শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইয়েমেনের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইসরায়েল রবিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হুথি নিরাপত্তা সংশ্লিষ্ট এক সূত্র এএফপিকে জানিয়েছে, বিমান হামলায় সানার কেন্দ্রীয় এলাকায় একটি পৌরসভা ভবন লক্ষ্যবস্তু করা হয় ও এতে হতাহতের খবর পাওয়া গেছে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ‘ইসরায়েলি আগ্রাসনে আল-সিত্তিন সড়কের একটি তেল কম্পানি স্টেশনে একাধিক হামলা হয়েছে এবং রাজধানীর দক্ষিণাংশে একটি বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা গত রবিবারও হামলার শিকার হয়েছিল।’

এদিকে এ হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুথি সদস্যরা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকা, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি সংরক্ষণের সুবিধা।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুথি সন্ত্রাসী সরকারের বারবার হামলা করেছে, যার মধ্যে রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ইউএভি নিক্ষেপ। এসবের প্রতিক্রিয়ায় রবিবার এ হামলা চালানো হয়েছে।
’

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি সন্ত্রাসীরা বারবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে দাবি করছে, এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির অংশ।

বেশির ভাগ হুথি হামলাই প্রতিহত হয়েছে, তবে এসব হামলার জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

অন্যদিকে ১৭ আগস্ট ইসরায়েল জানিয়েছিল, তারা সানায় হুথির সঙ্গে জড়িত একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। সে সময় আল-মাসিরাহ জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানীর হাজিজ বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছিল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

দেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৪ আগস্ট ২০২৫ খ্রি. রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে আগামীকাল ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৫ আগস্ট ২০২৫ খ্রি. সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এর প্রতিনিধি শামীম আহমেদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ।

রাজধানীর ২৫ পোস্টার বোর্ড উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় নতুন ১০টি পোস্টার বোর্ড এবং বিদ্যমান ১৫টি বোর্ড সংস্কার করে উদ্বোধন করা হয়েছ। রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এই কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, শহরের সৌন্দর্য রক্ষায় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে সিটি করপোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার এসব বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে। যারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন তাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন।

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আব্দুল্লাহ

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই। যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ।
বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ফারহানা (রুমিন ফারহানা)। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুণ্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠাণ্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন। চব্বিশ-পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে।
’

তিনি বলেন, ‘বিএনপির এই ফজলু সাহেবকে (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান) এখন পর্যন্ত আমরা সম্মান দেখাচ্ছি। কিন্তু উনি (রুমিন ফারহানা) যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি—আমরা ধরে নেব, এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কী অবস্থান নেয়, সেটির প্রতি আমরা নজর রাখব।’

রুমিন ফারহানা এখানে বলছেন, মূলত বিএনপির লোকজন এখানে গুণ্ডাপাণ্ডা নিয়ে ঢুকছে, তারা তাকে ধাক্কা দিয়েছে—তিনি এনপিসির বিরুদ্ধে বলেননি, এ প্রসঙ্গে হাসনাত বলেন, ‘আমরা যদি রুমিন ফারহানার কথা ধরে নিই, নিজ দলের মধ্যে এখন পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয় না। মানে বিএনপির নেতাকর্মীরাই উনার কথামতেই উনাকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয়।
আমরা বলব—বিএনপি এত বড় একটা সংগঠন আমরা চাই সেই সংগঠনে শৃঙ্খলা ফিরে আসুক।’

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

আগস্টের ২৩ দিনে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রবিবার (২৪ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রতিদিন প্রবাস আয় এসেছে সাত কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার।
আগের বছর একই সময়ে প্রতিদিন প্রবাস আয় এসেছিল সাত কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাস আয় এসেছে আট কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স আগের বছরের তুলনায় বাড়লেও আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার।
রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে বিএনপির সাড়ে ৪০০ জনের অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ৩০ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।’

যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার ইসলামী প্রজাতন্ত্রকে বশীভূত করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন।

রাজধানী তেহরানে একটি মসজিদে দেওয়া ভাষণটি খামেনির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ইরান ও তার চিরশত্রু ইসরায়েলের মধ্যে সংঘাত থেমে যাওয়ার দুই মাস পার হওয়ার পর তিনি এমন বক্তব্য দিলেন। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য অংশ নিয়েছিল।
একই সঙ্গে তেহরান বর্তমানে বিশ্বশক্তিগুলোর সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছে।

খামেনির দাবি, জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরল হামলাগুলো ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছিল, যা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল এবং যার ফলে ইরান পাল্টা হামলা চালায়।

তিনি আরো দাবি করেন, যুদ্ধের শুরুতে ইসরায়েলের হামলার পরদিনই ‘ইসলামী প্রজাতন্ত্রের পর ইরান কোন সরকার শাসন করবে’ তা নিয়ে ‘মার্কিন এজেন্টরা’ ইউরোপে আলোচনায় বসেছিল।

খামেনির মতে, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে তার ‘আজ্ঞাবহ’ করে তোলা।
তার ভাষায়, জুন মাসের ১২ দিনের সেই যুদ্ধ থেকে দেশটি শক্তিশালী হয়ে উঠেছে, যা ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিহাসের সবচেয়ে তীব্র সরাসরি সংঘর্ষ।

খামেনি বলেন, ‘ইরানি জাতি সশস্ত্র বাহিনী, সরকার ও ব্যবস্থার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের ওপর একটি শক্তিশালী আঘাত হেনেছে।’

রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ নেতা বিদেশি শক্তি যে অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টির চেষ্টা করছে সে বিষয়েও সতর্ক করেন। তিনি বলেন, ‘শত্রুর সামনে এগোনোর পথ হলো দেশে বিভেদ সৃষ্টি করা’ এবং ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের এজেন্টদের’, অর্থাৎ ইসরায়েলকে এই ষড়যন্ত্রের জন্য দায়ী করেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ‘আজ, আল্লাহর রহমতে, দেশ ঐক্যবদ্ধ। মতপার্থক্য আছে, কিন্তু যখন ব্যবস্থা, দেশ ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্ন আসে, তখন মানুষ ঐক্যবদ্ধ।’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লব ও পরবর্তী মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক ছিন্ন রয়েছে। ওয়াশিংটন তার পর থেকে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ নিষেধাজ্ঞা ছিল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তেহরান অবশ্য এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

জুনের যুদ্ধ শুরু হয়েছিল ঠিক তখনই, যখন ইরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সংঘাত সেই আলোচনাকে বাধাগ্রস্ত করে। ইরান আগামী মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসবে। কোনো চুক্তি না হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে বলে এই ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়েছে।

সিংহ একাই শিকার করে, মোদিকে থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানে হাজারও সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন। জনসভায় দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া ‘হুংকার’ এখন আলোচনার কেন্দ্রে।

বিজয় বলেন, ‘সিংহ সব সময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সব সময় সিংহই থাকে।
সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই—সিংহ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন।
’

এ ছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, ‘আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।’

বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকেই বলছেন, তিনি একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে থালাপতি বিজয়ের মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন।

কাঠমান্ডুতে ইমারত হোসেনকে ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান

নিজস্ব প্রতিবেদক

কাঠমান্ডু (নেপাল), ২৪ আগস্ট ২০২৫ :
বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল www.24hourbd.com এর সম্পাদক ইমারত হোসেন অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হলো সম্মানজনক “ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড ২০২৫”।

ইমারত হোসেনকে এই পুরস্কার প্রদান করা হয় গ্লোবাল এক্সেলেন্স ইন জার্নালিজম (Global Excellence in Journalism Award) শাখায়, তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা, মিডিয়া নৈতিকতা ও মানবাধিকার বিষয়ক অবদানের স্বীকৃতি হিসেবে।

অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক পানি সরবরাহমন্ত্রী আব্দুল খান এবং প্রধান অতিথি ছিলেন নেপাল পার্লামেন্টের সদস্য সেহেরিং। তাঁদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশের এই গুণী সাংবাদিক।

পুরস্কার গ্রহণ শেষে ইমারত হোসেন আবেগপ্রবণ কণ্ঠে বলেন—
“এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, ন্যায়বিচার ও মানবতার পক্ষে থাকা। এই পুরস্কার আমাকে দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”

আয়োজকরা জানান, প্রতিবছরই আন্তর্জাতিক পর্যায়ে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ‘ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। ২০২৫ সালের আসরে সাংবাদিকতা খাতে অসামান্য কাজের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ইমারত হোসেন।

অনুষ্ঠানে নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি ছিল এক আন্তর্জাতিক মিলনমেলা, যেখানে আলোচিত হয় সাংবাদিকতার ভবিষ্যৎ, মানবাধিকার এবং আঞ্চলিক সহযোগিতা।

বাংলাদেশের সাংবাদিকতা জগতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন ইমারত হোসেন। ২০০৬ সালে চ্যানেল আই-এ বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে এটিএন বাংলায় প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল www.24hourbd.com এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা ক্ষেত্রে তাঁর আন্তর্জাতিক এই স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের গণমাধ্যমের মর্যাদা আরও উজ্জ্বল করলো।

জীবিত থাকার প্রমাণ দিতে থানায় ছুটলেন রাজা মুরাদ

জীবিত আছেন, সেটা প্রমাণ করতে পুলিশের দ্বারস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর পর রীতিমতো খেপেছেন এই অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে মৃত্যুর ভুয়া খবর হু হু করে ছড়িয়ে পড়ে তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে। এই গুঞ্জন থামাতে রীতিমতো হিমশিম খেতে হয় অভিনেতাকে।
৭৩ বছরের অভিনেতা নিজেতে জীবিত প্রমাণ করতে করতে রীতিমতো বিরক্ত। তিনি এরপরই পুলিশের দ্বারস্থ হন।

সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে রাজা মুরাদ বলেন, কোনো এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর ঘোষণা করে দেয়। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়া মৃত্য তারিখ পর্যন্ত উল্লেখ ছিল।
সেই সঙ্গে রাজা মুরাদকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে। অভিনেতা বলেন, ‘কিছু মানুষের কেন জানি না আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে।’ ওই পোস্টে নাকি এ-ও লেখা ছিল যে রাজা মুরাদ বহু বছর ধরে অভিনয় করলেও, বর্তমানে তাঁকে কেউ মনে রাখেননি, বলেন অভিনেতা। রাজা মুরাদ জানিয়েছেন যে এটা খুবই গুরুতর বিষয়।

রাজা মুরাদ জানান যে তাঁর গলা, জিভ ও ঠোঁট শুকিয়ে গিয়েছে মানুষকে এটা বলতে বলতে যে তিনি বেঁচে আছেন। এই ভুয়া খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি বিশ্বের একাধিক জায়গা থেকে ফোন পাচ্ছেন। অনেকেই সেই পোস্ট তাঁকে মেসেজ করে পাঠাচ্ছেন। যিনি এই কাজ করেছেন, তাঁর মানসিকতা খারাপ।
খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এসব করে মজা পাচ্ছেন।

অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওঁরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত। শুধু আমি নই, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।”

রাজা মুরাদ হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। পর্দায় খলনায়ক হিসেবে নব্বইয়ের দশকে তিনি ছিলেন অনবদ্য এক অভিনেতা। তবে বর্তমানে আর পর্দায় খুব একটা দেখা পাওয়া যায় না রাজা মুরাদের। ক্যামেরা থেকে দূরেই জীবন কাটাচ্ছেন অভিনেতা।