বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ধর্ষণ মামলায় অভিযুক্ত আর্সেনালের সাবেক মিডফিল্ডার

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন থমাস পার্টি। পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েছেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার। তিন নারী এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী ঘানার ফুটবলারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের ঘটনা।
পুলিশ জানিয়েছে, দুই নারীর সঙ্গে ধর্ষণের আর তৃতীয়জনের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কিত।

তবে নিজের বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন পার্টি। তার আইনজীবী জেনি উইল্টশায়ার বলেছেন, ‘তার বিরুদ্ধে হওয়া সব অস্বীকার করেছেন। তিন বছর ধরে হওয়া তদন্তে পুলিশ ও সিপিএসকে পূর্ণ সহযোগিতা করেছেন।
চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের আশা করছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় আমার মক্কেল আর কোনো মন্তব্য করতে চান না।’

আগামী ৫ আগস্ট আপিলের জন্য সেন্ট্রাল লন্ডনের আদালতে হাজির হবেন পার্টি। সর্বশেষ মৌসুমে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পার্টির।
নতুন করে এখনো কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি ঘানার এই মিডফিল্ডার। সবমিলিয়ে আর্সেনালের হয়ে ১৩০ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। আর ঘানার হয়ে ৫৩ ম্যাচে করেছেন ১৫ গোল।

ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস

ইস্তানবুলে অবস্থিত তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর সদর দপ্তরে বাংলাদেশের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশ ফুটবলের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন। বৈঠকে মাননীয় উপদেষ্টা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক জাগরণ, বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগসমূহ তুলে ধরেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুলসংখ্যক ভক্ত রয়েছে এবং এ প্রেক্ষিতে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দুই দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

টিএফএফ প্রেসিডেন্ট প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। একইসঙ্গে, তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়সহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনার একপর্যায়ে মাননীয় উপদেষ্টা মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক নেতৃত্ব, বিশেষত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন। বৈঠকের শেষে মাননীয় উপদেষ্টা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিট-এ অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।

উভয়পক্ষ অভিমত প্রকাশ করেন, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূভাবে যুক্ত করবে। আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায় : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, ’৬৯ এর গণ-অভ্যুত্থান আর ’৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি-বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে ’২৪ এর গণ-অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে? জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু, তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?

তিনি বলেন, সিরাজুল আলম খান, তাজউদ্দিন, সিরাজ শিকদার আর ভাসানী, এমনকি খোদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপবোধ না করেন এবং আমরা তাদের নিয়ে (তাদের ভুলসহই, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য) গর্বিত হতে পারি, তাহলে ’২৪ এর গণ-অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে কেন এ প্রজন্ম গর্বিত বোধ করবে না?

উপদেষ্টা বলেন, ৩ তারিখের ১ দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দুমাত্র অংশগ্রহণ ছিল না এ গণ-অভ্যুত্থানে।
ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে (যা ন্যায্য বলেই আমরা মনে করি) আগরতলা বৈঠক থেকে স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিব ও অন্য জাতীয় নেতৃত্বের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে কোনো বিদেশি শক্তি বা তৃতীয় শক্তির সঙ্গে ষড়যন্ত্র কিংবা সলা-পরামর্শ ছাড়াই জনগণের অভ্যুত্থান ঘটিয়ে ফেলার জন্য অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশীজনকে কেন গালি শুনতে হবে?

তিনি বলেন, পুনশ্চ : জুলাই গণ-অভ্যুত্থানের দুটি অংশ। ৫ জুন থেকে ১৮ জুলাই। এ অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল। আর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল।

তিনি আরো বলেন, প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড। পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র-জনতার। কিন্তু, অভ্যুত্থানের নেতৃত্বের দিকনির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবী জনতা পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পার‍ত না। শুক্রবার দিবাগত রাত, ২ আগস্টে এ অভ্যুত্থান বেহাত হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
তা ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব। এ নির্দেশনা ও বক্তব্যের অবদানটুকু বাদে ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিদ্রোহ, প্রতিরোধ, আত্মত্যাগ আর বিপ্লবী তৎপরতার কৃতিত্ব সব স্তরের ছাত্র-জনতার।

মাহফুজ আলম বলেন, উপরের এ ব্যখ্যা মওলানা ভাসানীর ’৬৮ সালের ঘেরাও আন্দোলন থেকে শুরু করে ’৬৯ এর গণ-অভ্যুত্থান পর্যন্ত ঘটনাপ্রবাহ মিলিয়ে দেখেন, অথবা ’৭১ এর মার্চ। আপনারা মেটিকুলাস ডিজাইন ও বুঝতে পারবেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, প্রতিরোধ আর বিপ্লবী তৎপরতারও হদিস পাবেন।

হলিউড ওয়াক অব ফেমে জায়গা পাচ্ছেন দীপিকা, তবে গুনতে হবে ১ কোটি

লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে হলো ‘হলিউড ওয়াক অব ফেম’, যেখানে ২৭০০টিরও বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে তারকাকে উৎসর্গ করা হয়। যেকোনো তারকা এর জন্য মনোনীত হতে পারেন। আনুষ্ঠিক মানদণ্ড না থাকলেও ওয়াক অব ফেমের তারকাদের জন্য এটি বড় সম্মান হিসেবে মনে করা হয়।

এবার সেখানে জায়গা পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। এ বছরের তালিকায় দীপিকা ছাড়াও এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, মারিও কোতিয়াঁ, স্ট্যানলি টুচি, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হলিউড চেম্বার অব কমার্স, হলিউড ওয়াক অব ফেম পরিচালনাকারী সরকারি সংস্থা, প্রতিবছর ২০০ থেকে ৩০০ তারকা মনোনয়ন পায়।
এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতিবছর বেশ কয়েকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সংগীত, রেডিও এবং লাইভ পারফরম্যান্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তারকারা ওয়াক অব ফেমে ‘জায়গা কিনতে’ পারেন। প্রতিবছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করে কাদের রাখা হবে এই তালিকায়।
এরপর তারকাদের অর্থ ব্যয় করতে হয় তাদের কাঙ্ক্ষিত স্থান রাখার জন্য।

অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনো ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অব কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে যাকে নির্বাচন করা হবে, তাকে ৮৫ হাজার ডলার (প্রায় ১ কোটি টাকা) স্পনসরশিপ ফি দিতে হয়। এই বার্ষিক ফি ওই তারকাদের রক্ষণাবেক্ষণের জন্য।

আমাদের দেশের ভোটাররা দুইশ টাকায় ভোট বিক্রি করে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা পাঁচ বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন।’

শুক্রবার দুপুরে আটোয়ারী উপজেলা সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

সারজিস আলমকে আটোয়ারীর যোগ্য সন্তান উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানে তার যে অবদান রয়েছে, পরবর্তীতে আটোয়ারী উপজেলার প্রতি উনার যে আত্মত্যাগ, সব সময় আটোয়ারী নিয়ে উনার চিন্তাভাবনা। আমরা বিশ্বাস করি, আপনারা যদি সারজিস আলমকে আগলে রাখেন, সারজিসের হাতকে শক্তিশালী করেন, এই আটোয়ারী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলাগুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক আপনাদের সাথে নিতে জনগণের কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চাই।

সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সারজিস আলম শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের। বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন। তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন বৈষম্য ও অবহেলার শিকার। ফ্যাসিস্টের পতনের পরে নতুন করে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক আবার শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম। শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো।’

দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে পদযাত্রা নিয়ে নেতারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আটোয়ারী উপজেলা ছেড়ে যান।

আরো ৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ২৪২টি নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময় কেউ মৃত্যুবরণ করেনি।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ।

অধিদপ্তর জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬৮ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬২৩ জন।

পুলিশের বিশেষ অভিযানে আরো গ্রেপ্তার ১৪৮৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৭২ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

এ সময় একটি চায়না এসএমজি, চারটি একনলা বন্দুক, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি সিলিং, ৩০ রাউন্ড এসএমজির খালি খোসা, দুইটি কার্তুজ, একটি ছুরি, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি দাঁ, একটি স্টিলের কিরিচ ও একটি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী মম

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ থেকে পদত্যাগ করেছেন। গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে মম বলেন, “ব্যক্তিগত ও পেশাগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমতায় থেকে ভালোভাবে কাজ করতে পারছিলাম না, পর্যাপ্ত সময় দিতে না পারায় পদত্যাগ করেছি। আমার জায়গায় কেউ সময় দিয়ে ভালোভাবে কাজ করতে পারলে, সেটিই কমিটির জন্য মঙ্গলজনক হবে।”

তিনি আরও স্পষ্ট করেন, সদ্য ঘোষিত সরকারি অনুদানের তালিকা এবং সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, ১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৩২টি চলচ্চিত্রকে মোট ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়।

মম ছাড়াও একই কমিটি থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিতাস জিয়া এবং নির্মাতা সামির আহমেদ।

ঋতুপর্ণা-রূপনাদের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-কোচ-স্বজনরা

এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন রাঙামাটির কৃতি কন্যা ঋতুপর্ণা চাকমা। তার গোলেই বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছে গেছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। জাতীয় দলের আরেক গর্ব, গোলকিপার রূপনা চাকমাও ছিলেন দলের নির্ভরতার প্রতীক। তাদের এই যুগান্তকারী সাফল্যে উচ্ছ্বসিত পুরো রাঙামাটি—বিশেষ করে শিক্ষক, কোচ ও স্বজনরা।

ঋতুপর্ণা ও রূপনাদের গড়ে তোলার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন কোচ শান্তিমনি চাকমা। আবেগ জড়ানো কণ্ঠে তিনি বলেন, ‘ঋতুপর্ণা, মনিকাদের সাফল্যে আমি গর্বিত। ওরা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে অনেক দূর যাবে। ওদের দেখে আজ পাড়ার শিশুরাও অনুপ্রাণিত হচ্ছে।
আমার আবেগ ভাষায় বোঝানো কঠিন। ছোটবেলার ঋতু আজ দেশের বড় তারকা, এটা ভাবলেই গর্বে বুক ভরে ওঠে।’

ঋতুপর্ণা ও মনিকার স্কুল ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাদের মেন্টর চন্দ্রা দেওয়ান বলেন, ‘আমার গর্বের নাম ঋতুপর্ণা-মনিকা। দেশের হয়ে ওদের খেলতে দেখা আমাদের জন্য অনেক আনন্দের।
প্রায় প্রতিটি ম্যাচেই ঋতুপর্ণা গোল করে, এই ম্যাচেও করল—এই গোলেই দেশ জিতেছে। আমরা খুবই গর্বিত। তবে ওর মা বর্তমানে অসুস্থ, সবার প্রতি অনুরোধ—তার জন্য দোয়া করবেন।’

ঋতুপর্ণার জীবন ছিল সংগ্রামের গল্প। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, কিছুদিন আগে হারিয়েছেন ভাইকেও।
বর্তমানে তাদের অভিভাবক বোনজামাই সুদিপ চাকমা, যিনি একজন কাঠমিস্ত্রি। তিনি বলেন, ‘ঋতুপর্ণার সাফল্যে আমি কতটা খুশি, তা ভাষায় বোঝাতে পারব না। আমাদের পরিবার সবসময় তাকে সমর্থন দিয়েছে। ওর মা খুব অসুস্থ, কিন্তু মেয়ের এমন অর্জনে চোখে জল নিয়ে তিনি আজও হাসছেন। ওর এই অবস্থানে পৌঁছানো আমাদের পরিবারের জন্য পরম পাওয়া।’

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন- শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। বলিডের মহাতারকা অমিতাভ বচ্চন শেয়ার করেছেন জয়া আহসানের ছবির ট্রেলার। অবশ্য সেই ছবির ট্রেলারের থাম্বনেইলে রয়েছেন আরো দুজন। একজন চন্দন রায় সান্যাল ও আরেকজন শিশুশিল্পী।
যাকে কেন্দ্র করে একটি ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবির নাম ‘ডিয়ার মা।’

সামাজিক মাধ্যম ফেসবুকে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। শেয়ার করে লিখেছেন, ‘টনি দা, সবসময়ের জন্য আমার শুভেচ্ছা থাকবে।
’ নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাকনাম হলো ‘টনি।’ তাকে

নতুন এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। জয়া আহসানের ছবির ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত জয়া আহসান। তিনি অমিতাভ বচ্চনের সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, ‘শুক্রবারটা শুরু হলো হাসিমুখে।
অমিতাভ বচ্চন ডিয়ার মা ছবির ট্রেলার শেয়ার করেছেন। আপনার আশির্বাদের জন্য ধন্যবাদ অমিতাভ বচ্চন স্যার।’

অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’তে প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। স্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।

‘রক্তের সম্পর্ক না ভালবাসার টান?’ এটা হলো ‘ডিয়ার মা’ সিনেমার ট্যাগলাইন। ছবির শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে; মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে। ট্রেলার দেখে মনে হয়েছে ছবিতে জয়ার মেয়ে, খুব সম্ভবত তার আসল মেয়ে নয়। কোনো এক কারণে মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় তার মনে। এভাবেই চলতে চলতে আচমকাই একদিন সেই মেয়ে হারিয়ে যায়।

জয়া আগে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। ছবিটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরলেন অনিরুদ্ধ।

সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।