মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি দেওয়া হয়েছে। এসবির আশঙ্কা, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতার ঘটনা ঘটাতে পারে। তাই পুলিশের বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

এসবি আরও আশঙ্কা করছে, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব বিষয় মাথায় রেখে সোমবার (২৮ জুলাই) দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি চিঠিটিতে স্বাক্ষর করেন।

এই চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বৃদ্ধি করতে বলা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে।

এসব বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে-বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় ‌‘বিরতি’র ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলায় ‘বিরতি’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই ঘোষণার পরেও ইসরায়েলের আগ্রাসনে গাজাজুড়ে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মধ্য ও উত্তর গাজার আল-মাওয়াসি, দেইর এল-বালাহ এবং গাজা সিটিতে সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখবে। তারা সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে খাদ্য ও চিকিৎসা কনভয়ের জন্য নির্ধারিত সাহায্য করিডোর খোলা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা আবার শুরু হয়। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল এবং সেখানে ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান বন্ধ করতে চলেছে।

ওই এলাকার ফিলিস্তিনিরা জানিয়েছে, একটি বেকারি টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। এর আগে আন্তর্জাতিক চাপের কারণে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ইসরায়েল।

অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশপথে খাদ্য ও ওষুধ পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল। পাশাপাশি, অঞ্চলটিতে নির্দিষ্ট মানবিক করিডোর খোলা হবে বলেও জানায় তারা।

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি গভীরতর হওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে এমন পদক্ষেপ নিয়েছে তেলআবিব। গত ২ মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। তবে মে মাসের শেষদিকে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়।

জুলাইয়ের সত্যকে কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাইয়ে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে সত্য। কিন্তু সত্যকে অবলম্বন করে সত্যের সত্যকে নিয়ে যদি আমরা আমাদের ন্যারেটিভ নির্মাণ না করি তাহলে একসময় আমাদের এ গল্পগুলো হারিয়ে যাবে। ফলে জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে।

রোববার (২৭ জুলাই) রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক জুলাই অভ্যুত্থান সম্মেলন আই সি জে আর-১, ২০২৫ এর সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ন্যারেটিভ তৈরির কাজগুলো আমরা সরকারের তরফ থেকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু সেগুলো মোটেও সরকারিভাবে নয়। আপনারা যদি আমাদের কাজগুলো দেখে থাকেন তাহলে আপনার এটি বুঝতে পারবেন।

পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আমাদের কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। তবে অল্প সময়ে এতো কাজ করা সম্ভব নয়। তাই আমি বিশ্বাস করি যে আমাদের পরে যারা আসবেন তারা এই কাজ চালিয়ে যাবেন।

অনুষ্ঠানে ‘লাল জুলাই’ মঞ্চ নাটকটি উপস্থাপন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বিশেষ অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, জুলাই আমাদের সম্পদ। এই সম্পদ আমাদের সংরক্ষণ করতে হবে। জুলাইকে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিসহ সব অঙ্গনে টিকিয়ে রাখতে হবে। জুলাই নিয়ে ন্যারেটিভ নির্মাণ করতে হবে এবং আরও প্রাসঙ্গিক করে তুলতে হবে। সেই প্রচেষ্টা থেকেই আজকের এই আয়োজন।

স্পেনের স্বপ্ন চুরমার করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পেনের স্বপ্ন চুরমার করে টানা দ্বিতীয়বার নারী ইউরোচ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে ইংল্যান্ড। ১২০ মিনিটের লড়াই শেষে প্রথমবার ফাইনালে ওঠা স্পেনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে ২০২২ আসরে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইংলিশ মেয়েরা।

১-১ সমতায় খেলা শেষ হওয়ার পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে অবতীর্ণ হয় স্পেন-ইংল্যান্ড। কলোই কেলি শিরোপা নির্ধারক শ্যুটে গোল করে ইংল্যান্ডকে জিতিয়ে দেন।

এবারের আসরে ইংল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অসাধারণভাবে প্রত্যাবর্তন করেছে। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল টাইব্রেকারে এবং সেমিফাইনালে ইতালিকে অতিরিক্ত সময়ে কেলির অবিশ্বাস্য গোলের মাধ্যমে হারিয়েছিল।

সুইজারল্যান্ডের জ্যাকব পার্ক স্টেডিয়ামে বিশ্ব ও নেশনস লিগ চ্যাম্পিয়ন স্পেন ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায়। ওনা বাতিয়ের ক্রসে মরিওনা ক্যালদেন্তে হেড করে ইংল্যান্ড গোলরক্ষক হান্না হ্যাম্পটনকে পরাস্ত করেন।

সেমিফাইনালে ইতালির বিপক্ষে জয়ের নায়ক কেলি দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। এতে ইংল্যান্ডের ফুটবলাররা অনুপ্রেরণা পান। কেলি ইংল্যান্ডের দুর্বল বাম দিকটা মজবুত করেন এবং ৫৭ মিনিটে আলেসিয়া রুসোর হেডে সমতাসূচক গোলের জন্য নিখুঁত ক্রসটি দেন। ফলে ১-১ সমতায় ফেরে দুই দল।

ফাইনাল হেরে হতাশ স্পেনের আইতানো বোনতামি (বাঁয়ে) ও মারিয়ানা ক্যালদেন্তে। ছবি: সংগৃহীত

স্পেন বলের দখলে আধিপত্য ধরে রাখে। কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে বারবার আক্রমণ করেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় এবং খেলা ১-১ গোলে শেষ হয়।

টাইব্রেকারে স্পেন দারুণ শুরু করে, যখন ইংল্যান্ডের বেথ মিডের শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক কাতা কোল। তবে ইংল্যান্ডের গোলরক্ষক হ্যাম্পটন ক্যালদেন্তে ও আইতানা বোনমাতির শট ঠেকিয়ে ম্যাচে ইংল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান।

লিয়া উইলিয়ামসনের শট এক হাতে ঠেকিয়ে কোল স্পেনকে আবারও লড়াইয়ে ফেরান। কিন্তু স্পেনের পরিবর্তিত খেলোয়াড় সালমা পারালুয়েলো তার শটটি গোলবারের বাইরে দিয়ে মেরে দেন।

এরপর ইংল্যান্ডের কেলির সামনে আসে আরেকবার ইতিহাস গড়ার সুযোগ। ২০২২ সালে যেভাবে তিনি অতিরিক্ত সময়ে জার্মানির বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন, এবারও তিনি একই কীর্তি গড়েন।

কেলি দৌড়ে এসে বল জালে জড়িয়ে দিলে আনন্দে আত্মহারা হয়ে উদযাপন শুরু করে সতীর্থরা।

কেলি বলেন, আমি খুবই গর্বিত, এই দলটির অংশ হতে পেরে, এই ব্যাজ গায়ে ধারণ করতে পেরে এবং ইংরেজ হতে পেরে। আমি শান্ত ছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম এবং জানতাম বল জালে যাবে।

এই ফাইনাল ছিল ১৯৮৪ সালের পর প্রথমবার, যেটি পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। সে বছর ইংল্যান্ড সুইডেনের কাছে হেরেছিল।

উচ্ছ্বসিত ইংলিশ গোলরক্ষক হান্না হ্যাম্পটন বলেন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই টুর্নামেন্টে আমরা বারবার দেখিয়েছি যে আমরা পেছনে পড়লেও ফিরে আসতে পারি, আমাদের মাঝে সেই লড়াকু মানসিকতা আছে। আমাদের রক্তে ইংরেজ স্পিরিট আছে। আমরা কখনো হার মানি না, আর আজকেও আমরা তা প্রমাণ করেছি।”

স্পেনের তারকা বোনমাতির জন্য এই হার ছিল বেদনাদায়ক। তিনি বলেন, সত্যি বলতে আমার মধ্যে কোনো আবেগ আর অবশিষ্ট নেই। আমি নিজেকে পুরোপুরি নিঃশেষ করেছি। আমরা সবাই ক্লান্ত। আমাকে দুঃখ প্রকাশ করতে হবে। কারণ শেষ পর্যন্ত আমারই দোষ ছিল, আমি গোল করতে পারিনি। তবে প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। আমার মতে আমরা ম্যাচে ভালো খেলেছি, কিন্তু ফুটবলে অনেক সময় তা যথেষ্ট নয়।

নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তাকে বদলি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৭১ জন কর্মকর্তাকে বদলি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা বদলির আদেশ জারি করা হয়েছে।

বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৪ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। বদলিকৃত ৭১ নির্বাচন কর্মকর্তার বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক করা হয়েছে।

বাণিজ্য ঘাটতি কমানোর ফর্মুলায় সরকার

বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৮ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। দেশটি বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির পরিমাণ ২ বিলিয়ন ডলারের কিছু বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতে উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন উচ্চমানের গম আমদানির চুক্তি করা হয়েছে। শুল্কের চাপ কমাতে ২৫টি

বোয়িং বিমান কিনছে সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আসে তার মধ্যে রয়েছে কৃষিপণ্য (খাদ্যশস্য, বীজ, সয়াবিন, তুলা, গম ও ভুট্টা), যন্ত্রপাতি এবং গাড়ি, পেট্রোলিয়াম, লোহা ও ইস্পাত ইত্যাদি পণ্য।
আর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যায় তার মধ্যে রয়েছে তৈরি পোশাক, জুতা, টেক্সটাইল সামগ্রী, কৃষিপণ্য ইত্যাদি। শুল্ক কমানোর দরকষাকষিতে সুবিধা পেতে বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা শতাধিক পণ্যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দরকষাকষিতে সুবিধা পেতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার। এর আগে যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন করে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় কাজ করা হচ্ছে।
ওয়াশিংটনে দুই দফা আলোচনা হয়েছে। এ ছাড়া অনলাইনেও মিটিং হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে ২৩ জুলাই যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত অবস্থান জানায় বাংলাদেশ। তাদের সব খসড়ার জবাব দেওয়া হয়েছে, বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে। ১ আগস্টের আগে ওয়াশিংটনে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ-ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা) অফিসে সরাসরি বৈঠক হবে। বৈঠকে থাকবেন বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িংয়ের অর্ডার দিয়েছে। ভারত, ভিয়েতনাম ১০০টি করে অর্ডার দিয়েছে। ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি। এরকম অর্ডার বিভিন্ন দেশ দিয়েছে। বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে। অর্ডারের বোয়িং পেতে অনেক সময় লাগবে। বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার। আগামী দুই-এক বছরের মধ্যে হয়তো কিছু বিমান পাওয়া যাবে। বাংলাদেশ বিমানের বহর বাড়াতে হবে। এই পরিকল্পনা সরকারের আগে থেকেই ছিল। আগে ১৪টি বোয়িংয়ের অর্ডার ছিল। রেসিপ্রোক্যাল ট্যারিফ ইস্যুতে ২৫টি করা হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির চুক্তি করেছি। বেসরকারি খাতের ব্যবসায়ীরা সয়াবিন আমদানির চিন্তা করছে। সেজন্য তারা বসবে। সরকার যখন ইউএসটিআর এর সঙ্গে বসবে, তখন বেসরকারি খাতের ব্যবসায়ীরাও যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলসংশ্লিষ্টদের সঙ্গে বসবেন। আশা করি, তাদের মধ্যেও একটি সমঝোতা হবে। আগেই তাদের তুলা কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখনো তুলা তাদের কাছ থেকে আমদানি করা হয়। তবে সেটি এখন কমে গেছে। এভাবেই প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়বে।

গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে এক লাখেরও বেশি শিশু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধের কারণে খাদ্যসংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উপত্যকাটিতে দুই বছরের কম বয়সী এক লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

টানা ১১ সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে গাজায় খুব সামান্য পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।
এ ছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার তিন ভাগের এক ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছে। গাজায় খাদ্যসংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় থেকে গত শনিবার জানানো হয়েছে, ফর্মুলা দুধ সরবরাহ না করা হলে আসন্ন মৃত্যুঝুঁকিতে রয়েছে দুই বছরের কম বয়সী ১০ লাখের বেশি শিশু।
তাদের মধ্যে ৪০ হাজার শিশুর বয়স এক বছরের কম।

ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা। চরম দুর্দশায় রয়েছেন গাজার মায়েরাও। অপুষ্টির কারণে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছেন না তারা।
খাবারের এই হাহাকারের মধ্যে আজ রবিবার অনাহারে আরো পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত মার্চে গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহারে ও অপুষ্টিতে অন্তত ১২৭ ফিলিস্তিনির মৃত্যু হলো। তাদের মধ্যে ৮৫ জনের বেশি শিশু। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি।

এদিকে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হচ্ছে বলে গতকাল জানিয়েছে ইসরায়েল। উত্তর গাজায় এমনই একটি ত্রাণের বাক্স একটি তাঁবুর ওপর পড়ে অন্তত ১১ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। মিসর থেকেও রাফা ক্রসিং হয়ে ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ শুরু করেছে।

এদিকে গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ ‘হান্দালাকে’ বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জাহাজটির আরোহীদের ‘অপহরণ’ করা হয়েছে। ওই সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল।

ত্রাণ সরবরাহের পথ সহজ করার সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি হামলায় ও গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ খবরটি জানিয়ে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, নিহতদের একাংশ হামলার সময় ত্রাণকেন্দ্রের কাছে অবস্থান করছিল।

৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

বাংলাদেশে ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার। সৌদি সরকারের রাজকীয় গ্রান্ট থেকে এ অর্থ দেওয়া হবে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

রবিবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ তথ্য জানান বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণের কাজ যথাদ্রুত সম্ভব শুরু করা হবে।
ইতিমধ্যে কয়েকটি বিভাগ থেকে এ মসজিদ নির্মাণের বিষয়ে জমির প্রস্তাব পাওয়া গেছে। বাকিগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে এদেশের প্রায় ৩২ লাখ লোক সৌদি প্রবাসী।
তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। ঠিক একইভাবে সৌদি সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নে সেদেশে কর্মরত বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে।

এ বছর অত্যন্ত সুন্দর ও সাবলীল হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকার ও সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি আগামী বছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কতিপয় বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুমের সংখ্যা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং মিনার তাঁবুতে বিছানার সাইজ বাড়ানোর বিষয়ে উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত এ সব প্রস্তাবের বিষয়ে তাঁর দেশের সরকার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করার আশ্বাস দেন। এ ছাড়া তিনি বাংলাদেশ উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো মজবুত ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি ট্যাগ সংযোজন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ সময় ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ

যেকোনো পরিস্থিতিতে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত সংলাপের দ্বিতীয় ধাপের ১৯তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, কমিশনের আলোচ্য ১৮টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও এর মধ্যে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি এবং তিনটি বিষয়ে আলোচনা অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, ওই সাতটির মধ্যে একটি ইস্যু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং কমিশন যত দ্রুত সম্ভব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।

এ ছাড়া আরও তিনটি সংস্কার ইস্যু এখনো আলোচনার জন্য তোলা হয়নি বলেও জানান অধ্যাপক রিয়াজ।

এদিকে, রবিবারের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, আজ তিনটি ইস্যু আলোচনায় এসেছে, যার মধ্যে পুলিশ কমিশন গঠন একটি একেবারে নতুন প্রস্তাব।

এছাড়াও সংলাপের এই পর্বে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। সেগুলো হলো: রাষ্ট্রের মৌলিক নীতিমালা এবং নাগরিকদের মৌলিক অধিকার প্রসার।

হঠাৎ আমির খানের বাড়িতে ২৫ আইপিএস কর্মকর্তা

হঠাৎ করেই বলিউড তারকা আমির খানের বাড়িতে হাজির হলেন ২৫ জন আইপিএস কর্মকর্তার একটি দল। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবনের বাইরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যায়, পুলিশের একাধিক গাড়ি ও একটি বাস আমির খানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল আমির খানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন।
যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয় নানা রকম আলোচনা। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সরফরোশ ২-এর প্রস্তুতি চলছে।’ আরেকজন লেখেন, ‘আমিরের বাড়িতে নিশ্চয়ই নিমন্ত্রণ ছিল।
’ কেউ আবার মন্তব্য করেন, ‘সিতারে জামিন পর’-এর প্রচারের অংশ হিসেবেই হয়তো এই সফর।

তবে ২৫ জন আইপিএস কর্মকর্তার এই সফর কি ব্যক্তিগত নাকি পেশাগত, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আমির খানের প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘সিতারে জামিন পর’ গত মাসে মুক্তি পায়। শিশুকেন্দ্রিক এই সিনেমাটি দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে।
বর্তমানে তিনি কাজ করছেন ‘লাহোর ১৯৪৭’ নামক একটি দেশাত্মবোধক ছবির পোস্ট-প্রোডাকশনে। এতে অভিনয় করেছেন সানি দেওল।