শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী এই তারকা, বানিয়েছিলেন নিজের ওয়েবসাইটও

আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায়না। শিশু থেকে বৃদ্ধ সবাই আজ ডিজিটাল দুনিয়ার সঙ্গে একাত্ম। খবর, বিনোদন, সারা বিশ্বের কনটেন্ট- সব মুঠোফোনে, আঙুলের ছোঁয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি অভিনেতা আজ ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন।
আর এই অনলাইন যুগের সূচনা, অন্তত ভারতীয় সিনেমা জগতে, সম্ভব হয়েছিল এক কিংবদন্তির হাত ধরে। রণবীর কাপুরের দাদু তথা প্রয়াত কিংবদন্তি অভিনেতা শাম্মি কাপুর!

রোম্যান্টিক হিরোর ভূমিকায় পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন শাম্মি কাপুর। অসাধারণ অভিনয় এবং প্রাণবন্ত নাচের জন্য অনুরাগীদের মনে জায়গা করে নিলেও তাঁর অন্য এক পরিচয় অজানাই রয়ে গিয়েছে। স্কুলের গণ্ডি না পেরোলেও একটি ক্ষেত্রে প্রবল ঝোঁক ছিল শম্মির।
খুব কম লোকই জানেন অভিনয় বাদ দিয়ে প্রযু্ক্তির প্রতি তাঁর আলাদা উৎসাহ ছিল। বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে তাঁর অনুসন্ধিৎসার কথা খুব কম লোকেরই জানা। পৃথ্বীরাজ কাপুরের তিন পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র শম্মি ছিলেন ভারতের প্রথম ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একজন। মজার কথা হল ভারতে আনুষ্ঠানিক ভাবে চালু হওয়ার আগেই অভিনেতা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেছিলেন।
সমমনস্ক কয়েক জনের সঙ্গে মিলে খুলে ফেলেছিলেন একটি দলও। ইন্টারনেট ইউজ়ার ক্লাব অফ ইন্ডিয়া বা সংক্ষেপে আইইউসিআই।

নব্বইয়ের দশকের গোড়ায়, সত্তরের কোঠায় বয়স থাকা সত্ত্বেও তিনি কিনেছিলেন একটি অ্যাপল ম্যাকিন্টশ ক্লাসিক ডেস্কটপ এবং আন্তর্জাতিক ডায়াল-আপ লাইনও নেন।কেন তাঁর প্রথম অনলাইন প্রকল্প? আসলে, কাপুর পরিবারের ফিল্মি ফ্যামিলি ট্রি তৈরি করা ছিল তাঁর লক্ষ্য—যার নাম দেন জংলি.ওআরজি.ইন (junglee.org.in)। আশ্চর্যের বিষয়, সেই ওয়েবসাইট এখনও টিকে আছে!

কেন তাঁকে ‘ইন্টারনেট গুরু’ বলা হয়? কারণ, পঞ্চাশের কোঠায় তিনি বিশ্বব্যাপী ওয়েব আবিষ্কার করেন, ‘ইন্টারনেট ইউজার্স কমিউনিটি অফ ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হন এবং ‘এথিক্যাল হ্যাকার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ গড়ে তোলেন।

জংলি ডট ওআরজি মূলত কাপুর পরিবারের জন্য নিবেদিত এক ফ্যামিলি ওয়েবসাইট, যেখানে এখনও নব্বইয়ের দশকের সেই অরিজিনাল লুক, ব্যানারের ফন্ট, এবং শাম্মি নিজে বাছাই করা কনটেন্ট আজও অক্ষত রয়েছে। আছে তাঁর দুর্লভ ছবির স্টিলস, পৃথ্বীরাজ থেকে ঋষি কাপুর- সকলের বিষয়ে তথ্য ও নানান ছবি। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন ড. শ্রীনিবাসন রমণী, যিনি তাঁর টিম নিয়ে ১৯৮৬–১৯৯১ সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক সার্ভার সংযোগ স্থাপন করেছিলেন। তবে সরকারি ভাবে কে প্রথম, তার প্রমাণ নেই। কিন্তু বলিউডের প্রথম ইন্টারনেট ব্যবহারকারী যে শাম্মি কাপুর, তা নিয়ে কোনও দ্বিমত নেই।

২০১১ সালের ১৪ আগস্ট, ৭৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই কিংবদন্তি অভিনেতা তথা ভারতের ‘ডিজিটাল পথিকৃৎ’। ১৯৯০ সালের পর থেকে আমৃত্যু এই অভিনেতা ম্যাক ব্যবহার করতেন। যদিও, মাইক্রোসফ্‌ট কম্পিউটার সম্পর্কে তাঁর খুবই সীমিত জ্ঞান ছিল। তাঁর কাছে প্রয়োজনীয় সমস্ত গ্যাজেট ছিল। তিনি ফেসবুক, টুইটারে সক্রিয় ছিলেন এবং তাঁর ওয়েবসাইটেও কাজ করে গিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত।

মেসির ম্যাজিকাল ফেরা, গোল-অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়

চোট কাটিয়ে ফেরার ম্যাচেই জাদু দেখালেন লিওনেল মেসি। বদলি নামার পর এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় এনে দিলেন তিনি। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে এলএ গ্যালাক্সিকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল মায়ামি।

প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি।
বিরতির পর সমতা ফেরে গ্যালাক্সি। তবে শেষ ১০ মিনিটে মেসির মন্ত্রমুগ্ধ পারফরম্যান্সেই বদলে যায় ম্যাচের রূপ। ৮৪তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। পাঁচ মিনিট পর রদ্রিগো দি পলের পাস হিল ফ্লিকে বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে, গোল করে ব্যবধান ৩-১ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। যদিও আমি দেখেছি, সে পুরোপুরি স্বস্তিতে ছিল না। তবে সময় বাড়ার সাথে সাথে আরো ছন্দে এসেছে।
আগামীকাল কেমন অনুভব করছে, সেটি দেখতে হবে। আপাতত দিন দিন এগোতে হবে।’

এই গোলেই এমএলএস মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলে তার অবদান এখন ৩০। টানা চতুর্থবার বদলি হিসেবে নেমে গোল করলেন তিনি।

চোটের কারণে গত সপ্তাহে মেসিকে ছাড়া নামা মায়ামি অরল্যান্ডো সিটির কাছে হেরেছিল ৪-১ ব্যবধানে। তাই গ্যালাক্সির বিপক্ষে এই জয়কে মৌসুমের জন্য ‘টার্নিং পয়েন্ট’ বলছে মাসচেরানো। ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি, হারা যায়, কিন্তু কেমনভাবে হারা হচ্ছে সেটিই আসল বিষয়। আমরা যদি মৌসুমের শেষ পর্যন্ত লড়তে চাই, বড় কিছু জিততে চাই, তবে প্রতিটি ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠবে নির্ণায়ক।’

এ রকম প্রস্তাব প্রায়ই আসে : আঁখি আলমগীর

কণ্ঠশিল্পী হিসেবে সারা দেশে পরিচিত আঁখি আলমগীর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু পুরস্কার। তবে গানের পাশাপাশি এখনো অভিনয়ের প্রস্তাব পেয়ে চলেছেন ‘জল পড়ে পাতা নড়ে’ গায়িকা। অভিনয় যে মোটেও করেননি তা নয়, ১৯৮৪ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবিতে প্রথম ও শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে।
তার জন্য পেয়েছিলেন সেরা শিশুশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এরপর নব্বইয়ের দশকে প্লেব্যাক শুরু করেন। ওই সময় থেকেই একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। সব সময়ই বিনয়ের সঙ্গে অভিনয়কে ‘না’ বলেছেন।
জানিয়েছেন, গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। অভিনয়ের ইচ্ছা নেই।

বুহস্পতিবার কথায় কথায় আঁখি জানালেন, আবার পেলেন অভিনয়ের প্রস্তাব। এম এস প্রোডাকশনের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন প্রযোজক।
আঁখি বলেন, ‘আমি অবাক হইনি, কারণ এ রকম প্রস্তাব প্রায়ই আসে। প্রযোজককে শুধু বললাম, গানই আমার প্রথম পছন্দ। অভিনয় করতে চাইলে এত দিন নিয়মিত হয়ে যেতাম। তবে ধন্যবাদও দিয়েছি তাঁকে এই প্রস্তাব দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়েছি, এই সময়ের অভিনেত্রীদের নিয়ে কাজ করতে।

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শত্রু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারাই নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে- তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তারা গণতন্ত্রের শত্রু।

গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে- তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়।

আলোচনা সভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, মহানগর উত্তরের শরিফ উদ্দিন জুয়েল প্রমুখ।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের বিরোধী শক্তিগুলো নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা বানচাল করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সব সময় ঐক্যবদ্ধ।

বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী, আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান ‘ফুটবল ব্র্যান্ড’ রিয়াল মাদ্রিদ

ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাব কোনটি? এমন প্রশ্নের উত্তরে সবার আগে আসবে রিয়াল মাদ্রিদের নাম। বছরের পর বছর ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্সে একেরপর এক শিরোপা জিতেছে স্পেনের ক্লাবটি। আর তাই বিশ্বজুড়ে ক্লাবটির কদরও আছে বেশ। সেটা উঠে এসেছে ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্টেও। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

সম্প্রতি ‘ফুটবল ৫০, ২০২৫’ নামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। সেখানে দেখা গেছে, রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডমূল্য গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়ে এ বছর ১৯০ কোটি ইউরো হয়েছে। স্পেনের আরেক পরাশক্তি ক্লাব বার্সেলোনার ব্র্যান্ডমূল্য ১১ শতাংশ বেড়ে হয়েছে ১৭০ কোটি ইউরো। শক্তিশালী ক্লাবের রেটিংয়েও এ দুটো ক্লাবই পেয়েছে সর্বোচ্চ রেটিং ‘ট্রিপল এ প্লাস’।

ফুটবল ব্র্যান্ডের পাশাপাশি শক্তিশালী ক্লাব ও এন্টারপ্রাইজ ভ্যালু- এই দুই তালিকাতেও ১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এন্টারপ্রাইজ ভ্যালুতে রিয়াল মাদ্রিদ ৬০০ কোটি ইউরো, বার্সেলোনা ৪৪০ কোটি ইউরো। প্রতিবেদন অনুযায়ী, আগের বছর ব্র্যান্ড মূল্যতে ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ৮ বছর পর এবার কোনো বড় ট্রফি জিততে না পারায় নেমে গেছে ৩ নম্বরে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজি ঢুকে পড়েছে শীর্ষ পাঁচে। লা পারিসিয়ানরা বায়ার্ন মিউনিখ (৬) ও ম্যানচেস্টার ইউনাইটেডকে (৭) পেছনে ফেলেছে। আগের বছর ৫ নম্বরে থাকা লিভারপুল এবার উঠে এসেছে চারে। প্রিমিয়ার লিগের অন্য তিন ক্লাব আর্সেনাল, চেলসি ও টটেনহাম আছে যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে।

শক্তিশালী ক্লাবের রেটিংয়ে সাতটি ফুটবল ক্লাব পেয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রিপল এ প্লাস রেটিং, যার মধ্যে চারটিই প্রিমিয়ার লিগের। শীর্ষ লিগগুলোর মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল প্রিমিয়ার লিগ। শীর্ষ ১০ প্রিমিয়ার লিগ ক্লাবের সম্মিলিত ব্র্যান্ডমূল্য ৮২০ কোটি ইউরো। যা শীর্ষ ৫০ ক্লাবের মোট ব্র্যান্ডমূল্যের ৩৭ শতাংশ।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্স বিশ্বের অন্যতম প্রধান ব্র্যান্ড মূল্যায়ন ও পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিষ্ঠানটি বিশ্বের পাঁচ হাজারের বেশি ব্র্যান্ডের শক্তি ও বাজারমূল্য মূল্যায়ন করে। এছাড়া বিশ্বের ৪৬টি দেশের ৪০টির বেশি খাত ও শিল্প নিয়ে কাজ করে তারা। ২০০৭ সাল থেকে প্রকাশিত ব্র্যান্ড ফাইন্যান্সের সব র‍্যাঙ্কিং, গবেষণা প্রতিবেদন ও হোয়াইটপেপার তাদের ওয়েবসাইট ব্র্যান্ড ডিরেক্টরিতে সংরক্ষিত আছে।

ইনজুরিতে ঋতুপর্ণা, জিততে পারেনি দল

নারী ভুটান লিগে আজ পারো এফসি ও রয়েল থিম্পু কলেজের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এই ম্যাচে সাবিনা, ঋতুপর্ণাদের পারো এফসি শামসুন্নাহার-তহুরাদের থিম্পু কলেজের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এটি লিগে পারোর প্রথম ড্র।

পারো এফসি প্রথমার্ধে লিড নিয়েছিল। বাংলাদেশের জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা গোল করেন। ৬৭ মিনিটে পারোর বক্সের উপর ফ্রি কিক পায় থিম্পু কলেজ। সোনেমের দুর্দান্ত শট সরাসরি জালে জড়ায়। ১-১ গোলে অমীমাংসিত ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান থিম্পু কলেজের সোনেম।

পারোর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জয়ের কারিগর বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তিনি আজ নিষ্প্রভ ছিলেন। ইনজুরির জন্য স্বাভাবিক খেলা খেলতে পারেননি। গত সপ্তাহে পারোর হয়ে অনুশীলন ম্যাচ খেলার সময় গোড়ালিতে ব্যথা পান। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ বিধায় পারোর কোচিং স্টাফ ঋতুকে নামিয়েছে। ঋতু কষ্ট করে মাঠে থাকলেও অধিকাংশ সময় দাড়িয়েই খেলেছেন। ঋতু ও তার সতীর্থরা ভুটান থেকে এমন তথ্যই দিয়েছেন।

রয়েল থিম্পু কলেজ এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে লাওস রওনা হবে। বাংলাদেশের পাঁচ জন এই দলের হয়ে খেলবেন। থিম্পু কলেজের হয়ে ঘরোয়া লিগ খেলা তহুরা,শামসুন্নাহার, রিপা ছাড়াও বাংলাদেশের অধিনায়ক আফিদা ও স্বপ্না রাণী এএফসি টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে থিম্পু কলেজে যোগ দিয়েছেন। আজ তারা থিম্পু ও পারোর ম্যাচ দেখেছেন।

আলোচনায় নতুন সংবিধান না হলে রাজপথে নামতে দেরি করব না : আখতার

টেবিলের আলোচনায় নতুন সংবিধান প্রণয়ন না হলে রাজপথে নামতে দেরি করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই সনদকে কাগুজে বাঘ হিসেবে দেখতে চান না জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, ‘বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেম ওয়ার্কের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারই সংস্কার শুরু করবে।
পরবর্তী সরকার এসে সম্পন্ন করবে। কারণ নতুন সরকার এসে তা পুরোপুরি বাস্তবায়ন করবে, সে আস্থা রাখা যায় না।’

আখতার বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন অনেক বিষয়ে একমত হয়েছে। কিন্তু তা বাস্তবায়নের কথা আসায় কমিশন ম্রিয়মাণ হয়ে গেছেন।
আমরা মনে করি, কমিশন একটি বা দুটি দলের সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাও অপূর্ণাঙ্গ। ঘোষণাপত্রে সংস্কার করা সংবিধানের আলোকে নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে গেছেন প্রধান উপদেষ্টা।
অথচ দেশের মানুষ নতুন সংবিধান চায়। যখন মানুষ শাসনতান্ত্রিক পরিবর্তন চায়, তখনই নতুন সংবিধানের প্রয়োজন হয়। আমাদের হাজারো ভাই শহীদ হয়েছেন। আমাদের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত চায়। যদি টেবিলের আলোচনায় নতুন সংবিধান না হয়, আমরা রাজপথে নামতে দেরি করব না।
কারণ অতীতে আমাদের সংবিধান অনেক কাটাছেঁড়া করা হয়েছে।’

এনসিপির সদস্যসচিব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘পুরনো নিয়ম ভেঙে গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে এক হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানালে অনেকে বলেন—আমরা জাতীয় নির্বাচন পেছাতে চাই। আমরা মনে করি, নির্বাচন যেকোনো সময় হতে পারে। তবে সেটা যেন পুরনো ব্যবস্থা টিকিয়ে রেখে না হয়। নতুন ব্যবস্থায় নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। বিগত হাসিনার সরকারের আমলে সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করেছে। অতীতে বিএনপিও এ পথে হেঁটেছে। একটি পক্ষ আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে।’

এ সময় আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, আরিফ সোহেল প্রমুখ।

চিকিৎসার জন্য ইতালিতে নেওয়া ফিলিস্তিনি তরুণীর মৃত্যু

গাজা উপত্যকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ইতালির এক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া এক তরুণী মারা গেছেন। হাসপাতালটি শনিবার এ তথ্য জানিয়েছে।

২০ বছর বয়সী ওই তরুণীকে ইতালির গণমাধ্যমে মারাহ আবু জুহরি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যকার রাতে ইতালির সরকারের মানবিক ফ্লাইটে তিনি পিসা শহরে পৌঁছন।

পিসার ইউনিভার্সিটি হাসপাতাল এদিন জানায়, তার ‘খুব জটিল ক্লিনিক্যাল অবস্থা’ ছিল এবং তিনি মারাত্মক ওজন ও মাংসপেশির ক্ষয়ে ভুগছিলেন। তার শরীরের ওজন ও পেশি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়, শুক্রবার পরীক্ষা ও চিকিৎসা শুরু করার পর তিনি হঠাৎ শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ওই তরুণীকে তার মায়ের সঙ্গে ইতালির বিমানবাহিনীর একটি ফ্লাইটে নেওয়া হয়।
এ সপ্তাহে রোম, মিলান ও পিসায় মোট তিনটি ফ্লাইটে ৩১ জন রোগী ও তাদের স্বজনদের নেওয়া হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব রোগীর সবাই গুরুতর জন্মগত রোগ, ক্ষত বা অঙ্গচ্ছেদের শিকার। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮০ জনের বেশি শিশু ও তরুণ-তরুণীকে গাজা থেকে ইতালিতে নেওয়া হয়েছে।

ইতালির তাসকানি অঞ্চলের প্রধান ইউজেনিও জিয়ানি ওই তরুণীর পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
হাসপাতালটি তার অসুস্থতার কারণ বিস্তারিত জানায়নি। তবে তিনি মারাত্মক অপুষ্টিতে ভুগছিলেন বলে ইতালির সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

উল্লেখ্য, মানবিক সংস্থা, জাতিসংঘের সংস্থা ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিধ্বস্ত গাজায় ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালালে এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এরপর ইসরায়েল প্রতিশোধমূলক আক্রমণ শুরু করলে এখন পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় সাড়ে ৬১ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে জাতিসংঘও বিশ্বাসযোগ্য বলে মনে করে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার মুক্তিতে বাধা, ক্ষোভ উগরে দিলেন দেবলীনা

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার মুক্তির কথা ছিল আজ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শিল্পী থেকে পরিচালক সবাই নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছেও গিয়েছিলেন। ট্রেলার উন্মোচন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পাল্টে গেল চিত্র। অনুষ্ঠানের মঞ্চে ট্রেলার চলাকালীন তার ছিঁড়ে দেওয়া হয়।
ট্রেলার চলতে চলতেই তা বন্ধ হয়ে যায়। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল হোটেলে।

পরিচালক অভিযোগ করেন, ট্রেলার চলাকালীনই তা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানায়, এই কথা একেবারেই ভিত্তিহীন।
তবে এখানেই সমস্যা থামে না, অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছায়। কলকাতা পুলিশ হোটেলে ঢুকে সরিয়ে নিয়ে যায় বিবেকসহ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর গোটা টিমকে।

এমন ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
অভিনেত্রী বললেন, ‘আমি ট্রেলারটা দেখেছি, অত্যন্ত ভালো। এই নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আজকের ঘটনাটা দেখে আমার খুব ঘেন্না করল। প্রত্যেক সংবাদমাধ্যমের কাছে যখন খবর ছিল আজ ট্রেলার দেখানো হবে, তার মানে তো অনুমতি ছিল। এই প্রশ্ন করা বৃথা।
একবারও দেখলাম না হোটেল কর্তৃপক্ষ বলেন যে তাদের বিষয়টা অজানা ছিল বা অনুমতি ছিল না, এমন কিছু বলছেন না। সত্যি বলতে কিছু বলছেন-ই না। প্রথমে দেখলাম, তাকে তাড়া করা হয়েছে, তিনি পালিয়ে বাঁচছেন, তিনি কোনো উত্তর দিতে পারছেন না।

ট্রেলারটি দেখানো বন্ধ করে দেওয়া হলো কেন? কারণ? কেউ জানে না। একটা ছবি বানানো হয়েছে, তার ট্রেলার দেখানো হচ্ছে, সেটা আগে থেকে ঠিক ছিল আজ দেখানো হবে। সেন্সর বোর্ড ছবিটাকে ছাড়পত্র দিয়েছে বলেই তো ছবিটা আজ রিলিজের জায়গায় এসেছে। সেখানে এটা বন্ধ করে দেওয়া হলো কেন? আমার এই ঘেন্না হোটেল কর্তৃপক্ষের ওপর নয়, তাদের দেখে মনে হলো, তারা বাধ্য। আমার মায়া লাগছিল ওই ভদ্রলোককে দেখে। উনি কোথায় যাবেন? কী করবেন? কী বলবেন? কিছু ভেবে পাচ্ছেন না। কারণ এটা করতে হয়েছে ওনাকে (হাবভাব দেখে মনে হলো)। সেকথাও উনি বলতে পারবেন না। কারণ বলা বারণ। ছিঃ মগের মুলুক। আর্ট ফর্মের সঙ্গে এই ছেলেখেলা বাংলায় হচ্ছে? আমি বাকরুদ্ধ।’

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (১৬ আগস্ট) সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জ একদম এক পাশে হয়ে গেছে। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করতে হবে।
এ জন্য এমন স্থান প্রয়োজন, যেখান থেকে সহজে পরিবহন নিশ্চিত করা যায়। গোপালগঞ্জ এ ক্ষেত্রে ফিজিবল নয়। ভ্যাকসিন উৎপাদনের জন্য যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ লাগবে, তাদের সেখানে সব সময় নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই মুন্সীগঞ্জের সিরাজদিখানেই এই প্লান্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
’

তিনি জানান, ইতোমধ্যে ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিসিক। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অনুমোদনের কাজ শেষ করা হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, ‘বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করতে পারছি। গুণগত মানের দিক থেকে এগুলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের চেয়ে কম নয়। তবে ৯০ থেকে ১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে, যা দ্রুত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অ্যান্টিভেনমসহ কিছু ওষুধ এখনো কার্যকর হচ্ছে না। তবে দেশের চাহিদা অনুযায়ী নতুন ভ্যাকসিন ও ওষুধ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।