শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের

এশিয়া কাপ শেষেই আফগানিস্তানের বিপক্ষে সীমিত সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। অক্টোবরে হতে যাওয়া সেই দ্বিপক্ষীয় সিরিজটির সূচি আজ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে হবে। সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা ফুটে উঠবে। সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রুতিশ্রুতিকে স্মরণ করিয়ে দেয়। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই উপভোগ করবেন সমর্থকরা।’

দ্বিপক্ষীয় সিরিজটি হবে এবারের এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাতেই।
২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে শুরু হবে। বাকি দুই টি-টোয়েন্টি ৪ ও ৬ অক্টোবর। দুই দিনের বিরতি শেষে ৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ অক্টোবর।

এই সিরিজ খেলার আগে আরব আমিরাতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি ১১ সেপ্টেম্বর। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং দিয়ে এশিয়া কাপ শুরু হবে।

আমার ছবিটা প্রিন্ট করে জুতা নিক্ষেপ করো : খায়রুল বাসার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে রোষানলে পড়েছেন শোবিজের একাধিক অভিনেতা। এমন ঘটনায় শাকিব খান, জয়া আহসান, খায়রুল বাসার থেকে শুরু করে বেশ কিছু অভিনয়শিল্পীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ।

খায়রুল বাসার নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই নিজের ক্যাম্পাসের অনুজদের উদ্দেশে কয়েকটি প্রশ্ন ছোড়েন তিনি।

খায়রুল বাসার লিখেছেন, ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’

এরপর নিজের ক্যাম্পাসের অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছ, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছ! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ-অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এ দেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা।’

এর আগে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক মাধ্যমে কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন শেয়ার করেন খায়রুল বাসার।
সেখানে তিনি লেখেন, ‘‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।
’’

একই পোস্টে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেন আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ শীর্ষক কবিতাটি, ‘‘শত বছরের শত সংগ্রাম শেষে / রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে / অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন / তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল / হৃদয়ে লাগিল দোলা / জনসমুদ্রে জাগিল জোয়ার / সকল দুয়ার খোলা / কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর-কবিতাখানি / ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’/ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’’

এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। তিনি বলেন, ‘আসন বণ্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই, আমরা সে ধরনের নির্বাচন চাই না।’

শনিবার (১৬ আগস্ট) জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন।
এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি।’

তিনি বলেন, ‘ধানমণ্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।’

মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, ‘মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ বা তার নেতৃবৃন্দের ১ টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব।
’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই। তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।’

আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে।’

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন।
সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর দেশের সবাই নির্যাতিত, বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে গৃহহীন করা হয়েছে।
খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য এমন কোনো কাজ নেই তারা করেনি।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার। নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, সংস্কার বিচার নিয়ে এগুলো চলমান প্রক্রিয়া।
’

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হবে

ফেব্রুয়ারিতে নির্বাচন না করাতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব।
আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।’

ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম।
বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার এক বছরের শাসন আর হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।
’

মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী এক লাখ টাকা করতে হবে। তবে এ বছরই তাদের সম্মানী ৫০ হাজার করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই। যুদ্ধ বড় কঠিন জিনিস।
যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়া ছিল না।’

আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান

আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) তাদের এই বৈঠক শুরু হয়েছিল।

বৈঠকের আগে আলাস্কার মার্কিন সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভ্যর্থনা আয়োজনে ছিল বিমান বহরের এক নজরকাড়া মহড়া।
অভ্যর্থনা জানাতে পুতিনের মাথার ওপর দিয়ে একটি বি-২ স্টেলথ বোমারু বিমান উড়িয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়ার সঙ্গে আলোচনার আগে তার শক্তি প্রদর্শনের জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিমান মহড়ার নির্দেশ দিয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, যেখানে রাশিয়াও একটি পারমাণবিক শক্তিধর দেশ। পেন্টাগনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত এই বোমারু বিমান বিশ্বের অন্যতম ভয়ংকর ও রহস্যময় যুদ্ধবিমান।
বি-২ স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলোর মধ্যে একটি বলে ধারণা করা হয়। লক্ষ্যবস্তুতে গোপনে ও নির্ভুলভাবে আক্রমণ করতে পারে এই বিমান।

মার্কিন বিমান বাহিনী তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘বি-টু একটি মনুষ্যবাহী বোমারু বিমান, যেটি সাবলীলভাবে যে কারো আকাশসীমায় অনুপ্রবেশের দক্ষতা রয়েছে। রাডারে সবচেয়ে কম দৃশ্যমান বা এর ‘স্টেলথ’ বৈশিষ্ট্যের কারণে বিমানটি সবচেয়ে সুরক্ষিত শত্রু প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারে এবং শত্রুর সবচেয়ে মূল্যবান ও গভীরে সুরক্ষিত লক্ষ্যবস্তুতেও হামলা করতে পারে।
’

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিটি মার্কিন বি-টু এর দাম প্রায় দুইশ কোটি ডলার। ফলে এটি বিশ্বে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলোর একটি।’ এই বিমানগুলো পৃথিবীর যেকোনো প্রান্তে টানা উড়ে যেতে পারে এবং পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম। গত জুন মাসে ইরানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ঠিক এই ধরনের সাতটি বি-২ বিমান একটানা ৩৬ ঘণ্টা উড়ে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ স্থাপনায় ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করে।

ইংল্যান্ডের ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন বেথেল

ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী মাসে আয়ারল্যান্ড সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন মাত্র ২১ বছর বয়সী জ্যাকব বেথেল। এর ফলে ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে তিনি হবেন ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক অধিনায়ক।

১৮৮৮-৮৯ মৌসুমে মন্টি বাউডেন ছিলেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক।
দীর্ঘ সময় পর এবার সেই রেকর্ড ছাপিয়ে যাচ্ছেন তরুণ অলরাউন্ডার বেথেল। আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

এর আগে ইংল্যান্ড নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে। ওই দুই সিরিজে অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক।
আয়ারল্যান্ড সফরের জন্য মূল টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিক।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী পেসার সানি বেকার। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি উভয় দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া লেগ-স্পিনার রেহান আহমেদও ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে।
আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বামহাতি স্পিনার টম হার্টলি।

ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট বলেছেন, ‘জ্যাকব বেথেল শুরু থেকেই আমাদের নেতৃত্বগুণে মুগ্ধ করেছে। আয়ারল্যান্ড সফর তার জন্য হবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা।’

ইংল্যান্ড দল বনাম আয়ারল্যান্ড : জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সানি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড।

স্ত্রী মেলানিয়ার পাঠানো চিঠি পুতিনকে পৌঁছে দিলেন ট্রাম্প

আলাস্কার বৈঠকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি সরাসরি পুতিনের হাতে তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে বলে রয়টার্সকে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আলাস্কার বৈঠকে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি সরাসরি পুতিনের হাতে তুলে দেন। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে বলে তারা জানান, যদিও এর বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া বা রুশ-অধিকৃত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন এটিকে জাতিসংঘ চুক্তির সংজ্ঞা অনুযায়ী গণহত্যার সমতুল্য যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে মস্কো বলেছে, তারা যুদ্ধক্ষেত্র থেকে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ বলে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, আমি বলতে পারি, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার।
আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।

দর্শক টানছে তিন ছবি, চাঙ্গা ভারতের বক্স অফিস

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তিনটি আলোচিত ছবি। বলিউডে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ও পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। তিনটি ছবিই প্রথম দিনে দারুণ সূচনা করেছে। দুটি গড়েছে রেকর্ড।

‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তাঁর চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি। যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ।
দ্বিতীয় দিনেও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। ছবিটিতে আরো আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ।

‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে এটি ঘিরেও দর্শকের আগ্রহ প্রবল।
প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ [২০১৯]-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরো আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।

এদিকে পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটি।
ছবিটিও প্রায় ১০ বছর পুরনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। গতকালও সব শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন দেব।

ফের অভিনয়ে পারশা

গানের মানুষ পারশা মাহজাবীন পূর্ণী। নিজে যেমন লেখেন, সুর করেন, আবার অন্যের গানেও কণ্ঠ দেন। পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন এ তরুণী। ফেব্রুয়ারিতে মুক্তি পায় জাহিদ প্রীতমের ওয়েব ছবি ‘ঘুমপরী’।
এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পারশা। পাঁচ মাস পর ফের অভিনয়ে, তাও আবার একই নির্মাতার নির্মাণে।

বৃহস্পতিবার রাতে অন্তর্জালে এসেছে ক্লোজআপ কাছে আসার গল্পের নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একগুচ্ছ কদম’। এটি ক্লোজআপের প্রথম নির্বাক চলচ্চিত্র।
এতে অভিনয় করেছেন পারশা। সঙ্গে প্রান্ত আবিদ। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এ শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুম বৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে গিয়ে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের মিলন।
মুক্তির পর সাড়াও পাচ্ছে বেশ।

২৩ ঘণ্টায় ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য ছবিটির ভিউ হয়েছে দুই লাখ ৮০ হাজারের বেশি; আর ফেসবুকে ভিউ প্রায় চার লাখ।

ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবছর বিশেষ দিবস এলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশেষ এই নাটকগুলোর। এক টানা অনেক বছর পূর্ণদৈর্ঘ্য নাটক এলেও গেল বছর থেকে প্রতি মাসেই একটি করেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তারা।
সেই ধারাবাহিকতায় এবারও নতুন গল্প নিয়ে হাজির ক্লোজআপ কাছে আসার গল্প। তবে এবার প্রথমবারের মতো নিয়ে এসেছে নির্বাক চলচ্চিত্র।