মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের, ফিরলেন এনদ্রিক

বিশ্বকাপের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা হলো না নেইমারের। কোচ জানিয়েছেন, পুরোপুরি ফিট না থাকায় আসন্ন দুইটি প্রীতি ম্যাচে দলে রাখা হয়নি এই তারকা ফরোয়ার্ডকে। একই সঙ্গে দলে ফিরেছেন লিওঁতে খেলা তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।

দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে।
হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে তিনি চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ক্লাব সান্তোস-এর হয়ে চারটি ম্যাচ খেলেছেন। তবে এখনো পুরোপুরি ছন্দে না ফেরায় তাকে দলে নেওয়া হয়নি।

এই মাসের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের বস্টনে ফ্রান্স জাতীয় দল-এর বিপক্ষে এবং চার দিন পর অরল্যান্ডোতে ক্রোয়েশিয়া জাতীয় দল-এর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আনচেলত্তি বলেন, ‘সে (নেইমার) এখনো শতভাগ ফিট নয়, তাই তাকে ডাকিনি।
তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে কী হবে, সেটি ভিন্ন বিষয়।’

আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কো জাতীয় দল-এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

এদিকে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবার জাতীয় দলে ফিরেছেন ১৯ বছর বয়সী এনদ্রিক। লিওঁ-তে ধারে খেলে নজর কাড়ার পর তাকে দলে টেনেছেন আনচেলত্তি। এর আগে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ-এ কোচ থাকাকালীন পালমেইরাস থেকে এনদ্রিককে স্পেনে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন এই কিংবদন্তি কোচ।

এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইগর থিয়াগো ও রায়ান।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন বেকার, বেনতো, এডারসন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকুইনহোস, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা

ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

দুবাইতে বিমান চলাচল ফের শুরু

সংযুক্ত আরব আমিরাতে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রয়টার্সের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে সাময়িক বন্ধের পর সংযুক্ত আরব আমিরাতে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে, জিসিএএ বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাজুড়ে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
জিসিএএ আরো জানায়, ‘বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন রিয়েল-টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রয়েছে।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৯০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। একটি ড্রোন হামলার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগলে, সোমবার ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

ড্রোন হামলায় এই অঞ্চলের অন্যতম বৃহত্তম তেল সংরক্ষণাগার, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফুজাইরাহ বন্দরেও আগুন লেগে যায়।সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে শহরটির মিডিয়া অফিস জানিয়েছে।

ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক হামলা হয়েছে, যার ফলে ফ্লাইট চলাচলে বিলম্ব ও বিঘ্ন ঘটেছে। ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলা চালানো হয়।

সোমবার বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্টে বিবিসি সংবাদদাতা আজাদেহ মোশিরি বলেন, সংযুক্ত আরব আমিরাত মনে করে, তাদেরকে অন্যায়ভাবে এই যুদ্ধে টেনে আনা হয়েছে।

তিনি বলেন, ‘ইরান হয়তো মনে করতে পারে, এই ধরণের চাপের কারণেই এখানকার নেতারা যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছেন, কিন্তু বাস্তবতা হলো এখানকার কর্মকর্তারা ক্ষুব্ধ।’

সংযুক্ত আরব আমিরাতকে নিরাপদ ও সমৃদ্ধ দেশ হতে অনেক সময় লেগেছে এবং এটি একাধিক আঘাত পেয়েছে, তাই মানুষ দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন মোশিরি।

সূত্র : বিবিসি

২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৪ লাখ টাকা

ঈদ যাত্রা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরমিাণ। তবে মহাসড়ক স্বাভাবিক রয়েছে, নেই যানজট।

গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত একদিনে পূর্ব প্রান্তে ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

অপরদিকে পশ্চিম প্রান্তে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৮৩টি যানবাহন।
এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে দুই পাশেই দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।’

১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে।
প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। ঈদ যাত্রায় তা বেড়ে দ্বিগুণ কিংবা তিনগুণ হয়। ঈদ যাত্রায় চালকের অদক্ষতা, সড়ক দুর্ঘটনা এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটও সৃষ্টি হয়।

হরমুজে নিরাপত্তার বিনিময়ে ভারতের কাছে ৩টি ট্যাংকার ফেরত চাইল ইরান

চলমান উপসাগরীয় সংকটের মধ্যে ভারতমুখী তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিনিময়ে ভারতের কাছে ইরানের জব্দ থাকা তিনটি ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে আলোচনার জন্য সোমবার ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত বা ইরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত এবং ইরান-সংশ্লিষ্ট সন্দেহে তিনটি তেলবাহী জাহাজ জব্দ করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বাই উপকূলের কাছে এসব জাহাজ আটক করে অবৈধ তেল বাণিজ্যের অভিযোগে তদন্তে নেওয়া হয়।

জব্দ হওয়া ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজ তিনটি হলো—স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া। গত ৬ ফেব্রুয়ারি এগুলো আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে কড়া অবস্থান জানিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে বলেছে, এই প্রণালি ব্যবহার করে তাদের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো যাবে না। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ শর্তে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলেও জানিয়েছে তারা।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।
প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণে ইরানের সশস্ত্র বাহিনী নিয়োজিত রয়েছে এবং যে কোনো সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার ঠেকানো হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা কিছু জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ভেন্যু সরিয়ে নিতে ফিফাকে প্রস্তাব দিল ইরান

আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান ফুটবল ফেডারেশন। মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই উদ্যোগ নিয়েছে।

দূতাবাসের বরাতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা বলায় তারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নন।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি, যেন বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজন করা হয়।

বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে দলটি। দলটির বেস ক্যাম্প নির্ধারণ করা হয়েছে অ্যারিজোনার টুসনে।

মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ভিসা প্রদান ও লজিস্টিক সহায়তায় ‘অসহযোগিতা’র অভিযোগ তুলেছেন।
তিনি ফিফাকে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরান দল যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’ হলেও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত নয়। তার এই বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য এর আগে আশ্বাস দিয়েছিলেন, ইরান দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে।

অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, কোনো দেশই তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য এখনো ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘দিন শেষে ফেডারেশন খেলার সিদ্ধান্ত নেবে। আজ পর্যন্ত তারা আমাদের যা জানিয়েছে, তাতে তারা বিশ্বকাপে যাচ্ছে বলেই জানি।

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু লিডারশিপ ক্যারেক্টারে আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা নেই। কিন্তু গত এক মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবং ওয়ান-অন-ওয়ান রিভিউতে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে। প্রথমত, হি ইজ আ গুড লিসেনার।
উনি সবার কথা ধৈর্য ধরে শুনছেন। কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী রেজাল্ট ওরিয়েন্টেড আলোচনা করছেন। আপনার এই উদ্যোগে কী ফল পাওয়া যাবে এবং কত দ্রুত পাওয়া যাবে’, সবাইকে এসব প্রশ্ন করছেন।
এবং তৃতীয়ত, উনি দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সমায়নুবর্তিতা, শিষ্টাচার, অনাড়ম্বর মানসিকতা এসব নিজে চর্চা করছেন।’

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যাহোক, গতকালকের ক্যাচ-আপ এ আমরা ওনাকে আমাদের ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি। আমি আগেও বলেছি, সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক কালচার আনা জরুরি। এরই ধারাবাহিকতায় আমাদের আগামী ছয় মাসের প্রতিশ্রুতি আপনাদের শেয়ার করছি:

বৈশ্বিক অস্থিরতার ফলস্বরূপ বিশ্বব্যাপী এফডিআই নিম্নমুখী।
তাই আমাদের প্রচেষ্টা থাকবে বিদেশী বিনিয়োগের পাশাপাশি দেশি বিনিয়োগের প্রতি মনোযোগ দেওয়া তথা কর্মসংস্থান তৈরিতে সাহায্য করা। কিন্তু অন্যান্য চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাব্য জ্বালানি ঘাটতি আমাদের দেশের ব্যবসায়ীদের শঙ্কায় ফেলে দিয়েছে। এগুলোকে মাথায় রেখেই আমাদের ২৫টি পদক্ষেপ (ডিটেইল কমেন্টে)। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে:

• সরকারি বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে প্রাইভটাইজেশন।

• ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রকাশ।

• বিকল্প জ্বালানি ব্যবস্থা অনুসন্ধান।

• দুর্নীতি রোধে ও লিড টাইম কমাতে সমুদ্র ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালুকরণ।

• প্রধানমন্ত্রীর জন্য প্রাইভেট সেক্টর অ্যাডভাইসরি কাউন্সিল গঠন।

• ব্যবসা সংক্রান্ত সরকারি সার্ভিসের একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ-এর সম্প্রসারণ।

• বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কোরিয়া-বাংলাদেশ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সম্পন্ন।

আশিক চৌধুরী বলেন, ছয় মাস শেষে আমরা আবার একটা রেজাল্ট কার্ড করবো আমাদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে।

পুনশ্চ ১: আমার কার্টুনিস্ট ফ্যানদের জন্য সুখবর। আমি সামনেও প্যারাসুট নিয়ে ঝাঁপ দেবো। প্রধানমন্ত্রী হাসি মুখে হাত-পা না ভাঙার শর্তে অনুমতি দিয়েছেন।

পুনশ্চ ২: প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো সেলফি নেই। প্রতিবারই এত কাজের মাঝে ছবি তোলা হয়ে ওঠে না।

স্ট্যাটাসে ১৮০ দিনের অগ্রাধিকার নিয়ে একটি ফটোকার্ডও শেয়ার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

অপরিচিত ব্যক্তির আনাগোনায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরায় স্থানীয়দের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মো. সরওয়ার বলেন, যেকোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করুন।

তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম। তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, স্বস্তি কুমিল্লার অংশে

আজ থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরের ছুটি। টানা সাত দিনের ছুটিতে ঘরমুখো মানুষ রাজধানী ঢাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। তবে স্বস্তির খবর হলো এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানজট না থাকলেও পরিবহনের চাপ বেড়েছে।

এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন চালক ও যাত্রীরা। তারা বলছেন বিগত সময়ে ব্যস্ততম এই মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে ঘরমুখো মানুষদের দুর্ভোগে পড়লেও এবার সেই ভোগান্তি নেই।

এদিকে এবারে যানজট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘এবারের ঈদযাত্রা হাইওয়ে পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক করতে আমরা ২৪ ঘণ্টা মহাসড়কে অবস্থান করছি। আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত যানচলাচল স্বাভাবিক আছে। তবে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে।

কুমিল্লা এশিয়ান পরিবহনের চালক আবুল কালাম বলেন, ‘আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনো পর্যন্ত মহাসড়কে যানজট নেই। ২ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতে পেরেছি। পুলিশ সক্রিয় থাকলে আশা করি মহাসড়কে যানজট থাকবে না।’

কামাল হোসনে নামে এক যাত্রী বলেন, ‘ঈদে বাড়ি, পথে যানজট থাকবে না এটা বিশ্বাস হয়। প্রতি বছরই ২-৪ ঘণ্টা বেশি সময় হাতে নিয়ে বাসা থেকে বের হই।
তবে এবারের যাত্রা ব্যতিক্রম। অনেক অনন্দদায়ক ছিল। পথে ভোগান্তি ছিল না বললেই চলে। মাত্র আড়াই ঘণ্টায় হানিফ পরিবহনের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড় এসে নামলাম। পুলিশ বিভাগসহ দেশের প্রশাসনকে ধন্যবাদ জানায়।’

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এবার ঈদে যাত্রীদের বিড়ম্বনা ও ডাকাতের উৎপাত কমাতে মহাসড়কের কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত কম এবং অধিক গুরুত্বপূর্ণ ২৭টি স্থান চিহ্নিত করা হয়। গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা চিহ্নিত স্থানগুলোতে নজর রাখছে পুলিশ।

এসব স্থানের মধ্যে রয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল বাসস্ট্যান্ড, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ, চান্দিনা বাজার, মাধাইয়া বাজার, কুটুম্বপুর বাজার, ইলিয়টগঞ্জ বাজার, বুড়িচং উপজেলার নিমসার বাজার, ক্যান্টনমেন্ট এলাকা, কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা, চৌদ্দগ্রামের মিয়া বাজার উভয় লেন, চৌদ্দগ্রাম বাজার ঢাকামুখী লেন, ফেনীর বিসিক মোড়, লালপোল এলাকা, রামপুর ব্রিজ এলাকা, কসকা বাজার, ছাগলনাইয়ার সমিতি বাজার, চট্টগ্রামের জেলার জোরারগঞ্জের বারইয়ার হাট, মীরসরাই, সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড বাসস্ট্যান্ড, বড় দারোগার হাট ওজন স্কেল, পোর্টলিং, ছোট কুমিরা, কেডিএস মোড়, ভাটিয়ারি পয়েন্ট ও বারবকুন্ড বাজার।

এ বিষয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম কালের কণ্ঠকে বলেন, ‘মহাসড়কের ঈদযাত্রায় যাত্রীদের বিড়ম্বনা কমাতে পূর্ব থেকেই পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক মিটিং করা হয়েছে। যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি থাকবে না। নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারবে।’

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা কালের কণ্ঠকে বলেন, ‘যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক মিটিং করেছি। যেসব এলাকায় আমাদের মহাসড়কের উন্নয়ন কাজ চলছিল সেখানে কাজ বন্ধ রেখে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। আশা করছি জাতীয় এই সড়কে এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে।’

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ)। প্রথমদিনেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। তবে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সকাল থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই অতিরিক্ত যাত্রীচাপ দেখা গেছে।
উত্তরবঙ্গের ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভিড়লেই নিজের কাঙ্ক্ষিত আসন পেতে মরিয়া যাত্রীরা।

সকালের ট্রেনগুলোতে গাদাগাদি করেই যাত্রা করেছে মানুষ। যেন তীল ধারণের ঠাঁই নেই। ছাদেও চেপে বসেছেন অসংখ্য যাত্রী।
তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো ছিল তুলনামূলম ফাঁকা। তবে প্রতিটি ট্রেনেই স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর এক্সপ্রেস ছাড়া মঙ্গলবার প্রতিটি ট্রেনই কমলাপুর স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে৷ শিডিউল বিপর্যয় না থাকায় রেলপথের যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রংপুরের এক যাত্রী বলেন, ‘কমলাপুর স্টেশনে এসেই দেখি হাজার হাজার যাত্রী।
সবাই স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে। মানুষ বেশি হলেও আনন্দ লাগছে। আশা করি ট্রেনে উঠতে পারব।’

এক সরকারি চাকরিজীবী বলেন, ‘বউ-বাচ্চাকে আগেই পাঠিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি বাড়ি।
তবে এতে মানুষ দেখে শঙ্কায় আছি ঠিকভাবে ট্রেনে উঠতে পারব কি না। তবে ট্রেন নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে দেখলাম।’

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘এবার শতভাগ অনলাইনে টিকিট দেওয়া হয়েছে। বর্তমানে দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতি ১০০টি আসনের বিপরীতে ২৫ জন যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন। বিভিন্ন রুটের ট্রেন মাঝপথে কয়েকটি স্টেশনে থামে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের কারণে কখনো কখনো দেরি হতে পারে। তবে আমরা চেষ্টা করছি ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়তে এবং যাত্রীদের সর্বোত্তম সেবা দিতে।’

ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচলের সূচি প্রকাশ

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই ছুটিতে কবে কবে মেট্রো রেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।