বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ঈদের দিনেও ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

পবিত্র ঈদুল আজহার দিনেও গাজা জুড়ে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। ঈদের দিন দফায় দফায় ইসরায়েলের হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ১৬ জনের মরদেহ আনা হয়। উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আনা হয় আরো ১৬ জনের মরদেহ।
এছাড়া দেইর এল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয় ৫ জনের মরদেহ।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার (০৬ জুন) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে সেনাবাহিনী প্রধান বলেন, ‘আনন্দঘন ও মহিমান্বিত এই দিন উপলক্ষ্যে আমি দেশে ও বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে জানাই আমার আন্তরিক ঈদ মোবারক।’

সেনা প্রধান বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সেইসব বীর সেনানীদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা।
আমি আরও স্মরণ করছি তাদের, যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। আজকের এই মহান দিনে আমি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, আনন্দঘন এই দিনে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যের প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন তাদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামরিক জীবন উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ মহান রাব্বুল আলামিনের নিকট এই কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন।

১৪২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। বর্তমানে প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী। নয়নতারা গত কয়েক বছর খুব বেশি সিনেমায় অভিনয় করেননি; যা করেছেন তা-ও বেছে বেছে। এবার প্রায় দেড় শ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এই অভিনেত্রী।
যা নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে।

জানা গেছে, নয়নতারা যে অভিনেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তার নাম সারাভানান। সারাভানান স্টোরসের মালিক তিনি। ২০২২ সালে, ‘দ্য লিজেন্ড’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন সারভানান।
এটি বড় বাজেটের সিনেমা ছিল। এতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয় করেন। সিনেমাটিতে ঝলমলে দৃশ্য যেমন ছিল, তেমনি ছিল তারকাবহুল। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি মুখ থুবড়ে পড়ে।

সারাভানান আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নয়নতারার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আলাপচারিতায় সারভানান জানান, যত টাকা লাগে নেন। ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৫৩ লাখ টাকার বেশি) দিতেও রাজি আছি। কিন্তু নয়নতারা স্পষ্টভাবে ‘না’ বলে দেন।

চলচ্চিত্রের কাজ হাতে নেওয়ার সময়ে শক্তিশালী গল্প ও গুণী পরিচালক কি না, তা নিশ্চিত করেন নয়নতারা। শুধু অর্থ নয়, অর্থপূর্ণ কাজে বিশ্বাসী তিনি। সারাভানানের কাছে টাকা ছিল, তবু তিনি মনে করেননি সিনেমাটি তার জন্য সঠিক।

কিছুটা বিরতি নিয়ে আটটি সিনেমার কাজ হাতে নিয়েছেন নয়নতারা। এর মধ্যে তামিল-মালায়ালাম ভাষার দুটো সিনেমার কাজ শেষ করেছেন। ‘মেগা ১৫৭’, ‘হিট’, ‘টক্সিক’সহ ছয়টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

২০০৫ সালে ‘আয়া’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নয়নতারার। একই বছর নয়নতারা ৬টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে অন্যতম ‘গজনি’। ২০০৮ সালে এ সিনেমার রিমেক হয় বলিউডে। তাতে দেখা যায় আমির খানকে। ২০০৬ সালে ‘লক্ষ্মী’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন নয়নতারা। এ বছরও তাকে মোট ৬টি সিনেমায় দেখা যায়।

২০১০ সালে ‘সুপার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। তবে বলিউডে অনেকবার কাজের প্রস্তাব পেয়েও তা প্রত্যাখান করেন নয়নতারা। সর্বশেষ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টেস্ট’। গত ৪ এপ্রিল মুক্তি পায় এটি।

ঈদ আমাদের জীবনে সার্বিক কল্যাণ নিয়ে আসুক : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ঈদ আমাদের জীবনে সার্বিক কল্যাণ নিয়ে আসুক।’ শুক্রবার (৬ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ঈদ আমাদের জীবনে সার্বিক কল্যাণ নিয়ে আসুক। মানসিক সংকীর্ণতা, জড়া ও কুরিপুর বিসর্জনের মধ্য দিয়ে স্তব্ধ, নিরাসক্ত ও পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরার উপলক্ষ হোক আমাদের এই কোরবানি।

ভিডিও বার্তার শেষে তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল সকাল ৯টায় আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবীদ্বার নিউ মার্কেটে পশু কোরবানি করব।’

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি (NCP) দেবীদ্বার; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাই-বোনদের আত্মত্যাগ। এই পবিত্র কোরবানির ঈদে NCP পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরো একটি বিশেষ মুহূর্তে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

আসন্ন কোরবানি ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৬ জুন) সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছেন।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক লি. পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানির গরুর দাম কত, জানালেন নিজেই

পবিত্র ঈদুল আজহায় অন্য সবার মতো নিজেও কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, ‘তা-ও আবার পুরোডা আমার নিজের না।
ভাগ আছে।’

এ সময় যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘দু-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়। সময়মতো লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট।
দু-একটি লঞ্চ বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। গেল ৫ দিনে ৮২৪টি লঞ্চ ঘাট ছেড়েছে। লঞ্চে দক্ষিণাঞ্চলের ৮ লাখ যাত্রী ঘরে ফিরেছে।’

‘চড়কাণ্ড’ ফাঁসের অভিযোগ নিয়ে যা বললেন তামিম

তামিম ইকবালের বিরুদ্ধে দলের ভেতরের খবর ফাঁস করার অভিযোগ করেছেন সাকিব আল হাসান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটি গঠন করলে সেই কমিটির কাছেই সাবেক সতীর্থর বিরুদ্ধে সন্দেহের আঙুল তোলেন বাঁহাতি অলরাউন্ডার।

গতকাল এই সংবাদ কালের কণ্ঠে প্রকাশিত হলে তা নিয়ে হইচই শুরু হয়। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই আজ সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তামিম।
তার পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো :

‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না!

যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।

আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।

যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল।
একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি।

শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!
কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন।

এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদের আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

সে সময় তদন্ত কমিটিকে সাকিব জানান, দলের ভেতরের খবর ফাঁস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম।
সেই বিশ্বকাপেই নাসুম আহমেদকে নাকি চন্দিকা হাতুরাসিংহে চড় মেরেছেন—এমন অভিযোগের বিষয়টিও তামিম বাইরে ফাঁস করেছেন বলে সাবেক সতীর্থর দিকে সন্দেহের আঙুল তুলেন সাকিব। শুধু তামিম নন, এই ঘটনা ফাঁসে তখনকার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসও জড়িত ছিলেন বলে জানান বাংলাদেশি অলরাউন্ডার। দুজনই হাতুরাসিংহেকে বরখাস্ত করার উদ্দেশ্যেই তথ্য ফাঁস করেছেন বলে জানান সাকিব।

লিচুর বাগান-এর ভিউ আমাদের বড় স্বপ্ন দেখাচ্ছে

ছোটপর্দার অভিনেত্রী থেকে সিনেমার নায়িকা-সাবিলা নূরের এই পরিবর্তনকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন, অনেকেই মুগ্ধতা প্রকাশ করছেন, সমালোচনা রয়েছে অবশ্য।

তাণ্ডব চলচ্চিত্রের আইটেম গান ‘লিচুর বাগানে’ প্রকাশের পর সাবিলার পারফরম্যান্স অনেক আলোচনার জন্ম দিয়েছে। মানুষ কথা বলছে সাবিলাকে নিয়ে। দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘লিচুর বাগানে’, যার আবহ সংগীতে কণ্ঠ রয়েছে প্রীতম হাসান-জেফার রহমানের।
ফোক-ফিউশন ধাঁচের এই গানটিতে মজে উঠেছেন শ্রোতারাও।

সাবিলা নূর বলছেন, আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই ‘লিচুর বাগানে’। মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান, জেফার রহমান কী দুর্দান্ত গেয়েছেন সবাই! সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন।

শাকিব খানের প্রশংসা করে অভিনেত্রী লিখেছেন, ‘শাকিব খান মেগাস্টার, আইকন, সিম্পলি দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি ফর টোয়েন্টি সিক্স ইয়ারস।
তার সঙ্গে কাজ করা একদিকে যেমন ছিল রোমাঞ্চকর, একই সঙ্গে ছিল ভয়ের ব্যাপারও। কিন্তু যখন আসলেই কাজ শুরু করলাম, সবকিছু কেমন অদ্ভুতভাবে সহজ হয়ে গেল।’

সাবিলা নূরের কথায়, ‘দর্শক আমাদের গানটি পছন্দ করেছেন। গানটি ইউটিউবে দেখছেন, টিকটকে ডান্স কাভার করছেন, গুনগুন করে গাইছেন।
আমি কৃতজ্ঞ যে এই গানের মাধ্যমে আমরা আমাদের দর্শকের সঙ্গে এক টুকরা মিষ্টি অনুভূতি ভাগ করে নিতে পেরেছি। আমি দেখেছি, মানুষ কীভাবে লিচুর মৌসুমের জন্য অপেক্ষা করে, কীভাবে একসঙ্গে বসে লিচু খায়, গল্প করে। এখন কিন্তু লিচু খেতে খেতে ‘লিচুর বাগানে’ গানটি উপভোগ করে, সুরের ঢেউয়ে পা ছন্দে ছন্দে মেলালে মন্দ হবে না।’

অভিনেত্রী বলেন, ‘বুঝতেই পারিনি, এটা ছিল আমাদের প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা। আর ‘লিচুর বাগানে’ গানে একসঙ্গে নাচতে পেরে তো পুরো অভিজ্ঞতা আরও মিষ্টি হয়ে উঠল।
এর জন্য পরিচালক রায়হান রাফী এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ।’

এই অভিনেত্রী বলেন, ‘আমাদের জন্য সুসংবাদ, প্রথম ২৪ ঘণ্টায় ‘লিচুর বাগান’এর ভিউ আমাদের আরও বড় স্বপ্ন দেখাচ্ছে। এই নতুন রূপে দর্শকেরা আমাকে নেবেন কি না, ভীষণ একটা চিন্তায় ছিলাম, দর্শক থেকে শুরু করে বাংলাদেশের তারকারা আমার এই নতুন ধরনের পারফরম্যান্সকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। এখন আমি অনেকটাই নির্ভার।’

শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে কোরবানি করবো: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আগামীকাল সকাল ৯টায়, আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।’

আজ শুক্রবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি (NCP) দেবিদ্বার ; আমরা ভুলিনি আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত ভাইবোনদের আত্মত্যাগ। এই পবিত্র কুরবানির ঈদে NCP পরিবার এবার তাদের পাশে দাঁড়াতে চায় আরও একটি বিশেষ মুহূর্তে।
আগামীকাল সকাল ৯টায়, আমরা শহীদ ও আহত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে দেবিদ্বার নিউমার্কেটে পশু কোরবানি করবো।

তিনি আরো লিখেছেন, ‘সংযুক্তি, এ উদ্যোগে আমরা কমিটির সদস্যদের বাইরে কারো কাছ থেকেই অর্থ সহায়তা নেইনি। কমিটির সদস্যদের অর্থায়নেই এই উপহার।’

ঈদুল আজহার আগমুহূর্তে বৈরুতে ইসরাইলের সিরিজ বোমা হামলা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৫ জুন) ঈদুল আজহা উদযাপনের কয়েক ঘণ্টা আগে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার আগে বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি থাকা এলাকার বেশ কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন উৎপাদনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় ১০০টি আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে।

আল জাজিরা বলছে, গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এ নিয়ে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে নেতানিয়াহু বাহিনী প্রায়ই হামলা চালায়।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লেখেছেন, আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি সংগঠিত এবং ইচ্ছাকৃত আক্রমণ। বিশেষ করে ছুটির দিন এবং পর্যটন মৌসুমের সময়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাগুলোকে আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন, এটি একটি পবিত্র ধর্মীয় উৎসবের আগমুহূর্তে ঘটেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর ড্রোনের ব্যাপক ব্যবহার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল। হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।