বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

উত্তরা-মতিঝিল মেট্রো লাইনে ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ, ৪৬ পিয়ারে ফাটল: সড়কমন্ত্রী

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের লাইনের ত্রুটিপূর্ণ ৭৩০ বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ১৪৭টিকে সাধারণ ত্রুটিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেট্রোরেলের ত্রুটিযুক্ত আরও ২৯৭ বিয়ারিং প্যাডের মূল সমস্যা স্থাপন প্রক্রিয়ার (ওয়ার্কম্যানশিপ) সঙ্গে সম্পর্কিত।

স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, মেট্রোরেলের ৪৬ পিলারে বিভিন্ন মাত্রার ফাটল চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী রবিউল আলম বলেন, অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী ৭৩০টি ত্রুটিযুক্ত বিয়ারিং প্যাডের সবই ঝুঁকিপূর্ণ নয়। জনস্বার্থের কথা বিবেচনা করে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে।

নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশগুলো সময়মতো ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই 'সেফটি অডিট রিপোর্ট রেকমেন্ডেশনস ইমপ্লিমেন্টেশন কমিটি' গঠন করে। নিরীক্ষা কমিটির তাৎক্ষণিক সুপারিশগুলো বাস্তবায়নে কমিটি কাজ শুরু করেছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ইতোমধ্যে সম্পন্ন করা উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে—যেসব পিয়ারে বিয়ারিং প্যাড সরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, এমন ১০টি স্থানে 'স্টিল ব্র্যাকেট' বসানো হয়েছে।

এছাড়া বিয়ারিং প্যাডের বসে যাওয়ার মাত্রা পরিমাপের জন্য ২৭ স্থানে 'সেটেলমেন্ট মার্কার' স্থাপন করা হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়কমন্ত্রী।

মন্ত্রী রবিউল আলম বলেন, একইসঙ্গে ৪৬ পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটলের ঝুঁকি মূল্যায়ন এবং মেরামতের কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) অবকাঠামো পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্ত্রী আরও জানান, মেট্রোরেলের কাঠামোর ফাটল পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে 'স্ট্রাকচারাল ক্র্যাক গেজ' বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পথচারীদের ওপর পড়ে। এতে একজন নিহত ও দুজন আহত হন।

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তার আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের দিনের কর্মসূচিতে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রবণতা বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সমস্যা নিরসনে সমীক্ষা যাচাই, প্রকল্প বাস্তবায়নে ত্বরান্বিত করা, অগ্রগতি সাধন ও মাঠ পর্যায়ে নিবিড় তদারকির পদক্ষেপ নিয়েছে সরকার।’

আগামীতে দেশে জ্বালানি সংকট মোকাবিলার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০-৩১ অর্থবছরে ১৫০টি গ্যাসকূপ খনন করা হবে। কুতুবজোনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বাস্তবায়ন করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বিবেচনা করে আমদানি নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। ডিজেল চালিত পাম্পগুলোর পরিবর্তে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।’

ভোলায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার বিষয়ে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদ ব্যবহার করে সার্বিক উন্নয়ন করা হবে। ভোলায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।’

এছাড়া দেশের অর্থনীতিতে সমুদ্র ও উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে পাঁচ বছর মেয়াদি সামগ্রিক মেরিন প্লানিং জোন তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদের স্পিকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অধিবেশনের বৈঠক শুরু হয়। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম-ঢাকার মধ্যে যাতায়াত সময় এবং দূরত্ব কমানোর জন্য সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।'

তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ শেষ হয়েছে। এর মধ্যে লাকসাম-চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অন্যদিকে টঙ্গী-আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহনের সক্ষমতা ও ট্রেনের গতি বাড়বে। ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণের উদ্যোগ ঢাকা-চট্টগ্রাম করিডোরের দূরত্ব কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কর্ডলাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব কমার পাশাপাশি ট্রেনের গড় গতিও বাড়বে। ফলে অল্প সময়ে এ রুটে যাতায়াত করা সম্ভব হবে।

অর্থায়ন নিশ্চিত হলেই ইলেকট্রিক ট্রেন চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।'

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় কমবে।

আগামী বর্ষার আগেই চট্টগ্রামের ১৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাণিজ্য নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে নগরের ২৫টি খাল থেকে আবর্জনা ও মাটি উত্তোলনের পাশাপাশি ১,৬০০ কিলোমিটার সার্ভিস ড্রেন পরিষ্কার এবং ড্রেনে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, আগামী বর্ষা মৌসুমের পূর্বে এসব কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া নগরীর আরও ৩২টি খাল থেকে আবর্জনা ও মাটি উত্তোলন এবং অপসারণের কাজও চলমান রয়েছে।

আরও ৫৭ খালের রক্ষণাবেক্ষণে ডিপিপি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় থাকা ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, এছাড়া ওই প্রকল্পের আওতার বাইরে আরও ২১টি খাল খনন ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

৪৮ কিলোমিটার সড়ক ও ৬ ফুটওভার ব্রিজ নির্মাণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার অবকাঠামোগত উন্নয়নে এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, এসব প্রকল্পের মাধ্যমে ৪৮ কিলোমিটার রাস্তা, দুটি কালভার্ট ও ছয়টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া দুটি খেলার মাঠের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আরও ছয়টি খেলার মাঠের উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুইদিনে ৫৭৭ কোটি টাকা তুললেন গ্রাহকরা

পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৩ হাজার ৮৯৬ গ্রাহক দুইদিনে ৫৭৭ কোটি টাকা উত্তোলন করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয়দিনে সাত হাজার ৮৯৬ জন গ্রাহক মোট ৩২৭ কোটি টাকা তুলেছেন। আগেরদিন সোমবার ছয় হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা তুলেছিলেন।

ব্যাংকটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

ব্যাংকটির কর্মকর্তারা বলেন, গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য যতটা অধীর আগ্রহে ছিলেন, সেই তুলনায় দুইদিনে অর্থ উত্তোলন কম। অবশ্য প্রথমদিনের চেয়ে দ্বিতীয়দিনে ৭৭ কোটি টাকা বেশি তুলেছেন। একীভূত পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি। টাকা ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে তিন হাজার ৯২৫ কোটি টাকা।

টাকা উত্তোলন প্রসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদন করা গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। অনেক গ্রাহক ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের আমানত চালু রাখার কথা জানিয়েছেন। টাকা নেওয়ার দুইদিনে অনেকেই ব্যাংকটির বিভিন্ন শাখায় এসেছেন, অনেকে টাকা তুলেছেন, কেউ কেউ আমানতের পুরো টাকা তুলেছেন। কেউ কেউ টাকা তুলে পরে আবার ব্যাংকে জমা করেছেন।

নগদ অর্থের সংকট নেই, চাহিদামতো টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা জানিয়ে রহমান সিকদার বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে আমানতের টাকা তোলার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলমান রয়েছে। অপরদিক গ্রাহকদের দীর্ঘদিনের জমে থাকা আমানত ফেরত দেওয়াসহ ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকা বিশেষ ধার বা ঋণ দিয়েছে।

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এর পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

অর্থবছরের শুরুতেই হোঁচট, বাণিজ্য ঘাটতি বেড়ে ২০৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি আয় কমেছে। এতে মাসটিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের জুলাইভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে পণ্য আমদানিতে দেশের ব্যয় হয়েছে ৬৪৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই মাসে আমদানি ব্যয়ের তুলনায় এটি ৮ দশমিক ৬০ শতাংশ বেশি।

অন্যদিকে, জুলাইয়ে রপ্তানি আয় হয়েছে ৪৩৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ১ দশমিক ৬০ শতাংশ। ফলে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের ব্যবধান আরও বেড়ে বাণিজ্য ঘাটতি ২০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে এ ঘাটতি ছিল ১৫১ কোটি ডলার।

তবে বাণিজ্য ঘাটতি বাড়লেও রেমিট্যান্সের ওপর ভর করে চলতি হিসাবে উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৮৬ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর ফলে জুলাই শেষে চলতি হিসাবে ৬ কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত হয়েছে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল সাড়ে ১২ কোটি ডলার।

এদিকে, অর্থবছরের প্রথম মাসে আর্থিক হিসাবে ঘাটতি কিছুটা কমেছে। জুলাইয়ে আর্থিক হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৬৮ কোটি ডলারে। আগের অর্থবছরের একই মাসে এ ঘাটতি ছিল ৮৮ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরুতে বিদেশি ঋণ ও অনুদানের প্রবাহও কমেছে। একই সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগও (এফডিআই) কমেছে। জুলাইয়ে এফডিআই এসেছে ১১ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ১ কোটি ডলার কম।

সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাইয়ে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬৩ কোটি ডলারের ঘাটতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৫৪ কোটি ডলার।

সম্মিলিত ইসলামী ব্যাংক: দুই দিনে ২,৩৪৫ কোটি টাকার আবেদন, উত্তোলন ৬৭০ কোটি

দ্বিতীয় দিনেও সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের আমানতের টাকা তুলতে পেরেছেন। সোমবার ও মঙ্গলবার—এই দুই দিনে ব্যাংকটির সারা দেশের বিভিন্ন শাখা থেকে গ্রাহকেরা মোট ৬৭০ কোটি টাকা আমানত তুলেছেন।

তবে গ্রাহকদের উত্তোলনের আবেদনের তুলনায় প্রকৃত উত্তোলনের পরিমাণ ছিল অনেক কম। দুই দিনে গ্রাহকেরা মোট ২ হাজার ৩৪৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত দুই দিন ৩৭ হাজার ৬০০ গ্রাহক টাকা তোলার আবেদন করেন। তবে এই দুই দিনে মোট ১৪ হাজার গ্রাহক আমানতের টাকা তুলেছেন।

তিনি বলেন, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টাকা তুলে নেওয়ার পরিমাণ কিছুটা বেড়েছে। কেউ কেউ প্রথম দিনে আসতে পারেনি, তারা দ্বিতীয় দিনে এসেছে। ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী পুরো টাকা পরিশোধ করেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার বলেন, 'যে পরিমাণ গ্রাহক আমানতের টাকা তুলে নেওয়ার আবেদন করেছিল, সেই তুলনায় খুবই কম সংখ্যক গ্রাহক আমানত তুলে নিচ্ছেন।'

তিনি আরও বলেন, 'অনেকে এসে ব্যাংকের সার্বিক লেনেদেনের চিত্র দেখে আমানত না তুলেই চলে যাচ্ছেন। আমাদের অনেক শাখায় নতুন করে গ্রাহকরা ডিপোজিট অ্যাকাউন্ট খুলছে।'

প্রসঙ্গত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক- এই পাঁচ ব্যাংক একীভূত হয়ে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠিত হয়। ব্যাংক পাঁচটি একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি।

জানা গেছে, এই পাঁচ ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

আমানতকারীদের টাকা ফেরত দিতে গত রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।

সোমবারের মতো আজ মঙ্গলবারেও রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগের বিভিন্ন শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে জমানো টাকা উত্তোলনের জন্য অনেকে ব্যাংকে এসেছেন। সকাল থেকেই অনেক আমানতকারী স্বাভাবিকভাবে টাকা তুলতে পেরেছেন।

দীর্ঘদিন পর জমানো টাকা তুলতে পারায় আমানতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নিজের জমা করা টাকা হাতে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

একই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় খুশি গ্রাহকরাও।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

রাজশাহীতে আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত নগরের বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার স্বপন শাহের ছেলে সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার একই গ্রামের কালামের ছেলে অন্তু (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন রানা (৩০)।

পুলিশ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

স্থানীয় লোকজন ও মামলার বাদী মিছিলে বাধা দিয়ে তাদের নিষেধ করলে অভিযুক্তরা বাদীকে ভয়ভীতি ও হুমকি দেন। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এতে ভীত হয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় এজাহারে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন দলটির নেতাকর্মীরা।

দিনের কর্মসূচির শুরুতে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ।

এছাড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সহসভাপতি মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি ও সাধারণ সম্পাদক মোছা. বিউটি আক্তারসহ জেলা ও শহর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীও কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

সিলেট রেলওয়ে স্টেশনে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ট্রেনের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম অভিযানে নেতৃত্বে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে, আটক দুজন অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ট্রেনের টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযান শেষে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা টিকিট ও মোবাইল ফোনও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

কর্মস্থলে অনুপস্থিত: বরিশালে ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।

অভিযুক্ত কর্মচারীরা হলেন উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমান।

জানা গেছে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। পরিদর্শনকালে উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি।

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিকেলে তাঁদের বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মজিবুর রহমানকে মেহেন্দীগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কর্মচারীকে আজ বিকেলে বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।