মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

টেবিল টেনিসের দায়িত্বে থাইল্যান্ডের কোচ

সামনে টেবিল টেনিসের বেশ কটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। সেই সব টুর্নামেন্টে ভালো করতেই আজ নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। নতুন কোচ পাত্তারাতর্ন পাসারা হচ্ছেন থাইল্যান্ডের সাবেক খেলোয়াড়।

পাসারাকে অবশ্য এখনোই দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দিচ্ছে না ফেডারেশন।
বর্তমানে তাকে ২ মাসের জন্য দায়িত্ব দিচ্ছে। পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা রয়েছে।

থাইল্যান্ডের হয়ে ২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষের দলগত ইভেন্টে সোনা জেতেন পাসারা। ২৫ বছর বযসী কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিটিটিএফের সাধারণ সম্পাদক মাকসুট সনেট বলেছেন, ‘চীনা কোচ নেওয়ার চেষ্টা করেও আমরা সফল হইনি।
তাই থাইল্যান্ড থেকে কোচ আনার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় সরাসরি থাই কোচের অধীনে অনুশীলন শুরু করবে। আর বাকিরা স্থানীয় কোচদের সঙ্গে প্রশিক্ষণ চালিয়ে যাবে।’

পাসারার অধ্যায় শুরু হবে আগামী অক্টোবরে।
বাহরাইনে তৃতীয় ইয়ুথ গেমস দিয়ে। এরপরে নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবে বাংলাদেশ। আর জানুয়ারিতে পাকিস্তানে হবে দক্ষিণ এশিয়ান গেমস।

মেসির চোট গুরুতর কিছু হবে না, আশা আলবা-মাসচেরানোর

লিগস কাপে নাটকীয় এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মেক্সিকান ক্লাব নেকাখসার বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় পেয়েও উপভোগ করতে পারছেন না মায়ামির ফুটবলাররা। উদযাপন করবেন কিভাবে?

দলের অধিনায়কই যে চোটে পড়েছেন। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ায় তাই স্বস্তিতে নেই মায়ামি।
তবে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আশা করছেন, শিষ্যর চোট যেন গুরুতর না হয়। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ঘরের মাঠ চেস স্টেডিয়ামে নাকাখসার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৭ মিনিটে চোট পান মেসি। ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় নাকাখসার দুই ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খান আটবারের ব্যালন ডি’অর জয়ী।
মাসলের চোট নিয়ে পরে ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে ম্যাচ শেষে মাসচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি গুরুতর কিছু হবে না। কারণ সে খুব একটা ব্যথা পায়নি।
তবে সে কিছু একটা অনুভব করছে।’

মেসির চোটের বিষয়ে কোচ মাসচেরানোর সুরেই কথা বলেছেন ডেভিড আলবা। স্পেনের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘বিশ্বের এবং ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পাওয়ায় পুরো দল খুবই ব্যথিত। সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক।
আশা করি, গুরুতর কিছু নয়। তাকে আমাদের প্রয়োজন।’

চোট পেয়ে মেসি মাঠ ছাড়লেও মায়ামিকে ঠিকই জয় এনে দিয়েছেন তার সতীর্থরা। নির্ধারিত সময়ের খেলায় অবশ্য নয়, টাইব্রেকারে। ২-২ গোলে সমতা শেষে ৫-৪ গোলের টাইব্রেকারে জয় পায় মায়ামি। নাকাখসার থমাস বাদলোনিনির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রোক্কো রিওস নোভো।

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু

ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এ ঘটনায় আরো অন্তত ৭৪ জন নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ রবিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপীয় নাগরিক ছিলেন এবং এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়।

তিনি বলেন, মাত্র ১২ জন এই নৌকাডুবি থেকে বেঁচে ফিরেছেন। ৫৪ জনের মরদেহ খানফার জেলায় উপকূলে ভেসে এসেছে এবং আরো ১৪ জনের মৃতদেহ অন্য একটি স্থানে পাওয়া গেছে, যেগুলো স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

ইয়েমেনি স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল, ৫৪ জন নিহত হয়েছেন।

জাঞ্জিবার স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, নিহতদের শাকরা শহরের কাছে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

হর্ন অব আফ্রিকা ও ইয়েমেনের মধ্যকার জলপথ দীর্ঘদিন ধরেই শরণার্থী ও অভিবাসীদের জন্য বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পথে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা আরো বেড়েছে।

যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা

গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি বলে ধারণা করা হচ্ছে। খবর টিআরটি গ্লোবাল।

২০২৩ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।
বিশেষজ্ঞদের অভিমত, গাজায় গণহত্যা ও সহিংসতার সঙ্গে আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত।

এদিকে নিজ বাহিনীর জনশক্তির ভারসাম্য রক্ষা এবং জনগণের মধ্যে গাজায় হামলার বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। অনেক রিজার্ভ সেনা পুনরায় দায়িত্বে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশ রিজার্ভ সেনা দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-কে জানিয়েছেন, এই সংখ্যা ৬০ শতাংশের মতো।
সে হিসাবে প্রায় এক লাখ সেনা পুনরায় কাজে আসেননি।

পাকিস্তানে ইরানি প্রেসিডেন্ট, একাধিক দ্বিপক্ষীয় চুক্তি সই

পাকিস্তান ও ইরান শান্তি ও আঞ্চলিক সমৃদ্ধির স্বার্থে ওদ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে একাধিক চুক্তিতে সই করেছে। পাশাপাশি ‘সন্ত্রাসবাদ’ দমনে দুই দেশ আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। রবিবার স্বাক্ষরিত এই চুক্তিগুলোতে জ্বালানি, বাণিজ্যসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের দুই দিনের পাকিস্তান সফর চলাকালে এসব চুক্তি হয়।
দুই দেশই সম্প্রতি আঞ্চলিক শত্রুদের সঙ্গে উত্তেজনামূলক পরিস্থিতিতে জড়িত ছিল।

যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমরা ১০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছি এবং যত দ্রুত সম্ভব এটি অর্জন করার আশা করছি।’

এ ছাড়া শেহবাজ শরিফ জাতিসংঘের সনদের আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করে বলেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপে ঘটে যাওয়া ১২ দিনের সংঘাতের ‘কোনো যৌক্তিকতা নেই’।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদ নির্মূলে কার্যকর পদক্ষেপ’ নেওয়া হবে এবং আঞ্চলিক সমৃদ্ধির পথ প্রশস্ত করা হবে।
এ বছরের শুরুর দিকে পাকিস্তান ও ভারতের মধ্যে পঞ্চম পূর্ণাঙ্গ যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল, যা কয়েক দিনের মারাত্মক বিমান হামলার পর এক যুদ্ধবিরতিতে থামে।

অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমরা সহজেই অল্প সময়ের মধ্যেই আমাদের বর্তমান তিন বিলিয়ন ডলারের বাণিজ্যকে ১০ বিলিয়নে উন্নীত করতে পারব।’

তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের’ সময় ইরানকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিশ্লেষক আম্মার হাবিব খান আলজাজিরাকে বলেছেন, ইরান-পাকিস্তানের মধ্যকার অনানুষ্ঠানিক বাণিজ্য হয়তো আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বাড়তে পারে।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যেই যেটা (বাণিজ্য) হচ্ছে, হোক সেটা তেল, গ্যাস কিংবা অন্য কিছু, সেই অনানুষ্ঠানিক বাণিজ্যকে কিভাবে আনুষ্ঠানিক কাঠামোয় আনা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

এই বিশ্লেষক আরো বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হলে ইউরোপ পর্যন্ত একটি কার্যকর ও যুক্তিসঙ্গত লজিস্টিকস ট্রেড রুট তৈরি হতে পারে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান শনিবার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ পাকিস্তান সফরে যান। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীও রয়েছেন।

উত্তেজনাপূর্ণ সম্পর্ক
পেজেশকিয়ান পারস্পরিক সীমান্তে নিরাপত্তা হুমকি মোকাবেলায় ভালো সীমান্ত ব্যবস্থাপনা ও সহযোগিতার আহ্বান জানান।
জবাবে শরিফ বলেন, ইসলামাবাদ ও তেহরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক অবস্থানে আছে এবং পাকিস্তান বা ইরানে এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

শরিফ আরো বলেন, ‘আমাদের সীমান্ত রক্ষা করতে হবে এবং শান্তি ও উন্নয়নের পথ খোলার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

পাকিস্তান ও ইরানের মধ্যে সম্পর্ক প্রায়অ টালমাটাল থাকা। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে পারস্পরিক ক্ষেপণাস্ত্র হামলার পর সেই উত্তেজনা চূড়ায় পৌঁছয়। ইসলামাবাদ থেকে আলজাজিরার কামাল হায়দার জানান, উভয় দেশেই সন্ত্রাস দমন ও সহিংসতা ঠেকাতে যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। সব ধরনের উত্তেজনা সত্ত্বেও দুই দেশ কূটনৈতিক দরজা খোলা রেখেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মে মাসে পাকিস্তানে সফর করেন, যখন ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ছিল। ইরান-ইসরায়েল সংঘর্ষের সময় ইরানের আত্মরক্ষার অধিকারকে পাকিস্তান সমর্থন জানায় এবং পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করে।

পাকিস্তান ও ইরানের নেতারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইসরায়েলের হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, আইন ও বিচার, জলবায়ু পরিবর্তন ও পর্যটন খাতে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকেও সই হয়েছে।

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনা নিয়ে ক্ষোভ

ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-ভির রবিবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন ও সেখানে প্রার্থনা করেছেন। এ ঘটনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে একটি আল-আকসা মসজিদ ঘিরে কয়েক দশকের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে।

তার পরিদর্শনের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বেন-ভির অধিকৃত পূর্ব জেরুজালেমের টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণে ইহুদি ধর্মের প্রার্থনা পরিচালনা করছেন। তার এ স্থানে প্রার্থনা করা দীর্ঘদিনের একটি চুক্তি ভঙ্গ করে।
চুক্তি অনুসারে ইহুদিরা সেখানে যেতে পারে, কিন্তু প্রার্থনা করতে পারে না।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে কেবল মুসলিমদের উপাসনার অনুমতির সমঝোতা চুক্তি বজায় রাখার ব্যাপারে ইসরায়েলের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

প্রাঙ্গণের তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা জর্দান বেন-ভিরের সর্বশেষ পরিদর্শনকে ‘একটি অগ্রহণযোগ্য উসকানি’ বলে অভিহিত করেছে।

হামাস বলেছে, ‘এটি আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনের তীব্রতা বৃদ্ধি।
’ অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র বলেছেন, ‘এ সফর সব রেড লাইন অতিক্রম করেছে।’

এ স্থানটি ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান, কারণ এখানে বাইবেলে উল্লেখিত দুটি মন্দির ছিল। এটি মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। মুসলিমরা বিশ্বাস করে, এখান থেকেই নবী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইসরায়েল মসজিদটি জর্দানের কাছ থেকে দখল করে নেয়। তবে সমঝোতা চুক্তি অনুসারে, জর্দান এখনো এ জায়গার তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে ও ইসরায়েল জায়গাটির প্রবেশাধিকার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।

ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি চুক্তি লঙ্ঘনের পদক্ষেপ নেওয়ার অভিযোগ করে ও সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি দর্শনার্থীদের প্রায়ই ইসরায়েলি পুলিশের বাধা ছাড়াই প্রার্থনা করতে দেখা গেছে বলেও অভিযোগ করে।

এই স্থানটি পরিচালনাকারী ওয়াকফ জানিয়েছে, মসজিদ প্রাঙ্গণে রবিবার সকালে আরোহণকারী এক হাজার ২৫০ জন ইহুদির মধ্যে বেন-ভিরও ছিলেন।

উগ্র জাতীয়তাবাদী বেন-ভির জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুলিশের তত্ত্বাবধান করেন।
তিনি এর আগেও প্রাঙ্গণে পরিদর্শন করেছেন। তবে টাইমস অব ইসরায়েল বলেছে, এ প্রথমবার তিনি সেখানে মুক্তভাবে প্রার্থনা করেছেন। প্রাঙ্গণে প্রবেশ ও পরিদর্শনের সময় পুলিশ অফিসাররা তার পাশে ছিলেন।

এক বিবৃতিতে বেন-ভির বলেছেন, সম্প্রতি হামাস কর্তৃক প্রকাশিত জিম্মিদের ‘ভয়ংকর’ ভিডিও ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টির লক্ষ্যে ছিল। তিনি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

এ ছাড়া বেন-ভির ইসরায়েলের প্রতি পুরো গাজা উপত্যকা দখলের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায় অভিবাসনে’ উৎসাহিত করার আহ্বান জানান। বিশেষজ্ঞরা বলছেন, এটি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার শামিল হবে ও সম্ভাব্য যুদ্ধাপরাধ হবে।

উল্লেখ্য ‘বারবার ফিলিস্তিনের জনগোষ্ঠিদের প্রতি নৃশংস মন্তব্য করায়’ বেন-ভিরের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের।

সূত্র : বিবিসি

গ্রিসে ইহুদিবিদ্বেষী গ্রাফিতি : ইসরায়েলি রাষ্ট্রদূত ও মেয়রের বাগযুদ্ধ

গ্রিসে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে রবিবার এথেন্সের মেয়র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। ইসরায়েলি রাষ্ট্রদূত নগর কর্তৃপক্ষকে ইহুদিবিদ্বেষী গ্রাফিতি পরিষ্কার করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করার পর এটি ঘটে।

কাথিমেরিনি দৈনিকে প্রকাশিত এক মন্তব্যে রবিবার রাষ্ট্রদূত নোম কাৎজ বলেছেন, এথেন্সের মেয়র হ্যারিস ডোউকাস ইহুদিবিদ্বেষী গ্রাফিতি অঙ্কণকারী ‘সংগঠিত সংখ্যালঘুদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এর ফলে ইসরায়েলের পর্যটকরা এথেন্সে এসে ‘অস্বস্তি বোধ’ করেন।

কয়েক ঘণ্টার মধ্যেই এ মন্তব্যের জবাবে ডোউকাস এক্সে বলেন, ‘আমরা সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় বিরোধিতা প্রমাণ করেছি এবং যারা বেসামরিক নাগরিকদের হত্যা করে তাদের কাছ থেকে আমরা গণতন্ত্রের শিক্ষা গ্রহণ করি না।’

সমাজবাদী পাসক দলের এ মেয়র আরো বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশের রাজধানী এথেন্স তার দর্শনার্থীদের পূর্ণ সম্মান করে ও তার নাগরিকদের স্বাধীন মত প্রকাশের অধিকারকে সমর্থন করে। গাজায় এক নজিরহীন গণহত্যা চলাকালীন রাষ্ট্রদূত গ্রাফিতিতে (যা স্পষ্টভাবে মুছে ফেলা হয়েছে) মনোযোগ দিচ্ছেন, এটা খুবই বিরক্তিকর।’

গ্রিসসহ ইউরোপের আরো বেশ কয়েকটি দেশে বামপন্থীদের নেতৃত্বাধীন ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে।
ইসরায়েলি পর্যটকদের বহনকারী একটি ক্রুজ জাহাজ গ্রিক দ্বীপপুঞ্জের আশপাশে বেশ কয়েকটি বন্দরে গেলে তাদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

কয়েক দশক ধরে আরবপন্থী নীতি অনুসরণ করলেও ২০১০ সাল থেকে গ্রিস ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। বিশেষ করে নিরাপত্তা ও জ্বালানি খাতে তারা সম্পর্ক উন্নয়ন করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রমবর্ধমান হারে ইসরায়েলি নাগরিক গ্রিসে ভ্রমণ করেছেন ও গ্রিসের সম্পত্তি বাজারে বিনিয়োগ শুরু করেছেন।
এথেন্সের মেয়রের মতে, গত বছর সম্পত্তি কিনে গ্রিসে অবস্থানের অনুমতিপ্রাপ্ত ইসরায়েলিদের সংখ্যা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র : এএফপি

গণ অভ্যুত্থানের রূপকল্প জুলাই ঘোষণাপত্র

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। রাজনৈতিক দলসমূহের মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কাজ চলছে।’ ৫ আগস্ট বা তার আগে এ সনদ স্বাক্ষরিত হবে বলেও তিনি আশাব্যক্ত করেন।

গতকাল সকালে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন। এর আগে র‌্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। র‌্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
জুলাই পুনর্জাগরণের এ সরকারি র‌্যালিতে অংশগ্রহণকারীদের গণ অভ্যুত্থানকেন্দ্রিক বার্তাবহুল প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশ বেতার ও বিটিভি গণ অভ্যুত্থানকেন্দ্রিক প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান প্রচার করছে। তথ্য অধিদপ্তর (পিআইডি) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণ অভ্যুত্থান নিয়ে গবেষণাধর্মী কাজ করছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জুলাই গণ অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।’

জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণা করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘দলমতনির্বিশেষে মানুষ এ অভ্যুত্থানে অংশ নিয়েছে। গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ে সব পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন।
’

তিনি আরও বলেন, ‘গণ অভ্যুত্থানে শহীদদের আমরা যতদিন স্মরণে রাখব, আহতদের মর্মপীড়া যতদিন অনুভব করব; ততদিন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকব।’

এ সময় তিনি বলেন, ‘আমরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি।’ সেই দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো ৬২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় শনিবার ভোর থেকে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন বলে আল জাজিরার কাছে গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে।

নিহতদের মধ্যে ৩৮ জনই বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে।

ইসরায়েল গত সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা কিছু এলাকায় ‘সাময়িক যুদ্ধবিরতি’ বা ‘ট্যাকটিক্যাল পজ’ কার্যকর করবে যাতে ফিলিস্তিনিরা সহজে মানবিক সহায়তা পেতে পারে। কিন্তু বাস্তবে এর বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, শুধুমাত্র বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে (অক্টোবর ২০২৩) এখন পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে মোট ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের দপ্তর।

এছাড়াও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে ১৬৯ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৯৩ জন শিশু, মারা গেছে। এসব ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মানবিক সংকট আরো ঘনীভূত হয়েছে।

মার্তার জোড়া গোলের জাদুতে কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

ইকুয়েডরের কুইটোতে এক নাটকীয় ও শ্বাসরুদ্ধকর ফাইনালে আবারও শিরোপা জিতেছে ব্রাজিল নারী ফুটবল দল। শনিবার এস্তাদিও রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে সেলেসাওরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ৪-৪ সমতায়।

৩৯ বছর বয়সী কিংবদন্তি ফরোয়ার্ড মার্তা বদলি হিসেবে নেমে করলেন দুই গোল, যার একটি ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে।
এর মধ্য দিয়ে তার আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়াল ২০৬ ম্যাচে ১২২-এ। তিনবার পিছিয়ে থেকেও ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখে ব্রাজিল। এই শিরোপা জয়ের মাধ্যমে ব্রাজিল গত পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মতো ফাইনালে কলম্বিয়াকে হারাল।

ফাইনালের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ২৫তম মিনিটে লিন্ডা কাইসেডোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে অ্যাঞ্জেলিনা গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান।

৬৯তম মিনিটে ডিফেন্ডার তারসিয়ানের আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল।
তবে ৮০তম মিনিটে আমান্ডা গুতিয়েরেস দুর্দান্ত শটে সমতায় ফেরান দলকে। আট মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে মায়রা রামিরেস গোল করে কলম্বিয়াকে আবারও লিড এনে দেন।

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল কলম্বিয়া, কিন্তু ৯৬ মিনিটে অসাধারণ গোল করে ব্রাজিলকে বাঁচিয়ে দেন বদলি হিসেবে নামা কিংবদন্তি মার্তা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০৫তম মিনিটে অ্যাঞ্জেলিনার ক্রস থেকে কাছ থেকে গোল করে ব্রাজিলকে ৪-৩ এ এগিয়ে দেন মার্তা।
কিন্তু ১১৫তম মিনিটে লেইসি সান্তোসের দারুণ ফ্রি কিক জালে জড়ালে আবারও সমতায় ফেরে কলম্বিয়া।

টাইব্রেকারে শুরুতে অ্যাঞ্জেলিনা মিস করায় এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু মানুয়েলা পাভি শট মিস করলে এবং ব্রাজিল গোলরক্ষক লোরেনা লেইসি সান্তোসের শট রুখে দিলে পাল্টে যায় পরিস্থিতি। মার্তার শট ঠেকিয়ে দেন ক্যাথেরিন তাপিয়া, ফলে ম্যাচ গড়ায় ‘সাডেন ডেথে’। সেখানে হোর্লেন কারাবালির মিসে শিরোপা নিশ্চিত করে ব্রাজিল।