শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কোনাতেকে বিক্রি করতে চায় লিভারপুল, রিয়াল যা ভাবছে

চলতি দলবদলের মৌসুমে রক্ষণভাগ ঠিক করার মিশনে নেমেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই তরুণ স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে কিনেছে তারা। এছাড়া লিভারপুল থেকে এনেছে ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডকে। পোর্তো থেকে কারেরাসকে কিনেছে লস ব্লাঙ্কোসরা। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে আরও এক ডিফেন্ডার কিনতে পারে মাদ্রিদ।

রিয়ালের লক্ষ্যে থাকা সেই ডিফেন্ডারকে নিয়ে অবশ্য আগেও গুঞ্জন চলেছে। তিনি লিভারপুলের সেন্ট্রাল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, লিভারপুল তার জন্য ৩৫ মিলিয়ন ইউরো দাম চেয়েছে। তবে রিয়াল এ বিষয়ে এখনো কিছু ভাবছে না বলে জানা গেছে। তারা কোনাতের জন্য আপাতত অপেক্ষা করতেই বেশি ইচ্ছুক।

কোনাতের সঙ্গে লিভারপুলের কেবল চলতি মৌসুম পর্যন্ত চুক্তি আছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। এ কারণে তাকে ফ্রিতে না ছেড়ে দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করছে অল রেডসরা। এছাড়া ১৮ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে কিনেছে লিভারপুল। যে কারণে কোনাতেকে ছাড়তে সমস্যা নেই দলটির।

ডিফেন্ডার হিসেবে কোচ জাবি আলোনসোর পরিকল্পনার কেন্দ্রে আছেন এদার মিলিতাও। তবে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বেশ ইনজুরি প্রবণ। রিয়ালে সেন্ট্রাল ডিফেন্সের ভাবনায় অভিজ্ঞ অ্যান্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা আছেন। তরুণ রাউল অ্যাসেনসিওকেও নিবন্ধন করিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সব মিলিয়ে রিয়ালের স্কোয়াডে আপাতত ডিফেন্ডারের অভাব নেই। কিন্তু গত মৌসুমে মিলিতাও, আলাবা, কারভাহাল, ভাসকেসদের ইনজুরির কারণে বিপদে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুসদের মতো তারকা থাকা স্বত্ত্বেও রিয়ালের কোন শিরোপা জিততে না পারার কারণ ছিল ডিফেন্ডারদের ওই ইনজুরি।

পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তুতি চলছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। অবশ্য বৈঠকটি কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প সোমবার বলেন, “ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে সমন্বয় করছেন”। তিনি আরও বলেন, “রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সবাই খুবই আশাবাদী।”

তিনি জানান, পুতিন ও জেলেনস্কির প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে, যেখানে তিনি নিজেও দুই প্রেসিডেন্টের সঙ্গে বসবেন।

এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, ফোনালাপে পুতিন ট্রাম্পকে জানিয়েছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত। এই ফোনালাপটি হয় হোয়াইট হাউসে ট্রাম্পের ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিরতিতে। পুতিনের সঙ্গে আলাস্কায় শীর্ষ বৈঠকের কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে অন্যদের এই বৈঠকটি হলো।

অন্যদিকে জেলেনস্কি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধান খুঁজতে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেন সমর্থন করছে এবং তিনি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রস্তুত। “হত্যাযজ্ঞ বন্ধে কাজ করার জন্য” তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হলে ইউক্রেন নির্বাচন আয়োজনের জন্যও প্রস্তুত।

জেলেনস্কি আরও জানান, “এখন আমাদের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার সুযোগ তৈরি হয়েছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুনরায় সজ্জিত করতে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

এর আগে সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে কিয়েভকে ক্রিমিয়া পুনর্দখলের প্রচেষ্টা ও ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানান। জবাবে জেলেনস্কি এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাশিয়াকে কেবল শক্তির মাধ্যমে শান্তিতে বাধ্য করা সম্ভব, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সেই শক্তি রয়েছে।”

ওয়াশিংটনে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইউক্রেনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, জেলেনস্কি উপস্থিত থাকলে পুতিন আদৌ বৈঠকে আসার সাহস দেখাবেন কি না, তা অনিশ্চিত।

মের্জ ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার ট্রাম্পের ঘোষণা স্বাগত জানিয়ে বলেন, এই আলোচনার প্রত্যাশা “শুধু পূরণই হয়নি, বরং অতিক্রম করেছে”। তিনি জোর দিয়ে বলেন, “ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় পুরো ইউরোপকেই অংশ নিতে হবে।”

আর্জেন্টিনার দলে চমক ব্রাজিলিয়ান ক্লাবের লোপেজ, আরো আছেন যারা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরের ম্যাচগুলোর জন্য দলে নতুন চমক এনেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াইয়ের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলে রয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় নতুন মুখ হোসে মানুয়েল লোপেজ।

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকার লোপেজ এই মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। লাৎসিও ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

গত জুনের বাছাইপর্বের স্কোয়াড থেকে কয়েকটি পরিবর্তন করেছেন কোচ স্কালোনি। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো।
তাদের পরিবর্তে ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা কারবোনি সম্প্রতি জেনোয়ার হয়ে করেছেন দারুণ এক গোল।

ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে এবার দলের বাইরে। চোট কাটিয়ে উঠতে না পারায় জায়গা হয়নি পাওলো দিবালার।
তবে ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ক্লদিও এচেভেরি ও রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ১৮ বছরের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রাখা হয়েছে দলে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।

‘কিল বিল’ বানানোর জন্যই আমার জন্ম হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ নাম কুয়েন্টিন টারান্টিনো। ‘পালপ ফিকশন’, ‘কিল বিল’ কিংবা ‘রিজার্ভার ডগস’-এর মতো কালজয়ী ছবির নির্মাতা তিনি। তাঁর সেরা ছবি কোনটি? এ নিয়ে ভক্তদের মধ্যে তো চর্চা হয়ই। কিন্তু দুইবার অস্কারজয়ী এ নির্মাতার চোখে নিজের সেরা নির্মাণ কোনটি? সেটাই জানালেন এবার।

একটি পডকাস্টে অংশ নিয়ে ট্যারান্টিনো জানান, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ (২০১৯) তাঁর সবচেয়ে পছন্দের ছবি। তবে সেরা নির্মাণ মনে করেন ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে (২০০৯)। তবে যে ছবিটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা ‘কিল বিল’।

ট্যারান্টিনো বলেন, “আমি মনে করি ‘কিল বিল’ বানানোর জন্যই আমার জন্ম হয়েছে।
এটা এমনই এক ছবি, যেটা আর কেউ বানাতে পারত না। এর প্রত্যেকটি দৃশ্য আমার কল্পনা, ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ। সুতরাং এ ছবিটা বানানোর জন্যই আমি পৃথিবীতে এসেছি। আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ আমার মাস্টারপিস।

নিজের দশম ও সর্বশেষ সিনেমা হিসেবে টারান্টিনো তৈরি করতে চেয়েছিলেন ‘দ্য মুভি ক্রিটিক’। কিন্তু পরবর্তী সময়ে তিনি পরিকল্পনা বাদ দেন এবং সিনেমাটি করবেন না বলে জানান। সম্প্রতি এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পুনরাবৃত্তি এড়ানোর জন্যই এ সিদ্ধান্ত। টারান্টিনো বলেন, ‘প্রি-প্রডাকশনে থাকা অবস্থায়ই আমার মনে হয়েছিল কাজটা করব না। কেননা আমি ‘‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’’ থেকে প্রভাবিত হয়ে কাজটা করেছিলাম।
১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলেসকে সিজিআই ছাড়া দেখাব কীভাবে? আমি জানতাম, কাজটা কেমন করে করতে হবে। আমার টিমও জানত। দ্য মুভি ক্রিটিক নিয়ে নতুন করে ভাবার কিছু ছিল না। কেননা এটা অনেকটাই আমাদের ভূতপূর্ব সিনেমার মতোই হতো।’

৬০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ‘পররাষ্ট্র দপ্তর সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা এবং দেশটির আইন লঙ্ঘনের জন্য ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে।’

স্টেট ডিপার্টমেন্ট আরো জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
কর্মকর্তা বলেছেন, প্রায় চার হাজার ভিসা আইন লঙ্ঘনের জন্য বাতিল করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর জাতীয়তার ভিত্তিতে ভিসা আলাদা করে বাছাই করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রি মার্কো রুবিও চীন থেকে আসা শিক্ষার্থীদের ওপর কঠোর হওয়ার কথা জানিয়েছেন।

মার্চ মাসে শীর্ষ মার্কিন কূটনীতিক সাংবাদিকদের বলেছিলেন, তিনি প্রতিদিন ভিসা বাতিল করছেন।
তিনি বলেন, ‘যখনই আমি এই পাগলদের একজনকে পাই, আমি তাদের ভিসা বাতিল করি।’ তিনি বিশেষ করে সেই শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করেছেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কর্মীদের ইহুদি-বিদ্বেষের অভিযোগ করেছেন। তবে ভুক্তভোগীরা প্রায়ই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

দেশটির প্রশাসন সম্প্রতি দুটি মামলায় ব্যর্থতার সম্মুখীন হয়েছে।
প্রথমটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মাহমুদ খলিলের বিরুদ্ধে হওয়া মামলা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি গত জুন মাসে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে।

দ্বিতীয় মামলাটি হয়েছিল টাফ্টস বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তুর্কি ছাত্রী রুমেসা ওজতুর্কের বিরুদ্ধে। তিনি একটি ক্যাম্পাস সংবাদপত্রে ইসরায়েলবিরোধী একটি নিবন্ধ লিখেছিলেন। গত মে মাসে আদালতের নির্দেশে তিনি মুক্তি পান। তাকে ম্যাসাচুসেটসের একটি রাস্তা থেকে মুখোশধারী সাদা পোশাকের এজেন্টরা ধরে নিয়ে গিয়েছিল।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সিনেটর মার্কো রুবিও যুক্তি দেন, প্রশাসনের বিচারিক পর্যালোচনাবিহীনভাবে ভিসা প্রদানের বা বাতিল করার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক যারা নন, তাদের মার্কিন সংবিধানের আওতায় বাকস্বাধীনতার অধিকার নেই।

সূত্র : বিবিসি

ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের উদ্যোগ

ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের পদক্ষেপ নিচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।

সোমবার ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি ডিক্রি জারি করে সংবিধান প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দেন। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ওই কমিটিতে জাতীয়, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের পাশাপাশি আইন ও সংবিধান বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন, যেখানে নাগরিক সমাজ ও লিঙ্গ সমতার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হলো যখন কয়েকটি ইউরোপীয় দেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্বাধীন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

যুদ্ধ অবসানে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার দুপুরে হোয়াইট হাউসে শুরু হয় বৈঠক। এতে অংশ নিয়েছেন ইউরোপীয় দেশগুলোর শীর্ষ নেতারাও।

বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আমরা অনেক দূর এগিয়েছি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তবে যুক্তরাষ্ট্র তা বাস্তবায়নের নিশ্চয়তা দেবে। রক্তপাত বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ‘জড়িত’ থাকতে হবে বলে জানান তিনি।

অন্যদিকে ভলোদেমির জেলেনস্কি তার বক্তব্যে জানান, কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি আরো বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে।

এই আলোচনায় যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মানির চ্যান্সেলর, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনসহ ইইউ ও ন্যাটোর শীর্ষ নেতারা। তাদের উপস্থিতিকে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার ফাঁকে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ফটোসেশন করেন। নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, হোয়াইট হাউসে আপনাদের উপস্থিতি আমাদের জন্য সম্মানের। আজকের দিনটি অত্যন্ত সফল।

অন্যদিকে মস্কো জানিয়ে দিয়েছে, শান্তির প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ইউক্রেনে ন্যাটোর কোনো উপস্থিতি মেনে নেবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিকে সংঘাতের একটি কার্যকর সমাধান বলে মনে করে না মস্কো এবং এই বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিগুলোকে রাশিয়া উসকানিমূলক বলে মনে করে।

হোয়াইট হাউসে বৈঠকের মাঝপথে পুতিনকে ফোন করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকের মাঝপথে ফোনালাপের পর আবারও আলোচনা শুরু হয়।

ট্রাম্প আগে জানিয়েছিলেন, বৈঠক শেষে তিনি পুতিনকে ফোন করবেন।
তবে পরিকল্পনা পরিবর্তন করে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় ৪০ মিনিটের এ আলাপের খবর প্রথম প্রকাশ করে জার্মান দৈনিক বিল্ড। পরে ক্রেমলিনও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প।
মাত্র তিন দিন পরই ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে নতুন বৈঠকে বসলেন তিনি।

হোয়াইট হাউসের এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধ, ইউক্রেন ও ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করেন।

আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের যে বটবাহিনী টার্গেট করছে। টার্গেট করার সময় যেটা ওরা করছে, এটা খুবই ভয়াবহ। সে আমাকে তো টার্গেট করছেই, আমার ওয়াইফ আমার মেয়ে আমার আত্মীয়-স্বজন যাদের আমি ছবি দিয়েছি। সবার ছবি তারা বিকৃত করেছে এবং এত ভয়াবহভাবে বিকৃত করেছে যে, তারা অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি বলেন, সে শেয়ার করছে, সে এমন কিছু না পুরো অনলাইন স্পেয়ারে আমার ওয়াইফ আমার মেয়ে আমাদের আত্মীয়-স্বজন সবার ছবি তারা এটাকে দিয়ে টার্গেট করছে। এটা তো আমার একা হচ্ছে এবং তারা খুবই আমি দুঃখিত যে, আমি এখন অনেক বছর পরে আমি বুঝলাম যে বিষয়টা কি। ফলে যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা আত্মীয়-স্বজন আমার ভাই-বোন সবাইকে আমার আনফ্রেন্ড করতে হয়েছে।
আমার এই যে, গত ১০ বছর ধরে আমি যার ছবি তুলেছি সবগুলোকে আমার সরাতে হয়েছে।

আইসিইউতে পরীমনির মেয়ে

আইসিইউতে ভর্তি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির মেয়ে। শুধু তার মেয়েই নয়, পরীমনি ও তার ছেলে পদ্মও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি জানান, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।
আল্লাহ!

এর আগে, ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

পরীমনি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর তার ছেলে পদ্মরও জ্বর।
তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমনিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

এ তথ্য উল্লেখ করে পরীমনির ঘনিষ্ঠজন বলেন, পরীমনির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখনো প্রচণ্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন।
শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।