শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

নিজের রেকর্ড ভেঙে ১৯তম এভারেস্ট জয় ব্রিটিশ পর্বতারোহীর

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ১৯তমবারের মতো আরোহণ করে নিজের গড়া রেকর্ড ভাঙলেন ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। নেপালিদের বাইরে এভারেস্টজয়ীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশিবার এই শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

এই বসন্ত মৌসুমে অনুকূল আবহাওয়া ও অপেক্ষাকৃত শান্ত বাতাসের সুযোগে এ পর্যন্ত ৫০ জনের বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। কিন্তু ৫১ বছর বয়সী পর্বতারোহী কুল ২০০৪ সালে প্রথমবার এভারেস্টে আরোহণ করেন এবং এর পর থেকে প্রায় প্রতিবছরই শৃঙ্গে ওঠার অভিযান চালিয়ে আসছেন।
নেপালের স্থানীয় সময় রবিবার সকাল ১১টায় তিনি চূড়ায় পৌঁছন বলে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়।

২০২১ সালে ১৫তম আরোহণে তিনি আমেরিকান ডেভ হানের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করা নেপালি নন, এমন পর্বতারোহীর তালিকায় উঠে আসেন। পরের বছর ১৬তম আরোহণে এককভাবে এই শিরোপা নিজের করে নেন।

১৯৯৬ সালে এক রক ক্লাইম্বিং দুর্ঘটনায় দুই পায়ের গোড়ালির হাড় ভেঙে যাওয়ার পর চিকিৎসকরা কুলকে জানিয়েছিলেন, তিনি আর কোনো দিন নিজের পায়ে হেঁটে চলতে পারবেন না।
২০২২ সালে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার এই রেকর্ড ততটা বিস্ময়কর নয়, কারণ অনেক নেপালি শেরপাই তার চেয়ে অনেক বেশিবার এভারেস্ট জয় করেছেন।

তিনি বলেন, ‘শেরপারা এতবার উঠেছেন যে আমি নিজেই অবাক হই, মানুষ আমার বিষয়ে এত আগ্রহ দেখায় কেন।’

অন্যদিকে ৫৫ বছর বয়সী নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা এবার তার ৩১তম এভারেস্ট আরোহণের মাধ্যমে নিজের বিশ্বরেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন।

কুলের সর্বশেষ এভারেস্ট জয়ের এই খবরে আসে এমন এক সপ্তাহে, যখন এ পর্বতে এক ফিলিপিনো ও এক ভারতীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

এ মৌসুমে নেপালি কর্তৃপক্ষ ৪৫৮টি আরোহণ অনুমতিপত্র ইস্যু করেছে। এর ফলে এভারেস্টের পাদদেশে বিদেশি পর্বতারোহী ও তাদের সহায়তাকারীদের জন্য তাঁবু শহর গড়ে উঠেছে। অধিকাংশ পর্বতারোহীই নেপালি গাইডদের সহায়তায় পর্বতারোহণ করেন, ফলে এ মৌসুমে ৯ শতাধিক মানুষ এভারেস্ট চূড়ার পথে পা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত, ফলে প্রতি বসন্তেই শত শত অভিযাত্রী দেশটিতে যান। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপার প্রথম সফল আরোহণের পর থেকে নেপালে পর্বতারোহণ এক লাভজনক বাণিজ্যে পরিণত হয়েছে।

গত বছর আট শতাধিক অভিযাত্রী এভারেস্টের চূড়ায় পৌঁছন, যার মধ্যে ৭৪ জন উত্তরে তিব্বতের দিক থেকে অভিযান পরিচালনা করেন।

বিদায় বেলা পর্তুগিজ কাপ জিততে চান ডি মারিয়া

মৌসুম শেষেই প্রিয় ক্লাব বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন আনহেল ডি মারিয়া। তবে বিদায়টা আনন্দ অশ্রুর সঙ্গে নিতে চান আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। তাই আগামী ২৫ মে পর্তুগিজ কাপ জিতেই বীরের বেশে শেষটা করতে চান তিনি।

সামাজিক মাধ্যমে পর্তুগিজ ক্লাব ছাড়ার ঘোষণায় এমনটাই জানিয়েছেন ডি মারিয়া।
গতকাল পর্তুগিজ লিগে ব্রাগার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন বলেও জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে কোপা ও বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লিখেছেন, ‘বেনফিকার জার্সিতে এটাই আমার শেষ লিগ ম্যাচ। জার্সিটি আরেকবার গায়ে জড়াতে পেরে আমি গর্বিত। আগামী রবিবার আরেকটি ফাইনাল রয়েছে।
আমরা শিরোপা জিততেই সেখানে বিশ্বাস এবং উদ্দীপনা নিয়ে খেলতে নামব। সব সময় একসঙ্গে ছিলাম। আমাকে সমর্থন দেওয়ার জন্য বেনফিকার সমর্থকদের ধন্যবাদ।’

আগামী ২৫ মে পর্তুগিজ কাপ ফাইনালে বেনফিকার প্রতিপক্ষ স্পোর্তিং লিসবন।
লিসবনের কাছেই ২ পয়েন্টে পিছিয়ে থেকে লিগ শিরোপা হাতছাড়া করেছে ডি মারিয়ার দল। বেনফিকার ৮০ পয়েন্টের বিপরীতে ৮২ পয়েন্টে শিরোপা উল্লাস করেছেন লিসবন। লিগ জিততে না পারায় কষ্ট পেয়েছেন তিনি। লিখেছেন, ‘চ্যাম্পিয়নশিপে যে রকম ফল চেয়েছিলাম তা ছিল না। লক্ষ্যে অর্জনে আমরা কঠোর পরি¤্রম করেছিলাম।
এভাবে বছরটা শেষ হওয়া কষ্টের।’

২০০৭ সালে বেনফিকাকে যোগ দেন ডি মারিয়া। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির মতো বড় ক্লাব শেষে গত ২০২৩ সালে আবারও পর্তুগিজ ক্লাবে যোগ দেন তিনি। দুই মেয়াদে ২১১ ম্যাচ খেলেছেন তিনি। ৪৭ গোলের বিপরীতে ৫৩টি সহায়তা করেছেন।

বেনফিকার সঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে ডি মারিয়ার। সেই হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে খেলবেন কি না তা নিশ্চিত করেননি সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নেওয়া ডি মারিয়া।

ইউরোপের সঙ্গে ‘পারস্পরিক আস্থা’ পুনঃস্থাপন চায় ইরান

ইরানের শীর্ষ কূটনীতিক রবিবার বলেছেন, তার দেশ ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে আস্থা পুনঃস্থাপনে প্রস্তুত, যারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

তেহরানে একটি কূটনৈতিক ফোরামে রবিবার আব্বাস আরাঘচি বলেন, যদি ইউরোপ আন্তরিকতা দেখায় এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত হয়ে স্বাধীন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, তাহলে ইরান ইউরোপের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি ইউরোপের এই পথ সংশোধনের জন্য প্রয়োজনীয় ইচ্ছা থাকে, তাহলে পারস্পরিক আস্থা পুনঃস্থাপন ও সম্পর্ক সম্প্রসারণে ইরান কোনো বাধা দেখছে না।

এর আগে শুক্রবার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার অবস্থা নিয়ে আলোচনার জন্য ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের সঙ্গে চার দফা পরমাণু আলোচনা করেছে, যা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

২০১৫ সালে ইরান বিশ্বের ছয়টি পরাশক্তির সঙ্গে তার পরমাণু কর্মসূচিসংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া, অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে একতরফাভাবে ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চুক্তিটি কার্যকরভাবে লঙ্ঘন করেন।

এক বছর পর ইরান চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। ওই চুক্তির আওতায় ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তির বদলে জাতিসংঘ তত্ত্বাবধানে পরমাণু কার্যক্রম সীমিত রাখতে রাজি হয়।

ইউরোপীয় দেশগুলো বর্তমানে চুক্তির শর্ত ভঙ্গের ফলে পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহালের ব্যবস্থাটি সক্রিয় করার বিষয়টি বিবেচনা করছে। এই ব্যবস্থা কার্যকরের সুযোগ আগামী অক্টোবরেই শেষ হয়ে যাবে।

এই মাসের শুরুতে আরাঘচি সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যদি নিষেধাজ্ঞা পুর্নর্বহাল করতে এগিয়ে আসে, তবে ‘অপরিবর্তনীয়’ পরিণতি হবে।

তিনি আগের পরমাণু সমস্যা ও ‘পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের’ অন্য ক্ষেত্রগুলোতে আলোচনার জন্য লন্ডন, প্যারিস ও বার্লিন সফরের প্রস্তাব করেন।

আরাঘচি রবিবার তার বক্তৃতায় ইউরোপীয়দের বিভেদের পরিবর্তে পারস্পরিক স্বার্থ রক্ষার ওপর বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

গুলিস্তানে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ হওয়া আ. লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তান থেকে যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক করেছে ডিবি।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৬৪২ কোটি টাকা

দেশে রেমিট্যান্সপ্রবাহে নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে। মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলারের। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১১৫৫ কোটি টাকা।

এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে’র প্রথম ১৭ দিনে ১৬১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলারের বেশি।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স আসে। এরপর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার এবং সর্বশেষ এপ্রিলে রেমিট্যান্স আসে ২৭৫ কোটি ডলারের।

সোমবার আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে

গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আগামীকাল সোমবার (১৯ মে) অভিনেত্রীকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

পুলিশের উপকমিশনার সংবাদমাধ্যমকে বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।
এ কারণে বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবিতে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে রবিবার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
এরপর তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে ভুক্তভোগী এনামুলকে পিটিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে।
তা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আরো উল্লেখ করা হয়, এজাহারনামায় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

ডেথ ওভারে ডট বলের রাজা মুস্তাফিজ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বরাবরই ডেথ ওভারের নির্ভরতার নাম। এবার সেই খ্যাতিকে ছাড়িয়ে গেলেন পরিসংখ্যানেও। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে শেষ দিকে করা সাতটি ডট বলে গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচে শেষ দিকে দুটি ওভার করেন তিনি। সেখানে মাত্র একটি উইকেট পেলেও, মূল কাজটা করে দেন ডট বলেই। এই ৭ ডট বল নিয়ে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০-তে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি।

এই তালিকায় অনেক আগেই শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে শনিবার রাতে তা পৌঁছে যায় নতুন এক উচ্চতায়। তার পেছনে আছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান (২৪১), নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০), পাকিস্তানের হারিস রউফ (২২২) ও ভারতের জাসপ্রিত বুমরাহ (২০৮)।

রান খরচের দিক থেকেও প্রশংসার দাবি রাখেন মুস্তাফিজ। ডেথ ওভারে ৮৭ ইনিংসে ৭২৫ বল করে খরচ করেছেন ৯৯০ রান। এই তালিকায় কম রান দিয়ে তার উপরে রয়েছেন শুধু বুমরাহ (৪৯৫ বলে ৫৬৩ রান) ও রউফ (৫৮৬ বলে ৭৮২ রান)।

উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ আছেন দ্বিতীয় স্থানে। এই তালিকায় ১০০ ইনিংসে ৬৫ উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৮৭ ইনিংসে মুস্তাফিজের ডেথ ওভারে উইকেট সংখ্যা ৬৩।

শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে। তার ডট বল সংখ্যা ৮১৬। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (১১৬৪) ও দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান (৮৯৩)।

রেকর্ড পারিশ্রমিক নিয়ে ফিরছেন দীপিকা

অনেক দিন ধরেই পর্দায় নেই দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বেশ লম্বা সময় পর আবারও ফিরছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। তবে এ ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ দিয়ে ফিরছেন দীপিকা।
সিনেমাটির জন্য অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। এতে দীপিকার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষ নায়িকারা এখন পর্যন্ত ১০ থেকে ১৫ কোটি রুপি নিয়ে থাকেন, যে তালিকায় রয়েছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, রাশমিকা মান্দানারা।
সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে।

এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন।
এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়েই কাটছে অভিনেত্রীর ব্যস্ততা। এর মধ্যে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

গাজায় নতুন হামলা বন্ধে চাপ বাড়ছে ইসরায়েলের ওপর

গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ, বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলে, ‘অন্য সব রাষ্ট্রের মতো ইসরায়েলেরও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু বর্তমান পদক্ষেপের ফলে বাকি জিম্মিদের জীবন নষ্ট হতে পারে, যার মধ্যে জার্মান জিম্মিরাও অন্তর্ভুক্ত, যারা প্রায় ৬০০ দিন হামাসের কারাগারে থাকার পরও তাদের জীবন রক্ষা নিয়ে ভয় পাচ্ছে।’

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই আক্রমণ গাজার বাসিন্দাদের ‘বিপর্যয়কর’ মানবিক পরিস্থিতি এবং জিম্মিদের দুর্দশা আরো খারাপ করার ঝুঁকি তৈরি করেছে।
পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সম্ভাবনা আরো দূরবর্তী করে তুলেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় নতুন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল শনিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের সঙ্গে ফোনে কথা বলেছেন। অঞ্চলটির অন্য অংশীদারদের সঙ্গেও জার্মানি ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানানো হয়েছে।

অন্যান্য ইউরোপীয় দেশও হামলা বন্ধের আহ্বান জানিয়েছে
এ ছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের আর যুদ্ধের মূল্য চুকানোর সুযোগ নেই।

এক বিবৃতিতে তাজানি বলেন, ‘আমাদের ইসরায়েলি সরকারকে বলতে হবে : যথেষ্ট হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা আর ফিলিস্তিনি জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না। হামলা বন্ধ করুন, যুদ্ধবিরতি নিশ্চিত করুন, জিম্মিদের মুক্ত করুন, কিন্তু হামাসের শিকার জনগণকে শান্তিতে ছেড়ে দিন।’

ইউরোপে ইতালির সরকার ইসরায়েলের অন্যতম সোচ্চার সমর্থক, তবে গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যে দেশটিতে যুদ্ধবিরতির আহ্বান এখন ক্রমে বাড়ছে।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার ইসরায়েলের ‘গাজায় গণহত্যা’ বন্ধ করার জন্য চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। সানচেজ বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে সাহায্য পাঠানোর বিষয়ে বিশ্ব আদালতের রায়ের জন্য জাতিসংঘের একটি প্রস্তাব গ্রহণের পরিকল্পনা করছে মাদ্রিদ।’

বাগদাদে আরব লীগের এক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের হামলার ফলে শুরু হওয়া যুদ্ধের ফলে গাজায় ‘অগ্রহণযোগ্য পরিমাণে’ ক্ষতি হয়েছে, যা ‘মানবতার নীতি’ লঙ্ঘন করেছে।

সানচেজ বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে অত্যন্ত গুরুতর মানবিক সংকট চলছে, তাতে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত, এক লাখ আহত ও ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

স্প্যানিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্পেন ‘জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব জমা দেবে, যাতে আন্তর্জাতিক বিচার আদালতকে গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার বিষয়ে রায় দেওয়ার জন্য অনুরোধ করা হবে।
’ গাজায় সব ধরনের সহায়তা ২ মার্চ থেকে সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে।

বাগদাদে শনিবার ভাষণে তিনি বলেন, সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ প্রচার করা একটি অগ্রাধিকার। ‘এই অঞ্চলে শান্তির একমাত্র পথ’ হলো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন’।

তিনি আরো বলেন, ‘আমি আবারও অন্যান্য দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাতে চাই।’

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা গাজা উপত্যকার অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে তিনি বলেছেন, ‘গাজা থেকে আসা প্রতিদিনের খবরে হতবাক : বেসামরিক নাগরিকরা অনাহারে, হাসপাতালগুলো আবারও ধর্মঘটে আক্রান্ত। সহিংসতা বন্ধ করতে হবে!’

কস্তা বলেন, ‘ইসরায়েলি সরকারকে এখনই অবরোধ তুলে নিতে হবে এবং মানবিক সাহায্যের নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’

গাজার পরিস্থিতিকে ‘মানবিক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন কস্তা। তিনি বলেন, ‘জনগণকে নিষ্পেষণ, অসম সামরিক শক্তির মুখোমুখি করা হচ্ছে। আন্তর্জাতিক আইন পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হচ্ছে।’

‘এখনই যুদ্ধবিরতি’ চায় জাতিসংঘ
ডিডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বোলেন জানিয়েছেন, ‘গাজার মানুষের জন্য খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই।’

গাজায় ত্রাণ অবরোধ চলছে ১১ সপ্তাহ ধরে। পাশাপাশি ইসরায়েল গাজায় সামরিক অভিযান জোরদার করছে।

ইরাকের বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তিনি সেখানে বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলে না—এমন কোনো সাহায্য কার্যক্রমে জাতিসংঘ অংশগ্রহণ করবে না।

স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।’

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার রোম থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘সেক্রেটারি রুবিও আজ রাতে (শনিবার) রোম থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন।’

তারা গাজার পরিস্থিতি এবং বাকি সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে তাদের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন ব্রুস।

ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথে থেমে গেল রকেট

ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়া নতুন মহাকাশ অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ রবিবার (১৮ মে) ভোরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ে একটি প্রযুক্তিগত অসঙ্গতির কারণে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস-০৯ এর উৎক্ষেপণ সম্পূর্ণ করা যায়নি।

স্থানীয় সময় ভোর ৫:৫৯ মিনিটে শুরু হওয়া এই মিশনটি ছিল পিএসএলভি এর ১০১তম উৎক্ষেপণ। উৎক্ষেপণের পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ বলেন, ‘রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে তৃতীয় পর্যায়ের মোটর চালু হলেও, সেই ধাপে আমরা একটি পর্যবেক্ষণ পেয়েছি। তাই মিশনটি শেষ করা যায়নি।’ তিনি আরও জানান, সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ইওএস-০৯ উপগ্রহটি ২০২২ সালে উৎক্ষেপিত সফল ইওএস-০৪ এর ধারাবাহিক মিশন হিসেবে পরিকল্পিত ছিল।
এর লক্ষ্য ছিল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য রিমোট সেন্সিং ডেটার গতি ও প্রাপ্যতা বাড়ানো। এটি ছিল দ্বিতীয় পিএসএলভি উৎক্ষেপণ, যেখানে মহাকাশ যানটি ইসরোর নতুন পেলোড ইন্টিগ্রেশন ফ্যাসিলিটিতে সংযুক্ত করা হয়েছিল।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস