বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

এবারও চামড়ার কাঙ্ক্ষিত দাম মেলেনি

কোরবানির গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গতবারের চেয়ে এবার ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করে সরকার। তবে সেই দরে চামড়া বিক্রি হচ্ছে না। চামড়ার দাম বাড়িয়ে দিলেও কাঙ্ক্ষিত দাম মেলেনি। এতে গরিব, অসহায় ও মিসকিনরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজধানীতে চামড়ার দাম প্রতি ফুটে ৫ থেকে ১০ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও চামড়া বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দাম আরও কম পড়েছে।

রাজধানীতে লবণ ছাড়া বড় এবং মাঝারি আকারের গরুর কাঁচা চামড়া ৬০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হয়েছে।
আর যেসব গরুর চামড়া আকারে তুলনামূলক ছোট এবং মান কিছুটা খারাপ, সেগুলোর দাম ছিল ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। ঢাকার বাইরের বাজারে চামড়ার দাম আরো কম।

সংশ্লিষ্টরা বলছেন, কোরবানি গরুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব, অসহায় ও মিসকিনদের সাহায্য করার জন্য দেওয়া হয়। চামড়ার দাম যত কম হয়, ততই এ টাকা থেকে গরিবদের সাহায্য কম পৌঁছায় এবং তারা বঞ্চিত হয়।

চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানি দাতাদের থেকে তারা সর্বোচ্চ ৫০০ থেকে ৭৫০ টাকায় গরুর চামড়া কিনেছেন এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন ৬০০ থেকে ৯০০ টাকায়। প্রতিবারই ট্যানারি মালিকরা চামড়ার দাম দিতে অনাগ্রহ দেখায়। এতে আমাদের মধ্যেও দাম দিয়ে চামড়া কেনার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর এক চামড়া ব্যবসায়ী বলেন, ঢাকায় ভালো মানের চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ ৮০০ থেকে ৮২০ টাকা। এর ওপরে কোনোভাবেই চামড়া বিক্রি করা যায়নি।
কোরবানি দাতাদের থেকে ৭৫০ টাকায় চামড়া সংগ্রহ করে রীতিমতো বিপদে পড়তে হয়েছে বলে জানান তিনি।

বাড্ডার এক চামড়া ব্যবসায়ী বলেন, কাঁচা চামড়ার চাহিদা এবারও তলানিতে। ভালো দামে চামড়া বিক্রি করতে পারিনি। একটি ভ্যান আর দুইজন লেবার নিয়ে যে খরচ হয়েছে তার তুলনায় মুনাফা হয়নি বললেই চলে।

ট্যানারি পরিচালক ও এজেন্টরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় লবণ দেওয়া প্রস্তুতকৃত চামড়ার দাম নির্ধারণ করেছে। অনেক ক্ষেত্রে ট্যানারি থেকে কাঁচা চামড়া কেনায় দাম কম পড়েছে। তবে ৭০০ থেকে ৯০০ টাকায় সব চামড়া কেনা হয়েছে; এমন তথ্য ভুল দাবি করেছেন তারা। অনেক ভালো মানের চামড়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়ও কেনা হয়েছে বলে জানান ট্যানারি সংশ্লিষ্টরা।

এদিকে গতবারের মতো এবারও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে।

চামড়ার আড়তদার ও ট্যানারি ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে ৮০-৮৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ট্যানারিগুলোর পক্ষ থেকে। ঈদের দিন কাঁচা চামড়া আসার হারও সন্তোষজনক। এ ছাড়া চামড়ার বাজারও এবার তুলনামূলক ভালো। বিগত কয়েক বছরের মতো এবার চামড়ার মূল্য না পেয়ে নষ্ট করেননি মৌসুমি ব্যবসায়ীরা।

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন পর্তুগাল

২–২ গোলে সমতায় থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর কোনো গোল না হওয়ায় ফলাফল পেতে যেতে হয় টাইব্রেকারে। সেখানেই জয়ের স্বাদ পায় পর্তুগাল। টাইব্রেকারে ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল দলটি।
২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।

খেলার শুরুতে মার্তিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল।
৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার এটি ১৩৮তম গোল। মেন্দেসের ক্রস একজনের পায়ে লাগলে পেয়ে যান পর্তুগিজ অধিনায়ক। সহজ সুযোগ কাজে লাগান তিনি।

আট মিনিট পর পেদ্রির কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি উইলিয়ামস।

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন ইসকো। তবে ৮৩তম মিনিটে তার গতিময় শট ঝাপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক।

৮৭তম মিনিটে হুট করে মাঝমাঠে বসে পড়েন রোনালদো। ইশারায় জানিয়ে দেন তার পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
পরের মিনিটে মাঠ ছাড়েন অধিনায়ক, বদলি নামেন গন্সালো রামোস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের্নান্দেসের দারুণ ফ্রি কিক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। রোনালদোর গোলের পর লম্বা সময়ের মধ্যে এটাই ছিল গোলের জন্য পর্তুগালের প্রথম শট।

অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে যেতে পারত রোনালদো। নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি মেন্দেস। নষ্ট হয় সুবর্ণ সুযোগ।

শুরুতে বেশ কিছুক্ষণ পর্তুগিজদের আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণে যায় স্পেন। তৈরি করে বেশ কিছু সুযোগ। কিন্তু জালের দেখা পায়নি তারা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এ ছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন।’

এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

দীর্ঘস্থায়ী ফাইনালের রেকর্ড, শিরোপা ধরে রাখলেন আলকারাজ

কার্লোস আলকারাজের যেন আজ কৈ মাছের প্রাণ ছিল। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সহজেই হার মানবেন না। শেষে অবশ্য হারও মানেননি তিনি। ইয়ানিক সিনারের বিপক্ষে ৫ ঘণ্টা ২৯ মিনিটের দীর্ঘ এক ম্যারাথন লড়ে ইতিহাসই গড়েছেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল। তাতে ফ্রেঞ্চ ওপেনের তো অবশ্যই, নিঃসন্দেহে গ্র্যান্ড স্লামেরও অন্যতম গ্রেটেস্ট ম্যাচ উপহার দিয়েছেন আলকারাজ ও সিনার।

পূর্বের রেকর্ড ছিল ৪ ঘণ্টা ৪২ মিনিটের। ১৯৮২ সালে দীর্ঘতম ফাইনালে আর্জেন্টিনার গুইলার্মো ভিলাসকে ১-৬, ৭-৬ (৬), ৬-০, ৬-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন সুইজারল্যান্ডের ম্যাটস ইউল্যান্ডার।
৭ গ্র্যান্ড স্লামজয়ী ইউল্যান্ডের বয়স তখন ছিল মাত্র ১৭ বছর।

রোলাঁ গ্যারোর ফাইনালে আজ চতুর্থ সেটে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সুযোগ পেয়েছিলেন সিনার। তবে ‘মৃত্যুর দুয়ারে’ দাঁড়িয়েও মনোবল হারাননি আলকারাজ।

নিজে স্প্যানিশ হওয়ায় কামব্যাক যেন তার রক্তেই মিশে ছিল।
প্রথম দুই সেট হেরে গিয়ে খাদের কিনারায় ছিলেন আলকারাজ। তৃতীয় সেটে আবার ফাইনাল হারার সেই শঙ্কা। সেই সেট জিতে প্রতিপক্ষকে চতুর্থ সেট খেলতে বাধ্য করলেন। কিন্তু চতুর্থ সেটে সিনারের সেই তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সুযোগ আলকারাজের জন্য বিভীষিকাময় হয়ে দাঁড়ায়।

তবে ‘মৃত্যুকে’ ঠিকই জয় করলেন।
পরে টাইব্রেকারে চতুর্থ সেটটিও জিতে নেন তিনি। এবং ম্যাচকে নিয়ে যান ফাইনাল সেটে।

শুরুতে ড্রপ শটে নিজে ধরা খেলেও শেষদিকে এই শটেই বাজিমাত করেছেন আলকারাজ। এর কারণ হতে পারে দুর্দান্ত স্ট্যামিনার অধিকারী সিনারের গতি শেষ দিকে কমে আসা। সেই সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত কিছু ড্রপ শটে পয়েন্ট নেওয়ার সঙ্গে আত্মবিশ্বাসটাও খুঁজে পান আলকারাজ। আর সেই আত্মবিশ্বাসেই রোলা গ্যারোর শিরোপা নিজের কাছেই রেখে দেন স্প্যানিশ তারকা। গত বারের চ্যাম্পিয়নও ছিলেন ২২ বছর বয়সী তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়নকে হারিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।

ক্লে কোর্টের ফাইনালে ৪-৬, ৬-৭, (৪-৭), ৬-৪, (৭-৪) ৭-৬ (১০-২) গেমে জেতাটা সহজ ছিল না আলকারাজের জন্য। স্কোরকার্ডই তার প্রমাণ। শেষ দুই সেট টাইব্রেকারে জেতা তো আর মুখের কথা নয়। সেটিও প্রথম দুই সেটে পিছিয়ে পড়ে। এটা শুধু সম্ভব হয়েছে আলকারাজের দৃঢ় মানসিকতার কারণে। তাই চ্যাম্পিয়নশিপ পয়েন্টটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই দীর্ঘ সময়ে নিস্তেজ হওয়া শরীরটাকে মাটিতে ছেড়ে দিলেন।

অন্যদিকে সকল হতাশা গ্রাস যেন করেছে সিনারকে। এ নিয়ে টানা আটবার এটিপির ফাইনালে ওঠেছিলেন ইতালিয়ান তারকা। তার মধ্যে যে তিনবার হারলেন সবগুলোই আলকারাজের কাছেই।

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার বিষয়টি রবিবার (৮ জুন) প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুন ২০২৫ খ্রি., সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গত বছরের চেয়ে চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

গত বছরের চেয়ে তুলনামুলক এবার কাঁচা চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বেশি। আধা পচা চামড়ার দাম কম হবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল ও মেইনস্ট্রিম মিডিয়ায় চামড়ার দাম নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

রবিবার (৮ জুন) রাত ৮টার দিকে পুরান ঢাকার পোস্তগোলা এলাকায় ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘লবণবিহীন চামড়া কম নেওয়া হয়েছে। লবণযুক্ত চামড়া উপযুক্ত দাম দিয়ে কেনা হয়েছে।’

এ বছর কোরবানি ঈদের সময় রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০-৬৫ টাকা আর ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করেছে সরকার।
কিন্তু মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা।

ঈদের দিন শনিবার রাজধানীর লালবাগের পোস্তায় প্রতিটি গরুর চামড়া আকারভেদে ৪০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। আর খাসির চামড়া বিক্রি হয়েছে প্রতিটি ১০ টাকায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, এ চামড়ার দাম গত বছর আরো বেশি ছিল।
এ জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দায়ী করছেন তারা।

রাজধানীর বাইরের চিত্রও ছিল অনেকটা একই রকম। এ দিন বিভিন্ন জেলায় গরুর চামড়া বেচাকেনা হয়েছে ৩০০ টাকা থেকে ৭০০ টাকায়। আর ছাগলের চামড়া আকারভেদে বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়।

রোববার ঈদের দ্বিতীয় দিন রাজধানীর পোস্তায় চামড়া বেচাকেনা নিয়ে কর্মচাঞ্চল্য ছিল তুলনামূলক কম।
এদিনও মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই আড়তদারদের সাথে বাগবিতণ্ডা জড়ান। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, ৬০০ টাকায় কেনা চামড়া ৬০০ থেকে ৭০০-এর বেশি বলছেন না আড়তদাররা।

গুম ও গণ-অভ্যুত্থানের সব শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি : আমিনুল হক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

রবিবার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর পল্লবীতে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন এবং ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন আমিনুল হক। এ সময় তিনি শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

সর্বশেষ সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দল পল্লবী থানার ৫ নং ওয়ার্ডের শ্রমিক দলের সহসভাপতি বিল্লাল গাজীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এই বিএনপির নেতা।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতা আমিনুল হক নিহত বিল্লালের ছেলের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় আমিনুল হক বলেন, ‘পতিত স্বৈরাচার কর্তৃক গুম, খুন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত হওয়া প্রতিটি শহীদ পরিবারের পাশে রয়েছে বিএনপি।’ বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি।

বিশ্বব্যাপী কমেছে খাদ্যের দাম : এফএও

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে উদ্ভিজ্জ তেল ও চিনি জাতীয় পণ্যের দাম।

শুক্রবার (৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সিনহুয়া জানায়, খাদ্যমূল্য সূচকের সবচেয়ে বড় উপাদান—শস্য ও খাদ্যশস্যের দাম মে মাসে ১.৮ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলে ভালো ভুট্টার ফলন এবং বৈশ্বিকভাবে গমের চাহিদা কমেছে।

তবে ইন্দিকা চালের চাহিদা ও মার্কিন ডলারের মূল্য পতনের কারণে চালের দাম কিছুটা বেড়েছে। তা সত্ত্বেও সামগ্রিক সূচকের ওপর তা প্রভাব ফেলেনি।

মে মাসে মাংসের দাম বেড়েছে ১.৩ শতাংশ। গরু, খাসি ও শূকরের মাংসের চাহিদা বাড়ায় এই প্রবণতা দেখা গেছে।
বিশেষ করে জার্মানিতে পা ও মুখের রোগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশটির বাজারে চাহিদা বাড়লে শূকরের মাংসের দাম বেড়ে যায়। তবে বার্ড ফ্লু সংক্রমণের শঙ্কায় মুরগির মাংসের চাহিদা কমেছে।

এদিকে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ০.৮ শতাংশ। এশিয়ার চাহিদার কারণে মাখনের দাম রেকর্ড উচ্চতায় রয়েছে, ফলে পনির ও গুঁড়া দুধের দামও বেড়েছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে উদ্ভিজ্জ তেল ও চিনির দামে।

উদ্ভিজ্জ তেলের দাম কমেছে ৩ দশমিক ৭ শতাংশ, যদিও এটি এখনো গত বছরের তুলনায় ১৯.১ শতাংশ বেশি। পাম, রেপসিড, সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম কমে গেছে—এর পেছনে উৎপাদন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে চাহিদা কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছে এফএও।

এদিকে খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পে চাহিদা কমে যাওয়ায় এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি অনিশ্চিত থাকায় চিনির দাম কমেছে ২.৬ শতাংশ। সূত্র : ইউএনবি

ডুয়া লিপাকে নিয়ে বাদশার মন্তব্য ঘিরে তুমুল আলোচনা

ভারতের জনপ্রিয় র‌্যাপার গায়ক বাদশা। গান-জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই থাকেন আলোচনায়। চার বছর আগে স্ত্রী জ্যাসমিন ম্যাসির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর বেশ কয়েকবার প্রেমের গুঞ্জনে নাম উঠে তার।
তবে এবার বিশ্বখ্যাত পপস্টার ডুয়া লিপার পোস্টে কমেন্ট করে নতুন করে আলোচনায় এ গায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডুয়া লিপার পোস্ট করা একটি ছবিতে লাভ ইমোজি দিয়ে মন্তব্য করেন বাদশা। এরপরই এক ভক্ত জানতে চান, ‘আপনি কি ডুয়া লিপার সঙ্গে কোনো গান করছেন?’ উত্তরে বাদশা লেখেন, ‘তার সঙ্গে গান নয়, বরং আমি চাই তার সন্তানের বাবা হতে।’

এমন মন্তব্যের পর থেকেই অনলাইন প্ল্যাটফর্মে ভক্তদের কৌতূহল বেড়েছে কয়েকগুণ।
যদিও এরপর আর কোনো ব্যাখ্যা দেননি বাদশা, ফলে জল্পনা আরও বাড়ছে। ডুয়া লিপা প্রসঙ্গে তার সাম্প্রতিক মন্তব্যকে কেউ কেউ ভিন্ন চোখে দেখছেন। অনেকেই মনে করছেন এটি হয়তো নতুন কোনো সংযোগের ইঙ্গিত হতে পারে। তবে অনেকেই আবার এ মন্তব্য শুধু মজার মন্তব্য হিসেবে নিচ্ছেন ।

স্ত্রী সঙ্গে বিচ্ছেদের পর পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িছেন বাদশা। গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। তবে সেই সময় গুঞ্জন প্রসঙ্গে জবাব দিয়েছিলেন বাদশা। তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে বাদশা-ইশার সম্পর্ক এখন আর গোপন নেই।

লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিক্ষোভ, সেনা মোতায়েন ট্রাম্পের

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফেডারেল এজেন্টরা কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিক্ষোভকে ‘হিংসাত্মক বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (৬ জুন) শহরের বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করে।
এরপরই শুরু হয় প্রতিবাদ। শনিবার (৭ জুন) প্যারামাউন্ট শহরের একটি শিল্প পার্কের সামনে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তাজুড়ে বিক্ষোভকারীরা জড়ো হলে দাঙ্গা পোশাক পরা সীমান্ত রক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ে। একজন বিক্ষোভকারী হাতে ধরা সাইনবোর্ডে লিখেছিলেন, ‘কোনও মানুষ অবৈধ নয়।
ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা টম হোমান জানিয়েছেন, বিক্ষোভ প্রতিরোধ করতে শনিবার রাত থেকে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হয়েছে।’

এফবিআই জানিয়েছে, শুক্রবার ও শনিবারের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে। এফবিআই-এর উপপরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা প্রমাণ যাচাই করছি এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে মার্কিন অ্যাটর্নি অফিসের সঙ্গে কাজ করছি।’

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নয়েম এক্স-এ একটি পোস্টে বলেন, ‘এলএ দাঙ্গাকারীদের বলছি—তোমরা আমাদের থামাতে পারবে না।
’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস