শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আইপিএল আয়োজনের প্রস্তাব ‘না’ করে দিয়েছে আরব আমিরাত!

ভারত-পাকিস্তানের সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটঙ্গনেও। যার ফলে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে হবে বলে ইতিমধ্যে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য আজ স্থগিত করা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষও টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায়। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) প্রস্তাবও দেয়। ইসিবি ‘না’ করে দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার। পিসিবিকে আগেই কথা দিয়েছে বলেই ভারতের প্রস্তাব আরব আমিরাত ক্রিকেট বোর্ড ফিরিয়ে দিয়েছে বলে জানায় গণমাধ্যমটি।

পিএসএল কবে আবার শুরু হবে তা অবশ্য এখনও জানায়নি পিসিবি। পিএসএলের ৮ ম্যাচের বিপরীতে ১৬ ম্যাচ বাকি রয়েছে আইপিএলের। নিরাপত্তার শঙ্কায় গতকাল ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংসের ম্যাচ মাঝপথে বন্ধ করতে হয়। আর আজ এক বিবৃতি দিয়ে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই।

আরব আমিরাত ক্রিকেট বোর্ড ‘না’ করার পর আইপিএলের বাকি অংশ নিয়ে বিপদে পড়ে গেছে ভারত। বিকল্প ভেন্যু না পেলে এক সপ্তাহ অপেক্ষা করার পর নিজ দেশের নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্টেডিয়ামে টুর্নামেন্ট শেষ করার চিন্তা করছে তারা। চেন্নাই ও বেঙ্গালুরুতে হতে পারে বলে শোনা যাচ্ছে। দুই দেশের সীমান্ত থেকে দুই শহর অনেক দূরেই বলেই আশা দেখছে আইপিএল কর্তৃপক্ষ।

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মিডিয়ার ‘সার্কাস’, তীব্র ক্ষোভ সোনাক্ষীর

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ নিয়ে উত্তাল দুই দেশ। দুই দেশের এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় মূলধারার সংবাদ চ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্ক জাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ভারতীয় নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে– শুরুতে উল্লেখ করে তাদের সংবাদ পরিবেশনা নিয়ে সোনাক্ষী বলেন, ‘এই চিৎকার, চেঁচামেচি, ওভারড্রামাটিক ভিজ্যুয়াল আর সাউন্ড ইফেক্ট—আপনারা কী করছেন? শুধু আপনাদের কাজটা করুন, ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই রিপোর্ট করুন।

এরপর অভিনেত্রী আরো লেখেন, ‘যুদ্ধকে সেনসেশনাল করে তুলে ধরবেন না, আর মানুষকে আতঙ্কিত করবেন না—যাঁরা এমনিতেই উদ্বিগ্ন। দয়া করে সত্যিকারের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে নিন আর সেটাই অনুসরণ করুন… সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।’

সোনাক্ষীর এই মন্তব্যের ঘণ্টা কয়েক আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে। এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্তের রিয়েল-টাইম বা লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়।

সতর্ক করে মন্ত্রণালয় জানায়, এ ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেনা সদস্যদের বিপদে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে। পরামর্শনামায় কারগিল যুদ্ধ, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীত ঘটনার উল্লেখ করে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।

মিডিয়ার বেশির ভাগ মানুষ শামীমকে অসুস্থ বলে : অহনা

শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে কিছুদিন আগে কথা হয়েছিল। একে অপরকে দোষারোপ করেছেন। গত মঙ্গলবার এই সম্পর্ক নিয়ে শামীম হাসান সরকার কথা বলেছেন।

শামীম জানান, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
কিন্তু সে সময় অহনা তাঁর সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।

এদিকে প্রিয়াঙ্কা প্রিয়া নামের একজন অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

তবে সংবাদ সম্মেলনে শামীম ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেন। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন।

শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম।
কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম।

এবার এটা নিয়ে অহনা মুখ খুলেছেন। ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম হাসান সরকার।
এই অভিনেত্রী বলেন, ‘আমি কোনো দিন কোথাও কী কারো নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’

ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কিভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি। শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কী করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’

ভারত-পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া উচিত। তবে তিনি বৃহস্পতিবার এটাও বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই এবং যুদ্ধ হলে সেটি আমাদের বিষয় না।

ফক্স নিউজের অনুষ্ঠানে মার্থা ম্যাকক্যালামের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব এ পরিস্থিতির অবসান হোক। কিন্তু আমরা এসব দেশকে নিয়ন্ত্রণ করতে পারি না।
’

তিনি বলেন, ‘আমরা শুধু চেষ্টা করতে পারি, উত্তেজনা কিছু কমিয়ে আনার। তবে এ ধরনের যুদ্ধের মাঝখানে গিয়ে জড়াতে চাই না, কারণ এটি আমেরিকার বিষয় না এবং আমেরিকার এতে নিয়ন্ত্রণ রাখার কোনো সুযোগ নেই।’

চীনের প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অপরদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের গুরুত্ব কিছুটা কমলেও দেশটি এখনও যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্র।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন এবং গাজায় যুদ্ধের কূটনৈতিক সমাধানে ব্যস্ত থাকায় ভারত-পাকিস্তান সংকটে শুরুতে যুক্তরাষ্ট্র সরাসরি চাপ প্রয়োগ নাও করতে পারে।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরো পাল্টা জবাব এখন ‘প্রায় অবশ্যম্ভাবী।’ দুইদিনের লড়াইয়ে প্রায় চার ডজন মানুষ নিহত হয়েছেন।

২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তেজনা শুরু হয়। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ি করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

ভ্যান্স বলেন, ‘আমরা আশা করছি এবং প্রত্যাশা করছি এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধ বা পারমাণবিক সংঘাতে রূপ নিবে না।’

যুক্তরাষ্ট্র সম্প্রতি দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ করছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ও সরাসরি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুইপক্ষ পাল্টা-পাল্টি পদক্ষেপ নিচ্ছে, এখন থামাই ভালো।’ স্টেট ডিপার্টমেন্টও উভয় দেশকে ‘দায়িত্বশীল সমাধানের’ পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : আলআরাবিয়া

নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে আমাদের কিছু বলার প্রয়োজন হবে না, জনগণই রাস্তায় নামবে।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৬-১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, অন্যথায় গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। আমরা শুধু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়।

সরকারের উদ্দেশে ফারুক বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের জনগণ আর মেনে নেবে না। নির্বাচনের জন্য এখনই সংস্কার প্রয়োজন।

প্রতিবাদী যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মাওলানা নেসারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মির আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী ও মফিজুর রহমান লিটন প্রমুখ।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত জনগণের: মঈন খান

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐকমত্যের বিষয়। জনগণই সিদ্ধান্ত নেবে, কারা নির্বাচন করবে বা কারা করবে না।

শুক্রবার (৯ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সুষ্ঠু ও দ্রুত নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব। জনগণের প্রতিনিধিত্ব নির্ধারিত হতে পারে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। নির্বাচনটি যত তাড়াতাড়ি হবে, ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে।

ড. মঈন খান আরও বলেন, আমরা গণতন্ত্রের উত্তরণ চাই। নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি।

তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, তাদের জিজ্ঞাসা করতে হবে, তারা কি আদৌ নির্বাচনে আসবে? আওয়ামী লীগের একজনও কি গত ১৫ বছরে জনগণকে জিম্মি করার জন্য কোনো ক্ষমা চেয়েছে?

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা দ্য কার্টার সেন্টারের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠকে বসে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন ড. আব্দুল মঈন খান, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং এ বি এম আব্দুস সাত্তার।

দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো, অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ড্যানিয়েল রিচার্ডসন এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।

মঈন খান আরও জানান, বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়, প্রথমত, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিতীয়ত, আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণে (ইলেকশন মনিটরিং) কার্টার সেন্টারের সম্ভাব্য ভূমিকা। প্রতিনিধি দলটি জানতে চায়, নির্বাচন কখন ও কীভাবে অনুষ্ঠিত হবে এবং তাদের মনিটরিং প্রক্রিয়া এতে কীভাবে যুক্ত হতে পারে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি মঞ্চের সামনে আন্দোলনকারীরা

বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার এড়ানোর পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই তথ্য জানিয়েছেন।

খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়া গুলি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েক দিনের জন্য পাকিস্তানের আকাশসীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা ১০ মে পর্যন্ত পাকিস্তানে বিমান চলাচল স্থগিত করছে।

এদিকে, লুফথানসা এয়ারলাইন্স এই সপ্তাহের শুরুতে জানিয়েছে যে তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত রাখছে।

আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা, আইপিএল ছেড়ে ফিরতে চাইছেন দেশে

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে চলতি আইপিএল নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তান ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বাতিল করা হয়।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের আসর সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। শোনা যাচ্ছে, আইপিএলও দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে অনেক বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আইপিএল ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন বলে খবর। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন, বেশ কিছু অজি খেলোয়াড় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়তে প্রস্তুত, বিশেষ করে যারা সংবেদনশীল সীমান্ত এলাকার কাছাকাছি রয়েছেন।

চলতি আইপিএলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেডের মতো অজি সুপারস্টাররা মাঠে নামছেন। এদিকে, রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিনের মতো অস্ট্রেলিয়ার কোচও রয়েছেন আইপিএলের আঙিনায়।

এদিকে, বৃহস্পতিবার খেলা মাঝপথে বাতিল হওয়ার পরে আইপিএল প্রধান অরুণ ধুমল পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছি। এটি একটি সংবেদনশীল পরিস্থিতি। আমরা সরকারের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। অবশ্যই সমস্ত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে, পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং বৃহস্পতিবার বলেন, ‘আমরা নিশ্চিত নই যে পরের ম্যাচ কোথায় খেলতে যাচ্ছি। গত কয়েক দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা শুধু এখানে আমাদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নন, বরং আইপিএলে অংশ নেওয়া বহু বিদেশি ক্রিকেটার যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে খবর। বিশেষ করে ধর্মশালার পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হওয়ার পরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে হয়ে বলে মনে করা হচ্ছে।

প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাজুক অবস্থা। ম্যানচেস্টার ইউনাইটেড ১৫তম আর টটেনহ্যাম হটস্পার ১৬তম অবস্থানে। ইপিএলে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই দলই কিনা নাম লেখালো ইউরোপ লিগের ফাইনালে!

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয়ে তারা নাম লিখিয়েছে ফাইনালে।

অথচ ম্যাচে সমান তালেই লড়েছিল বিলবাও। ৩১ মিনিটে মিকেল জুয়ারেজিগারের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। ৭১ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে সফরকারীরা। এরপর কেবলই ম্যানইউর গল্প।

৭২ মিনিটে মেসন মাউন্ট সমতা ফেরানোর সাত মিনিটের মাথায় ২-১ করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ৮৫ মিনিটে রাসমুস হজল্যান্ড এবং ইনজুরি টাইমে (৯১ মিনিটে) মাউন্ট নিজের দ্বিতীয় গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এদিকে বোডো/গ্লিমটের মাঠে খেলতে গিয়ে ৬ মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। ৬৩ মিনিটে ডোমিনিক সোলাঙ্কি এবং ৬৯ মিনিটে পেদ্রো পোরো গোল করে জয় নিশ্চিত করেন। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে টটেনহ্যাম।

২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’।

ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের

হাজি পির সেক্টরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানে নিয়ন্ত্রণরেখা বরাবর ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান।

মূলত ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা শুরু করেছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনার পরে লাইন অব কন্ট্রোলেও গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, শুক্রবার (৯ মে) সকালের দিকে কুপওয়ারা এবং উরিসহ নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে।

এর আগে ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী।

তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারত-শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে।

তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।