শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

এশিয়া সফর দিয়ে ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি শুরু করবে ব্রাজিলএশিয়া সফর দিয়ে ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের দল গতকাল রাতে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নেই রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। সঙ্গে চোটের কারণে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমারও।

যে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গতকাল দল ঘোষণা করেছে ব্রাজিল সেই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি এশিয়া সফরে শুরু করবে আনচেলত্তির দল।
২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকেই ষষ্ঠ ট্রফির খোঁজে সেলেসাওরা। তবে সর্বশেষ পাঁচ আসরে কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি তারা।

এশিয়া সফরের প্রতিপক্ষ ও সময়সূচিও জানিয়েছে সিবিএফ। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
শুরুটা হবে আগামী ২০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর সফরের শেষটা হবে ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে।

আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা। আর বাছাইপর্বের শেষ ম্যাচটি ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।
লাতিন আমেরিকা মহাদেশের বাছাইপর্বে বর্তমানে ২৫ পয়েন্টে তৃতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আর পর্দা নামবে ১৯ জুলাই।

মুন্সী মেহেরুল্লাহ ক্ষণজন্মা মহাপুরুষ : যবিপ্রবি ভিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আব্দুল মজিদ বলেছেন, মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। ব্রিটিশরা শোষণ, ব্যবসা করতে এলেও তারা ভারতের মানুষকে খ্রিস্টধর্মে দীক্ষিত করার জন্যও মিশনারিদের ব্যবহার করতেন। মুন্সী মেহেরুল্লাহ ও তার সঙ্গীরা এই অপচেষ্টা রুখে দেন। পাদরিদের সঙ্গে ব্রিটিশ শাসনামলে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া কম কথা নয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল রুমে ‘মুন্সী মেহেরুল্লাহ : ব্রিটিশ উপনিবেশবিরোধী এক কর্মময় যোদ্ধা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘মুসলিমদের সামনে বিপদ হলো নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে বিভ্রান্ত করা, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে কক্ষচ্যুত করা। এসব ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। মুন্সী মেহেরুল্লাহ হতে পারেন সেই ক্ষেত্রে পথিকৃৎ।

আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন মুন্সী মেহেরুল্লাহর প্রপৌত্র কর্নেল (অব.) মেহের মহব্বত হোসেন। তিনি মুন্সী মেহেরুল্লাহর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন।

হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার আহসান কবীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

একটা সময়ে ‘কবিতা’ ছবিতে ‘শুনো শুনো গো সবে’ বাংলা গান গাইতে দেখা গিয়েছিল দক্ষিণি তারকা কমল হাসানকে। এর পরই প্রশ্ন ওঠে, হঠাৎ কেন বাংলা ভাষা শিখেছিলেন এই অভিনেতা? সেই রহস্য এবার ফাঁস করেছেন অভিনেতার কন্যা শ্রুতি হাসান। জানিয়েছেন, সেই সময় তার বাবা এক বাঙালি অভিনেত্রীর প্রেমে ডুবেছিলেন। তিনি আর কেউ নন, বাংলার অপর্ণা সেন!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
আর তারই প্রচারণা অনুষ্ঠানে এই বিষয়ে হঠাৎই খোলেন অভিনেত্রী।

কমল হাসান এমনিতেই নানা ভাষায় পারদর্শী। কিন্তু তার বাংলা শিক্ষা কেবলই ভাষাপ্রেমের ফসল নয়। এমন কথার প্রসঙ্গে শ্রুতি বলে ওঠেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন।
আর তাকে ইমপ্রেস করতেই উনি বাংলা শিখে ফেলেন। মোটেও ছবিতে অভিনয়ের জন্য নয়।’

নিজের বক্তব্যকে আরো জোরালো করতে কমল হাসানের কন্যা বলেন, ‘হে রাম’ ছবিতে বঙ্গতনয়া রানি মুখার্জির চরিত্রটি বাঙালি ছিল। আর তার নামকরণ করতে গিয়ে কমল রাখেন অপর্ণা।
এর নেপথ্যেও সেই এককালের প্রেম!

প্রসঙ্গত, বয়সে অবশ্য অপর্ণা অনেকটাই বড় কমলের থেকে। যেখানে অপর্ণা ৭৯, সেখানে কমলের বয়স সবে ৭০! অর্থাৎ বয়সের পার্থক্য প্রায় ৯ বছরের। তবে এই পার্থক্য কমলের প্রেমপ্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি বাঙালি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলেই দাবি শ্রুতির।

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির যাত্রা শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) যাত্রা শুরু করল রিসার্চ সোসাইটি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্তের সূচনা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
তিনি রিচার্স সোসাইটির লোগো উন্মোচন করেন এবং তার বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণার অপরিহার্য ভূমিকা তুলে ধরেন।

(ইইউআরএস) ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষ সাধনের এক ‘নতুন সূচনা’ হিসেবে অভিহিত করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার; প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; এবং প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তারা শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আইন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল হক ‘হাউ টু রাইট আ কনফারেন্স পেপারস’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন, যা তরুণ গবেষকদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রবন্ধ রচনার দক্ষতা গড়ে তুলতে বিশেষ সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আবু বিন ইহসান, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ এবং প্রধান সমন্বয়ক (ইইউআরএস)। তিনি রিসার্স সোসাইটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার এই যাত্রায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ইইউআরএস-এর উদ্বোধনের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য এক নতুন দিক উন্মোচন হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং বৈশ্বিক একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি করবে।

চীনের ২০০ বিমান ওড়ানো ‘বন্ধ’ রেখেছিল যুক্তরাষ্ট্র, ফের হুমকি ট্রাম্পের

চীন যদি বিরল ধাতুর চুম্বক রপ্তানি কমিয়ে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নাজুক বাণিজ্য সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের চুম্বক দিতে হবে, যদি তা না দেয়, তাহলে আমাদের ২০০ শতাংশ শুল্ক বসাতে হবে বা কিছু একটা করতে হবে।’

বেইজিংয়ের ওপর যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চাপের হাতিয়ার দেখিয়েছে ট্রাম্প—বিমান যন্ত্রাংশ।
তিনি দাবি করেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে বোয়িং যন্ত্রাংশ না দেওয়ায় তাদের ২০০টি বিমান উড়তে পারেনি। কারণ তারা আমাদের চুম্বক দেয়নি।’

বোয়িং বর্তমানে চীনের কাছে ৫০০ পর্যন্ত বিমান বিক্রির একটি বড় চুক্তির পথে রয়েছে বলে জানা গেছে, যা বাণিজ্য আলোচনায় বিমানশিল্পের গুরুত্বকে তুলে ধরছে।

এদিকে ট্রাম্পের সতর্কবার্তার আগে জুন মাসে যুক্তরাষ্ট্রে চীনের বিরল ধাতব চুম্বক রপ্তানি ৬৬০ শতাংশ বেড়েছে ও জুলাইতেও এ ধারা অব্যাহত ছিল।
বিশ্বে এই গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহ শৃঙ্খলে চীনের প্রভাবশালী অবস্থান রয়েছে তারা প্রায় ৯০ শতাংশ বিরল ধাতব চুম্বক উৎপাদন ও পরিশোধন প্রক্রিয়ার দখলে রেখেছে। এতে বেইজিং বড় ধরনের কৌশলগত সুবিধা পাচ্ছে, কারণ মার্কিন গাড়ি, ইলেকট্রনিকস ও নবায়নযোগ্য জ্বালানি শিল্প এ উপকরণের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট ও বেইজিংভিত্তিক চিন্তক হেনরি ওয়াং ট্রাম্পের মন্তব্যকে ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সিএনবিসিকে বলেছেন, ‘শুল্ক বা শাস্তি নিয়ে ট্রাম্প সব সময় বড় বড় কথা বলেন, কিন্তু আমাদের এসব কথার মধ্যে ডুবে যাওয়া উচিত নয়।
’

ওয়াং আরো বলেন, উভয় পক্ষ বিদ্যমান চুক্তি বাস্তবায়নে কতটা আন্তরিকভাবে কাজ করছে, সেটাই হবে প্রকৃত অগ্রগতির মাপকাঠি।

বর্তমান অস্থায়ী বাণিজ্য সমঝোতায় চীনের বিরল ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ শিথিল করা ও কিছু মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তি অন্তর্ভুক্ত ছিল। এ চুক্তি অনুযায়ী, উভয় দেশের পণ্যের ওপর শুল্ক যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫ শতাংশ ও চীনে ৩২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

এদিকে নভেম্বরের মাঝামাঝি এ চুক্তির মেয়াদ শেষ হবে। এর ভাগ্য নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও চীনের ধারাবাহিক আলোচনার ওপর।
চীনের জ্যেষ্ঠ বাণিজ্য আলোচক লি চেংগাং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য এই সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

১০২ বছর বয়সে মাউন্ট ফুজি জয়ের রেকর্ড গড়লেন জাপানি

১০২ বছর বয়সী এক জাপানি ব্যক্তি গুরুতর হৃদরোগ থাকা সত্ত্বেও মাউন্ট ফুজি আরোহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। কিন্তু তিনি এই সাফল্যকে খুব বিশেষ কিছু মনে করছেন না।

১৯২৩ সালে জন্মগ্রহণকারী কোকিচি আকুজাওয়া জাপানের সর্বোচ্চ পর্বতটি জয় করেন প্রায় প্রতি সপ্তাহে পাহাড়ে চড়ার অনুশীলনের মাধ্যমে। আগস্টের শুরুর দিকে অর্জন করা তার এই সাফল্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত হয়েছে।

১২ হাজার ৩৮৮ ফুট উচ্চতার এই চূড়ায় ৯৬ বছর বয়সে একবার উঠেছিলেন জানিয়ে আকুজাওয়া এএফপিকে বলেন, ‘আমি শেষবার যখন উঠেছিলাম, তার চেয়ে ছয় বছর বড় এখন। আমি সেখানে গিয়েছি এবং দৃশ্য বহুবার দেখেছি, এতে বিশেষ কিছু নেই। গতবারও আমি চূড়ায় পৌঁছেছিলাম।’

অবসরপ্রাপ্ত এই গবাদি পশু খামারি জাপানের মধ্যাঞ্চলীয় গুনমা এলাকার বাসিন্দা।
কেবল উৎসাহী পর্বতারোহীই নন, তিনি একটি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং চিত্রকলাও শেখান।

সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজিতে ওঠার প্রস্তুতি শুরু হয় জানুয়ারিতে, যখন তিনি বাড়ির কাছে পাহাড়ে উঠতে গিয়ে হোঁচট খান। পরে শিংলস রোগে আক্রান্ত হন এবং হৃদযন্ত্রের ব্যর্থতায় হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা পরিবারকে উদ্বিগ্ন করেছিল।
তবে আকুজাওয়া দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে তিনি উঠবেন। মেয়ে ইউকিকো (৭৫) এএফপিকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘তার সুস্থ হয়ে ওঠা এত দ্রুত ছিল যে চিকিৎসকরা বিশ্বাসই করতে পারছিলেন না।’

শরীর ঠিক রাখতে আকুজাওয়া প্রতিদিন ভোরে উঠে এক ঘণ্টা হাঁটতেন এবং প্রায় প্রতি সপ্তাহে পাহাড়ে চড়তেন। মাউন্ট ফুজি আরোহণের সময় তিনি যাত্রা তিন দিনে ভাগ করেন এবং দুটি রাত পাহাড়ি কুটিরে কাটান।
তবে উচ্চতা তাকে হাল ছাড়তে প্রায় বাধ্য করেছিল। ইউকিকো জানান, ভ্রমণসঙ্গীদের সহায়তায় তিনি শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছন, যার মধ্যে তার নার্স নাতনিও ছিলেন।

আবার মাউন্ট ফুজি আরোহণ করবেন কি না—জানতে চাইলে আকুজাওয়া দৃঢ়ভাবে বলেন, ‘না।’

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিডিও পোস্ট করার পর জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী। এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।

তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। সেখানে তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল। কিন্তু ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি।

কিছু ঘণ্টা পর তিনি আবারও ভিডিওটি পোস্ট করে স্বীকার করেন, তিনি সর্বোচ গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন।
তিনি সেখানে লিখেছেন, ‘আংকারা–নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম ও অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।’

তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরো লিখেছেন, ‘এখন থেকে আরো সতর্ক থাকব।
গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ব্যবস্থা নেবে যৌথ বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনায় কয়েক দিনের মধ্যেই যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওই ক্যাম্পটি আমরা সদ্যই চালু করেছি। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হইছে।
আপনারা কয়েক দিনের ভেতরেই হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

এর আগে গতকাল সোমবার গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

গত বছরের আগস্টে আশেপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ।

তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে তারা বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল বলেও জানান এই কর্মকর্তা।

হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসীরা’। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলেও জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

যুদ্ধবিরতির আবহে এক সপ্তাহে নিহত প্রায় ৪ হাজার ৪০০ ইউক্রেনীয় সেনা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন ইউক্রেনীয় সেনা।

এছাড়া এই সময়সীমায় রুশে সেনারা ইউক্রেনীয় বাহিনীর ৬টি ট্যাঙ্ক (এর মধ্যে ৩টি লিওপার্ড ট্যাংক), ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস), ৪৯টি রেডিও ইলেকট্রানিক এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ-জ্বালানি-রসদের ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে।

মঙ্গলবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহজুড়ে লুহানস্কের কুপিয়ানস্ক স্ভাতোভো-ক্রেমেন্নায়া অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। তার জেরেই এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় বাহিনীর।

তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি রুশ বাহিনীর হয়েছে— তা উল্লেখ করা হয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। অভিযান শুরুর ছয় মাসের মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন— ইউক্রেনের মূল ভূখণ্ডের এই চার প্রদেশ দখল করে রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১০ শতাংশ।

তবে ইউক্রেনও এই চার প্রদেশের দখল ফিরে পেতে মরিয়া লড়াই শুরু করেছে। লুহানস্কে রুশ সামরিক বাহিনীর কমান্ডার আন্দ্রিয়ে মোরোচকো জানিয়েছেন, গত সপ্তাহে সামরিক ও বেসামরিক লোকজন ও স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

উল্লেখ্য, গত সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানতে জোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গত মে মাস থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপে বসেছেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। সেই সংলাপের ধারাবাহিকতায় ইতোমধ্যে দুই দেশের কয়েক হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এছাড়া ১৫ আগস্ট পুতিনের সঙ্গে আলাস্কায় এবং ১৮ আগস্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেসব বৈঠক বেশ সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এমন আবহের মধ্যেই লুহানস্কে রুশ বাহিনীর সংঘাতে ৭ দিনে নিহত হলেন প্রায় ৪ হাজার ৪ শতাধিক ইউক্রেনীয় সেনা।

সূত্র : তাস

রাতভর ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেল মার্শাল আইল্যান্ডের পার্লামেন্ট

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডের জাতীয় সংসদ ভবন (নিটিজেলা) ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। গভীর রাতের পরপরই সংসদ ভবনে আগুন লাগে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় দমকল ও পুলিশ কর্মকর্তারা জানান, রাতভর এই অগ্নিকাণ্ডে পুরো সংসদ ভবন কার্যত অচল হয়ে গেছে। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে সব নথি ও আর্কাইভ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দ্বীপরাষ্ট্রটির দমকল বিভাগ জানায়, সংসদ ভবনের প্রায় অর্ধেক অংশ রাতভর আগুনে পুড়ে গেছে। বাকি অংশও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। একজন পুলিশ কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে সংসদ ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন।

মূলত আগুন নিয়ন্ত্রণে একটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গেলেও পুরো ভবন তখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।

রয়টার্স বলছে, প্রশান্ত মহাসাগরে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি দ্বীপপুঞ্জটির জনসংখ্যা প্রায় ৪২ হাজার। মোট জনসংখ্যার অর্ধেকের বাস রাজধানী মজুরোতে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তি রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক প্রবেশাধিকার পায় এবং এর বিনিময়ে অর্থনৈতিক সহায়তা দেয়।

পাশাপাশি মার্শাল আইল্যান্ড তাইওয়ানকেও কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট হিল্ডা হাইনের দপ্তর থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

পৃথক প্রতিবেদনে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড বলেছে, ভয়াবহ এই আগুনে ‘সব শেষ হয়ে গেছে’। রাতের অগ্নিকাণ্ডের ঘটনাটি বর্ণনা করে আরএনজেড প্যাসিফিকের মার্শাল দ্বীপপুঞ্জ প্রতিনিধি গিফ জনসন জানান, সোমবার গভীর রাতের পরপরই সংসদ ভবনে আগুন লাগে।

তিনি বলেন, “এখানে কার্যত কোনো দমকল ব্যবস্থা নেই। শুধু একটি বিমানবন্দর ফায়ার ইউনিট আছে। তাদের খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।”

তিনি জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। সংসদ কক্ষ, কার্যালয়, গ্রন্থাগার এবং আর্কাইভ— সবকিছু ধ্বংস হয়ে গেছে। গিফ জনসন জানান, “সব রেকর্ড উধাও হয়ে গেছে। যদিও কংক্রিট কাঠামোর কিছু অংশ দাঁড়িয়ে আছে, এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ারফাইটাররা আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন।”

অগ্নিকাণ্ডের সময় সংসদের অধিবেশন চলছিল। তবে গভীর রাতে আগুন লাগায় কেউ হতাহত হয়নি। ইতোমধ্যেই বিকল্প ভবনে সংসদ অধিবেশন চালানোর পরিকল্পনা শুরু হয়েছে।

জনসন আরও বলেন, দেশটিতে অগ্নিনির্বাপণ ও পরিদর্শন প্রক্রিয়ার তেমন কোনো সক্ষমতা নেই। ফলে আগুনের কারণ নির্ধারণ করা কঠিন হবে।

তিনি সতর্ক করেন, সংসদ ভবনের সব নথি ও ডিজিটাল আর্কাইভ নষ্ট হয়ে যাওয়ায় অনেক তথ্যের আর কোনো ব্যাকআপ নেই। ক্ষতির পূর্ণ চিত্র বুঝতে এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।