শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় পিএসএল সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে দেশ দুটির বড় ক্রিকেট আসর আইপিএল আর পিএসএলে। বৃহস্পতিবার আইপিএলে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে একটি ম্যাচ। পিএসএলেরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এর মধ্যে বড় একটি সিদ্ধান্ত নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। চলমান পিএসএলের বাকি আটটি ম্যাচ পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার ঘোষণা দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগকে উল্লেখ করেছে পিসিবি। সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছাকাছি ড্রোন শনাক্ত হওয়ার ঘটনাটি পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক, পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির মধ্যে একাধিক আলোচনার পর।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রী ইশাক দার জানান, পাকিস্তানের সেনাবাহিনী রাওয়ালপিন্ডির আশেপাশে ২৮টি ভারতীয় ড্রোন আটক করেছে, যার একটি স্টেডিয়ামের খুব কাছে ছিল। তিনি অভিযোগ করেন, এগুলো দেশীয় ও বিদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে “সচেতন হামলার অংশ” ছিল।

উল্লেখ্য, চলতি পিএসএলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পিসিবি নিশ্চিত করেছে যে, এখন থেকে টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায়, আজ বুঝতে পারবেন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায় সেটি আজকের সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে আটটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে সমাবেশের ঘোষণা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সেখানে সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজকে সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারাদেশের জনগণকে জুলাই আন্দোলনের মতো রাজপথে নেমে আসার আহ্বানও জানান এনসিপির এ নেতা।

ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুর সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার (৭-৮ মে) ভোর পর্যন্ত গোলাগুলির খবর পাওয়া গেছে বলে এনডিটিভর প্রতিবেদনে বালা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার শিশু ও একজন সেনা সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের সেনাবাহিনীও এ খবর নিশ্চিত করেছে বলেও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘৭-৮ মে রাতের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী ছোট অস্ত্র ও আর্টিলারি গান দিয়ে কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুরের বিপরীত দিকে বিনা উসকানিতে হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৭ মে ভোরে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ভারত পাকিস্তানের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব ঘাঁটি ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত, যেখানে ‘লস্কর-ই-তইয়্যেবা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন’-এর সদস্যরা আশ্রয় নিয়েছিল।

রাত ১টা ৫ মিনিটে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’ ২৫ মিনিট ধরে চলে। এতে প্রায় ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত ও ৬০ জন আহত হয় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

এই অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে বছরের অন্যতম তীব্র আর্টিলারি ও মর্টার গোলাবর্ষণ শুরু করে। জম্মুর পুঞ্চ এলাকায় গুলিতে নিহত হন হরিয়ানার সেনা দিনেশ কুমার শর্মা।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইয়াব সাইনি তার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘আপনার এই আত্মত্যাগ দেশের প্রতিটি নাগরিকের গর্ব। দেশ কখনো আপনাকে ভুলবে না।’

গত ২২ এপ্রিল ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত পর্যটন এলাকা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা গুলি চালালে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি পর্যটকও ছিলেন। এরপরই ভারত ইন্দাস পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তে উত্তেজনা শুরু হয়। পাল্টা-পাল্টি হামলার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক অন্তত ৭০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গ্রন্থাগার বাটলার লাইব্রের একটি অংশ দখল করে বিক্ষোভ করতে থাকে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনার জেরে বুধবার (৭ মে) নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কমপক্ষে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান ঘটনাটিকে ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করে এক বিবৃতিতে জানান, বুধবার বিক্ষোভকারীরা জোরপূর্বক গ্রন্থাগারে প্রবেশ করে, যার ফলে দুইজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘কেফিয়া’ (মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী স্কার্ফ) ও মুখোশ পরে গ্রন্থাগারে প্রবেশ করছে।
এটি ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনেকে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীর ছাত্র ছিলেন না। প্রেসিডেন্ট শিপম্যান এনওয়াইপিডি-র সহায়তা চেয়েছিলেন এবং শিক্ষার্থীদের গ্রন্থাগার থেকে দূরে থাকতে আহ্বান জানান।

এনওয়াইপিডি পৃথক এক পোস্টে জানায়, ‘কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সরাসরি অনুরোধে পুলিশ গ্রন্থাগার দখলের ঘটনায় হস্তক্ষেপ করছে।
’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে, ভেতরে থাকা ব্যক্তিদের তাদের শিক্ষার্থী আইডি দেখানোর আহ্বান জানান, অন্যথায় গ্রেফতারের হুঁশিয়ারি দেন। এতে দীর্ঘক্ষণ অচলাবস্থা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘৃণা বা সহিংসতাকে কোনোভাবেই বরদাস্ত করব না।’

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমাদের শহরে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই।
’

তবে বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘সহিংস দমননীতির’ অভিযোগ এনেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী ও ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। পরে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।

আইটেম গানে নেচে ঝড় তুললেন চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী

ভারতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী ধনশ্রী ভার্মার। দুজনের বনিবনা হচ্ছিল না বহু সময় ধরেই। অভিযোগ পাল্টা অভিযোগের পর সেই দাম্পত্য জীবনের ইতি টানেন এই জুটি। বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত চাহাল।
বিপরীতে ধনশ্রী ব্যস্ত বলিউডের গ্ল্যামার জগতে। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন ধনশ্রী।

ধনশ্রী ভার্মা পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি নৃত্যশিল্পীও।
যিনি নাচের মাধ্যমে অনুরাগীদের মোহিত করে রাখেন। চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণরূপে সক্রিয় হয়েছেন ধনশ্রী। তিনি সবসময় কোথাও না কোথাও নতুন কাজ এবং বিষয় নিয়ে আলোচনায় থাকেন। ঠিক তেমনটাই আবারও করে দেখিয়েছেন ধনশ্রী।
তিনি এখন বলিউডে নিজের জায়গা পাকা করতে ব্যস্ত। নিজের জগতে সাফল্য পাচ্ছেন এই নৃত্যশিল্পী। বলিউডের আসন্ন চলচ্চিত্র ‘ভুল চুক মাফ’-এর ‘টিং লিং সাজনা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন ধনশ্রী। তার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও।

সম্প্রতি আইটেম গানের শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ধনশ্রী।
যেখানে তাকে লাল ব্রালেট এবং থাই স্লিট স্কার্টে দেখা গেছে। ছবিগুলো পোস্ট করে চাহালের প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে হবে।’ ধনশ্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরিতে শেয়ার করেছেন।

এদিকে, রাজকুমারের নতুন ছবির গান প্রকাশিত হতেই ধনশ্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গানটি ইউটিউবেও আপলোড করা হয়েছে। রাজকুমার রাওয়ের মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে নাচের জন্য বেশ প্রশংসাও পাচ্ছেন ধনশ্রী।

চাহাল ও ধনশ্রী বিয়ে করেন ২০২০ সালের ২২ ডিসেম্বর। বিয়ের ৪ বছর পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই চাহাল ও ধনশ্রী বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। বান্দ্রা আদালত তাঁদের আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার রায় দিয়েছে।

সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় : জামায়াত আমির

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে নাগরিক পুশইন করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল বুধবার খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।

বিএসএফ কর্তৃক জোরপূর্বক পুশইনের বিষয় নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার এ নিয়ে ফেসবুক পোস্ট দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত আমির বলেন, বাংলাদেশে জোর করে, অন্যায়ভাবে ‘পুশ ইন’-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না।

তিনি আরো বলেন, এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়।
আগ্রাসনকে স্পষ্টভাবে ‘না’ বলুন।

আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান

ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান এপি মোলার মায়ের্স্ক (এপিএম) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে তিনি আজ চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আজ বিকেল সাড়ে ৪টায় একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশকে মেনুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এ জন্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের উন্নয়ন জরুরি।
এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে।

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের উত্তরকাশির গঙ্গনানি অঞ্চলে বৃহস্পতিবার (৮ মে) দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং পাইলটসহ মোট সাতজন ছিলেন।

অঞ্চলটির বিপর্যয় ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং পিটিআই-কে জানিয়েছেন, এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসন এবং জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গাড়োয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং চিকিৎসা সহায়তা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমি প্রশাসনকে আহতদের যথাসম্ভব সাহায্য করার নির্দেশ দিয়েছি এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দিয়েছি।’

দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের মতো আমরা বেসামরিকদের টার্গেট করব না : খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে। ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেব। পাকিস্তানকে এর জবাব দিতে হবে। আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।

পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়।

খাজা আসিফ বলেন, আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এর জন্য প্রস্তুত, এর চরম মূল্য দিতে হবে।
ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেব।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনো শেষ হয়নি বলে জানান তিনি।

রাফালের শেয়ারের দাম কমেছে, বেড়েছে চীনের যুদ্ধবিমান জে-১৭ নির্মাতার

বুধবার গভীর রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো সামরিক অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই শেয়ারের দাম কমেছে যুদ্ধবিমান রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের। একইদিন দাম বেড়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) শেয়ারের।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ব্যবহৃত যুদ্ধবিমান জে-১০ ও জেএফ-১৭ এর নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি)।
গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনে সিএসির শেয়ারের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে এদিন ভারতের ব্যবহৃত অত্যাধুনিক রাফাল ফাইটার জেটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম কমেছে। প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম ৫ দশমিক ৪০ ইউরো বা ১.৬৪ শতাংশ কমে যায়।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান, এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।