সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনে দিনে বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবার (১৩ আগস্ট) বিনিময় হার:

বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকা

ইউএস ডলার – ১২১ টাকা ৬৪ পয়সা
ইউরোপীয় ইউরো – ১৪১ টাকা ২১ পয়সা
ব্রিটেনের পাউন্ড – ১৬৩ টাকা ৬৯ পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ৩৯ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত – ২৮ টাকা ৮৩ পয়সা
সিঙ্গাপুর ডলার – ৯৪ টাকা ৭৯ পয়সা
সৌদি রিয়াল – ৩২ টাকা ৪১ পয়সা
কানাডিয়ান ডলার – ৮৮ টাকা ৩১পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৭৯ টাকা ৩৮ পয়সা
কুয়েতি দিনার – ৩৯৮ টাকা ২৭ পয়সা

যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

দ্য হান্ড্রেডে সবচেয়ে খারাপ বোলিংয়ের রেকর্ড রশিদ খানের

দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের কাছে এক ভয়ংকর অভিজ্ঞতার স্বাদ পেলেন আফগান লেগস্পিনার রশিদ খান। ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে রশিদ তার পূর্ণ ২০ বলে কোনো উইকেট না নিয়ে ৫৯ রান দিয়ে ইতিহাসে দ্য হান্ড্রেডের সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার গড়লেন।

ম্যাচের শুরুতে জো ক্লার্ক ও উইল স্মিড রশিদকে চাপে ফেলেন, মাত্র পাঁচ বলের মধ্যে দুইটি ছয় ও একটি চার মারেন। তবে প্রকৃত বিপর্যয় আসে ফিনিক্স অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।
রশিদের শেষ পাঁচ বলেই তিনি ৪, ৬, ৬, ৬ এবং ৪ মারেন।

ফলস্বরূপ, রশিদ এখন পর্যন্ত দ্য হান্ড্রেডে এক ম্যাচে ৫০-এর বেশি রান দেওয়া মাত্র চতুর্থ বোলার হিসেবে রেকর্ড গড়লেন। ম্যাচ শেষে ফিনিক্স ১৮১ রানের লক্ষ্য দুই বল আগে পূরণ করে।

দ্য হান্ড্রেডে সবচেয়ে খারাপ বোলিং রেকর্ড
রশিদ খান – ০/৫৯ (২০২৫)
ডেভিড ভিসা – ১/৫৩ (২০২২)
ডেভিড পেইন – ১/৫৩ (২০২৩)
স্টিভেন ফিন – ২/৫১ (২০২১)।

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেনের মেয়ে ও ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। গ্রেস জানান, শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভয়ঙ্কর এক দুর্ঘটনার পর অসাধারণভাবে পন্তের ক্রিকেটে ফেরার গল্পই তাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে একাধিক চোট পেয়েছিলেন তিনি।
চিকিৎসকেরা বলেছিলেন, পূর্ণ ফিটনেসে ফিরতে দীর্ঘ সময় লাগবে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে মাত্র ১৫ মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এই তারকা ব্যাটার।

ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস বলেন, ‘ঋষভ পন্তের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। দুর্ঘটনার পর যেভাবে তিনি লড়াই করে ফিরেছেন, যে লেভেলে খেলছেন—অবিশ্বাস্য! ও এক দারুণ শক্ত মানুষ।
হ্যাটস অফ টু হিম। ও আসলেই ‘গ্যাংস্টা’।’

তিনি মনে করেন, পন্তের এই প্রত্যাবর্তন শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তারও অনন্য উদাহরণ।

গ্রেস আরও স্মরণ করিয়ে দেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারও (২৭ কোটি ভারতীয় রুপি) পন্ত।
তার মতে, এই অঙ্ক যেমন প্রতিভার প্রমাণ, তেমনই জনপ্রিয়তারও প্রতিফলন।

নিজে অস্ট্রেলিয়ান হলেও গ্রেস বলেন, পন্তকে নিয়ে তিনি গর্বিত। বাবার ক্রিকেট জীবনের সুবাদে ছোটবেলা থেকেই ভারতের সঙ্গে তার এক বিশেষ বন্ধন গড়ে উঠেছে। হাসিমুখে গ্রেস বলেন, ‘আমি ডাল আর রুটি ভীষণ ভালোবাসি। বাবা সবসময় ভারত থেকে মশলা নিয়ে আসতেন।

ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে ভেসে যাবে পাকিস্তান : মিঠুন

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আবারও উসকে উঠেছে। এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে পানিবণ্টন ইস্যু ও যুদ্ধের হুমকি। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সাম্প্রতিক বক্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এমন এক মন্তব্য করেছেন, যা একই সঙ্গে কটাক্ষ, কৌতুক ও কড়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, সোমবার (১১ আগস্ট) সিন্ধে এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভারত যদি এই পথে চলে তাহলে ছয়টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।
তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে।

এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক। কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব।
একের পর এক ব্রহ্মস চলবে, আর যদি না হয়, তাহলে আমরা একটা বাঁধ বানাবো যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে।’

এদিকে, যত দিন যাচ্ছে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে, পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে যাবে। সিন্ধু নদীর পানি বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো নির্মাণ করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। মুনির আরো দাবি করেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র মজুদ পর্যাপ্ত এবং ২৫ কোটি মানুষ এই চুক্তি স্থগিতের ফলে অনাহারের মুখে পড়তে পারে।’

ভাঙা হৃদয়ে পিএসজি ছাড়ছেন চ্যাম্পিয়ন্স লিগজয়ী গোলরক্ষক

নিজেদের ইতিহাসে প্রথমবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অন্যতম নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। তা সত্ত্বেও কয়েকদিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিল। এরই মাঝে নতুন গোলরক্ষক নিয়েছেন কোচ লুইস এনরিকে। তার সঙ্গে দোন্নারুমার দূরত্বের কথা আরও স্পষ্ট হয়ে ওঠে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণায়। এরপর হতাশ ও হৃদয়ভাঙা সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন এই ইতালিয়ান গোলরক্ষক।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দোন্নারুমা জানিয়েছেন, ‘এখানে পা রাখার প্রথমদিন থেকেই আমি মাঠে ও বাইরে নিজের সবটুকু দিয়েছি– নিজের লক্ষ্য এবং প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) আগলে রাখার জন্য। দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আর এই দলের সঙ্গে কিংবা সফলতায় অংশীদার বানাতে চান না। যার কারণে আমি খুবই হতাশ এবং হৃদয় ভেঙে গেছে।’

২৬ বছর বয়সী এই ইতালিয়ান গোলরক্ষক কার কথা বলছেন, তা বুঝতে আর বাকি নেই। আজ (বুধবার) রাতে উয়েফা সুপার কাপের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যামের মুখোমুখি হবে। যে ম্যাচের স্কোয়াড থেকে দোন্নারুমাকে ছাটাইয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘দোন্নারুমা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, তা নিয়ে কোনো দ্বিধা নেই এবং একইসঙ্গে একজন ভালো ব্যক্তিও। কিন্তু এটি উচ্চপর্যায়ের ফুটবলারদের জীবন। কঠিন এই সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী। আমার দলের জন্য যেমন গোলরক্ষক প্রয়োজন, তা পূরণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

এরই মাঝে গত শনিবার আরেক ফরাসি ক্লাব লিলে থেকে গোলরক্ষক লুকাস শ্যাভালিয়েরকে দলে নিয়েছে পিএসজি। বোনাস ও অন্যান্য মিলিয়ে তার মোট মূল্য ৬৪ মিলিয়ন ডলার ধরা হয়েছে। এমনকি এনরিকে তাকে প্রধান গোলরক্ষক হিসেবেই কিনে নিয়েছেন বলে সূত্রমতে নিশ্চিত করেছে ইএসপিএন। একইসঙ্গে দোন্নারুমাসহ দুজন শীর্ষ গোলরক্ষককে দলে রাখতে আগ্রহী ছিল না পিএসজি। তথ্যমতে– এরপর থেকেই চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাব দোন্নারুমার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ শুরু করে।

পিএসজি ছাড়ার ঘোষণায় দোন্নারুমা লিখেছেন, ‘আশা করি আমি পার্ক দ্য প্রিন্সেসে (পিএসজির হোম গ্রাউন্ড) আরেকবার দর্শকদের শেষ বিদায় বলার জন্য মাঠে নামার সুযোগ পাব। যদি তা সম্ভব না হয়, আপনাদের সমর্থন আমার কাছে কতটা দামী এবং সেটি আমি কখনও যে ভুলব না তা জানিয়ে রাখি। আপনাদের সকল আবেগ, যা আমাকে অনেক জাদুকরী রাত দিয়েছে এবং এই জায়গাটা ঘর মনে হয়েছে আমার। আমার সতীর্থ– দ্বিতীয় পরিবার, যাদের সঙ্গে একসঙ্গে লড়াই, হাসি ও অনেক মুহূর্ত ভাগাভাগি করেছি তারা সবসময় ভাই হিসেবেই থাকবে।’

ইএসপিএন বলছে, মেয়াদের আরও এক বছর বাকি থাকলেও পিএসজির সঙ্গে নতুন করে চুক্তির প্রত্যাশায় ছিলেন দোন্নারুমা। কিন্তু সেখানে উভয়পক্ষ একমত হতে পারেনি। আগে থেকেই পিএসজির অন্যতম সর্বোচ্চ (মাসে সাড়ে ৮ লাখ ইউরো) পারিশ্রমিকধারী তিনি, এবার সেটি আরও বাড়াতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি নয় ফরাসি জায়ান্টরা। একইসঙ্গে কোচ এনরিকের চাওয়া ছিল এমন গোলরক্ষক, যিনি পা দিয়ে বল দেওয়াতে সমান পারদর্শী। আর সেটাই তিনি নতুন গোলরক্ষক লুকাসের মাঝে দেখছেন!

স্বামীর পর এবার গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি-কে গ্রেপ্তার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তার স্বামী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল-ও এখন কারাগারে বন্দি রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ৫২ বছর বয়সী কিম মঙ্গলবার আদালতে চার ঘণ্টাব্যাপী শুনানিতে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। তবে সিউল আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় দিনের শেষে তাকে আটক রাখার পরোয়ানা জারি করে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাগারে বন্দি হলেন।

কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত বছর ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত হতে হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, কিম ডয়েচ মোটর্স নামে দক্ষিণ কোরিয়ার বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কারসাজির মাধ্যমে ৮০০ মিলিয়ন উওন (প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ মার্কিন ডলার) অবৈধভাবে আয় করেন। যদিও ঘটনাটি তার স্বামী প্রেসিডেন্ট হওয়ার আগেই ঘটেছিল, তবে পুরো মেয়াদ জুড়ে এ অভিযোগ তার স্বামীর প্রেসিডেন্সিকে প্রশ্নবিদ্ধ করে রেখেছিল।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। অন্য অভিযোগের মধ্যে রয়েছে— ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ।

বিবিসি বলছে, মঙ্গলবার কালো স্যুট ও স্কার্ট পরে গম্ভীর মুখে আদালতে হাজির হন কিম। সাংবাদিকদের তিনি বলেন, “আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

প্রেসিডেন্ট থাকাকালে ইউন কিমের বিরুদ্ধে তদন্তের জন্য বিরোধী দলের আনা বিশেষ কাউন্সেল বিল তিনবার ভেটো দেন। এর মধ্যে শেষ ভেটোটি ছিল গত বছরের নভেম্বরে। সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার এক সপ্তাহ আগে সেই ভেটো দিয়েছিলেন তিনি।

আর চলতি বছরের জুনে ইউনের প্রতিদ্বন্দ্বী লি জে মিয়ং প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ কাউন্সেল গঠন করা হয়।

প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসনের সময় টাকা চুরি করে ব্যাংক খালি করা হয়েছিল। পুরো আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে অর্থনীতি মজবুত অবস্থায় ফিরে এসেছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এ নিয়ে কাজ করছে।

মালয়েশিয়ায় ব্যবসায়ী ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান, মালয়েশিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যারা অনিয়মিত হয়ে পড়েছেন, তাদের এই জটিলতা নিরসনে সরকার কাজ করবে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। তিনি অভিবাসন গমনেচ্ছুদের বৈধ কাগজপত্র নিয়ে বিদেশে আসার পরামর্শ দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বক্তব্য দেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান।

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়া সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সাইডক। বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরকালীন আবাসস্থলে (হোটেল) তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াইবি ফাদলিনা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মালয়েশিয়া।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, যুক্তরাজ্য-ইইউ’র নিন্দা

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল-সৃষ্ট অনাহারে শিশুসহ আরো দুইজন মারা গেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সাইয়্যেদ নামের প্রত্যক্ষদর্শী বলেন, চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না।
আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি।

মোহাম্মদ আবু নাহাল নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন—চারপাশে গুলি চলছিল। আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার-পানি থাকলে আসতাম না।

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০০-রও বেশি শিশু।

সিরিয়ার ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের ‎নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। এ জয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার নতুন মৌসুম শুরু করেছিল নানা সংকটের মধ্যে।
খানিকটা বিলম্বে অনুশীলন আরম্ভ করে কিংস। ব্রাজিলিয়ান কোচ সার্জিওকে চূড়ান্ত করলেও তিনি দলের সঙ্গে যোগ না দিয়ে ইরাকি ক্লাবে চুক্তি করেন। এএফসির টুর্নামেন্টে হেড কোচের প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সার্জিও না আসায় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন।
তার কোচিংয়ে কিংস সিরিয়ার বাধা অতিক্রম করে।

বসুন্ধরা কিংস ১০ জুন এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলতে কাতারের দোহায় যায়। কিংসের চার বিদেশি ও ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল ১০ জুন দোহায় দলের সঙ্গে যোগ দেন। মাত্র দুই দিনের পূর্ণাঙ্গ অনুশীলন হয়।
তবে খেলায় দলের বোঝাপড়া ভালোই দেখা গেছে। মোহামেডান থেকে কিংসে নাম লেখানো নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে একমাত্র জয়সূচক গোল করেন।

কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের শুরুটা দারুণ ছিল। ৬ মিনিটে গোল করে কিংস ম্যাচে লিড নেয়। কর্নার থেকে জটলার মধ্যে অধিনায়ক তপু বর্মণ বল বাড়ান নাইজেরিয়ান এমানুয়েল সানডের কাছে।
ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্লেসিংয় জালে জড়ান। দোহার স্টেডিয়ামে বাংলাদেশের প্রবাসীরা আনন্দ উদযাপন করেন। কাতার সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হয়। তখনও দোহায় অনেক গরম। ম্যাচের দুই অর্ধেই রেফারি কুলিং ব্রেক দিতে বাধ্য হয়েছেন। বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাই কাতারে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা গ্যালারিতে সমর্থক করতে উপস্থিত ছিলেন।

সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে এসেছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। কিংসের কোচিং স্টাফ তাকে প্রথমার্ধে খেলায়নি। প্রথমার্ধে তিনি যখন স্ট্রেচিং করছিলেন তখন প্রবাসী সমর্থকদের সমর্থন গর্জে উঠেছিল। দ্বিতীয়ার্ধে মিচেলকে নামান জিলানী। আবহাওয়া, দল সব কিছুই মিচেলের জন্য নতুন এরপরও তিনি দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। দারুণ এক কর্নার কিকও নিয়েছিলেন।

কিংসের জয়ের পেছনে অন্যতম নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দুই অর্ধেই একাধিক গোল সেভ করেন তিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কারমাহ মুহমুহ আক্রমণ করে। সেগুলো দারুণভাবে প্রতিহত করেন। কারমাহর ফিনিশিং একেবারে দুর্বল ছিল। নিশ্চিত কয়েকটি গোল মিস করেছে সিরিয়ার ক্লাবটি। কয়েকবার তিনি আঘাত পেলেও দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

২৫ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব শুরু হবে। ড্রয়ের মাধ্যমে গ্রুপ ও প্রতিপক্ষ নির্ধারণ হবে কিংসের। গত মৌসুমে সরাসরি মূল পর্বে খেললেও এবার প্লে-অফ জয়ের মাধ্যমে জায়গা করে নিতে হয়েছে দলটিকে।