শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

চলে গেলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও

‘কট ইন প্রভিডেন্স’ নামে একটি টেলিভিশন শোতে মানবিক আচরণের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এক বিচারক। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় এই বিচারক মারা গেছেন। তার নাম ফ্রাঙ্ক ক্যাপ্রিও। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত এই বিচারকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (২০ আগস্ট) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন।
’

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি শুধু একজন সম্মানিত বিচারকই ছিলেন না, ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও সবার প্রিয় বন্ধু।’ তার ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার পিতার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতের তার ব্যতিক্রমী মানবিক দৃষ্টিভঙ্গির জন্য।
ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলাগুলোর শুনানিতে আসা সাধারণ মানুষদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। তার এই বিচার কার্যক্রম নিয়ে তৈরি হয় জনপ্রিয় টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।
শো-এর বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমেও নিয়মিত ভাইরাল হতো।

তিনি ১৯৮৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছু মাস আগেই তিনি নিজের জীবনের বিচারকার্য থেকে সংগৃহীত অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে একটি বই প্রকাশ করেন। বইটির নাম ‘কমপ্যাশন ইন দ্য কোর্ট: লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ’।

বিশ্বের কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন হৃদয়বান, সহানুভূতিশীল ও মানবিক বিচারক হিসেবে। তিনি আইন ও মানবতার মধ্যে একটি আশ্চর্য সেতুবন্ধন তৈরি করেছিলেন। ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানান এবং সুস্থতার জন্য দোয়া চান।

তিনি বলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন… আপনার সাহায্য আমাকে এই লড়াইয়ে শক্তি দেবে।’

সূত্র : আল-অ্যারাবিয়া।

দূর হয়ে যাক সব অশান্তি : অবন্তী সিঁথি

ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো বিশালাকৃতির সেই দৈত্য। আপনার তিনটি চাওয়া পূর্ণ করবে সে। কী চাইবেন দৈত্যের কাছে? সংগীতশিল্পী অবন্তী সিঁথি জানিয়েছেন আলাদিনের চেরাগ পেলে তিনি কী চাইবেন।

প্রথম চাওয়া
পৃথিবীজুড়ে একের পর এক যুদ্ধ লেগেই আছে। গত কয়েক বছরে সেটা বেড়েছে অনেক। পৃথিবী প্রযুক্তিগতভাবে উৎকর্ষ লাভ করেছে, যার জন্য আমরা দেখতে পাই, এসব যুদ্ধে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে।

বলা হচ্ছে, পৃথিবী দিন দিন সভ্য হয়ে উঠেছে, আসলে কি তা-ই? আমাদের আরো মানবিক হয়ে ওঠার কথা। কিন্তু সেটা হচ্ছে না। পৃথিবীর যেখানে যত যুদ্ধ, সব থেমে যাক। দূর হয়ে যাক সব অশান্তি।
পৃথিবীজুড়ে যেন শান্তির বাতাস বয়ে যায়।

দ্বিতীয় চাওয়া
আলাদিনের মতো একটা জাদুর গালিচা চাইতাম, যেটা দিয়ে যখন-তখন যেকোনো জায়গায় যাওয়া যায়। মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াতাম। জাদুর গালিচায় টাইম ট্রাভেল করে ফিরে যেতাম ছোটবেলায়। ছোটবেলার স্মৃতি আমাকে খুবই নস্টালজিক করে তোলে।
সেই আনন্দদায়ক ও মজার দিনগুলো এখন কেমন লাগত, সেটা অনুভব করতাম।

তৃতীয় চাওয়া

আমি যেহেতু সংগীতশিল্পী, তাই মনের বাসনা, আমার গান যেন পৃথিবীর সব প্রান্তে পৌঁছে। পরের গানটাই যেন গ্লোবাল টপ চার্টে উঠে আসে।

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব : ফরহাদ মজহার

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে আমরা কী করব— এমন প্রশ্ন করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতীয় রাজনীতির হৃৎপিণ্ড, ডাকসু নির্বাচন আসছে। বাংলাদেশকে নতুন করে গড়া মানে শিক্ষাকে শক্তিশালী বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার হিসাবে তৈরি ও হাজির করতে পারা।
ডাকসু নির্বাচন তাই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা কী, গণ-অভ্যুত্থান কী, রাষ্ট্র কী ইত্যাদি শেখে না, উল্টো কিভাবে গোলাম হয়ে বেঁচে থাকতে হয় সেটা ইংরেজ প্রবর্তিত শিক্ষাব্যবস্থা থেকে শেখে। নিজেদের স্বাধীন সত্তার বিপরীতে কিভাবে ফ্যাসিস্ট বা জালিম রাষ্ট্র ব্যবস্থার গোলাম থাকতে হয় সেটাই বিশ্ববিদ্যালয় থেকে শেখে। এই অবস্থার বদল দরকার।

অবাক লাগে উনসত্তর কিংবা নব্বইয়ের গণ- অভ্যুত্থান নিয়ে কোনো পর্যালোচনামূলক গবেষণা বা একাডেমিক আলোচনা আমরা দেখি না। আমাদের কি কোনো ইতিহাস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইত্যাদি নাই? গণতান্ত্রিক রাষ্ট্র কী বা কেন এবং কিভাবে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র কায়েম করতে হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিছু শেখাতে পারে না। যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে আমরা কী করব?’

ফরহাদ মজহার বলেন, ‘একটু ভাবতে বলি— হুসেইন মুহম্মদ এরশাদ স্বাধীনতা যুদ্ধের পুরো সময় পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করেছেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি, বরং পাকিস্তানি সেনার পক্ষে ছিলেন।
অথচ স্বাধীন বাংলাদেশে তিনি সেনাপ্রধান এবং পরে রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এ ধরনের প্রকট বৈপরীত্যে এবং বিপরীত ইতিহাসের দোষে দুষ্ট। একে কেবল জনগণের রাজনৈতিক চেতনার অভাব বলা যায় না— বরং বাংলাদেশকে বুঝতে হলে পুরনো কলোনিয়াল রাষ্ট্রযন্ত্রের ধারাবাহিকতা, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ব্যর্থতা, আমলাতন্ত্র, সামরিক শক্তির প্রভাব, পরাশক্তির আধিপত্য ইত্যাদি নানান দিক থেকে পর্যালোচনা করতে হবে।

সর্বোপরি বুঝতে হবে কেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছুই শেখাতে পারে না। দরকার বিশ্ববিদ্যালয় পুনর্গঠন।
ডাকসুর নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গঠনের রাজনীতি শক্তিশালী করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।’

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইসরায়েলের বিপক্ষে খেলে আয় করা অর্থ গাজায় পাঠাবে নরওয়ে

বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন। ওসলোতে আগামী ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে হালান্ডরা।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে মানবিক কষ্ট ও অসম মাত্রার আক্রমণের শিকার হয়েছেন, তা থেকে আমরা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান চুপ করে থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন এক মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচাতে কাজ করছে এবং জরুরি সহায়তা দিচ্ছে।
’

আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে এ সিদ্ধান্তে ইসরায়েলি ফুটবল ফেডারেশন বুধবার প্রতিক্রিয়া জানায়। নরওয়ের প্রতি ইসরায়েল আহ্বান জানায়, যেন তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা জানায়।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন আরো দাবি করে, নিশ্চিত করতে হবে যাতে এই অর্থ সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে না যায়।

ফেডারেশন জানিয়েছে, ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে তারা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছেন। উলেভাল স্টেডিয়ামে জাতীয় দলের খেলায় সাধারণত ২৬ হাজার দর্শক উপস্থিত থাকেন। তবে এই ম্যাচে অতিরিক্ত নিরাপত্তার কারণে মাত্র তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারছে না।
নরওয়ের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ তারা হাঙ্গেরিতে খেলেছিল। সেই ম্যাচে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। বর্তমানে নরওয়ে পাঁচ দলের বাছাইপর্বের গ্রুপে শীর্ষে আছে, ইসরায়েল রয়েছে তাদের পেছনে।

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা, আইসিসির বিচারকসহ ৪ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ আগস্ট) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই কর্মকর্তাদের নাম বিশেষভাবে চিহ্নিত নাগরিকদের তালিকায় যুক্ত করেছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্তদের মধ্যে রয়েছেন— বিচারপতি নিকোলাস ইয়ান গুইলু, উপ-প্রসিকিউটর নাজহাত শামীম খান, মামে মানদিয়ায় নিয়াং এবং কিম্বারলি প্রোস্ট।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বিচারপতি গুইলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের কারণে।
অন্যদিকে কিম্বারলি প্রোস্টকে শাস্তির মুখে পড়তে হয়েছে আফগানিস্তানে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত অনুমোদনের জন্য।

ফরাসি নাগরিক গুইলু আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার–১–এর সদস্য, যে চেম্বার ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

উপ-প্রসিকিউটর খান ও নিয়াংকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির কথিত ‘অবৈধ কার্যক্রম’ সমর্থন করার জন্য এবং ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে পরোয়ানা বহাল রাখার পক্ষে কাজ করার কারণে।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, এসব নিষেধাজ্ঞা জারি হয়েছে ‘এক্সিকিউটিভ অর্ডার ১৪২০৩’-এর আওতায়, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির ‘অপকারী পদক্ষেপ’ ঠেকাতে প্রণয়ণ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, এই কর্মকর্তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাগরিকদের সম্মতি ছাড়াই তাদের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচার কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন।

নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বা মার্কিন নিয়ন্ত্রণাধীন এসব কর্মকর্তার সম্পদ ও আর্থিক স্বার্থ এখনই অবরুদ্ধ হয়ে গেল। এছাড়া তাদের মালিকানাধীন যেকোনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার থাকলে সেটিও নিষেধাজ্ঞার আওতায় আসবে।

আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনো এই আদালতের সদস্য নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনও যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ‘অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে আইসিসি ও প্রধান প্রসিকিউটর করিম খানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ পরিচালনার কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনিময় হার :

বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকা

ইউএস ডলার – ১২১ টাকা ৬৫ পয়সা
ইউরোপীয় ইউরো – ১৪১ টাকা ৭৪ পয়সা
ব্রিটেনের পাউন্ড – ১৬৩ টাকা ৭১ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৭৮ টাকা ২৬ পয়সা
জাপানি ইয়েন – ৮২ পয়সা
কানাডিয়ান ডলার – ৮৭ টাকা ৬৮ পয়সা
সুইডিশ ক্রোনা – ১২ টাকা ৬৮ পয়সা
সিঙ্গাপুর ডলার – ৯৪ টাকা ৬৬ পয়সা
চীনা ইউয়ান রেনমিনবি – ১৬ টাকা ৯৩ পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ৩৯ পয়সা
শ্রীলঙ্কান রুপি – ২ টাকা ৪৮ পয়সা

(সূত্র: বাংলাদেশ ব্যাংক)

সিঙ্গাপুর ডলার – ৯৪ টাকা ৩৫ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত – ২৮ টাকা ৭৩ পয়সা
সৌদি রিয়াল – ৩২ টাকা ৩৩ পয়সা
কুয়েতি দিনার – ৩৯৭ টাকা ০০ পয়সা

(সূত্র: গুগল)

যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
।

মাকে নিয়ে কোনালের গান

কিছুদিন আগেই এসেছে সোমনুর মনির কোনালের ‘ময়না’; তিন সপ্তাহে গানচিত্রটির ভিউ প্রায় ৩০ লাখ। এবার দিলেন নতুন গানের খবর। গাইলেন মাকে নিয়ে। লেখা ও সুর এনামুল করিম নির্ঝরের।

কোনাল বলেন, “লুকোচুরি লুকোচুরি গল্প’-এর মতো প্রিয় এবং বিখ্যাত গান যার হাত ধরে এসেছে, তাঁর গান গাইতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। প্রিয় নির্ঝর ভাইয়ের নতুন এবং অন্য রকম কম্পোজিশনে গাইলাম মাকে নিয়ে গান। দেশ মা কিংবা গর্ভধারিণী মা, তফাত তো নেই। মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে গানটি আসবে শিগগিরই।

ব্যাটে ব্যর্থ হলেও বল হাতে ২ রানে ১ উইকেট সাকিবের, জয়ে শীর্ষে অ্যান্টিগা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জয় পেল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যান্টিগা।

আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে ২৪ রান করা সাকিব আজও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ইনিংস গড়ার দায়িত্বে নেমে ১৩ বলে করেন মাত্র ৭ রান।
তবে বল হাতে নিজের একমাত্র ওভারে মাত্র ২ রান দিয়ে ফেরান অভিজ্ঞ ব্যাটার ড্যারেন ব্রাভোকে। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছেন ৮ বলে ২ রান করা ব্রাভো।

প্রথমে ব্যাট করে অ্যান্টিগা তোলে ৬ উইকেটে ১৬৭ রান। জবাবে ত্রিনবাগোকে একসময় স্বস্তিতেই মনে হচ্ছিল।
কিন্তু শেষ ওভারের নাটকে জমে ওঠা ম্যাচে জয় তুলে নেন সাকিবরা। কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগো।

অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয় ৪ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। শেষ ওভারে কাইরন পোলার্ডকে আটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার।

চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে পয়েন্ট তালিকায়ও স্বস্তি ফিরেছে সাকিব আল হাসানের দলের শিবিরে। আপাতত শীর্ষে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

যুদ্ধজাহাজে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দোষী সাব্যস্ত মার্কিন নৌসদস্য

মার্কিন নৌবাহিনীর এক সদস্যকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। চীনা গোয়েন্দাদের কাছে মার্কিন নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের ছয়টি অভিযোগে দোষি প্রমাণিত হয়েছেন ২৫ বছর বয়সী জিনচাও ওয়েই।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন রায় ঘোষণার পর বলেন, ‘একজন নৌসদস্য হিসেবে তার ওপর যে আস্থা রাখা হয়েছিল, আসামির কর্মকাণ্ড তা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন। নগদ অর্থের বিনিময়ে সামরিক গোপন তথ্য চীনের হাতে তুলে দিয়ে সে শুধু সহকর্মীদের জীবনই ঝুঁকির মুখে ফেলেনি, বরং পুরো দেশ ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করেছে।
’

চীনা বংশোদ্ভূত ওয়েই ইউএসএস এসেক্স নামের একটি যুদ্ধজাহাজে কর্মরত ছিলেন। তার হাতে সংবেদনশীল নৌতথ্যের প্রবেশাধিকার ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এক চীনা এজেন্ট তার সঙ্গে যোগাযোগ করে। নিজেকে চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের কর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রথমে নৌযানের প্রতি তার ভালোবাসার কথা জানান।
পরে ধাপে ধাপে ওয়েইকে চীনের জন্য তথ্য সংগ্রহে রাজি করান।

প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয় ওয়েইয়ের ফোনালাপ, এনক্রিপ্টেড বার্তা, অডিও মেসেজ এবং তার মায়ের সঙ্গে কথোপকথনের রেকর্ড। এক বার্তায় ওয়েই মাকে লিখেছিলেন, ‘অন্য চীনারা নৌবাহিনীতে থেকেও অতিরিক্ত আয় করতে ট্যাক্সি চালাচ্ছে। আর আমি শুধু তথ্য ফাঁস করছি।
’ জবাবে তার মা লেখেন, ‘গুড জব!’

ওয়েই তার চীনা হ্যান্ডলারকে ‘বিগ ব্রাদার অ্যান্ডি’ নামে ডাকতেন। যোগাযোগ রাখতেন একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে। তাকে নতুন কম্পিউটার ও মোবাইলও সরবরাহ করে এজেন্ট।

তিনি ইউএসএস এসেক্সের ভিডিও, ছবি, প্রতিরক্ষামূলক অস্ত্রের বিবরণ, জাহাজগুলোর অবস্থানসহ নানা বিষয়ে তথ্য পাঠাতেন। এ জন্য তিনি ১৮ মাসে ১২ হাজার ডলারের বেশি অর্থ পান।

২০২৩ সালের আগস্টে কাজে যোগ দিতে আসার সময় তাকে গ্রেপ্তার করে এফবিআই। দোষি সাব্যস্ত হওয়ার পর আগামী ১ ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে। সর্বোচ্চ শাস্তি হিসেবে তিনি আজীবন কারাদণ্ড পেতে পারেন।

একই সময়ে আরেক মার্কিন নৌসদস্য ওয়েনহেং ঝাওকেও গ্রেপ্তার করা হয়। তিনি চীনা এজেন্টের কাছে প্রশান্ত মহাসাগরে বৃহৎ নৌ-মহড়ার পরিকল্পনা, অপারেশনাল অর্ডার এবং ওকিনাওয়াতে স্থাপিত রাডার সিস্টেমের নকশাসহ নানা গোপন নথি সরবরাহ করেছিলেন। এর বিনিময়ে তিনি পান প্রায় ১৪ হাজার ৮০০ ডলার। ঝাও গত বছর দোষি সাব্যস্ত হন এবং তাকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মেসিহীন ম্যাচে আলো ছড়াল সুয়ারেজ, সেমিতে মায়ামি

লিওনেল মেসি চোটের কারণে মাঠে না নামলেও তার শূন্যতা দারুণভাবে পূরণ করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের জোড়া পেনাল্টি গোলে ইন্টার মায়ামি বুধবার রাতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

মেসি আগস্টের শুরুতে হালকা পেশির ইনজুরিতে পড়েন। দুই সপ্তাহ বিশ্রামের পর গত শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করলেও টাইগ্রেসের বিপক্ষে তাকে বিশ্রামে রাখেন কোচ হাভিয়ের মাসচেরানো।

ম্যাচের ২০ মিনিটে জাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকেই মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস।

শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান সুয়ারেজ।
৮৭ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এর মাধ্যমে মায়ামিকে ২-১ গোলের জয় এনে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ম্যাচে উত্তেজনার ঝড়ও বয়ে যায়। হাফটাইমে অতিরিক্ত সময় নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন মায়ামি কোচ মাসচেরানো।
তিনি গ্যালারি থেকে দলের জয় উপভোগ করেন।

এই জয়ের ফলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি। লিগস কাপে শুধু ট্রফি নয়, সঙ্গে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও। ফাইনালিস্ট দুই দল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী সরাসরি পরবর্তী আসরে খেলার সুযোগ পাবে।