রবিবার, অক্টোবর ৪, ২০২৬

সিঙ্গাপুরে পিএপির জয়, লরেন্স ওংকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে শাসক দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এ জয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি সিঙ্গাপুরের মানুষের বিপুল সমর্থনকেই তুলে ধরেছে। গত বছর তিনি সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে পিএপির জয়ে লরেন্স ওংকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে, লরেন্স ওং; ৩ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আপনার প্রাপ্য বিজয়ের জন্য। এই ব্যাপক বিজয় প্রমাণ করে সিঙ্গাপুরের জনগণের জন্য আপনার দূরদর্শী ও দৃঢ় প্রচেষ্টাকে।’

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারির এক দৃঢ় বন্ধন রয়েছে। যা জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে আরো মজবুত হয়েছে।
আমাদের পারস্পরিক কল্যাণের জন্য এই অংশীদারিকে আরো শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশায় আছি।’

নির্বাচনে জয়ের মধ্য দিয়ে নগররাষ্ট্রটিতে টানা ৬০ বছর ধরে চলা পিএপির শাসন আরো দীর্ঘয়িত হতে যাচ্ছে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগে থেকেই সেখানে শাসন করছে পিএপি।

গতকাল শনিবার সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল অনুযায়ী, পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি।
৩৩টি নির্বাচনী এলাকার অনেকটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছিল তারা।

উত্তরসূরির প্রশ্নে যা বললেন পুতিন

জোসেফ স্টালিনের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্রেমলিনের শাসনকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি সব সময় উত্তরসূরি নিয়ে ভাবেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

সাবেক কেজিবি লেফটেন্যান্ট কর্নেল পুতিন ১৯৯৯ সালের শেষ দিনে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে দায়িত্ব পান। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে, এরপর ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তারপর আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে এই মন্তব্য করেন পুতিন। ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন—২৫ বছর’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রে তার ২৫ বছরের শাসনের পথচলার চিত্র তুলে ধরা হয়।

প্রশাসনের উত্তরসূরি নিয়ে তিনি ভাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী পুতিন বলেন, ‘আমি সব সময় এটা নিয়ে ভাবি।’

তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত সিদ্ধান্তটা রুশ জনগণের।
আমি মনে করি, একজন নয়, একাধিক ব্যক্তিকে সামনে আসা উচিত, যাতে জনগণের সামনে বিকল্প থাকে।’

বর্তমানে পুতিনের কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তবে রুশ সংবিধান অনুযায়ী, কোনো কারণে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে প্রধানমন্ত্রীর হাতে প্রেসিডেন্টের ক্ষমতা অস্থায়ীভাবে যাবে। বর্তমানে মিখাইল মিশুস্তিন রুশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইএমএফ-এডিবির সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেব : অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তদবিল (আইএমএফ) ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা না পেলেও একটি ম্যানেজেবল এবং বাস্তবসম্মত বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৪ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) মি. ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট এসে আমাদের ইকোনোমির অবস্থা জানতে চেয়েছিলেন, আমরা বলেছি, ইকোনমির অবস্থা আগের চেয়ে ভালো। আমাদের মাইক্রো ইকোনমিতে অনেক উন্নতি হয়েছে।
ব্যাংকিং খাতে অনেক সংস্কার করেছি, সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো ‘ট্রেড’। এ বিষয়ে বেসরকারি খাতে একটি সামিট অনুষ্ঠিত হবে।

আইএমএফ লোন পেতে দেরি হওয়ায় এডিবির বাজেট সাপোর্টে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাজেট সাপোর্টের বিষয় তারা আইএমএফ বিষয়টা দেখে, সেখানে তারা মাইক্রো ইকোনমির বিষয় জানতে চেয়েছে, এ বিষয় আমরা আলোচনা করছি, আশা করছি সমাধান হয়ে যাবে।

অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে এডিবির সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, এডিবি বলেছে অন্যান্য দেশের তুলনায় আমাদের অর্থনীতি ভালো করছে, এক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের অর্জন নিয়ে তারা খুশি।
এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা চেষ্টা করছি, এটাও তারা জানে, আমরা তাদের বলেছি, গ্র্যাজুয়েশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি খেয়াল রাখছে, তারা আমাদের প্রকল্প সহায়তাসহ ব্যাংকিং খাত ও এনবিআরে যে সংস্কারগুলো আছে সেগুলোতে সহায়তা করবে।

প্রকল্প সহায়তার চেয়ে আমাদের বেশি প্রয়োজন বাজেট সাপোর্ট, সেক্ষেত্রে এডিবিকে শর্ট টার্মে কোনো সহায়তার প্রস্তাব দিয়েছেন কিনা এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজেট সাপোর্টের একটা বিষয় আমরা আশ্বস্ত হয়েছি, তাদের সফট ল্যান্ডিয়ের উইন্ডো আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। তবে আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, বাজেট সহায়তায় আমরা তাদের বলেছি ‘ওসিএফ’ ফান্ড থেকে সহায়তা করতে, কিন্তু তারা বলেছে এ ফান্ড তো লিমিটেড, তবে আমরা এটা দেখব।

তিনি আরো বলেন, আমাদের মতো অভ্যন্তরীণ বিষয় বাজেট সাপোর্টের জন্য আমরা কর বাড়াচ্ছি, করের পরিধি বাড়াচ্ছি, বাজেট সাপোর্ট নিয়ে যদি আইএমএফ অযৌক্তিক কিছু শর্ত দেয়, তাহলে আমরা সেটা দেখবো, আমাদের মূল ফোকাস হলো বাজেটে খরচ কমানো; দক্ষতা বাড়ানো। আমরা যদি আইএমএফ ও এডিবির সাপোর্ট নাও পাই তাও বাজেট দেব।

তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ট্রাম্প

তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সংবিধান অনুযায়ী এটি নিষিদ্ধ বলেও একমত বিশ্লেষকরা।

রবিবার প্রচারিত হতে যাওয়া এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হবো, আমি দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সব সময় মনে করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ।
’

এর আগে একাধিকবার ট্রাম্প বলেছিলেন, তিনি তৃতীয় বা এমনকি চতুর্থবার প্রেসিডেন্ট হতে চান এবং তিনি ‘মজা করছিলেন না’। পরে তিনি জানান, এসব মন্তব্য ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ কটাক্ষ করার জন্য করা হয়েছিল।

তবে ট্রাম্পের ব্যাবসায়িক প্রতিষ্ঠান দ্য ট্রাম্প অর্গানাইজেশন ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি করছে, যা নিয়ে জল্পনা আরো বেড়েছে যে তিনি হয়তো ২০২৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শেষেও ক্ষমতায় থাকতে চাইছেন।

ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো জানান, অনেকে তাকে অনুরোধ করেছেন, যেন তিনি তৃতীয়বার নির্বাচন করার কথা বিবেচনা করেন।
সদ্য দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন উদযাপন ট্রাম্প বলেন, ‘অনেকেই আমাকে এটা করতে বলছেন। আমার জানা অনুযায়ী, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসিদ্ধ কি না জানি না, কিংবা আর কিছু…।’

তিনি আরো বলেন, ‘অনেকেই ২০২৮ সালের টুপি বিক্রি করছে।
কিন্তু আমি এটা করতে চাই না।’ এ সময় ট্রাম্প সম্ভাব্য রিপাবলিকান উত্তরসূরিদের নামও উল্লেখ করেন, যেমন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, চার বছর যথেষ্ট সময় কিছু অসাধারণ কাজ করার জন্য।’

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, ‘কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।’

এই সংশোধনী পরিবর্তন করতে হলে সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভে দুই-তৃতীয়াংশ সমর্থন ও দেশের তিন-চতুর্থাংশ অঙ্গরাজ্যের অনুমোদন প্রয়োজন।
তবে কিছু ট্রাম্প সমর্থক মনে করেন, সংবিধানে একটি ‘ফাঁক’ রয়েছে, যা আদালতে এখনো পরীক্ষা করা হয়নি।

এনবিসি ট্রাম্পের কাছে জানতে চায়, তাকে কি কেউ এই ধরনের ফাঁক নিয়ে কিছু বলেছে? জবাবে তিনি সরাসরি কিছু না বলে বলেন, ‘সমর্থকদের মধ্যে অনেকে বিভিন্ন কিছু বলে থাকে।’

এ ছাড়া সাক্ষাৎকারে ট্রাম্প অর্থনৈতিক নীতির সমালোচনা প্রত্যাখ্যান করেন। ‘সব ঠিক আছে’ বলেও জানান তিনি। যদিও তার শুল্ক পরিকল্পনার ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং ২০২২ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আগেই বলেছিলাম এটা একটা রূপান্তরপর্ব। আমার বিশ্বাস, আমরা দারুণ করব।’

ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি কি আরো সংকুচিত হতে পারে? জবাবে ট্রাম্প বলেন, ‘যেকোনো কিছু ঘটতে পারে। কিন্তু আমি মনে করি, আমাদের দেশের ইতিহাসে আমরা সবচেয়ে চমৎকার অর্থনীতি গড়তে যাচ্ছি।’

শেষ ওভারের রোমাঞ্চে ১ রানের জয় কলকাতার

শেষ ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। অন্যদিকে ৩ উইকেট প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। এমন সমীকরণে দুই ব্যাটার শুভম দুবে ও জফরা আর্চারের বিপক্ষে বল হাতে নেন বৈভব অরোরা।

প্রথম দুই বলে ৩ রান দিয়ে ম্যাচটা আরও ভালোভাবে নিজের পক্ষে নেন বৈভব।
তবে রোমাঞ্চের বাকিটা ছিল শেষ চার বলে। শেষ বলের আগে ৬, ৪, ৬ হাঁকিয়ে ম্যাচটা ছিনিয়েই নিয়েছিলেন দুবে। কিন্তু ১ বলে ৩ রানের সমীকরণটা আর মেলাতে পারলেন না রাজস্থানের বাঁহাতি ব্যাটার। বৈভবের করা শেষ বলটা স্ট্রেটে হাঁকিয়ে দুই রানের জন্য ছুট দিলেন দুবে।

দ্বিতীয় রান সম্পন্ন করতে যখন নন স্ট্রাইকে আবার ফিরে আসলেন আর্চার ততক্ষণে দেরি হয়ে যায়। রিংকু সিংহের থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে দিয়ে উল্লাস শুরু করেন বোলার বৈভব। এতে ১ রানের রোমাঞ্চকর জয়ে শেষ চারে সুযোগ পাওয়ার সম্ভাবনাও টিকিয়েই রাখল কলকাতা। বর্তমানে ১১ ম্যাচ শেষে ১১ পয়েন্টে ছয়ে আছে অধিনায়ক অজিঙ্কা রাহানের দল।
১৬ পয়েন্টে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইডেন গার্ডেনসে অবশ্য রাজস্থান ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নামার পর থেকেই ম্যাচের ভাগ্যে সুতায় দুলছিল। যদিও ৭১ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই কাঁপছিল রাজস্থান। তবে অধিনায়ক রিয়ান পরাগ ঠিকই বিপর্যস্ত নৌকার হাল ধরেছিলেন। এমন আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন যে শেষ পর্যন্ত থাকলে ম্যাচ নিশ্চিতভাবেই বের হয়ে আসবে।
কিন্তু ষষ্ঠ উইকেটে দলের রেকর্ড ৯২ রানের জুটি গড়তে সহায়তা করা শিমরন হেটমায়ার (২৯) আউট হওয়ার পর মোড় যায় ঘুরে।

পরে ধীরে ধীরে ম্যাচটাও ফসকে যেতে থাকে। নতুন ব্যাটার দুবে সে সময় রানের চাকা সচল রাখতে না পারায় চাপ বেড়ে যায় পরাগের। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি তিনি। এতে প্রথমবারের মতো সেঞ্চুরি পাওয়ার সুযোগও মিস হয় তার। ব্যক্তিগত ৯৫ রানের সময় হরষিত রানাকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে বৈভবের হাতে তালুবন্দি হন রাজস্থানের অধিনায়ক। ৪৫ বলে ৯৫ ইনিংস খেলার পথে টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকান। সব মিলিয়ে ইনিংসটি সাজান ৮ ছক্কা ও ৬ চারে।

এর আগে প্রথমে ব্যাট করে আন্দ্রে রাসেলের তাণ্ডবে ৪ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় কলকাতা। ২২৮.০০ স্ট্রাইকরেটে ঘরের মাঠে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। ইনিংসটিতে হাঁকান ৪ চার ও ৬ ছক্কা। বড় সংগ্রহে অবদান রেখেছেন ৪৪ রান করা অংকৃষ রঘুবংশিও। এ ছাড়া শেষ দিকে ৬ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিংকু সিংহ।

হাসনাতের গাড়িতে হামলা, যা বললেন গাজীপুরের পুলিশ কমিশনার

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আব্দুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লাহর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার ঘটনা ঘটার পর হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসেন।
পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা সেখানে যান।

তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য জানার পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।

সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তাঁর নিরাপত্তায় এগিয়ে আসে।
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিতকরণ, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রবিবার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের হতদরিদ্র মানুষেরা যারা এই চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল।
এই অব্যবস্থাপনার অবসান হওয়া প্রয়োজন।’

পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেটের বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন।’

তিনি কোরবানির পশু পরিবহন ও হাটে বিক্রির সময় যাতে পশুর প্রতি কোনো নির্দয় আচরণ করা না হয় সেদিকে বিশেষ গুরুত্ব প্রদান করার জন্য নির্দেশ দেন। এ সময় তিনি চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন।

এসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। এই কমিটিতে আরো থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ‍্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন খালেদা জিয়া

কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে আগামী ৬ মে সাড়ে সকাল ১০টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গতকাল শনিবার বলেন, ‘অত্যন্ত শৃঙ্খলাসহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে।’

বিভিন্ন দেশের ৪৮৩১৯ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

কারাগারে বন্দি বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা সুনির্দিষ্ট করে জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ১৮টি স্থায়ী ডিপো, দুটি অস্থায়ী ডিপো এবং ছয়টি বাইতুল মাহাব্বার মাধ্যমে সাজা শেষে আকাশ ও নৌ-পথে ৪৮ হাজার ৩১৯ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন অধিদপ্তরের প্রধান দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘সারাদেশের ডিপোগুলোতে মাত্র ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে।
ডিপোর জট কমাতে আটক অভিবাসীদের সাজা শেষে ফেরত পাঠানো হয়।’

নিজ নিজ দেশে ফেরত পাঠানোর মধ্যে ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন মহিলা, এক হাজার ১৭৬ জন কিশোর ও ৯০১ জন কিশোরী রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। রবিবার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ করতে।
’

যেসব বিষয়ে ঐকমত্য আসবে, সেগুলোর ভিত্তিতেই সনদ তৈরি হবে জানিয়ে তিনি বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকেই একটু না একটু ছাড় দিতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।