হরমুজে নিরাপত্তার বিনিময়ে ভারতের কাছে ৩টি ট্যাংকার ফেরত চাইল ইরান

SHARE

চলমান উপসাগরীয় সংকটের মধ্যে ভারতমুখী তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিনিময়ে ভারতের কাছে ইরানের জব্দ থাকা তিনটি ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে আলোচনার জন্য সোমবার ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত বা ইরান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত এবং ইরান-সংশ্লিষ্ট সন্দেহে তিনটি তেলবাহী জাহাজ জব্দ করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বাই উপকূলের কাছে এসব জাহাজ আটক করে অবৈধ তেল বাণিজ্যের অভিযোগে তদন্তে নেওয়া হয়।

জব্দ হওয়া ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজ তিনটি হলো—স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া। গত ৬ ফেব্রুয়ারি এগুলো আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে কড়া অবস্থান জানিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে বলেছে, এই প্রণালি ব্যবহার করে তাদের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালানো যাবে না। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ শর্তে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলেও জানিয়েছে তারা।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।
প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণে ইরানের সশস্ত্র বাহিনী নিয়োজিত রয়েছে এবং যে কোনো সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার ঠেকানো হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা কিছু জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।