বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সিরিজ জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ করে স্বাগতিকরা।

সিরিজের প্রথম থেকেই দারুণ ছন্দে থাকা কুশল ৯৫ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি করেন ১২৪ রান, ১১৪ বলে ১৮টি চারের মার দিয়ে।
নিজের বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে থামান বাংলাদেশের পার্টটাইম বোলার শামীম হোসেন পাটোয়ারী।

তার আগে কুশলের সঙ্গে ১০০ রানেরও বেশি জুটি গড়েন অধিনায়ক চরিত আসালাঙ্কা। এই জুটির হাত ধরেই দলীয় রান দুই শ ছাড়ায়। আসালাঙ্কা করেন ৫৮ রান।
তাকে ফেরান তাসকিন আহমেদ।

১৩ রানে প্রথম উইকেট হারানোর পর পাথুম নিসাঙ্কার সঙ্গে কুশলের দ্বিতীয় উইকেট জুটিতেও আসে অর্ধশত রান। স্পিনার তানভীর ইসলামের শিকার হওয়ার নিসাঙ্কা করেন ৩৫ রান।

প্রথম উইকেটের পতন ঘটে ইনিংসের চতুর্থ ওভারে।
পেসার তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন নিশান মাদুশকা। এরপর একে একে কামিন্দু মেন্ডিস (১৬), জানিথ লিয়ানাগে (১২) এবং আসালাঙ্কা ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন কুশল মেন্ডিস। খেলেন ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

আর শেষ দিকে হাসারাঙ্গার অপরাজিত ১৮ ও চামিরার ১০ রানের সুবাদে ৭ উইকেটে শ্রীলঙ্কা তোলে ২৮৫ রান।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ।
১টি করে শিকার করেন শামিম, তানভির ও তানজিম সাকিব।

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ : ডিএমপি

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

নির্দেশনাটি আগামীকাল বুধবার (৯ জুলাই) থেকে কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো রোড) যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

চীন থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে ইরান

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার ১২ দিনের সংঘাতের পর ধ্বংস হয়ে যায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীনের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সারফেস-টু-এয়ার মিসাইল বা এসএএম পেয়েছে ইরান। বিষয়টি মিডল ইস্ট আইকে (এমইই) নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সূত্র।

২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এই চীনা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছেন এক আরব গোয়েন্দা কর্মকর্তা।
আরেকজন আরব কর্মকর্তা নিজের পরিচয় গোপন রেখে জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্র রাষ্ট্রগুলো ইরানের এই প্রতিরক্ষা পুনর্গঠনের প্রচেষ্টার ব্যাপারে অবগত এবং হোয়াইট হাউসও এ সম্পর্কে জানে।

তেল দিয়ে ক্ষেপণাস্ত্রের দাম পরিশোধ করছে ইরান

ইরান ঠিক কতসংখ্যক এসএএম ক্ষেপণাস্ত্র পেয়েছে তা নির্দিষ্ট করে জানানো না হলেও, এক আরব কর্মকর্তা জানিয়েছেন, ইরান এই অস্ত্রগুলোর মূল্য পরিশোধ করছে তেল সরবরাহের মাধ্যমে।

উল্লেখ্য, চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৯০ শতাংশেরও বেশি অপরিশোধিত ও কনডেনসেট তেল রপ্তানি হয় চীনে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করছে এবং মালয়েশিয়া ও অন্যান্য দেশকে ট্রানশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে এসব তেলের উৎস গোপন রাখা হচ্ছে। ওই দ্বিতীয় আরব কর্মকর্তা আরো বলেন, ‘ইরানিরা খুব সৃজনশীল উপায়ে বাণিজ্য করে।’

চীনা এসএএম সরবরাহ কেবল অস্ত্র লেনদেন নয়, বরং এটি চীন-ইরান সম্পর্ক আরো গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও সাম্প্রতিক সংঘর্ষের সময় চীন ও রাশিয়াকে কিছুটা নির্লিপ্ত মনে হয়েছে, তবুও এই সরবরাহ দেখাচ্ছে বেইজিং এখন তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে এগিয়ে আসছে।

ইসরায়েলের আকাশে আধিপত্য, তবুও পাল্টা হামলা চালাতে সক্ষম ইরান

গত সংঘর্ষে ইসরায়েল ইরানের আকাশে সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও জেনারেলদের টার্গেট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। তবুও ইরান তার সরকার ও সামরিক কাঠামো টিকিয়ে রাখতে সক্ষম হয় এবং পাল্টা হামলায় তেলআবিব ও হাইফার একাধিক স্পর্শকাতর স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরান ১৯৮০-এর দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে এইচওয়াই-২ সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিল, যা দিয়ে তারা কুয়েত ও একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলা চালায়।

২০১০ সালে চীনেরে এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরান পাওয়ার খবরও ছড়িয়েছিল। বর্তমানে ইরান রাশিয়ার এস-৩০০ সিস্টেমসহ নিজস্ব খোরদাদ সিরিজ ও বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে।
তবে এসব সিস্টেমে ইসরায়েলের এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতা সীমিত।

চীন এর আগে পাকিস্তানকে এইচকিউ-৯ ও এইচকিউ-১৬ সিস্টেম সরবরাহ করেছে। মিসরের কাছেও এইচকিউ-৯ সিস্টেম রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের পর তেহরান যেভাবে চীনা এসএএম সংগ্রহ করে প্রতিরক্ষা ঘাটতি পূরণে এগিয়ে যাচ্ছে, তা মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে। তেলের বিনিময়ে অস্ত্র সংগ্রহ, চীনের সরাসরি সহায়তা আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ—সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন কৌশলগত দ্বন্দ্বের ইঙ্গিত মিলছে।

প্রশংসিত হয়েও ৪ দিনে মুখ থুবড়ে পড়ল ‘মেট্রো ইন দিনো’

মুক্তির পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে অনুরাগ বসুর পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। চারটি ভিন্ন জুটির গল্প নিয়ে তৈরি এই ছবিটি সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়ার গল্প বলে। সমালোচকদের মতে, এই ছবিটি মনের উপর গভীর প্রভাব ফেলবে। সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ালেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।

বক্স অফিস সংগ্রহ অনুসারে, ‘মেট্রো ইন দিনো’ ছবিটি চতুর্থ দিনে অর্থাৎ সোমবার প্রায় ২.৫০ কোটি রুপি আয় করেছে। রবিবারের তুলনায় এক ধাক্কায় কমেছে আয়। এর আগে ছবিটি শুক্রবার ৩.২৫ কোটি, শনিবার ৬ কোটি এবং রবিবার ৭.২৫ কোটি টাকা আয় করেছিল। ফলে ছবিটির এখন পর্যন্ত মোট বক্স অফিস সংগ্রহ ১৯.২৫ কোটি রুপি।

‘মেট্রো ইন দিনো’ ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির থিম থেকে অনুপ্রাণিত, তবে গল্প সম্পূর্ণ নতুন। এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের-সহ আরো অনেকে।

ছবিটি আজকের যুগের সম্পর্কের নানা পরত, একাকিত্ব এবং কর্মজীবনের জটিলতাগুলোকে সূক্ষ্মভাবে তুলে ধরেছে।

এবার আইপিএল বিজয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

যশ দয়ালের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক সম্পর্ক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এবার ভারতীয় পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন সেই নারী।

গতকাল দয়ালের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ বলেছেন, ‘নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক) তার বিরুদ্ধে মামলা রুজু করেছি এবং তদন্ত চলমান।
’
দয়াল ইতিমধ্যে তার বক্তব্য পুলিশকে দিয়েছেন বলেও জানিয়েছেন গাজিয়াবাদের ডেপুটি কমিশনার নিমীশ দশরথ। এর আগে গত ২১ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগপত্রে সেই নারী বলেছিলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে।
আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। যখন প্রতারণার প্রতিবাদ করি, তখন দয়াল শারীরিকভাবে নির্যাতন করে ও মানসিকভাবে হেনস্তা করে।’

অভিযোগপত্রের শেষে বলা হয়েছে, ‘এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
এটা শুধু আমার জন্য নয়, সব প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের অন্যতম নায়ক দয়াল। পুরো মৌসুমে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ভূমিকা রাখেন ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার।

বাবর-রিজওয়ান-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আজ সেই সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যর দলের নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের মতো এবারও তারকা ক্রিকেটারদের দলে রাখেনি পাকিস্তান।
দলটির তিন তারকা বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে আসবে তারা। গুঞ্জনটা অবশ্য আগে থেকেই ছিল। এবার সেটাই সত্যি হলো।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হতে পারে দুই পেসারের।
তারা হচ্ছেন- সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। এ ছাড়া বিপিএল মাতানো খেলোয়াড়রাই আছেন পাকিস্তানের দলে।

সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই।
সব ম্যাচ মিরপুরেই হবে।

পাকিস্তান দল:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।

হ্যাটট্রিক পুরস্কার জিতলেন মেসি

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) এক পুরস্কারকে প্রায় ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছেন লিওনেল মেসি।
সেই পুরস্কারটি হচ্ছে- ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’।

প্রতিপক্ষ যেই হোক না কেন পুরুস্কারটি জয়ে সবার থেকে এগিয়ে মেসি। সেই ধারাবাহিকতায় এবারের লিগে তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতেছেন মায়ামির অধিনায়ক।
মন্ট্রিয়েলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন তিনি। তার করা দুটি গোলই ছিল অবিশ্বাস্য। সেরা সময়ের মেসিকেই দেখা গিয়েছিল সর্বশেষ ম্যাচে। শরীরের নাচন আর বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষের তিন থেকে পাঁচজন খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষককে পরাস্ত করেছেন মেসি।

সবমিলিয়ে মায়ামির হয়ে ৯মবারের মতো প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। তাতে লিগের ইতিহাসে ছোট্ট এক তালিকায় জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সী প্লে-মেকার। ১৯৯৬ সালে এমএলএস শুরু হওয়ার পর মাত্র ১১ জন খেলোয়াড় নয়বার এই পুরস্কার জিতেছেন। অন্যরা যখন কয়েক বছর খেলে এই স্বীকৃতি অর্জন করেছেন তখন মেসি মাত্র ২ বছরে।

লিগে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯ বার পুরস্কার জিতেছেন মেসি। এই কীর্তির অপরজন হচ্ছেন আটালান্টা ইউনাইটেডের জোসেফ মার্তিনেজ। মেসি অন্যদের পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন আগামী ১০ জুলাই। সেদিন নিউ ইংল্যান্ডের মাঠে আতিথেয়তা নেবে মায়ামি।

মুখোমুখি হওয়ার আগে পিএসজির বিরুদ্ধে ‘মামলা’ প্রত্যাহার এমবাপ্পের

রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে করা ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন ও বোনাস আদায়ের মামলা চালিয়ে যাবেন এই ফরাসি তারকা।

এমবাপ্পের আইনজীবীরা সোমবার নিশ্চিত করেন, ফরাসি আদালতে পিএসজির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ তিনি প্রত্যাহার করেছেন।
গত মে মাসে দাখিল করা এই অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চুক্তি সংক্রান্ত টানাপোড়েনের সময় এমবাপ্পেকে দল থেকে বাদ দিয়ে আলাদা অনুশীলনে পাঠিয়ে ‘মানসিক নির্যাতন’ করা হয়েছে।

তবে অভিযোগ প্রত্যাহারের পরও ফরাসি শ্রম আদালতে আলাদাভাবে চলমান একটি মামলায় তিনি এখনো ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৬৪৪ কোটি টাকা) পাওনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অর্থ এমবাপ্পের পিএসজির সঙ্গে চুক্তির শেষদিকে বেতন ও বোনাস হিসেবে পাওনা ছিল বলে দাবি তার আইনজীবীদের।

এমবাপ্পে জানান, পিএসজি বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ক্লাবের সমর্থক ও সাবেক সতীর্থদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই।

২০২৩ সালের প্রাক-মৌসুমে পিএসজি তাকে ‘লফট’ নামে পরিচিত একটি বিশেষ আলাদা গ্রুপে পাঠিয়ে দেয়। মূলত যেসব খেলোয়াড় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই তাদের এইভাবে আলাদা করে এই গ্রুপে রাখা হয়।

এমবাপ্পে দাবি করেন, এই আচরণ তার জন্য ছিল মানসিকভাবে অত্যন্ত কষ্টকর এবং এটি তার অতীত জীবনের কিছু কঠিন অভিজ্ঞতার স্মৃতিকে জাগিয়ে তোলে। সে কারণেই তিনি তখন আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ভারতে ডাকাতির চেষ্টার সময় গয়না দোকানের মালিককে গুলি করে হত্যা

ভারতের সুরাটের শচীন এলাকায় গয়নার একটি শোরুমে সশস্ত্র ডাকাতির চেষ্টার সময় দোকান মালিক নিহত এবং আরো একজন আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের মতে, চার অভিযুক্তের মধ্যে একজনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, বাকি তিনজন এখনো পলাতক।

এসিপি সুরাট এনপি গোহিল জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্রী নাথজি জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
চারজন সশস্ত্র ব্যক্তি দোকানে প্রবেশ করে এবং ভেতরে থাকা ব্যক্তিদের বন্দুকের মুখে হুমকি দিয়ে গয়না লুট করার চেষ্টা করে। তারা পালানোর চেষ্টা করলে, দোকান মালিক আশীষ ভাই তাদের থামানোর চেষ্টা করেন।

এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরে দুটি গুলি লাগে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ডাকাতরা দোকানের বাইরে জড়ো হওয়া জনতার ওপরও গুলি চালায়। নাজিম শেখ নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

এক নাটকীয় ঘটনায় স্থানীয়রা বিশৃঙ্খলার সময় একজন ডাকাতকে ধরে ফেলে। পুলিশ কর্মকর্তা আরো জানান, জনতা তাকে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ পলাতক তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। তদন্তে সহায়তা করার জন্য কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

মনিকার প্রেমে মজেছেন স্পাইডার-ম্যান

অভিনেত্রী মনিকা বারবারোর সঙ্গে প্রেম করছেন অ্যান্ড্রু গারফিল্ড, এমন গুঞ্জন অনেক দিনের। কিন্তু জুতসই প্রমাণ মিলছিল না। এবার টেনিসের বিখ্যাত আয়োজন উইম্বলডনে হাজির হয়েই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। একসঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল দুজনকে।

রবিবার লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকোয়েট ক্লাবের মাঠে উপস্থিত হয়েছিলেন পর্দার স্পাইডার-ম্যান এবং তাঁর প্রেমিকা মনিকা। এ সময় দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। অনুসারীদের বুঝতে বাকি নেই, পোশাকের সঙ্গে মনের মিলও করে নিয়েছেন তাঁরা। বসে বসে কেবল খেলা দেখে উচ্ছ্বাসই প্রকাশ করেননি দুজন, এক ফাঁকে মনিকার গালে একটি চুমুও এঁকে দেন গারফিল্ড।

চলতি বছরের প্রথম দিকে লন্ডন থিয়েটারে একসঙ্গে দেখা গিয়েছিল গারফিল্ড-মনিকাকে। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চলমান। এর মধ্যে পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছিল। তবে গুঞ্জন এড়াতে তাঁরা গোপনীয়তা রক্ষা করে চলছিলেন।
এবার আর রাখঢাক না করে খেলার মাঠে এসে উপস্থিত হলেন।

প্রেম নিয়ে অবশ্য দুজনের কেউই মুখ খুলছেন না। গত বছরের এক সাক্ষাৎকারে গারফিল্ড বলেছিলেন, ‘কারো সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও কিছু বলিনি, সামনেও বলব না।’ এদিকে শোনা যাচ্ছে, গারফিল্ড ও মনিকাকে একসঙ্গে দেখা যাবে ‘আর্টিফিসিয়া’ ছবিতে। এটি বানাবেন ‘চ্যালেঞ্জারস’ নির্মাতা লুকা গুয়াদাগনিনো।