শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহবান স্পেনের

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞার পথে ভাবতে বলেছে স্পেন। মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধি সভার আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই মন্তব্য করেন। হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পর ইসরায়েলের দীর্ঘদিনের মিত্ররাও এখন আন্তর্জাতিক চাপের সঙ্গে একমত হচ্ছেন।

প্রায় তিন মাসের মানবিক সহায়তা অবরোধে গাজার খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে।
যদিও সম্প্রতি ইসরায়েল কিছু সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর মতে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

আলবারেস বলেন, ‘গাজায় অমানবিক ও অর্থহীন যুদ্ধ বন্ধ করতে হবে।’ তিনি দাবি করেন, ‘মানবিক সহায়তা যেন বিপুল পরিমাণে, কোনো শর্ত ছাড়াই গাজায় প্রবেশ করতে পারে এবং তা যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে না থাকে। গাজা এখন মানবতার উন্মুক্ত ক্ষত।
’

বৈঠকে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, মিসর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিরা অংশ নেন। স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া— যারা ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে— তারাও উপস্থিত ছিল। সঙ্গে ছিল ব্রাজিলও।

ইইউ-ইসরায়েল সহযোগিতা চুক্তি স্থগিতের আহ্বান

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দেওয়ার পর স্পেন তা ‘তাৎক্ষণিকভাবে স্থগিত’ করার আহ্বান জানায়।
আলবারেস আরো বলেন, স্পেন চায় ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং এমন ব্যক্তিদের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিতে, যারা দ্বি-রাষ্ট্র সমাধানকে চিরতরে ধ্বংস করতে চায়’।

ইসরায়েলের গাজা ও পশ্চিম তীরে নীতির দীর্ঘদিনের সমালোচক স্পেন। গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে আখ্যা দেন। এর জবাবে ইসরায়েল স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দেয়।

দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক তৎপরতা

রবিবারের বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির ওপর জোর দেওয়া হয়। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব এমন এক শান্তি চাই, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল পাশাপাশি টিকে থাকতে পারবে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরবে।’

আলবারেস জানান, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো ইইউ শক্তিগুলোর অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে শান্তির পথে অগ্রগতির বার্তা দেয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো আগামী সপ্তাহে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ফিলিস্তিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারসেন শাহিনের সঙ্গে বৈঠক করবেন। তিনি রবিবার একাধিক আরব পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেন।

এই কূটনৈতিক উদ্যোগ আগামী মাসে নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনের আগাম প্রস্তুতি। সানচেজ ঘোষণা করেছেন, তার দেশ জাতিসংঘে গাজায় মানবিক সহায়তা বাড়াতে ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে প্রস্তাবনা সমর্থন করবে।

সূত্র: টাইম অব ইসরায়েল, এএফপি

মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে সৌদি আরব

৭৩ বছর পর সৌদি আরবে মদ বিক্রি ও পান নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য ২০২৬ সাল থেকে নির্দিষ্ট লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে মদ বিক্রি এবং পান করার অনুমতি দেওয়া হতে পারে। এই গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন দেশটির বৃহৎ আন্তর্জাতিক আয়োজন— রিয়াদ এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪—এর প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরব ১৯৫২ সাল থেকে দেশটিতে মদ নিষিদ্ধ করে রেখেছে, যেখানে সৌদি নাগরিক থেকে শুরু করে বিদেশি নাগরিকদের জন্যও মদ পান সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
তবে ২০২৪ সালের জানুয়ারি থেকে রিয়াদে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য কঠোর বিধিনিষেধের আওতায় মদ বিক্রির অনুমতি দেওয়া হয়।

৬০০ নির্দিষ্ট স্থানে থাকবে নিয়ন্ত্রিত মদের দোকান

সৌদি আরবভিত্তিক সৌদি মোমেন্টেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধের আওতায় দেশজুড়ে প্রায় ৬০০ নির্দিষ্ট স্থানে মদ বিক্রি ও পান করার অনুমোদন দেওয়া হতে পারে। এসব স্থানের মধ্যে থাকছে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, কূটনৈতিক অঞ্চল, এবং সৌদি আরবের অন্যতম মেগা পর্যটন প্রকল্প যেমন নিওম, সিন্দালা দ্বীপ ও রেড সি প্রজেক্ট।

নতুন নিয়মে এসব অনুমোদিত স্থানে বিয়ার, ওয়াইন ও সাইডারের মতো কম অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা যাবে।
তবে ২০ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত স্পিরিট জাতীয় পানীয় এখনো নিষিদ্ধই থাকবে।

সীমিত এলাকায় থাকবে মদ, জনসাধারণ ও ব্যক্তিগত স্থানে নিষেধাজ্ঞা বহাল

মদ শুধুমাত্র নির্দিষ্ট পর্যটন এলাকা এবং প্রবাসীকেন্দ্রিক অঞ্চলেই পাওয়া যাবে। সৌদি আরবের পাবলিক স্থান, ব্যক্তিগত বাসস্থান ও সাধারণ দোকানে মদের নিষেধাজ্ঞা বহাল থাকবে। সব ধরনের বিক্রি ও সেবন হবে নিয়ন্ত্রিত ও লাইসেন্সপ্রাপ্ত পরিবেশে।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এসব স্থান পরিচালনা করবেন এবং সুষ্ঠু নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখবেন।

সংস্কার পরিকল্পনায় লক্ষ্য ২০৩০ ভিশন

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর সফল মডেল অনুসরণ করে পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সংস্কার ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের অংশ, যেখানে দেশটির অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় এবং সৌদি ট্যুরিজম অথরিটি মিলে পর্যটন খাত থেকে জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সূত্র: সিয়াসাত ডটকম

ইসকোর ফেরার দিনে স্পেন দলে জায়গা হয়নি রদ্রির

অপেক্ষা যেন অবশেষে ফুরাল ইসকোর। দীর্ঘ ৬ বছর পর আবারও স্পেনের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তাকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

৩৩ বছর বয়সে এসে আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন ইসকো।
সর্বশেষ ২০১৯ সালে সুইডেনের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এক সময় মাঠ কাঁপানো অ্যাটাকিং মিডফিল্ডার এক সময় হারিয়েই গিয়েছিলেন। তবে এবার রিয়াল বেতিসে এসে প্রাণ পেয়েছেন। ১২ গোল ও ১০ অ্যাসিস্টের স্বীকৃতিই এবার পেলেন তিনি।
এখন তার লক্ষ্য ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের সেমিফাইনালে জাতীয় দলের ১২ গোলের সংখ্যাটা বাড়ানো।

ইসকোর ফেরার দিনে চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার দুই তারকা গাভি ও পাউ কুবার্সি। সব মিলিয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে জাতীয় দলে ৬ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তবে চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামলেও ফ্রান্সের বিপক্ষে ম্যাচটির স্কোয়াডে জায়গা হয়নি ব্যালন ডি’অর জয়ী রদ্রির।

রদ্রির সঙ্গে আগামী ৫ জুনের ম্যাচটিতে সুযোগ হয়নি রিয়ালের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও ও বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের। তবে ৫ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিয়ে আলোচনায় থাকা ডিফেন্ডার ডিন হুউসেন জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া পেদ্রি, লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের মতো তারকাই দলে আছেন।

ইংল্যান্ডের এক ক্লাবের ২ রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও তাই বলে একটা দল মাত্র ২ রানে অলআউট হবে। সেটিও ক্রিকেটের আধুনিক যুগে এসে। যখন বোলারদের ওপর প্রতিনিয়ত শাসন করছেন ব্যাটাররা।

এমন যুগেই কিনা ১১ ব্যাটার মিলে করতে পেরেছেন ২ রান।
অবিশ্বাস্য হলেও সত্যি, এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের এই বিব্রতকর রেকর্ডটির সাক্ষী হয়েছে রিচমন্ড সিসি। এতে ভেঙে গেছে ২১৫ বছর আগে করা ৬ রানের সর্বনিম্ন স্কোর। ১৮১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্য বিএস নামের এক দল ৬ রানে অলআউট হয়েছিল।

মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের ম্যাচে প্রথমে ব্যাটিং করে গত পরশু ৪২৬ রান করে উত্তর লন্ডন সিসি। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ড্যান সিমন্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৪ ওভারে ২ রানে অলআউট হয় রিচমন্ড সিসি। ৯ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।
এক রান করে করেছেন দুই ব্যাটার। এতে ৪২৪ রানের বিশাল জয় পায় লন্ডন।

আন্তর্জাতিক ক্রিকেটেও এমন নজির রয়েছে। তবে এতটা বিপযর্যের নয়। টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন দলীয় স্কোর নিউজিল্যান্ডের, ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।
ওয়ানডের রেকর্ডটি জিম্বাবুয়ের দখলে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয় আফ্রিকা মহাদেশের দলটি। ২০২৪ সালে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোরটিও হয়। নাইজেরিয়ার বিপক্ষে ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট।

সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়নি, বলছে বিসিবি

পিএসএল দিয়ে প্রায় ৬ মাস পর ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে গতকাল চ্যাম্পিয়নও হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে মাঠে ফিরলেও জাতীয় দলে এখনো ফেরা হয়নি তার।

আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
মাঝে দেশের মাটিতে টেস্ট খেলে ক্রিকেটের আদি সংস্করণে অবসর নিতে চাইলেও ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশে আসা হয়নি তার। এতে প্রশ্ন উঠেছে তবে কি বাংলাদেশের হয়ে সাকিবের ক্যারিয়ার শেষ?

আজ এক অনুষ্ঠানে অতিথি হয়ে আসা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাছেও এমন প্রশ্ন করা হয়েছিল। মিডিয়া কমিটির চেয়ারম্যান এমন প্রশ্নকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং সেটআপ আছে…।
অ্যাকশন শোধরানোর পর প্রথম কোনো টুর্নামেন্ট খেলল (পিএসএল) সাকিব। সে বিশ্বসেরা খেলোয়াড়। যেকোনো দলের জন্যই সম্পদ। তাই অবশ্যই আমাদের নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সবার বিবেচনায় সব সময় থাকে।

খেলায় ফিরলেও ব্যাটে-বলে তেমন পারফরম্যান্স করতে পারেননি সাকিব। তিন ম্যাচ খেলে একটি মাত্র উইকেটই পেয়েছেন তিনি। দুই ইনিংস ব্যাটিং করে রানের খাতা তো খুলতেই পারেননি। তাই আরেকটু সময় দেখে সাকিবকে বিবেচনা করতে চান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘সাকিব যে ভুল শোধরানোর পর প্রথম দুটি ম্যাচ খেলল (আসলে তিন ম্যাচ)।
আরো কয়েকটা ম্যাচ খেলতে দিন। তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।’

৬৫ কোটির পলি নিষ্কাশন দুর্নীতি, ‘রাজ’ অভিনেতাকে তলব পুলিশের

রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। বাণিজ্য নগরীতে থমকে জনজীবন। ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবাও। এমতাবস্থাতেই সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে অভিনেতা ডিনো মরিয়াকে তলব করেছে মুম্বাই পুলিশ।
সংশ্লিষ্ট মামলায় ৬৫ কোটি রুপির আর্থিক জালিয়াতের অভিযোগ রয়েছে।

বন্যা প্রতিরোধের জন্য নদীখাতের পলি পরিষ্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল মুম্বাই প্রশাসন। আর সেখানেই একটা বড় অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এবার চলতি মৌসুমে যখন ভারী বর্ষণে জলমগ্ন মুম্বাই, এমতাবস্থাতেই সোমবার ডিনো মরিয়াকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

সংশ্লিষ্ট মামলায় জাল নথি পেশ, তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্যও।

জানা গেছে, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়া লগবুক, স্লিপ জমা দিয়েছে।
শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি রুপির বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মরিয়ার নাম উঠে এসেছে। এরপরই মুম্বাই পুলিশ তাকে তলব করে। প্রশ্ন উঠেছে কীভাবে এই মামলার সঙ্গে ডিনো মোরিয়ার নাম জুড়ল?

ভারতীয় গণমাধ্যম সূত্রে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার সূখবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মরিয়া এবং তার ভাই সান্তিনো মরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার ডাক পড়েছে বলিউড অভিনেতার।

প্রসঙ্গত, মিঠি নদীর পলি সরানো এবং সৌন্দর্যায়ন প্রকল্প সম্পর্কিত নানা কাজে হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই মামলাতেই বর্তমানে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে।

মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বাই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজ’ সিনেমায় বিপাসা বসুর বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান ডিনো মরিয়া। এরপর ‘আকসার’, ‘দাস কাহানিয়া’, ‘ইশক হ্যা তুমসে’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ডিনোকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরে মুক্তি পাওয়া ‘মেরি হাসব্যান্ড কি বিবি’ সিনেমায়।

‘তাণ্ডব’-এ থাকছেন না নিশো!

আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ নিয়ে ইতিমধ্যে তুমুল হৈচৈ শুরু হয়ে গেছে। সিনেমাটির পোস্টার, টিজার নিয়ে চলছে আলোচনা। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের।

এরই মধ্যে গুঞ্জন চাউর হয় যে, ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিতে পারেন শরিফুল রাজ।
এ ছাড়া এ তালিকায় নাম উঠে এসেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরীরও। তবে এদের কেউই সিনেমাটিতে থাকছেন না বলে জানা গেছে।

সিনেমাটির ফোরকাস্ট উন্মুক্ত হবার পর কেউ কেউ বলছিলেন, এতে অদৃশ্যভাবে আফরান নিশোর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এসব গুঞ্জন যখন চাউর হয়ে উঠতে শুরু করে তখন (গত বৃহস্পতিবার) পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন, না, ধুর।
আজাইরা মানুষজন এগুলো ছড়াচ্ছে।

এদিকে জানা গেছে, তারা কেউ না থাকলেও ‘তাণ্ডব’-এ ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। ইতিমধ্যে এই অংশের শুটিং শেষও হয়েছে।

দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।
সিনেমাটিতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর ছাড়া আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, এফএস নাঈম, ডা: এজাজ, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ। সব কাজ শেষ করে চলতি সপ্তাহেই তাণ্ডব সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলেও জানা গেছে। এরপর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তাণ্ডব’।

ঈদে আসছেন বুবলীও

সময় যত ঘনিয়ে আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমার তালিকা যেন ততই বাড়ছে। এখন পর্যন্ত সেই তালিকায় রয়েছে ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘এশা মার্ডার’, ‘টগর’, ‘উৎসব’, ‘নাদান’, ‘গোয়ার’। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো ‘সরদার বাড়ির খেলা’।

এক ফেসবুক পোস্টে সিনেমাটির পোস্টার শেয়ার করার মাধ্যমে খবরটি জানিয়েছেন সিনেমাটির নায়িকা শবনম বুবলী।
জানান দিলেন ঈদুল আজহায় তিনিও আসছেন। অনন জামানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশানকে।

ছবির পোস্টারে বুবলীকে দেখা গেছে ভিন্ন একটি লুকে।
যেখানে বুবলীকে এক পোড় খাওয়া নারীর বেশে দেখা যাচ্ছে। তার চোখে করুণ চাহনি, এলোমেলো চুল আর কপালে চিন্তার ভাঁজ। এরই মধ্যে ভক্তরা বুবলীর এই লুকটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা।
তিনটি সিনেমা সেভাবে ব্যবসা না করলেও বাকি তিনটি দারুণ প্রশংসিত হয়।

‘হানড্রেড পার্সেন্ট দেশি’ নাচে ঝড় তুললেন পূজা

আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো ইতিমধ্যেই জোর প্রচারণা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘টগর’ সিনেমার প্রথম গান ‘হানড্রেড পার্সেন্ট দেশি’।

রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এই গানটিতে রয়েছে দেশীয় উৎসবের রং ও প্রাণ। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ।
গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

ভিডিওতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফরম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

পূজা চেরী বলেন, ‘হানড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ।
গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’

এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরী।

ভারতে করোনা ভাইরাস: সারা দেশে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

নতুন করে করোনা ভাইরাস দেখা দিয়েছে ভারতে। দেশজুড়ে এই ভাইরাসে এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০০ জনেরও বেশি।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সারা দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১,০০৯ জন। রাজধানী দিল্লিতে কমপক্ষে ১০৪ জন রোগী পাওয়া গেছে। যার মধ্যে ৯৯ জন গত সপ্তাহে আক্রান্ত হন।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলাকারী রাজ্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে কেরালা। রাজ্যটিতে ৪৩০ জনের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। এরপরই রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্ত ২০৯ জন।

দিল্লি তৃতীয় স্থানে রয়েছে। গুজরাটে এই সংখ্যা ৮৩, কর্ণাটকে ৪৭, উত্তরপ্রদেশে ১৫টি এবং পশ্চিমবঙ্গে ১২ জন রোগীকে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এদিকে, কোভিডের কারণে মহারাষ্ট্রে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছে।

আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।

২০২০ সালে দেখা দেয়া করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে।