চিকিৎসাকর্মী আসআদ আল-নাসাসরাহকে মুক্তি দিয়েছে, যিনি গত ২৩ মার্চ রাফা গভর্নরেটের তাল আল-সুলতান এলাকায় চিকিৎসাদলগুলোর ওপর গণহত্যার সময় তার মানবিক দায়িত্ব পালনকালে আটক হন।

এ ছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ওই হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে রেড ক্রিসেন্টের আটজন সদস্য, গাজার সিভিল ডিফেন্স এজেন্সির ছয়জন ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থার একজন কর্মী নিহত হন।

এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক নিন্দার জন্ম দেয়, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের পক্ষ থেকে সম্ভাব্য ‘যুদ্ধাপরাধ’ নিয়ে উদ্বেগ প্রকাশও ছিল। হামলার কয়েক সপ্তাহ পর পিআরসিএস জানায়, ইসরায়েলি সেনারা অ্যাম্বুল্যান্সে গুলি চালানোর সময় আল-নাসাসরাহকে ‘বলপ্রয়োগ করে তুলে নেওয়ার’ পর ইসরায়েলি হেফাজতে রাখা হয়।

পরে চলতি মাসে প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনীর এক তদন্তে বলা হয়, তাদের সেনারা ‘নির্বিচারে গুলি চালিয়েছে’ বা ‘শাস্তিমূলক হত্যা চালিয়েছে’—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে তারা স্বীকার করে, সেখানে ‘অপারেশনাল ব্যর্থতা’ হয়েছিল এবং তারা একজন ফিল্ড কমান্ডারকে বরখাস্ত করেছে। তদন্তে আরো বলা হয়, নিহতদের মধ্যে ছয়জন যোদ্ধা ছিলেন, যদিও এর আগে তারা বলেছিল ৯ জনই যোদ্ধা।

অন্যদিকে এই তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছে পিআরসিএস ও গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। পিআরসিএস ওই প্রতিবেদনকে ‘মিথ্যায় ভরা’ বলে আখ্যা দিয়েছে।

হতাহত চিকিৎসাকর্মীরা ২৩ মার্চ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে বিপদে পড়া মানুষের ফোনকলের জবাব দিতে গিয়ে নিহত হন। ওই সময় হামাসশাসিত অঞ্চলে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছিল। প্রায় এক সপ্তাহ পর তাদের মরদেহগুলো উদ্ধার হয়, গুলি চালানোর স্থানের কাছে বালুর নিচে চাপা পড়ে থাকা গাড়িগুলোর পাশে। ওসিএইচএ এটিকে ‘গণকবর’ হিসেবে বর্ণনা করে।

এর কয়েক দিন পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের সেনারা ‘সন্দেহজনক যানবাহনে’ থাকা ‘সন্ত্রাসীদের’ দিকে গুলি ছুড়েছিল।
পরে এক মুখপাত্র বলেন, ওই সব গাড়ির আলো নিভিয়ে রাখা হয়েছিল। তবে নিহত এক কর্মীর মোবাইল থেকে উদ্ধার করা একটি ভিডিও রেড ক্রিসেন্ট প্রকাশ করে, যেটি ইসরায়েলি সামরিক বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সগুলো সামনের আলো ও জরুরি বাতি চালিয়ে এগোচ্ছিল।

তদন্ত প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে, তাদের সেনারা পুরো ঘটনার প্রতিবেদন যথাযথভাবে দিতে ব্যর্থ হয়েছে। তবে তারা আবারও দাবি করে, ইসরায়েলি সেনারা ‘আরো ক্ষতি ঠেকাতে’ মরদেহ ও যানবাহন মাটিচাপা দিয়েছিল।

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বিরুদ্ধে দুদকের মামলা

১০ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আ ক ম মোজাম্মেল হকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৩টি ব্যাংক হিসাবে ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে। সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানি ও ভোগান্তির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আমি পুলিশের বিভিন্ন ইউনিট ও থানা পরিদর্শন করি। পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন সমস্যা আমার নজরে আসে। তার মধ্যে সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে অধস্তন ফোর্সদের থাকা ও খাওয়ার সমস্যা। পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে।
থানার জন্য ২০০টি পিকআপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে, যা আজ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে। এসব সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, কাজ করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিষয়টি সর্বাগ্রে প্রয়োজন তা হচ্ছে পুলিশ সদস্যদের ধৈর্যধারণ।
ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। অপ্রয়োজনে লাঠিচার্জ বা বলপ্রয়োগ না করার আহ্বান জানান তিনি।

পুলিশের সুদূরপ্রসারী কল্যাণে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, কনস্টেবল থেকে এসআইদের ঝুঁকিভাতা প্রদানের ক্ষেত্রে উচ্চ সীমা (সিলিং) বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে নিচের স্তরের পুলিশ কর্মকর্তারা আগের চেয়ে অধিক হারে ঝুঁকিভাতা পাবেন।

তিনি বলেন, পুলিশ সদস্যদের মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে পুলিশের এসআই ও এএসআইদেরকে এ ঋণ প্রদান করা হবে। সরকার যাতে ঋণের সুদের টাকা পরিশোধ করে সে বিষয়েও অনুরোধ জানানো হবে।

তিনি আরো বলেন, অধস্তন পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলার মধ্যে পদায়নের চিন্তা-ভাবনা করছে সরকার। একইভাবে স্বামী-স্ত্রী দুজনে পুলিশ সদস্য হলে তাদের একই জেলায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। এতে স্বাগত বক্তৃতা করেন আইজিপি বাহারুল আলম বিপিএম। সভায় বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।