শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

নিউজিল্যান্ডকে প্রথম বৈশ্বিক শিরোপা জেতানো কোচ আর নেই

নিউজিল্যান্ডের সাবেক জাতীয় দলের কোচ ডেভিড ট্রিস্ট আর নেই। ৭৭ বছর বয়সে ক্রাইস্টচার্চে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ট্রিস্ট ২০০০ সালে নিউজিল্যান্ডকে প্রথম আন্তর্জাতিক ট্রফি –আইসিসি নকআউট (বর্তমান চ্যাম্পিয়নস ট্রফি) জেতান।

ডেভিড ট্রিস্ট ক্যান্টারবারি দলের হয়ে ১৪ বছর পেস বোলার হিসেবে খেলেন।
কোচিং জীবনে তিনি দক্ষিণ আফ্রিকা, হংকং, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড দলের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি নিউজিল্যান্ডের প্রধান কোচ হন এবং মাত্র দুই বছরের মেয়াদেই দলকে প্রথম আন্তর্জাতিক ট্রফি এনে দেন।

ট্রিস্টের কোচিংয়ের সময় জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় নিউজিল্যান্ড। নাইরোবির সেই ফাইনালে ক্রিস কেয়ার্নসের অপরাজিত সেঞ্চুরিতেভারতকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
ট্রিস্ট এই জয়কে নিউজিল্যান্ড ক্রিকেটের মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ক্রিস কেয়ার্নসের ইনিংসটি ছিল অসাধারণ। এটি নিউজিল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিল।’

ডেভিড ট্রিস্ট পরবর্তীতে কোচিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ওল্ড কলেজিয়ানস ক্রিকেট ক্লাবে এবং ভারত ও ইংল্যান্ডে বিভিন্ন কোচিং কার্যক্রমে যুক্ত ছিলেন।

স্ট্রিটের মৃত্যুতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) শোক প্রকাশ করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শান্তিরক্ষীরা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমাদের শান্তিরক্ষীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত। শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং জাতিসংঘ মিশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কূটনীতিক এবং বিদেশি বন্ধুদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দেওয়া অব্যাহত রাখবে বাংলাদেশ।
আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের সাংবিধানিক নীতির ওপর নিহিত। আমরা সব সময় বিশ্ব শান্তির পক্ষে থাকব। অনুষ্ঠানে তিনি বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গিয়ে প্রাণ হারানো ১৬৮ জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

সাম্প্রতিক অর্জনের মধ্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশি একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট আর্ন রোলে কঙ্গো মিশনে মোতায়েন রয়েছে।
এ ছাড়াও সম্প্রতি পেরুবিয়ান আর্মিকে নিজেদের প্রযুক্তিতে তৈরি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসেবে হস্তান্তরের বিষয়টি।

তিনি বলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

সেনাপ্রধান বলেন, এই ক্লিনিকটি যেদিন উদ্বোধন হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণ এবং মাননীয় রাষ্ট্রপতি আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন।

ইসরায়েলে ৯০ হাজার টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মোট ৯০ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ইসরায়েলে ৯৪০টি জাহাজ ও বিমানবোঝাই করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যে মোট ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পৌঁছেছে।
এর মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম। গত মঙ্গলবার অস্ত্রবাহী ৮০০তম বিমান ইসরায়েলে অবতরণ করে।

এদিকে অবরুদ্ধ উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দেশটির সেনাবাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে।
এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ২৪৯ জন হলো।

যুক্তরাষ্ট্র থেকে ১০৮০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা প্রায় ১০৮০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন। সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি।

ট্রাম্পের কঠোর পদক্ষেপে শুরুর দিকে কয়েক দফা হাতকড়া ও পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এতে তখন দেশটির পার্লামেন্টসহ নেটিজেনদের মধ্যে চলে তুমুল বিতর্ক।

তবে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, অবৈধ অভিবাসন সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে ভারত।

রণধীর বলেন, ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অথবা অবৈধ উপায়ে সেখানে প্রবেশ করা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার থেকে তাদের বিস্তারিত তথ্য পাওয়ার পর আমরা তাদের ফিরিয়ে আনি।’

তিনি আরো জানান, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে প্রায় ১০৮০ জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে প্রায় ৬২ শতাংশই বাণিজ্যিক ফ্লাইটে ফিরেছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ঘিরে চলমান বিতর্ক নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেছেন জয়সওয়াল।

তিনি জানান, বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত এবং যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ও এক্সচেঞ্জ ভিসা প্রার্থীদের জন্য নতুন নির্দেশিকা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘বিদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণ ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’

জয়সওয়াল বলেন, ‘যদিও ভিসা প্রদান একটি সার্বভৌম বিষয়, তবুও আমরা আশা করি, ভারতীয় শিক্ষার্থীদের আবেদন মেধার ভিত্তিতে বিবেচিত হবে এবং তারা সময়মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারবে।’

শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া অবশেষে ফিরছেন তার শৈশবের ক্লাবক্লাব রোসারিও সেন্ট্রালে। বৃহস্পতিবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

রোসারিও সেন্ট্রাল তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘আমাদের গল্পে এখনো অনেক কিছু বাকি। স্বাগতম বাড়িতে!’

ডি মারিয়া ২০০৫ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন।
এরপর ইউরোপে পাড়ি জমিয়ে খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসে। ইউরোপে তিনি ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট ৩০টি ট্রফি—যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, তিনটি ভিন্ন দেশের লিগ শিরোপা এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা।

গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রোসারিওতে ফেরার খুব কাছাকাছি পৌঁছেও ড্রাগ-সংশ্লিষ্ট সহিংসতা ও হুমকির কারণে সিদ্ধান্ত বদলাতে হয় তাকে। ডি মারিয়া তখন বলেন, ‘আমার বোনের দোকানে একটি বাক্স পাঠানো হয়েছিল, যার ভিতরে ছিল একটি শূকরের মাথা, কপালে গুলি ও একটি নোট — যাতে লেখা ছিল, আমি যদি রোসারিওতে ফিরে আসি, তবে পরবর্তী মাথা হবে আমার মেয়ে পিয়ার।
সেই মাসগুলো ছিল দুঃস্বপ্নের মতো। প্রতিরাতে শুধু বসে কাঁদতাম, কারণ স্বপ্নপূরণ সম্ভব হচ্ছিল না।’

এক বছর পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় তিনি অবশেষে ফিরে আসছেন তার প্রথম প্রেম—রোসারিও সেন্ট্রালে। বর্তমানে বেনফিকায় খেলা এই উইঙ্গার ক্লাবটি ছাড়বেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপ শেষেই।

শতক ছাড়াই ৪০০! আরো যেসব কীর্তি গড়ল ইংল্যান্ড

বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছে ইংল্যান্ড। যা হয়ে উঠেছে নতুন রেকর্ড। কোনো ব্যাটসম্যানের শতক ছাড়াই এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ দলগত স্কোর।

এর আগে, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করে শতকবিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল।
এবার সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। দলের চার ব্যাটসম্যান—বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল—অর্ধশতক হাঁকান। এর মধ্যে বেথেল ৫৩ বলে ৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক।

একই ইনিংসে ইংল্যান্ডের শীর্ষ সাত ব্যাটসম্যানই ৩০ বা তার বেশি রান করেন, যা ওডিআই ইতিহাসে প্রথম।
৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৪০০। যা এজবাস্টনে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৯ উইকেটে ৪০৮ রানের পর এটিই এই মাঠের সর্বোচ্চ রানের ইনিংস।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে গুটিয়ে গেলে ২৩৮ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড।
যা রানের হিসাবে ওয়ানডে তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এগারো নম্বরে নামা জেডেন সিলস। ব্রুক নিজে ধরেছেন পাঁচটি ক্যাচ। ওয়ানডেতে জন্টি রোডসের সমান এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচের রেকর্ড (উইকেটকিপার বাদে) এখন ব্রুকেরও।

বাংলাদেশকে ১ বিলিয়নের বেশি বাজেট সহায়তা দিল জাপান

বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে; যার অধীনে টোকিও ঢাকা সরকারকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে। এই সহায়তা বাজেট, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তির অনুদানের জন্য ব্যবহার করা হবে।

এই মোট অর্থের মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করা হবে ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়া ৬৪১ মিলিয়ন ডলার ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য।
আরো ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য।

এটি জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে চার দিনের সরকারি সফরে জাপানের টোকিওতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেবেন নেইমার

ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ শেষ দিকে আসলে নানা রকমের গুঞ্জন ভেসে বেড়ায় বাতাসে। অমুক খেলোয়াড় তমুক ক্লাবে যাচ্ছেন—এ রকম কিছু। অনেকের আবার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কিছুই জানা যায় না।

নেইমার হচ্ছেন শেষ তালিকার।
শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ এক মাস পরই। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। থাকবেন নাকি চলে যাবেন, তা নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নন তিনি।
প্রশ্ন করা হলেই একই উত্তর দেন প্রতিবারই।

এবারও তার ব্যতিক্রম হলো না। আগামী ১২ জুনের পরই নিজের ভবিষ্যৎ ঠিক করবেন বলে জানিয়েছেন নেইমার। সঙ্গে আবারো স্মরণ করে দিয়েছেন যতবারই জানতে চাওয়া হবে ততবারই একই উত্তর দেবেন তিনি।
পাঁচ মাসের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাবে আসা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি এখনো জানি না। এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। ইতিমধ্যে বলেছি যে আমি জানি না। এর কারণ আমি এখনো চিন্তা করছি।’

গতকাল প্রীতি ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-১ গোলে হারার পর এমনটি জানিয়েছেন নেইমার।
ভবিষ্যৎ নিয়ে আগামী ১২ জুনের পর ভাববেন জানিয়ে তিনি বলেছেন, ‘তিন দিনের ব্যবধানে আবার জিজ্ঞেস করার কোনো মানে নেই, কেননা উত্তর একই থাকবে। ১২ জুনের পরেই সিদ্ধান্ত নেব।’

ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ১২ জুন থেকে এক মাস ব্রাজিলের শীর্ষ লিগ বন্ধ থাকবে। এ সময়ই নেইমার সিদ্ধান্ত নেবেন প্রিয় ক্লাবে থাকবেন না ছেড়ে যাবেন। তবে শোনা যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে চায় সান্তোস।

প্রধান উপদেষ্টা একটি দলের কথামতো সিদ্ধান্ত নিতে পারেন না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি দলের কথামতো সিদ্ধান্ত নিতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারেক রহমান হচ্ছেন ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন।
নির্বাচনের সময়সীমা নিয়ে সরকাকে জোর করা হলে এ ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকবে না।’

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে লালমরিহাটের হাতীবান্ধা মেডিক্যাল মোড়ে এনসিপি আয়োজিত পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ের পথসভায় বক্তব্য রাখেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘আমরা এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের জায়গা থেকে মনে করি ড. ইউনূস অভ্যুত্থান-পরবর্তী সময়ে সুষ্ঠু ও স্বচ্ছ একটি নির্বাচনের ক্ষেত্রে আপস করবেন না।
’

তিনি বলেন, ‘আমরা মনে করি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সামগ্রিক বিবেচনায় এবং এই নির্বাচন কমিশনের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না এসব ভেবে, ততক্ষণ পর্যন্ত টাইম ফ্রেম নিয়ে যদি সরকারকে জোড়াজুড়ি করা হয়—এতে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো সমর্থন থাকবে না।’

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণা করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে মো. মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ি কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন।

বিদায়ি অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ তাঁর বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সব সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

মো. মতিউর রহমান শেখ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খাগড়াছড়ি, রাজবাড়ী, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত আইজি হিসেবে সিআইডি প্রধান ছিলেন।
সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন।