মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক মর্মান্তিক বিষয় উঠে আসছে। আহতদের চিকিৎসায় অনেকেই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন আবার কিছু শ্রেণির মানুষ এই দুর্ঘটনায় নিজেদের ফায়টা লুটতে চেয়েছেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন, আহতদের চিকিৎসায় রিকশাচালক-সিএনজি চালকেরা বাড়তি ভাড়া আদায় করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী ও গায়িকা পারশা মাহজাবীন পূর্ণি।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়?

রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেলো নির্দিধায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?

এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!

বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিলো ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা।

ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?

এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি!

মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো!

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একইসঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রয়োজনে আবার হামলা করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া বা ত্যাগ করা আমাদের জন্য অসম্ভব, কারণ এটা আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন।”

তিনি বলেন, ভবিষ্যতের যেকোনও পরমাণু চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত।

এর আগে গত ২২ জুন মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রটিও ছিল। মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছিল।

আরাগচি স্বীকার করেন, এসব স্থাপনায় “গভীর ক্ষতি” হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন— ইরানের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তি ধ্বংস হয়নি। তার ভাষায়, “এই প্রযুক্তি আমাদের নিজস্ব। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরের কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে।”

এদিকে ইরানের এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আমি যা বলেছিলাম, তা-ই করেছি। আর প্রয়োজনে আবারও করবো!”

পরে তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এতে বলা হয়েছিল, মার্কিন হামলা ইরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পেরেছে। তিনি সেই প্রতিবেদনের সাংবাদিককে বরখাস্ত করার দাবিও তোলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এখনো খতিয়ে দেখছে হামলায় পারমাণবিক উপকরণ ও অবকাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে তিনি পরিষ্কার করে বলেননি, কতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষা করা গেছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি না হলেও ইরান আলোচনায় বসতে প্রস্তুত— যদি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, “আমরা যে কোনও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে প্রস্তুত, যাতে প্রমাণ করা যায় আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।”

তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাবে। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের হাতে এখনো প্রচুর ক্ষেপণাস্ত্র আছে, যা দিয়ে নিজেদের রক্ষা করতে পারি।

পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরমপন্থার পথ সুগম করবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দল দেশে হঠাৎ করেই পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। কিন্তু বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচনিব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার পথ সুগম করে দেবে। এতে করে বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি ও সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে পেশাজীবী সমাবেশ এবং শহীদ-নির্যাতিত পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

তারেক রহমান বলেন, দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার বিবেচনা করলেও দেশ ও জনগণের স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচনের জন্য বাংলাদেশ উপযোগী নয় বলেই আমরা মনে করি।
কারণ ২০২৪ সালের গণ অভ্যুত্থানেই কিন্তু সেটি প্রমাণিত হয়েছে। দেশকে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত রাখতে হলে সবচেয়ে জরুরি হলো জনগণের ঐক্য।

তারেক রহমান বলেন, সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইনকানুন দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আটকানো যায় না। আইন না মানার কারণেই কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে।
এজন্য জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রে তাদের সব রকম গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। জনগণের ক্ষমতা ও রাজনৈতিক চর্চা যদি থাকে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ শক্তিই কিন্তু যথেষ্ট। বিএনপি প্রথম থেকেই জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।

তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কথা বলছে যে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়।
কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি যে, সুকৌশলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাধার সৃষ্টি করছে। বক্তব্যের শুরুতেই রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সহায়তার জন্য বলা হয়েছে। চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ অন্যদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাদের নিয়ে টিম গঠন করা হয়েছে। আমাদের কর্মীদের স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য বলা হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরী এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব-এর মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের যৌথ পরিচালনায় বক্তব্য দেন বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন পেশায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, নূরুল ইসলাম মনি, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ নেতারা। উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানটি দ্রুত শেষ করা হয়।

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।
এডমিন।”

এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।

এছাড়া, আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতদের বেশির ভাগ শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে : হানিফ সংকেত

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত এক পোস্টে লেখেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে।
বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।

কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।
’

নির্বাচনের টানেলে ঢুকে গেছি, জনগণের দুয়ারে যান : আমীর খসরু

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কিন্তু নির্বাচনের টানেলে ঢুকে গেছি।
সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন। জনগণের দুয়ারে যান।’

সোমবার (২১ জুলাই) বিকেলে কাজির দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা নির্বাচন চায় না, তাদের প্রতি অনুরোধ, আপনি রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু আপনি নির্বাচন চান না।
তাহলে রাজনৈতিক দল গঠন করার তো কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, তাহলে আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন নেই। আপনি আজই রাজনীতি ছেড়ে দেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা প্রেসার গ্রুপের কাজ করতে পারেন।
কারণ প্রেসার গ্রুপ দরকার। রাজনীতিবিদদের সিদ্ধান্ত যদি খারাপ হয়, সিদ্ধান্তে যদি ভুল হয়, প্রেসার গ্রুপের একটা কাজ আছে। আপনি সেই দায়িত্বটা নিয়ে নেন। শুধু রাজনৈতিক দলের চেহারা দেখাবেন, কিন্তু ভোট করতে দেবেন না, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না।’

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে।
দেশের মানুষ আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য। গণতান্ত্রিক পরিবেশ তখনই প্রতিষ্ঠিত হবে, যখন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি ভিন্নমত পোষণ করেও সম্মান জানাবে, সহনশীলতা দেখাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, কিছু রাজনৈতিক দল তারা শিক্ষা নেয়নি। তারা শেখ হাসিনার কাছ থেকে ওই বদ-অভ্যাসগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে এ ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কারভাবে পরস্পরের সম্মানবোধের রাজনীতি হতে হবে, সহনশীলতার রাজনীতি হবে, একে অপরের সাথে ভিন্নমত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, উসকানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন রাজনীতি দেখতে চায়, সুষ্ঠু, সম্মানজনক রাজনীতি দেখতে চায়। সুতরাং বিএনপি সেটাকে ধারণ করে, আমরা সেই পথে চলছি। সুষ্ঠু রাজনীতির পথে চলছি, সহনশীল রাজনীতির পথে চলছি, পরস্পর সম্মানবোধের রাজনীতির পথে আমরা চলছি।’

দলের কর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে উঠান বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠান বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। ওই আগের মতো বক্তব্য দিয়ে হবে না, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে।’

সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন শুরু হয়ে গেছে। সবাই মিলে কাজ করতে হবে। যার যার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান।’

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত করা হবে : শিক্ষা উপদেষ্টা

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ‘ভালো রকমের তদন্ত’ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না।
আমরা এটাও মনে করি যে এই দুর্ঘটনার একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার, সেটাও করা হবে।’

এর আগে তিনি ক্ষতিগ্রস্ত স্কুল ভবন ঘুরে দেখেন এবং উদ্ধার তৎপরতা নিয়ে খোঁজখবর নেন।

আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭১ জন।

দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান।
’

তিনি বলেন, ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’

বিবৃতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেছেন তারেক রহমান।

‘অঘোষিত’ ফাইনালে সাগরিকার গোলে বিরতিতে বাংলাদেশ

লাল কার্ডের নিষেধাজ্ঞায় তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন মোসাম্মৎ সাগরিকা। এতে নিশ্চিতভাবেই মাঠটাকে মিস করছিলেন তিনি। বিশেষ করে নিজের করা গোলগুলোকে। কতটা মিস করছিলেন তা যেন ফেরার ম্যাচে বুঝিয়ে দিলেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিককারী।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচটি ‘অঘোষিত’ ফাইনাল। নেপালের সঙ্গে ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নামার আগে গতকালই কোচ পিটার বাটলার জানিয়েছেন, জিতেই শিরোপা উদযাপন করতে চায় বাংলাদেশ।
কোচের চাওয়া পূরণে শুরুতেই দায়িত্বটা নিজের কাঁধে নিলেন সাগরিকা। গোল করে দলকে আনন্দ উদযাপনের সুযোগ এনে দিলেন তিনি। তার গোলেই বাংলাদেশ প্রথমার্ধ শেষ করেছে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের শেষ ম্যাচ শুরু হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা দিয়ে।
এরপর ম্যাচ শুরু হতেই দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নেপালের বিপক্ষে ফেরা মোসাম্মৎ সাগরিকা নিয়েছিলেন শটটি। তবে ডান প্রান্ত থেকে তার নেওয়া শটটি কর্নারের বিনিময়ে নেপালকে রক্ষা করেন গোলরক্ষক সুজাতা তামাং।

ম্যাচের পঞ্চম মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। সতীর্থর নেওয়া কর্নার কিকে দারুণ এক হেড করেছিলেন সাগরিকা।
তবে গোললাইন থেকে নেপালের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে হতাশ হতে হয় সাগরিকাকে। ৩ মিনিট পরে অবশ্য ঠিকই জাল খুঁজে নিয়েছেন বাংলাদেশি ফরোয়ার্ড। সতীর্থর দারুণ এক পাসে গোলবার ছেড়ে বেরিয়ে আসা নেপালের গোলরক্ষককে কাটিয়ে ফাঁকাবারে বল জড়িয়ে দেন তিনি। তাতে টুর্নামেন্টের পঞ্চম গোলে ফেরাটা রাঙালেন এই ফরোয়ার্ড।

১৯ মিনিটে মিলি আক্তারের ভুলে প্রায় সমতায় ফিরেছিল নেপাল। তবে ভাগ্যেকে পাশে পায়নি তারা। সঙ্গে শেষ মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দলকে রক্ষা করেছেন বাংলাদেশের গোলরক্ষক। বাতাসে থাকা বল ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন তিনি। সুযোগ পেয়ে নেপালের এক খেলোয়াড় শট নিলেন তা বাঁ প্রান্তের পোস্টে লেগে বাধা হয়। ফিরতি সুযোগে আরেকজন শট নিলেন গোললাইন অতিক্রম করার আগেই শূন্যে লাফিয়ে তালুবন্দি করেন মিলি।

অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মুনকি আক্তার। শটটা অবশ্য গোলবারেই নিয়েছিলেন তিনি। তবে এগিয়ে আসা গোলরক্ষকের হাতে বাধা প্রাপ্ত হওয়ায় বলের গতি যায় কমে। তবুও জালে জড়াতে পারত বলটা। কিন্তু একদম শেষ মুহুর্তে কোনো মতে কর্নারের বিনিময়ে নেপালকে দ্বিতীয় গোল হজম করা থেকে বাঁচান রক্ষণভাগের এক খেলোয়াড়। পরে ম্যাচে আধিপত্য দেখিয়ে আরো বেশ কিছু আক্রমণ করলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ।