রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

সালাহর রেকর্ডছোঁয়া গোল, নাটকীয় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযানের প্রথম ম্যাচে নাটকীয় জয়ে শুরু করল লিভারপুল। অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে শ্রদ্ধা জানানো হয় লিভারপুলের সাবেক তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান এই লিভারপুল তারকা।
এক মিনিট নীরবতা এবং ২০তম মিনিটে করতালির মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়। জোতা একসময় লিভারপুলের ২০ নম্বর জার্সি পরতেন।

লিভারপুলের নতুন সাইনিং হুগো একিতিকে প্রথমে গোল করেন এবং পরে দ্বিতীয়ার্ধে কোডি গাকপোকে অ্যাসিস্ট করে ২-০তে এগিয়ে দেন দলকে। তবে বোর্নমাউথের আঁতোয়ান সেমেনিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান।
শেষদিকে নাটকীয়তায় ভরপুর ম্যাচে ৮৮তম মিনিটে ফেদেরিকো কিয়েসা তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করে লিভারপুলকে ফের এগিয়ে নেন। এরপর যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ গোল করে জয়ের ব্যবধান বাড়ান।

এই ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন মিসরীয় তারকা সালাহ। ইনজুরি সময়ে তার গোল লিভারপুলকে স্বস্তি দেওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যান্ড্রু কোলের রেকর্ডে ভাগ বসাল।
সালাহর এখন মোট ১৮৭টি লিগ গোল, যা তাকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। তার ওপরে রয়েছেন শুধু ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) ও অ্যালান শিয়ারার (২৬০)।

তবে জয়ের আনন্দের মাঝেই চিন্তার ভাঁজ লিভারপুল শিবিরে। কারণ, ডিফেন্সে বারবার ভেঙে পড়ছে দলটি। বোর্নমাউথের বিপক্ষেও দুটি গোল হজম করতে হয়েছে কাউন্টার অ্যাটাকে।
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তারা আক্রমণভাগে হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভার্টজকে দলে নিলেও রক্ষণভাগ এখনো দুর্বল মনে হচ্ছে।

পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ বলে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি বলতে পারি, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক।
আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার। আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।

দুই বিশ্বনেতা শুক্রবার বিকেলে আলাস্কায় মিলিত হন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিপূর্ণ পথ খোঁজার আশায়। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রাশিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য এবং ভবিষ্যতে যুদ্ধবিরতির আশায়। পরে তিনি জানান, বৈঠকটি ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’, তবে সংঘাত শেষ করার ক্ষেত্রে ‘এখনও আমরা সেখানে পৌঁছাইনি।’

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা বহু বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই।
কিছু বড় বিষয় আছে যেখানে এখনও আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তাই, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।

কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
’

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে।

ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা আরো বলেন, “শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আসুন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ। আমি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য এবং দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করি।”

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন : নাহিদ ইসলাম

স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও স্বাধীনতা-পরবর্তী শাসনামলের জন্য শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৫ আগস্ট) তার অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ স্বীকার আমরা স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয়ও আমরা স্মরণ করি।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয়, জনগণ-বিরোধী ১৯৭২ সালের সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত্তি রচনা।’

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন : নাহিদ ইসলামনাহিদ ইসলাম লিখেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদি রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা—এ এক রাজনৈতিক মূর্তিপূজা, যা জনগণকে দমন, দেশ লুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম।
দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে, জবাবদিহিতাহীনভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে ন্যায্যতা দিয়েছে।’

তিনি আরো লিখেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে। আর কখনো কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না। ‌‘জাতির পিতা’ উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়।
এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদি হাতিয়ার, যা ভিন্নমত দমন ও রাষ্ট্রের একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের, এর জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হতে পারে না।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরো লেখেন, ‘মুজিববাদ হচ্ছে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদি মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এই ফ্যাসিবাদি মতবাদের বিরুদ্ধে। মুজিববাদ হচ্ছে ফ্যাসিবাদ ও বিভেদের মতবাদ।
এর মানে গুম, হত্যা, ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। এর মানে জাতীয় সম্পদ লুট ও বিদেশে পাচার। এর মানে ইসলামভীতি, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল। এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা। ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে, আর তাঁর মূর্তির আড়ালে চলেছে অপহরণ, খুন, লুটপাট ও গণহত্যা।’

তিনি লিখেছেন, ‘মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ। একে পরাজিত করতে হবে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার, একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।’

ভারতে আসছেন মেসি, সফর শুরু কলকাতা থেকে

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা মিলেছে। ইভেন্টের আয়োজক সতদ্রু দত্ত শুক্রবার নিশ্চিত করেছেন, ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন মেসি। এরপর সফরের গন্তব্য হবে আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সফর শেষ হবে।

২০১১ সালের পর এই প্রথমবার ভারতে আসছেন ফুটবল মহাতারকা। সে বছর আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে তিনি এসেছিলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।

দত্ত জানান, আগস্টের ২৮ থেকে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে মেসি সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্টারসহ সফরের বিস্তারিত ঘোষণা করবেন।

কলকাতায় ১২ ডিসেম্বর রাতে পৌঁছবেন মেসি এবং এখানে কাটাবেন দুই দিন।
১৩ ডিসেম্বর সকালে হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট, যার অংশ হিসেবে থাকবে বিশেষ খাবার ও চা উৎসব। এখানে থাকবে আর্জেন্টাইন ও ভারতীয় আসাম চায়ের ফিউশন, বাংলার ইলিশসহ নানা মাছ ও মিষ্টি।

কলকাতায় মেসির সফরসূচিতে থাকছে ভাস্কর্য উন্মোচন, ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’—যেখানে তিনি সৌরভ গাঙ্গুলী, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার সঙ্গে সাতজনের প্রদর্শনী ম্যাচে খেলবেন। সকালে তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট ও বিশেষ খাবার-চা উৎসব, যেখানে থাকবে ইলিশসহ নানা বাঙালি খাবার ও আর্জেন্টাইন মাতে চায়ের ফিউশন।

মুম্বাইতে ১৪ ডিসেম্বর ব্রাবোর্নে মিট-অ্যান্ড-গ্রীটের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। এছাড়াও মেসি অংশ নেবেন প্যাডেল টেনিস প্রদর্শনীতে, যেখানে শাহরুখ খান ও লিয়েন্ডার পেজের খেলার সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে ১৫ ডিসেম্বর মোদির সঙ্গে সাক্ষাতের পর ফিরোজ শাহ কোটলায় হবে সফরের শেষ কনসার্ট ও ম্যাচ। সেখানে বিরাট কোহলি ও শুবমান গিলের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলেল তোড়া নিয়ে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা অফিসের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

ফুলেল তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রদ্রিগোকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত ম্যানসিটির

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোকে দলে ভিড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিচাখেস’-এর দাবি, পেপ গার্দিওলার দল ৮০ মিলিয়ন ইউরো নগদ ও অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো মিলিয়ে মোট ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি।

২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত রদ্রিগো টানা তিন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে গোল করেছেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৪টি ও অ্যাসিস্ট ১১টি।

তবে ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে দলে নতুন খেলোয়াড় যোগ হওয়ায় রদ্রিগোর দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ম্যানসিটি নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে সাভিনিয়োকে বিক্রির পরিকল্পনা করছে এবং ইতোমধ্যেই টটেনহ্যামের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

সিটির কোচিং স্টাফের একজন বলেছেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড় যার গতি, গোল করার ক্ষমতা ও ভারসাম্য রয়েছে—যা আমাদের দরকার।
”

এখন দেখার বিষয়, ম্যানসিটির প্রস্তাব ফ্লোরেন্তিনো পেরেজের টেবিলে গেলে রিয়াল মাদ্রিদ আর্থিক লাভের বিপরীতে ক্রীড়াগত ক্ষতির ভারসাম্য কীভাবে মিলিয়ে নেয়। রদ্রিগোকে হারালে জাবি আলোনসোকে নতুনভাবে আক্রমণভাগ সাজাতে হবে, আর তার সমমানের বিকল্প পাওয়া সহজ হবে না।

শনিবার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার ঢাকার বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ আগস্ট (শনিবার) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এড়িয়ে চলার অনুরোধ করা হলো।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রার রুট নিম্নরূপ:

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির⇔পলাশী বাজার ⇔জগন্নাথ হল⇔কেন্দ্রীয় শহীদ মিনার⇔দোয়েল চত্বর⇔হাইকোর্ট ⇔বঙ্গবাজার⇔ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন⇔গোলাপশাহ মাজার⇔গুলিস্থান মোড় ⇔নবাবপুর রোড⇔রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক।

গণবিজ্ঞপ্তিতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়:

১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণেচ্ছুদদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, সাহ্য পদার্থ, চুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬ . শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা যেনে চলার জন্য অনুরোধ করা হলো।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

গির্জায় ঘনিষ্ঠ দৃশ্যে সিদ্ধার্থ-জাহ্নবী, খ্রিষ্টান গোষ্ঠীর আইনি নোটিশ

চলতি মাসের শেষে অর্থাৎ আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘পরম সুন্দরী’। কিন্তু মুক্তির আগেই দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ছবির একটি দৃশ্যে গির্জার মধ্যে ঘনিষ্ঠ হওয়ায় অপরাধে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল খ্রিষ্টান গোষ্ঠী।

ওয়াচডগ ফাউন্ডেশন নামের এক খ্রিস্টান গোষ্ঠী ‘পরম সুন্দরী’ ছবির রোমান্টিক দৃশ্য দেখে নির্মাতাদের নিন্দায় মুখর হয়েছেন।
মিড ডে – এর প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি সিনেমা থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন ওই খ্রিস্টান গোষ্ঠী।

ইতিমধ্যেই গোষ্ঠীটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, মুম্বাই পুলিশ, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকারকে এই বিষয়ে চিঠি দিয়েছে। তবে শুধু সিনেমা থেকে নয়, সিনেমার ট্রেলার এবং প্রচারণামূলক ভিডিও থেকেও ওই দৃশ্যটি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা বলেন, ‘১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে প্রতিষ্ঠিত সিবিএফসি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং শিল্পের প্রকাশের ওপর বিবেচনা করে এই একটি সিনেমাকে সার্টিফিকেশন দেওয়ার দায়িত্ব রয়েছেন।
গির্জা খ্রিস্টানদের জন্য একটি পবিত্র উপাসনালয়। এটিকে অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসাবে চিত্রিত করা উচিত নয়।’

তার পাঠানো চিঠিতে আরও লেখা আছে, ‘এই চিত্রায়ন কেবল ধর্মীয় উপাসনালয়ের আধ্যাত্বিক পবিত্রতাকেই অসম্মান করে না, ক্যাথলিক সম্প্রদায়ের সংবেদনশীলতাকেও গভীরভাবে আঘাত করে। ছবি থেকে যদি দৃশ্যটি অপসারণ না করা হয় তাহলে আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হবে।
’

প্রসঙ্গত, এই ছবিতে সিদ্ধার্থ একজন দিল্লির ছেলে এবং জাহ্নবী একজন কেরালার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। দুই ভিন্ন ধর্মের দুই মানুষের প্রেম কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। সিদ্ধার্থ-জাহ্নবী ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন রাজীব খান্ডেলওয়াল, আকাশ দাহিয়া প্রমুখ।

বক্স অফিসে ‘ধূমকেতু’ ঝড়, এক দিনেই কোটি পার

নয় বছর পর মুক্তি পাওয়া দেব ও শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ দেখতে মরিয়া হয়েছিলেন দর্শকেরা। যার ফলাফলও মিলল মুক্তির পর। প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন।

গতকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি রুপি আয় করেছে ধূমকেতু।

শুভশ্রী লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।

ছবিটির পরিচালক কৌশিক গাঙ্গুলি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’