মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

মঞ্চে আসছে নওশাবার ‘আগুনি’

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও টুনডার উইক ক্যাম্পের যৌথ উদ্যোগে এবার মঞ্চে আসছে নতুন নাট্য প্রযোজনা ‘আগুনি’। কল্পনার ছোঁয়ায় রঙিন ও বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ এই নাটকটি ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটশালা মূল মঞ্চে প্রদর্শিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় দেবেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পোস্টারের ভাষ্য অনুযায়ী, ‘আগুনি’ নাটকটি মনসুন রেভল্যুশনের স্পিরিট বা মনসুন বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে তৈরি হয়েছে।

পোস্টারে প্রদর্শিত নারীকেন্দ্রিক অ্যানিমে-স্টাইল চরিত্র ও আগুনের প্রতীক ব্যবহারে নাটকের প্রতীকী শক্তি, বিদ্রোহ ও আত্মশক্তির প্রতিফলন স্পষ্ট।

জুলাই মাসে টুনডার উইক ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাধ্যমে এই প্রযোজনাটি বাস্তবায়িত হচ্ছে। নাটকটি সকল দর্শকের জন্য উন্মুক্ত। অর্থাৎ টিকিট ছাড়াই যে কেউ উপভোগ করতে পারবেন নাটকটি।

নওশাবা বলেন, ‘অবশেষে মঞ্চে আসছে ‘আগুনি’। আমরা যারা এখন আছি, আমাদের দায়িত্ব হলো সমাজের ক্ষত সারানো। সমাজ বা পরিবেশের ব্যথা প্রশমিত করা। একটি সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।
এটাই আমরা পরবর্তী প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে যেতে চাই। এই নাটকে সেই বার্তা থাকবে।’

তিনি জানান, নাটকটি মূলত একটি মিউজিক্যাল পাপেট মঞ্চ প্রদর্শনী। এর শিল্পীরা জুলাই যোদ্ধা, যারা গেল বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন।

‘আগুনি’ শিরোনাম থেকেই ধারণা করা যায়, এটি হয়তো একটি প্রতীকী ও প্রতিবাদী থিমে নির্মিত নাটক।
সেখানে নারীর শক্তি, পরিবেশ, সমাজ ও সংস্কৃতির নানা মাত্রা উঠে আসবে। এছাড়া পোস্টারে দেখা যাচ্ছে এক অগ্নিময় হাতে দাঁড়িয়ে থাকা সাহসী নারী চরিত্র, যার পেছনে জাতীয় পতাকার রঙের মাঝে একটি পাখি উড়ে যাচ্ছে। এটি হয়তো স্বাধীনতার প্রতীক, আবার নির্মাতার দৃষ্টিতে আত্মমুক্তিরও প্রতিফলন হতে পারে।

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানের ভিডিও পুরনো : ডিএমপি

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ভিডিও দুইটি পুরনো বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে বলে দাবি ডিএমপির। যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গম আমদানির সমঝোতা স্মারক সই

দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরো বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি উভয় দেশের জনগণ উপকৃত হবে।

আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন উচ্চমানের গম আমদানির বিষয়ে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজারবাইজান প্রেসিডেন্টের আগদামে ঐতিহাসিক মসজিদ পুনরায় উদ্বোধন

গত শুক্রবার ১৮ জুলাই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশটির আগদাম অঞ্চলের ঐতিহাসিক জিয়াসলি মসজিদের পুনর্নির্মিত সংস্করণের উদ্বোধন করেন। এটি ছিল এক প্রতীকী মুহূর্ত যা অঞ্চলটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের পুনরুদ্ধারকে দৃশ্যমান করে।

রাষ্ট্রপতির সহকারী আনার আলি আকবরভ রাষ্ট্রপতির সামনে মসজিদের সংস্কার প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং উল্লেখ করেন যে, মসজিদটির মূল স্থাপত্যশৈলীর প্রতি সম্মান রেখেই ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে এটি পুনর্নির্মাণ করা হয়েছে।

এই পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হয় ২০২২ সালে, হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে।
কাজের সময় আর্কাইভচিত্র, ভিডিও এবং পুরাতন নথিপত্র ব্যবহার করে যথাসম্ভব নির্ভুলভাবে ঐতিহাসিক নিদর্শন পুনঃস্থাপন নিশ্চিত করা হয়।

মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত দুইটি মিনার পুনর্নির্মাণ করা হয় ভিতরে সংরক্ষিত সর্পিল সিঁড়ির অবকাঠামো ঠিক রাখার ভিত্তিতে। পাশাপাশি ঢালু পাথরের স্তম্ভগুলো বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে মেরামত করা হয়। ক্ষতিগ্রস্ত গম্বুজ ও মিহরাবও পুনরায় ঠিক করা হয়েছে।

মসজিদের বাইরের প্রাচীর পরিষ্কারে ব্যবহার করা হয় বিশেষ রাসায়নিক উপাদান, এবং পুরনো পাথরসমূহ পুনরায় স্থাপন করা হয় আগের নকশা অনুযায়ী। এতে মসজিদের ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্যরীতি আবারও ফুটে ওঠে।

ভবিষ্যতে মসজিদটিকে একটি কার্যকর ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এর চারপাশে কিছু সহায়ক ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন পর এই মসজিদ আবারও নামাজি ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

উল্লেখ্য, ২০০১ সাল থেকেই আজারবাইজানের মন্ত্রিসভা জিয়াসলি মসজিদকে একটি স্থানীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারক হিসেবে ঘোষণা করে। বর্তমান সময়ে এটি আগদাম অঞ্চলে ইসলামী পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

আগতাম শহরের এই মসজিদটি ১৯ শতকে নির্মিত হয়। এটি আজারবাইজানের প্রখ্যাত স্থপতি কারবালাই সাফিখান কারাবাগির (Karbala’i Safikhan Karabakhi) ডিজাইন অনুসারে ১৮৬৮-৭০ সালের মধ্যে নির্মিত হয়। আগদাম শহরটি ১৯৯৩ সালে আর্মেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়, এবং তখন থেকেই শহরটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে।
আগদাম মসজিদ ছিল কারাবাখ অঞ্চলে একমাত্র মসজিদ যা পুরোপুরি ধ্বংস না হয়ে টিকে ছিল, যদিও সেটি ভয়াবহ অবমাননার শিকার হয়। কিছু সূত্রে বলা হয়, আর্মেনীয় কর্তৃপক্ষ সেখানে পশুপালনের মতো কার্যক্রমও পরিচালনা করে।

২০২০ সালের দ্বিতীয় নাগোর্নো-কারাবাখ যুদ্ধের পরে আজারবাইজান যখন আগদাম পুনরুদ্ধার করে, তখন থেকেই মসজিদটির পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পুনর্গঠনকাজ ২০২২ সালে শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় ২০২৪ সালের মাঝামাঝি। সংস্কার কাজের সময় মূল স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনসমূহ সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়।

সূত্র: আলোকা.নেট; প্রেসিডেন্ট.আজ; আজারনিউজ

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে : নাহিদ

প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সে কারণে ২৪-এর শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্ত সম্মানটুকু পাননি।

রবিবার সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সারা দেশে আমরা পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসতেছি।
তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ-খবর নেওয়া হয়েছে। আমরা যখন সরকারে ছিলাম, তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনো হয়।
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। এবং শহীদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় সে অভিযোগগুলো শুনি।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি।
অবশ্যই শহীদ পরিবারগুলোর—শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, তার অধীনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি, আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি।
এটি আমরা স্থানীয় একজন সংগঠনের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, তা আমরা সব সময় বলছি এবং ৩ আগস্টে তা নিয়ে আমরা ঢাকায় বড় প্রগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে, ৫ আগস্টের মধ্যে দেবে।

২৩ জুলাই ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস, উদযাপনের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে বেশ কয়েকটি দেশে আন্দোলন করা প্রবাসীদের জেলে যেতে হয়েছিল। দেশে না থেকেও প্রবাসীরা জুলাই গণ-অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছেন।

তাই ২৩ জুলাইয়ে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই রেমিট্যান্স যোদ্ধা দিবস যথাযথভাবে পালন উপলক্ষে জেলা প্রশাসকের পরামর্শক্রমে আইএমটি, টিটিসি এবং ডিইএমওসমূহ নিজেদের মধ্যে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়ন করবে।

রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপনের বাস্তবায়ন প্রতিবেদন আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।

কপিল শর্মার শোতে এসে বিপাকে পরিণীতি, ছুটলেন হাসপাতালে

অনেক দিন পর্দায় নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর তাকে আর পাওয়া যায়নি। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন পর্বের অতিথি হিসেবে এসেছিলেন তিনি ও তার স্বামী রাঘব চাড্ডা। তবে এ অনুষ্ঠানটির শুটিংয়ে এসে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

পরিণীতির শাশুড়ি ওই শোর সেটে হঠাৎ অসুস্থবোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার যখন তারা এ শোর বিশেষ পর্বের রেকর্ডিংয়ে অংশ নিচ্ছিলেন, সেই সময় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুটিং চলাকালীন আচমকাই রাঘব চাড্ডার মা অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। এ ঘটনায় কিছু সময়ের জন্য শুটিং বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় রেকর্ডিং শুরু হয়।

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে একসঙ্গে এই শোতে দেখা যাবে তা আগেই প্রচার করায় এ পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এর মধ্যেই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্বামী রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে পরিণীতি চোপড়া বলেন, ও দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে, ওর সিনেমায় অভিনয় করা উচিত।

উল্লেখ্য, ২০২৩ সালে রাঘব চাড্ডা ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়েন। এর পর থেকেই তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।

ইসরায়েলি হামলায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় এসব নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে ৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আলজাজিরার।

এদিকে গতকাল শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষা করার সময় গুলিবিদ্ধ হয়ে।

এ ছাড়া ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে গাজায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে দুর্ভিক্ষে। মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু গাজা সিটির আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া।
শনিবার হাসপাতালটিতে আরো এক ব্যক্তি একইভাবে অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হাসপাতালগুলোর জরুরি বিভাগে রেকর্ডসংখ্যক ক্ষুধার্ত রোগী ভর্তি হচ্ছে এবং অবস্থা চরম সংকটময়। তারা আরো জানায়, গাজায় প্রায় ১৭ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে।

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন সুস্মিতা

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে কে? তরুণী সুস্মিতা। তিনি অভিনেত্রীও বটে। সুস্মিতা চ্যাটার্জি সৃজিতের মধ্যে কিছু কী চলছে? এমনই প্রশ্নের উদ্রেক হয়েছে। আর সেই প্রশ্নের জবাব সুস্মিতা ও সৃজিত নিজেই দিয়েছেন।
মাত্র একটা সেলফি থেকে গুঞ্জনের সূত্রপাত।

শুধু সাগরপাড়ে ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর সেই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট হয় অভিনেত্রীর প্রোফাইল থেকেই। সুস্মিতা চ্যাটার্জি সেই ছবির ক্যাপশনে লিখেছেন—’স্যার চোখের মধ্যে’।
আর এ পোস্টটি সামাজিক মাধ্যমে নিমিষেই ভাইরাল হয়। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে— সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

এ জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনে লেখা— ‘স্যার চোখের মধ্যে’ এ কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী,তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন অনেক নেটিজেন। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন।

সেদিন সমুদ্রপাড়ে ঘটেছিল শিক্ষক-ছাত্রীর এমনই মেলবন্ধন।
জানা গেছে, সেদিন সুস্মিতাকে শট, ওয়াকিং স্টাইল, পাসিং শট— পরিচালক এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে। এরপর বাড়তে থাকে তাদের সখ্যতা। মাত্র এক সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, তা নিয়েই কি বললেন সুস্মিতা? সম্প্রতি সেই পুরী থেকে ফিরেছেন দুজনেই। এদিন ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও হাজির ছিলেন তারা।

সাংবাদিকদের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। তিনি বললেন, একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা, আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।

আহত হননি শাহরুখ, ছড়ানো হয়েছে ভুয়া খবর!

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘কিং’-এর শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছেন শাহরুখ, এমন খবরে সয়লাব হয়েছিল মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শাহরুখের আহত হওয়ার খবরে দুঃখপ্রকাশ করেছেন। তবে জানা যাচ্ছে, খবরটি ভুয়া।

রবিবার (২০ জুলাই) সকালে এই খবর পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে এনডিটিভি ও বলিউড হাঙ্গামার একাধিক সূত্র। তারা বলছে, শাহরুখ খানের কোনও নতুন ইনজুরি হয়নি। অতীতে বিভিন্ন সিনেমার শুটিংয়ে তার শরীরের কিছু পেশিতে টান পড়েছিল, যা মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করে। সে কারণে নিয়মিত চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝেই যুক্তরাষ্ট্রে যান।
এবারও গিয়েছেন।

তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন। মাসের শেষে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। এখানে নতুন করে আহত হওয়ার কোনো ব্যাপার নেই।

তাহলে কী ছিল সেই ইনজুরির খবর? শাহরুখের শুটিং সেটে চোট পাওয়ার খবর প্রথম ছড়িয়ে পড়ে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনের মাধ্যমে। বলা হয়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’-এর একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় পিঠে আঘাত পান তিনি। পরে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং ডাক্তাররা এক মাসের বিশ্রামের পরামর্শ দেন।

কিন্তু এনডিটিভির প্রতিবেদন স্পষ্ট জানিয়ে দেয়, সব তথ্য ভিত্তিহীন ও গুজব। শাহরুখ সুস্থ আছেন এবং ‘কিং’ সিনেমার শুটিং পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।

স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমায় কিং খানকে দেখা যাবে এক ‘হ্যান্ডলার’-এর ভূমিকায়, যিনি এক গোপন মিশনে নিজের মেয়ে সুহানা খান সাহায্য করবেন। সুহানাই এই সিনেমার গোয়েন্দার প্রধান চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি রানি মুখার্জি থাকবেন সুহানার মায়ের চরিত্রে আর দীপিকা পাড়ুকোনকে একটি চমকপ্রদ ক্যামিওতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে।

সব ঠিক থাকলে, ২০২৬ সালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত মেগাপ্রজেক্ট। তার আগে বাদশার চোট কত দ্রুত সেরে ওঠে, সেদিকেই এখন তাকিয়ে শাহরুখ অনুরাগীরা।