বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রিজার্ভ ছাড়াল ২৭ বিলিয়ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে তৃতীয় ও চতুর্থ কিস্তি মিলিয়ে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পেয়েছে বাংলাদেশ। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (২৫ জুন) এ অর্থ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে জমা হয়েছে। ফলে দেশের মোট গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ বর্তমানে ২২ দশমিক ২৫ বিলিয়ন ডলার, আর ব্যবহারযোগ্য বা ব্যয়যোগ্য রিজার্ভ প্রায় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে—যা দিয়ে তিন মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

এর আগে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ বোর্ডের সভায় তৃতীয় ও চতুর্থ কিস্তির ঋণ ছাড়ের অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত সাড়ে তিন বছরের এ ঋণ কর্মসূচির আওতায় এর আগে দুটি কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ১১৫ কোটি ডলার। সর্বশেষ কিস্তি ছাড়ের পর পর্যন্ত পাওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩১ কোটি ডলার। বাকি রয়েছে আরও ২৩৯ কোটি ডলার, যা পর্যায়ক্রমে দুই কিস্তিতে ছাড় করা হবে।

২০২২ সালের জুলাইয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে বড় ঘাটতি ও টাকার অবমূল্যায়নের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার আইএমএফের কাছে ঋণ সহায়তা চায়। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও কোভিড-পরবর্তী আমদানি ব্যয় বৃদ্ধি ও রাজনৈতিক অনিয়মের কারণে তা দ্রুত কমে যায়। এরপর রিজার্ভ থেকে ডলার বিক্রিসহ বিভিন্ন পদক্ষেপে তা আরও হ্রাস পায়।

আইএমএফের ঋণ সহায়তার মধ্যে রয়েছে ৩৩০ কোটি ডলার বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ ও ইএফএফ) এবং ১৪০ কোটি ডলার ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি’ (আরএসএফ)—যার আওতায় বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে ঋণ পেয়েছে।

অর্থনীতির স্থিতিশীলতা, বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে এই ঋণ কর্মসূচি সহায়ক হবে বলে আশা করছে সরকার।

মালয়েশিয়ায় অবৈধ বিদেশিকর্মী নিবন্ধনে দুর্নীতির অভিযোগে ইমিগ্রেশন কর্মকর্তাসহ পাঁচজন আটক

মালয়েশিয়ায় অবৈধ বিদেশিকর্মীদের নিবন্ধনে ঘুষ গ্রহণ, সহায়তা ও প্ররোচনার অভিযোগে ইমিগ্রেশন বিভাগের তিন কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন এনফোর্সমেন্ট অফিসার, একজন স্থানীয় কোম্পানির ব্যবস্থাপক এবং একজন বিদেশি নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সোমবার (২৩ জুন) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পুত্রজায়া ও কেলানটান রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় এমএসিসির গোয়েন্দা বিভাগ।

কমিশনের প্রাথমিক তদন্তে জানা যায়, আটক কর্মকর্তারা ‘আরটিকে প্রোগ্রাম’-এর আওতায় বিদেশিকর্মীদের নিবন্ধনের প্রক্রিয়ায় একাধিকবার ঘুষ লেনদেন করেছেন। প্রতিটি আবেদন অনুমোদনের জন্য ঘুষের পরিমাণ ছিল আনুমানিক ৫০ হাজার থেকে ৬০ হাজার রিঙ্গিত।

এমএসিসির সিনিয়র পরিচালক দাতুক ইদ্রিস জাহারুদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০০৯ সালের দুর্নীতি দমন আইনের ১৭(এ) ধারা অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে কেলানটানের কোটা বাহরু ম্যাজিস্ট্রেট আদালত পাঁচজনকেই সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

এমএসিসির একটি সূত্র জানিয়েছে, আগের আরটিকে প্রোগ্রাম চলাকালীন স্থানীয় ও আন্তর্জাতিক এজেন্টরা অবৈধ অভিবাসীদের বৈধতার নামে প্রতারণা করেছে—যার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ ছিল। এই সিন্ডিকেট ভাঙতেই চলমান অভিযান পরিচালিত হচ্ছে।

ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে সহযোগিতায় প্রস্তুত আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে চলমান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন করে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন, “সমস্যা সমাধানের জন্য ইরানের সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু করাই এখন গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্রুত সাক্ষাতের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে। গ্রসি বলেন, “আমাদের পরিদর্শকরা পুরো সংঘাতের সময়জুড়ে ইরানে উপস্থিত ছিলেন এবং তারা আবার কাজ শুরু করতে প্রস্তুত।”

আইএইএর এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলাগুলোর ফলে ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনাসহ কিছু পরমাণু কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সংস্থার পর্যবেক্ষণে স্থানীয়ভাবে কিছু তেজস্ক্রিয়তা ও রাসায়নিক নির্গমন শনাক্ত হলেও, স্থাপনার বাইরের পরিবেশে বিকিরণের মাত্রা বেড়েছে এমন কোনো প্রমাণ মেলেনি।

হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হয়নি। হামলাটি ইরানকে সাময়িকভাবে, সর্বোচ্চ কয়েক মাসের জন্য, পিছিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এই মূল্যায়ন প্রস্তুত করেছে পেন্টাগনের আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা যায়নি এবং বেশিরভাগ সেন্ট্রিফিউজও অক্ষত রয়েছে। হামলার আগে এসব গুরুত্বপূর্ণ উপাদান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানায় একটি সূত্র।

আরও জানা যায়, ইরানের ইউরেনিয়াম মজুতগুলোর বেশিরভাগই মাটির গভীরে সংরক্ষিত, যা বিমান হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এদিকে, হোয়াইট হাউস এই গোয়েন্দা মূল্যায়নকে ‘ভুল এবং বিভ্রান্তিকর’ বলে নাকচ করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, তথ্যটি একটি ‘গোপন’ গোয়েন্দা দলিল থেকে ফাঁস হয়েছে এবং সেটির উদ্দেশ্য রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও সামরিক বাহিনীকে হেয় করা।

হামলার কার্যকারিতা নিয়ে মত দিয়েছেন অস্ত্র বিশেষজ্ঞ অধ্যাপক জেফ্রি লুইসও। তিনি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বলেছেন, হামলা যতটা শক্তিশালীই হোক, তা ইরানের পারমাণবিক কর্মসূচির স্থায়ী ক্ষতি করতে সক্ষম হয়নি।

‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এই অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়ন করা বি-২ বোমারু বিমানগুলো দীর্ঘ ১৮ ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মাঝপথে বিমানগুলো একাধিকবার জ্বালানি নেয় এবং বিভ্রান্তিকর রুট অনুসরণ করে ইরানের আকাশসীমায় প্রবেশ করে।

ইরানের উত্তরাঞ্চলে ‌‘সন্ত্রাসী হামলায়’ নিহত ৯

ইরানের উত্তরাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও চারটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। গিলানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে ‘সন্ত্রাসী’ হামলায় ৩৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।

ইরানি গণমাধ্যম দাবি করছে, এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, নিহত বা আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু। কিছু গণমাধ্যম জানিয়েছে যে, নিহতদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকিও রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীও রাতের বেলায় একজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার কথা উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে ইসরায়েলি সরকার।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে, যদি ইসরায়েলও বন্ধ করে।

সমালোচনার মুখেও গাজার পক্ষে সরব ভারতীয় অভিনেত্রী

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গাজার জন্য একটি মিছিলের প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন। এ প্রশ্ন উঠেছিল, ‘পহেলগাঁও হামলার সময় কোথায় ছিলেন তিনি?’ কিন্তু এসব কথায় মোটেই দমে যাননি স্বরা। তার সোশ্যাল মিডিয়াজুড়ে শুধুই গাজা-সংক্রান্ত পোস্ট দেখা যাচ্ছে।

এ মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি বিরাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তার ঠিক এক দিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইজারায়েল যুদ্ধবিরতির পথে হাঁটছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান।

তবে স্বরা ইরান-ইজরায়েল নিয়ে সরাসরি কোনো বক্তব্য রাখেননি। তিনি একের পর এক পোস্ট করছেন গাজার পরিস্থিতি নিয়ে। সোমবার রাতে গাজার একটি নৃশংস দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী। মূল পোস্টটির লেখিকা আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষতবিক্ষত ছবি শেয়ার করে নিয়ে আসাল লিখেছেন, ‘ইজরায়েলের মানবিক সাহায্য।’ এই পোস্ট শেয়ার করে নিয়ে স্বরা লিখেছেন, ‘এই সময় গাজা।’

এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য ‘রি-পোস্ট’ করেছেন স্বরা। সেখানে ওই গাজাবাসী লিখেছেন, ‘পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম।’

ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইজরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক।’ এই পোস্টও সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। গাজার সমর্থনে এবং ইজরায়েলের বিপক্ষে এমনই অজস্র পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী।

কয়েকদিন আগে গাজা ও সমগ্র প্যালেস্টাইনের সংহতির জন্য মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই সভার হয়ে প্রচার করেছিলেন স্বরা ভাস্কর। এ সভার আয়োজন করেছিল সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি বাম দল। সভার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সবাইকে উপস্থিত থাকার বার্তা দেন স্বরা। তারপরেই তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। আবার অনেকেই সমর্থনও জানিয়েছিলেন অভিনেত্রীকে।

ট্রাম্প ‘মিনতি’ করেছিলেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইরনা নিউজ জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।

বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।

তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী। উভয় জাতিই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখাসহ বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানে আহ্বান জানানো হয়েছে।

শুভ জন্মদিন মেসি; নিন্দিত থেকে নন্দিত মহাতারকা

আজ ২৪ জুন। ১৯৮৭ সালের এই দিনে লাতিন আমেরিকায় উদিত হয়েছিল ফুটবলের নতুন সূর্য। যে সূর্যের আলোয় আলোকিত হয়েছে পুরো ফুটবলবিশ্ব। সেই নক্ষত্রের নাম লিওনেল মেসি।

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। সে হিসেবে আজ মঙ্গলবার ৩৮ বছরে পা রেখেছেন ফুটবল জাদুকর। ভালোবাসার মানুষ, বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিয়ে আজ তিনি উদযাপন করছেন ৩৮ তম জন্মদিন।

মেসির সাফল্যময় জীবনের শুরুটা ভালো ছিল না। যদিও মাত্র ৪ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্ডোলিতে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যে গ্রোথ হরমোনের ঘাটতিতে আক্রান্ত হন মেসি। যা তার স্বাভাবিক শারীরিক উচ্চতা বৃদ্ধিকে বাধাগ্রস্থ করে।

শারীরিক প্রতিবন্ধকতা থাকায় শুরুতে মেসিকে দলে নিতে চায়নি কোনো ক্লাব। ওই সময় কিছু ফুটবল প্রতিভা প্রকাশ পেলেও বিশাল অংকের অর্থ খরচ করে মেসির চিকিৎসার জন্য ঝুঁকি নেয়নি স্থানীয় ক্লাবগুলো। এমনকি পরিবারেরও অর্থ সামর্থ্য ছিল না। সে সময় এক রকম অবহেলার পাত্রে পরিণত হন মেসি।

কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মাত্র ১৩ বছর বয়সে সাহসিকতার সঙ্গে ফুটবলে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন মেসি। অসাধারণ প্রতিভার অধিকারী এই কিশোর স্বপ্ন পূরণে রোসারিও থেকে স্পেনের দিকে পা বাড়ান এবং সেখানকার নামকরা ক্লাব বার্সেলোনায় যোগ দেন। স্প্যানিশ এই ক্লাবই মেসির চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়।

২০০০ সালে প্রথমবার বার্সার হয়ে মাঠে নামেন মেসি। এরপরই জীবনের মোড় ঘুরে যায় আর্জেন্টাইনের। ২০০৪ সালের ক্লাবের সিনিয়র দলে জায়গা পাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসিকে।

একের পর এক রেকর্ড গড়েন এবং ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ৪৫টি ট্রফি জিতে ক্যারিয়ারকে ঐশ্বর্যপূর্ণ করে তোলেন। এক সময়ের নিন্দিত মেসি হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের নন্দিত তারকা, হৃদয়ে জায়গা করে পরিণত হন কোটি মানুষের অনুপ্রেরণার উৎসে।

লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ার

২০০৮-০৯ মৌসুমে বার্সার হয়ে ঐতিহাসিক ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ক্লাবটিতে এক টানা ১৭ বছরের ক্যারিয়ারে ৬৭২টি গোল করেছেন তিনি। ২০২১ সালে ক্লাব ছাড়ার আগ পর্যন্ত জিতেছেন ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

বার্সেলোনার ক্যারিয়ার শেষে ২০২১-২৩ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। সেখানে দুটি লিগ ওয়ান শিরোপা জয় করেন। এরপর ইন্টার মিয়ামিতে যোগ দেন এবং ক্লাবটিকে তাদের প্রথম লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড ট্রফি জয় করান।

আর্জেন্টিনা জার্সিতে মেসি

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। তার প্রথম ম্যাচ ছিল পেরুর বিপক্ষে এবং প্রথম আন্তর্জাতিক গোল করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

২০০৬ বিশ্বকাপে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার ও গোল করার রেকর্ড গড়েন মেসি।

এরপর শুরু হয় তার অন্যতম গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ার, যেখানে তিনি জিতেছেন ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা এবং বহুল কাঙ্ক্ষিত ২০২২ সালের ফিফা বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে ১৯৩ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি।

মেসির অর্জন ও রেকর্ড

মেসির উজ্জ্বল ক্যারিয়ার নানা অর্জন ও রেকর্ডে ভরপুর। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর জিতেছেন সর্বোচ্চ ৮ বার। ক্লাব পর্যায়ে বার্সার হয়ে তার ৬৭২টি গোল একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ।

ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে মেসির গোলসংখ্যা ৮০০-র বেশি। এর মধ্যে ফিফা টুর্নামেন্টে সর্বোচ্চ ২৫টি গোল এবং দক্ষিণ আমেরিকান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ ১০৬টি গোল রয়েছে এই কিংবদন্তির।

বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, একে নষ্ট করার সুযোগও সীমাহীন: গভর্নর

বাংলাদেশের মুদ্রার মান দেশীয়ভাবে নির্ধারিত হবে এবং কোনো অযৌক্তিক কারণে এক পয়সাও অবমূল্যায়নের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, নইলে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিতে পারে। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তবে তা নষ্ট করার সুযোগও সীমাহীন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের টাকা কখনোই যেন অমূল্যায়ন না হয়। দুবাই থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। এটা আগেও বলেছিলাম এখনও বলছি। সেখান থেকে ডলারের দর নির্ধারণ করবেন এটা মানা হবে না, এটা আমার কমিটমেন্ট ছিল। সেটা হতো দেইনি আমরা। তবে ফের যদি দেশে বিশৃঙ্খলা হয় তাহলে আবারও চলে আসবে ওই সময়, নষ্ট হয়ে যাবে সব। দুবাইয়ে বসে আবারও টাকার অবমূল্যায়ন হবে, বাজার নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।

গভর্নর আরও জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। এজন্য আগামী জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেজড সুপারভিশন) কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে ২০টি ব্যাংকে সুপারভিশন কার্যক্রম পরিচালিত হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গভর্নর বলেন, মূল্যস্ফীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগবে।

তিনি বলেন, বিনিয়োগ আসবে, বকেয়া পরিশোধ করেছি। দেশি-বিদেশিদের বিচরণ ক্ষেত্র হবে বাংলাদেশ। তবে ভুল উপস্থাপন করা যাবে না। বিদেশিরা টেকনোলজি আনেন, সাপোর্ট দেন তারা। আমাদের পোর্ট নিয়ে তথ্য ভুলভাবে উপস্থাপন হয়েছে। যদি বিদেশিরা আমাদের পোর্ট পরিচালনা করেন তাহলে আগামী ১০ বছর পরে আমরা তাদের টেকনোলজি শিখে অন্য দেশের পোর্ট পরিচালনা করতে পারবো।

আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য তিনি জানান, কয়েকটি ব্যাংক মার্জারের আওতায় আসবে এবং ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের স্বার্থ সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। যে ব্যাংকে আছেন, সেখানেই থাকুন।

গুগল পে চালু করলো সিটি ব্যাংক

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু হয় গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। সেবাটি চালু করে সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায়। এটি বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পের সঙ্গে যুক্ত হলো।

প্রথম পর্যায়ে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও যুক্ত হলে সেবার পরিসর বাড়বে।

গ্রাহকরা অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে কার্ড যুক্ত করার পর দেশের যেকোনো দোকান, রেস্তোরাঁ কিংবা POS টার্মিনালে ফোন ট্যাপ করে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।

গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না এবং গ্রাহকের তথ্য সুরক্ষায় ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহার করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের মোহাম্মদ কামাল এবং ভিসার সাব্বির আহম্মেদ।