মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার ভাগ চান কারিশমা কাপুর

গত ১২ জুন মারা গেছেন অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।

জানা গেছে, সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, সোনা গ্রুপে তাঁর বেশির ভাগ অংশীদারত্ব রয়েছে। তিনিই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি পারিবারিক ঐতিহ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি কাউকে গ্রুপের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেননি বলেও উল্লেখ করেন।

দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কারিশমা কাপুরও সাবেক স্বামীর বিশাল সম্পত্তিতে একটি অংশ দাবি করছেন। তবে, কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সঞ্জয়ের মা রানি কাপুর ছেলের আকস্মিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে বর্ণনা করা হয়নি। তাঁর আইনি পরামর্শদাতা, বৈভব গাগার এএনআইকে বলেছেন, ‘আমার মক্কেলের জন্য, একজন মা হিসেবে, এটিকে নিছক একটি দুর্ঘটনা এবং কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে উড়িয়ে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। সত্য খবর শিরোনামের সঙ্গে মেলে না।
সেই সত্য স্বীকার না করা পর্যন্ত তিনি নীরব থাকবেন না।’

রানি কাপুর আরও দাবি করেছেন, তাঁর ছেলের মৃত্যুর পরপরই তাঁকে মানসিক চাপের মধ্যে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। তিনি সোনা গ্রুপের এজিএম বাতিল করার অনুরোধ করেছেন। তিনি এই সময়ে নতুন পরিচালক নিয়োগের ব্যাপারেও সতর্ক করেছেন। গাগার নিশ্চিত করেছেন, এখনো কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি।
তবে তাঁর মক্কেল প্রস্তাবিত এজিএম স্থগিত করার অনুরোধ করেছেন এবং তাঁর সমস্ত অধিকার সংরক্ষণ করেছেন।

সঞ্জয় কাপুরের শেষকৃত্য গত ১৯ জুন দক্ষিণ দিল্লির লোধি রোড শ্মশানঘাটে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তাঁরা ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর, সঞ্জয় প্রিয়া সাচদেবকে বিয়ে করেন। এই দম্পতির আজারিয়াস নামে একটি পুত্রসন্তান রয়েছে।

স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের দোরগোড়ায় সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য— ‘হেপাটাইটিস : লেটস্ ব্রেক ইট ডাউন’, যা হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।”

প্রধান উপদেষ্টা বলেন, লিভার রোগ সম্পর্কে অজ্ঞতা, সময়মতো চিকিৎসা গ্রহণ না করা এবং বিদ্যমান নানা কুসংস্কারের কারণে বাংলাদেশে লিভার রোগের প্রকোপ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন মতে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৪.৪ শতাংশ হেপাটাইটিস-বি এবং শূন্য দশমিক ৬ শতাংশ হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। দেশে প্রতিবছর বহু মানুষ হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং লিভার ফেইলিওরের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। আশার কথা, সচেতনতা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে এসব রোগ প্রতিরোধ এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপন সম্ভব।

সরকার সারা দেশের হাসপাতালগুলোর মান ও সক্ষমতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে বিনা মূল্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সেবা প্রদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী হেপাটাইটিস নির্মূলের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তবে এ লক্ষ্য অর্জনে সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

নীরব ঘাতক হেপাটাইটিস প্রতিরোধে প্রধান উপদেষ্টা দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন, গণমাধ্যম, অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

‘নিরাপত্তার কারণে’ রুশ নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল

‘নিরাপত্তার কারণে’ রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। মস্কো রবিবার এ তথ্য জানিয়েছে। তবে কী ধরনের হুমকি বা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রুশ বার্তা সংস্থাগুলো ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘সাধারণ পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এই কুচকাওয়াজটি ছিল জুলাই মাসের শেষ রবিবার পালিত নেভি ডে বা নৌবাহিনী দিবসের প্রধান আকর্ষণ, যা রাশিয়ার নাবিকদের সম্মান জানাতে উদযাপিত হয়। তবে যেসব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল, সেই শহরের স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার জানায়, এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যদিও তখনো কোনো কারণ জানানো হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে নেভি ডে পুনঃপ্রবর্তন করেন।
সোভিয়েত আমলে প্রায় চার দশক এটি বন্ধ ছিল। এক ভিডিও বার্তায় তিনি রবিবার ইউক্রেনে অভিযানরত রুশ নাবিকদের ‘সাহসিকতা’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেন।

নৌবাহিনীর বড় পরিসরের মহড়া ‘জুলাই স্টর্ম’-এ অংশগ্রহণকারী রুশ সেনাদের উদ্দেশে ভিডিও বার্তায় তিনি আরো বলেন, পুতিন এদিন আরো বলেন, ‘আমরা এবারের নৌবাহিনী দিবস কর্মব্যস্ত পরিবেশে উদযাপন করছি।’

এই মহড়া শুরু হয় গত সপ্তাহে এবং এটি বাল্টিক ও কাস্পিয়ান সাগর ছাড়াও আর্কটিক ও প্রশান্ত মহাসাগরেও পরিচালিত হচ্ছে।
এতে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন পুতিন। তিনি আরো বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ এবং আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই লক্ষ্য।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া প্রতিদিন দেশটির বিভিন্ন অংশে বোমা হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ১০০টি ইউক্রেনীয় ড্রোন শনিবার রাতে ভূপাতিত করা হয়েছে।
তাদের মধ্যে অন্তত ১০টি সেন্ট পিটার্সবার্গ শহরের কাছাকাছি এলাকায় গুলি করে নামানো হয়। এতে একজন নারী আহত হন বলে জানিয়েছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দার দ্রোজদেঙ্কো।

এই ড্রোন হামলার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয় এবং অনেকগুলো ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর পুতিনও রবিবার সেন্ট পিটার্সবার্গে সফররত ছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন।

ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শ করলেন গিল

‘জাদুর কাঠিই’ যেন পেয়েছেন শুবমান গিল। ভারতের টেস্ট অধিনায়কত্ব পেয়ে যে অবিশ্বাস্যভাবে জ্বলে উঠেছেন তিনি। রানের ফোয়ারা ছুটাচ্ছেন ২৫ বছর বয়সী ব্যাটার।

ব্যাট হাসায় একের পর এক কীর্তিতে নাম তুলছেন গিল।
তেমনি এক কীর্তির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি। ম্যানচেস্টার টেস্টের আজকের সেঞ্চুরিটি সিরিজে তার চতুর্থ।

গিলের আগে এই কীর্তি গড়েছেন দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কার।
প্রথম এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ মৌসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৪ সেঞ্চুরি হাঁকান তিনি। আর গাভাস্কার তার কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৭৮-৭৯ মৌসুমে তিনিও ঘরের মাঠে ৪ সেঞ্চুরি হাঁকান।

গিল কীর্তিটা গড়লেন পরের মাঠে। ইংল্যান্ডের বিপক্ষে এখনো এক টেস্ট বাকি থাকায় সুযোগ থাকছে দুই কিংবদন্তিকে পেছনে ফেলার। অধিনায়ক হিসেবে যেমন তৃতীয় ঠিক তেমনি ভারতীয় ব্যাটার হিসেবেও তৃতীয় তিনি। তার আগে ৪ সেঞ্চুরি হাঁকিয়েছেন গাভাস্কার (২) ও বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে আরেকটি তালিকাতেও কিংবদন্তিদের পাশে বসেছেন গিল।
এক সিরিজে ৭০০ প্লাস রান করার কীর্তিতে। তার আগে এই কীর্তি গড়েছেন- ব্র্যাডম্যান (২ বার), স্যার গ্যারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ ও গ্রায়েম স্মিথ। বর্তমানে গিলের রান ৭২২। আজ ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১০৩ রানের।

পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

৩৫৪৬

তা ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল

নোবলে জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেড় দশক আগের এক মানহানির মামলার কার্যক্রম বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রবিবার (২৭ জুলাই) খারিজ করে দিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ। ড. ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্ষ্টো।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।’

২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বিদেশি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।
’ তাঁর এই বক্তব্যে মানহানির অভিযোগ এনে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ওই বছর ২১ জানুয়ারি ময়মনসিংহের আদালতে একটি মানহানি মামলা করেন। সেদিন ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ সমন জারি করেন। পরে ড. ইউনূস সমন জারির চার বছর পর ওই আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নেন। পরে ২০১১ সালে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
ওই সময় হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করেছিলেন। গত বছর ২১ নভেম্বর হাইকোর্ট সেই রুল অ্যাবস্যুলিউট (যথাযথ) ঘোষণা করে মামলার কার্যক্রম বাতিল করেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় রবিবার আবেদনটিতে শুনানির পর তা খারিজ দেন সর্বোচ্চ আদালত।

বাবার যে উপদেশ শুনে আফসোস হলো সালমানের

বরাবরই বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের বাইরে ভাইজানের ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন।

তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের।
ভক্তদের সঙ্গে সেটা শেয়ারও করলেন।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে সালমান খান লিখেছেন, ‘আজ যা বর্তমান কাল তা হয়ে যাবে অতীত, অতীত আমাদের নিয়ে যায় ভবিষ্যতের দিকে। বর্তমান হলো একটি উপহার। বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করো।
বারবার ভুল করতে থাকলে এক সময় সেটা অভ্যাস হয়ে যায়। আর অভ্যাসটা একপর্যায়ে হয়ে যায় চরিত্র। কাউকে দোষারোপ কোরো না। তুমি যেটা করতে চাও না, তোমাকে দিয়ে কেউ সেটা করাতে পারবে না।
’

সালমানকে এ উপদেশ দিয়েছেন তার বাবা ৮৯ বছর বয়সী সেলিম খান। পোস্টে সেটা জানিয়ে খানিকটা আফসোস নিয়েই ভাইজান লিখেছেন, ‘মাত্রই আমার বাবা এই কথাগুলো আমাকে বললেন। খুবই সত্য কথা। যদি আমি কথাগুলো আরও আগে আমার কানে আসত! তবে খুব বেশি দেরি হয়ে যায়নি। এখনও সময় আছে।
’

সালমানের এই সরল স্বীকারোক্তি এবং সেলিম খানের দার্শনিক উক্তি বেশ পছন্দ করেছেন ভক্তরা। অনেকে আবার জল্পনাকল্পনা করছেন, এটা কি সালমানের ব্যক্তিগত অনুশোচনা? নাকি জীবন সম্পর্কে একটি স্বাভাবিক উপলদ্ধি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে?

সালমান খান সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে এই পোস্টে সততার সঙ্গে যে আত্মউপলদ্ধি প্রকাশ করেছেন, তা ব্যাপক প্রশংসিত হচ্ছে ভক্তদের মাঝে।

সালমানকে আগামীতে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায়। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় সালমান অভিনয় করবেন একজন সৈনিকের ভূমিকায়। ব্যাটল অব গালওয়ানে সালমানের নায়িকা চিত্রাঙ্গদা সিং।

জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একাধিক ড্রোন শনাক্ত

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সেখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।

নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটর স্থানীয় সময় শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে।

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ বলে এনআরএ ও পুলিশ জানিয়েছে।

এনআরএর এক মুখপাত্র বলেছেন, ‘ঘটনাটি জানার পর কোনো অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনো ড্রোনও পাওয়া যায়নি।’

পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে তা জানা যায়নি।

এদিকে কিউশু ইলেকট্রিক পাওয়ার কম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে।

২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তন করে বিদ্যুৎকেন্দ্রের অন্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়। ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।

একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাদ পড়ে গেছে আলোচিত ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প।’

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একনেক সদস্যরা।

সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন, ৪টি সংশোধিত এবং ২টি কেবল মেয়াদ বাড়ানোর প্রকল্প। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ২৮ লাখ টাকা ধরা হয়েছে।

জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত।
এটা ভালো উদ্যোগ, আরো পরিকল্পিতভাবে এগোতে চাই আমরা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী নদীর তীরঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, দেশের গুরুত্বপূর্ণ এলাকায় ২০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও কোস্ট গার্ডের জন্য লজিস্টিক সুবিধা গড়ে তোলা। এছাড়া গ্রামীণ স্যানিটেশন, বহদ্দারহাট খাল খনন, রেলপথ রক্ষণাবেক্ষণ, মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নও প্রকল্প তালিকায় রয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়বর্ধক প্রশিক্ষণ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে লোক ও কারুশিল্প জাদুঘর সম্প্রসারণ, কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা এবং বিদ্যুৎ বিভাগের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পও এদিন অনুমোদিত হয়।

এছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে অনুমোদিত ১৮টি প্রকল্পের বিস্তারিত একনেক সদস্যদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে: গ্রাম সড়ক পুনর্বাসন, ইলিশ সম্পদ উন্নয়ন, হাতি সংরক্ষণ, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, ঢাকা উত্তর ও রাজশাহী নগরীর অবকাঠামো উন্নয়নসহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প।

শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

নতুন করে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওয়াশিংটনে ২৯ ও ৩০ জুলাই দুপক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে এটি তৃতীয় আলোচনা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আগের দুই দফার আলোচনা ইতিবাচক ছিল বলে আমরা মনে করি। এবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে মূল বৈঠক হবে। আশা করছি, এবারের আলোচনাতেও ভালো কিছু হবে।

১ আগস্টের আগেই ইতিবাচক কোনো ঘোষণা পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।