বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি

রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এতে আরো বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৪ জুন ২০২৫ খ্রি. শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ গণবিজ্ঞপ্তি বহাল থাকবে।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করেছে ডিএমপি।

তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি দেশে আসতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন’।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আজ বেলা ১১টার দিকে সালনা হাইওয়ে থানায় পৌঁছে প্রথমেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। পরে তিনি থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খণ্ডিতভাবে কিছু উপস্থাপন করবেন না। কারণ খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এ জন্য অনুরোধ করছি- রিপোর্ট করলে তা পুরোটা করবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিজেরা পলিথিন ব্যবহার পরিহার করবেন এবং জনমত গড়ে তুলবেন, যাতে সবাই পলিথিন বর্জনে উৎসাহিত হয়।’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে থাকে, আমরা তাকে অবশ্যই গ্রহণ করবো। তবে তা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয়রা তা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আমরা ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।’

করোনা সংক্রমণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এভাবে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।’

পরে উপদেষ্টা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তাঁর গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৯

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে প্রবল বৃষ্টি ও তুষারপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একাধিক স্কুলশিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী অস্কার মাবুইয়ানে বুধবার সকালে জানিয়েছেন, ‘প্রতি ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
’

এর আগে মথাথা শহরে গত মঙ্গলবার সকালে একটি সেতু পার হওয়ার সময় একটি বাস স্রোতে ভেসে যায়। এই ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর ও চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও চার শিশু।

স্থানীয় টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকা-কে একজন কর্মকর্তা বলেন, আটটি মরদেহ উদ্ধার হয়েছে।
তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি জানিয়েছে, মঙ্গলবার তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে মোট ১৩ জন ছিলেন, যাদের মধ্যে ১১ জনই স্কুলশিক্ষার্থী।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শোক প্রকাশ করে বলেছেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।
এই কঠিন আবহাওয়ায় সবাইকে সতর্কতা, সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানাই।’

বুধবার সকালে মুখ্যমন্ত্রী মাবুইয়ানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মথাথা শহরের উপকণ্ঠে ডেকোলিগনি গ্রামের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন।

এ সময় উদ্ধারকাজে সাহায্য করার পাশাপাশি প্রতিবেশীদের সতর্ক করায় তিনি স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন।

সরকারি তথ্যমতে, ইস্টার্ন কেপ প্রদেশে ওআর টাম্বো, আমাথোলি এবং অ্যালফ্রেড নজো জেলায় ৫৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাশের প্রদেশ কওয়াজুলু-নাটালেও ৬৮টি স্কুলের ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার থেকে ভারী তুষার, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে প্রায় ৫ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা এসকম জানিয়েছে, সংযোগ পুনরুদ্ধারে কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে দুই প্রদেশের একাধিক প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত শাসনামলে ‘চুরি’ হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে।

স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি।

কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এগুলো চুরির টাকা।

যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের ‘আইনি ও…নৈতিকভাবে’ বাধ্যবাধকতা অনুভব করা উচিত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তার সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে ‘আরো উদ্যমী’ সহায়তা বের করে আনা।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে। দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের ‘সিটি মিনিস্টারের’ পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।
তিনি কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে একটি চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তুলে ধরা ‘ভুল–বোঝাবুঝি’ দূর করতে চান তিনি।

অধ্যাপক ইউনূস বলেছেন, তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা একটা আইনি বিষয়…একটি আইনি প্রক্রিয়া। এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয়।’

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

নিরাপত্তাজনিত ঝুঁকি, ইরাকে দূতাবাস আংশিক খালি করবে যুক্তরাষ্ট্র

নিরাপত্তাজনিত ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা স্থগিত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

একজন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ‘আমরা নিয়মিত আমাদের দূতাবাসগুলোর জনবল পরিস্থিতি মূল্যায়ন করে থাকি।
সর্বশেষ বিশ্লেষণের ভিত্তিতে, ইরাকে আমাদের মিশনের পরিধি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখতে একটি চুক্তির আশায় ছিলেন।

বুধবার ট্রাম্প বলেন, তিনি এখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামানোর ব্যাপারে আগের চেয়ে কম আত্মবিশ্বাসী।
সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ৪০ মিনিটের একটি টেলিফোন আলাপ হয়েছিল, যা ‘উত্তেজনাপূর্ণ’ ছিল বলে জানানো হয়েছে। নেতানিয়াহু বরাবরই কূটনৈতিক নয়, বরং সামরিক পথেই ইরানকে মোকাবেলার পক্ষে।

বুধবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন কর্মী ও পরিবার সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ওদের সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ এলাকাটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা দেখব কী হয়।
’ তিনি আরো বলেন, ‘তাদের নোটিশ দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য, আর আমরা দেখছি কী ঘটে।’

পারমাণবিক আলোচনা একটি সংকটময় পর্যায়ে থাকায় এই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রকৃত উদ্বেগের ফল কি না, নাকি কৌশলগত সংকেত দেওয়ার অংশ, তা এখনো স্পষ্ট নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়েছেন, যদি আলোচনা ভেস্তে যায় এবং যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায়, তাহলে ইরান মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালাবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন— কুয়েত ও বাহরাইন থেকেও মার্কিন সামরিক কর্মীদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছেন।

বুধবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরান এমন কিছু তৈরি করার দিকে এগোচ্ছে, যা দেখতে একটি পারমাণবিক অস্ত্রের মতো।
’ তবে ইরান বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে নয়।

এ ছাড়া ব্রিটিশ রয়্যাল নেভির অধীনস্থ ইউকের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা এক সতর্কবার্তায় বলেছে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হতে পারে।

মার্কিন কর্মী প্রত্যাহারের খবর প্রকাশের পর তেলের দাম তাৎক্ষণিকভাবে ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ এতে সরবরাহ ঝুঁকির আশঙ্কা বেড়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, বর্তমানে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করছে।

সূত্র : বিবিসি

আজ শ্রীলঙ্কায় যাচ্ছেন বাংলাদেশ দলের ১০ সদস্য

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে আজ। সফরের অংশ হিসেবে দুই ধাপে দেশ ছাড়ছেন খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন দলের ১০ সদস্য। এই বহরে থাকবেন খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের কিছু অংশ।
বাকি সদস্যরা আগামীকাল (১৩ জুন) দেশ ছাড়বেন।

সফরের সূচি অনুযায়ী, ১৭ জুন টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

স্টারমার যুক্তরাজ্যেই আছেন : ভুল স্বীকার করলেন প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম মঙ্গলবার বলেছিলেন, কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি। তিনি কানাডায় অবস্থান করছেন। তবে এ বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি বলেন, স্টারমার যুক্তরাজ্যেই আছেন।
এখানে একটি মিসটেক (ভুল) হয়েছে। বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এই ভুলের কথা স্বীকার করেন।

প্রেসসচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম, ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন।
আমি বলেছি সম্ভবত। তারপরও আমার একটা মিসটেক হয়েছে। পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম, কারেক্ট (সংশোধন) করেছি। উনি এখানেই (যুক্তরাজ্যেই) আছেন।

তিনি আরো বলেন, ব্রিটেনে স্পেন্ডিং রিভিউ (ভবিষ্যৎ ব্যয়ের পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ) চলছে। বাজেটের স্পেন্ডিং কিভাবে কী হচ্ছে, সেটা রিভিউ হচ্ছে। এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত।

শাহরুখ-সালমানের পর যশ রাজের ইউনিভার্সে যোগ দিচ্ছেন ভিকি কৌশল

এই মুহূর্তে বলিউডে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যশ রাজ স্পাই ইউনিভার্স। এর মধ্যে রেকর্ডসংখ্যক ব্যবসা করেছে ‘টাইগার’, ‘পাঠান’ এবং ‘কবীর’। সালমান খান, শাহরুখ এবং হৃত্বিক রোশনের পর এবার যশ রাজের এই স্পাইভার্সে যুক্ত হতে যাচ্ছেন আরো একজন অভিনেতা।

সূত্রের খবর, যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই থ্রিলার ছবিতে মুখ্য নায়ক হিসেবে দেখা যেতে পারে ভিকি কৌশলকে।
ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছুদিন ধরেই এই প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে ভিকি খুব উচ্ছ্বসিত।

আপাতত ছবির চিত্রনাট্য ও অন্যান্য খুঁটিনাটি বিষয় প্রাথমিক পর্যায়ে থাকলেও এর উদ্দেশ্য এই স্পাইভার্সে একটি নতুন চরিত্র যোগ করা। ‘ছাবা’ হিট হবার পর ভিকি কৌশলের স্টার ভ্যালু অনেকটাই বেড়েছে।
নির্মাতারা বিশ্বাস করেন যে তিনি একা তার কাঁধে একটি শক্তিশালী গুপ্তচর চরিত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন। সব কিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছর থেকে শুরু হতে পারে ছবির শুটিং এবং আগামীতে এর পরিচালকের নাম প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত এই স্পাই ইউনিভার্সে মোট ৭টি ছবি তৈরি হয়েছে, যার মধ্যে হৃত্বিকের রোশনের ‘ওয়ার ২’ এবং আলিয়া ভাটের ‘আলফা’ এবং এবার ভিকি কৌশলের নতুন ছবি প্রবেশ করতে চলেছে।

রশিদের উন্নতি

সর্বশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন আদিল রশিদ। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বরুণ চক্রবর্তীকে পেছনে ফেলে এই ইংলিশ লেগ স্পিনার উঠে এসেছেন দুই নম্বর স্থানে। সবার ওপরে আছেন যথারীতি নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যঃসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেট নেন রশিদ।
আইসিসি

এবারের হজ ব্যবস্থাপনা সুন্দর সুষ্ঠু নিরাপদ সহজতর : আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ ২০২৫ সালের হজ ব্যবস্থাপনাকে ‘তুলনামূলক সুন্দর, সুষ্ঠু, নিরাপদ ও সহজতর’ বলে মন্তব্য করেছেন।

হজ সম্পন্ন হওয়ার পর তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আহমাদুল্লাহ তাঁর স্ট্যাটাসে হজ পালনকারী সকল হাজির হজ কবুল হওয়ার জন্য দোয়া করেছেন এবং বাইতুল্লাহর সুবাস তাঁদের হৃদয়ে চিরজাগরুক থাকার প্রার্থনা করেছেন।

একই সঙ্গে, যারা এবার হজ করতে পারেননি, তাঁদেরকেও ভবিষ্যতে হজ করার তাওফীক দানের জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছেন।

তাঁর এই ইতিবাচক মন্তব্য এবারের হজ ব্যবস্থাপনার সামগ্রিক সফলতার ইঙ্গিত বহন করে।