শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইরানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি নিহত

ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে ১৩ জন জঙ্গিকে হত্যা করেছে বলে বুধবার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। নিহতরা সম্প্রতি পুলিশের ওপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত সন্দেহভাজন এক গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, ‘এ পর্যন্ত ১৩ জন জঙ্গি নিহত হয়েছে ও আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
’

অভিযানগুলো সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর, খাশ ও সারাভান শহরে পরিচালিত হয়েছে।

প্রচারমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শুক্রবার ইরানশাহরে পুলিশের ওপর অতর্কিত হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ওই হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের জন্য কুখ্যাত।
এখানে মাদক চোরাচালানকারী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয়। অধিকাংশ সুন্নি মুসলিম বেলুচ সম্প্রদায়ের আবাস এ প্রদেশটি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সবচেয়ে দরিদ্র অঞ্চলের একটি। সুন্নি জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গত সপ্তাহের ওই হামলার দায় স্বীকার করে টেলিগ্রাম বার্তায় জানিয়েছিল।

ইরান প্রায়ই এ প্রদেশে পুলিশ বা বিপ্লবী গার্ডদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনা জানিয়ে থাকে।
কর্তৃপক্ষ এসব হামলার জন্য জাইশ আল-আদলসহ বিভিন্ন সুন্নি গোষ্ঠীকে দায়ী করে।

ইরানি বাহিনী গত শনিবারও প্রদেশটিতে আরো এক অভিযানে ছয় জঙ্গিকে হত্যা করেছিল। তারা এমন একটি গোষ্ঠীর সদস্য ছিল, যাদের সঙ্গে ইরানের প্রধান শত্রু ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হয়।

মহারাজের রাজত্বে ভাগ তিকশানার, উন্নতি অস্ট্রেলিয়ার তিন সেঞ্চুরিয়ানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে দারুণ এক কীর্তির সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠ ম্যাকেইতে প্রথমবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরিয়ানকে দেখেছে তারা। সেই তিন সেঞ্চুরিয়ান হচ্ছেন- ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে বিব্রতকর এক হার থেকেও রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে যে ধবলধোলাই এড়িয়েছে তারা, ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুড়েছে প্রোটিয়ারা।

সবমিলিয়ে দ্বিতীয় এবং ঘরের মাঠে সর্বোচ্চ ২৭৬ রানের জয় এনে দেওয়ার নায়করা এবার আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন। দুর্দান্ত সেঞ্চুরির জন্য প্রত্যেকেই ব্যাটারদের র‌্যাংকিংয়ে লাফ দিয়েছেন। তিন সেঞ্চুরিয়ানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন গ্রিন।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার ৪০ ধাপ এগিয়েছেন। ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলা এই ব্যাটারের অবস্থান এখন ৭৮ নম্বরে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ এগিয়েছেন ৪ ধাপ। তার অবস্থান এখন ৪৪ নম্বরে।
অন্যদিকে অপর সেঞ্চুরিয়ান হেড ১ ধাপ এগিয়ে কুশল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে আছেন। বড় লাফ দিয়েছেন তাদের সতীর্থ জশ ইলিংসও। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলে ২৩ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে আছেন। শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। ৭৮৪ রেটিংয়ে শীর্ষে ভারতের শুবমান গিল।

বোলিংয়ে উন্নতি হয়েছে মহীশ তিকশানার। ভাগ বসিয়েছেন কেশব মহারাজের রাজত্বে। শ্রীলঙ্কান স্পিনার এক ধাপ এগিয়ে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনারের সঙ্গে শীর্ষে আছেন। দুজনের রেটিং পয়েন্ট এখন ৬৭১। অন্যদিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ সিরিজের পারফরম্যান্সে উন্নতি হয়েছে লুঙ্গি এনগিডি-শন অ্যাবোট-নাথান এলিসদের। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি ৬ ধাপ এগিয়ে ২৮ নম্বরে। আর ৯ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে জায়গা পাওয়া অ্যাবোটের বিপরীতে ২১ ধাপ উন্নতি করা তার সতীর্থ এলিস আছেন ৬৫তম স্থানে। ওয়ানডের অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষ ১১ কোনো পরিবর্তন নেই। ২৯৬ রেটিংয়ে শীর্ষেই আছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশি ‘লোক’

৯টা-৫টার চাকরির লুপে পড়ে কিংবা নিজেদের আলসেমির জন্য সিনেমাটা ঠিক বানিয়ে উঠতে পারছিল না কিছু স্বপ্নবাজ তরুণ। অনেক দিনের এই চাপা পড়া ইচ্ছেটাকে হঠাৎ করেই হাওয়া দেয়া শুরু করলেন তারা। সাহস করে অফিসে পালিয়ে তারা নেমে গেল অল্প পরিসরে, স্বল্প খরচে, গল্প বানানোর চ্যালেঞ্জে। এরপর গেল বছরের ঠিক এই সময়ে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
তা-ও আবার একটি নয়, ১০টি।

তারই একটি এবার আমেরিকার ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ লড়বে। সেই সিনেমাটির নাম ‘লোক’। এমনটা জানিয়েছেন এর পরিচালক মাহমুদা সুলতানা রীমা।

ছাত্রজীবনে বেশ কিছু শর্টফিল্ম বানালেও এবারই প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাচ্ছে তার নির্মাণ। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই পরিচালক বলেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ। এর জন্য আমার টিমের সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
’

এরপর সিনেমাটি প্রসঙ্গে রীমা বলেন, ‘লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মটি তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।’

প্রসঙ্গত, জনরা ফিল্মের জন্য ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভাল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় একটি উৎসব।
বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য। আগামী ১৮ সেপ্টেম্বর বসতে যাচ্ছে এই ফেস্টের ২০তম আসর, যা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০০৫ সাল থেকে প্রতি বছর অস্টিন, টেক্সাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

উল্লেখ্য, শেখ কোরাশানীর চিত্রনাট্যে ‘লোক’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকত প্রমুখ।

কোচ নাকি ম্যানেজার—কার হাতে ফুটবলের আসল নিয়ন্ত্রণ

ফুটবল দল পরিচালনায় দুই ধরনের ভূমিকা সবচেয়ে বেশি আলোচনায় থাকে—ম্যানেজার ও হেড কোচ। অনেক ক্লাব কেবল খেলার কৌশল ও পরিকল্পনা সাজানো, অনুশীলন পরিচালনা করা এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে নজর রাখতে হেড কোচ রাখে। আবার অনেক ক্লাবে ম্যানেজারই দলের সব কিছুর কেন্দ্রবিন্দু—খেলোয়াড় কেনা থেকে শুরু করে ক্লাব পরিচালনার বড় সিদ্ধান্তও তার অধীনে পড়ে।

এই বিভাজন আসলে ক্লাবভেদে ভিন্ন ভিন্ন।
কখনো ম্যানেজার কোচের কাজও করেন, আবার অনেক ক্লাবে কোচকেই কিছু ম্যানেজারিয়াল দায়িত্ব সামলাতে হয়।

উয়েফা লাইসেন্সধারী ফুটবল কোচ পেদ্রো মেন্ডোকা বলেন, ‘কোচের মূল ফোকাস সব সময় খেলার ভেতরেই থাকে। প্রতিপক্ষ বিশ্লেষণ, অনুশীলনের কৌশল, আর কিভাবে পরের ম্যাচ জেতা যায়, তা নজরে রাখেন তিনি। অন্যদিকে ম্যানেজার শুধু মাঠের অনুশীলন নয়, দল গঠন, অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড় কেনাবেচা ও স্কাউটিংয়েও জড়িত থাকেন।
’
ইউরোপজুড়ে এ ভিন্নতা ভালোভাবেই চোখে পড়ে। যেমন, রিয়াল মাদ্রিদে ট্রান্সফার নীতির দায়িত্ব থাকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের হাতে। ফলে কোচ কেবল কৌশল নিয়েই ভাবতে পারেন। বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব পরিচালনার সব ক্ষেত্রে সক্রিয় ছিলেন।

কোচ থেকে ম্যানেজার হওয়ার যাত্রা

ক্যারিয়ারের শুরুতে বেশির ভাগ কোচই অনুশীলন ও খেলার খুঁটিনাটিতেই সময় দেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ম্যানেজারের ভূমিকায় রূপ নেন। উদাহরণ হিসেবে জোসে মরিনহোর নাম টেনে আনেন মেন্ডোকা।
তিনি বলেন, ‘শুরুর দিকে মরিনহো ওয়ার্মআপ থেকে শুরু করে অনুশীলনের প্রতিটি অংশ সামলাতেন। বয়স বাড়ার সঙ্গে তিনি দায়িত্ব ভাগ করে দিতে শুরু করেন, ট্রান্সফার ও আলোচনাতেও সরাসরি জড়িত হন।
’
জার্মানির ‘রেড বুল’ মডেল

আধুনিক ফুটবলে আর্থিক চাপের কারণে নতুন ধরনের কাঠামো দেখা যাচ্ছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগে ম্যানেজাররা ধীরে ধীরে পরিণত হচ্ছেন স্পোর্টিং ডিরেক্টরে। এতে দায়িত্ব ভাগ হয়, আবার নতুন দৃষ্টিভঙ্গিও আসে।

জার্মান ফুটবল বিশ্লেষক জাসমিন বাবা বলেন, ‘রেড বুল–স্কুল অফ থট ফুটবলে বড় প্রভাব ফেলেছে। তাদের খেলার ধরন অনেক দ্রুত রূপান্তর–ভিত্তিক, আক্রমণ থেকে রক্ষণ, রক্ষণ থেকে আক্রমণে মুহূর্তে পাল্টে যায় খেলার চিত্র।’

বদলে যাওয়া ফুটবল

আধুনিক ফুটবলে শুধু কোচ আর ম্যানেজার থাকলেই আর হয় না। এখন আছে স্পোর্টস সায়েন্স বিভাগ, নিউট্রিশনিস্ট, বিশ্লেষক ও ট্রেনিং বিশেষজ্ঞরা। সাবেক ব্রিস্টল রোভার্স কোচ অ্যান্ডি ম্যানগান বলেন, ‘ফুটবল বদলে গেছে। এখন প্রতিটি ক্লাবে পুরো একটি টিম কাজ করে, যেখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে শুরু করে খাদ্যাভ্যাস পর্যন্ত দেখা হয়।’

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি : গভর্নর

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’কে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়া হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নগদ চালানোর মতো সক্ষমতা পোস্ট অফিসের নেই। তাই নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহখানেকের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ড ও আইসিএমএবি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর একথা বলেন।

গভর্নর বলেন, আন্ত লেনদেন ব্যবস্থার চালুর বিষয়ে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী মাসে তারা বাংলাদেশে আসবে।

তিনি বলেন, ‘আগের সরকার নিজেদের আত্মীয়স্বজন দিয়ে একটা প্রতিষ্ঠান বানিয়েছিলে। সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও হারিয়ে গেছে।
’

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরোর জন্য অনুমোদন দেওয়া হবে। প্রাথমিকভাবে এ ধরনের ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। আগামীতে যাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে প্রত্যেকে যেন কিউআর কোড থাকে সে ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।’

অমুষ্ঠানে আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ এখন আর্থিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
ক্যাশলেস অর্থনীতির পথে যাত্রা আর ভবিষ্যতের লক্ষ্য নয়, বরং তা বর্তমানের জরুরি বাস্তবতা। এই সামিটে নীতিনির্ধারক থেকে শুরু করে বাস্তবায়নকারী অংশীদার সবাইকে একই মঞ্চে এনেছে, যা একটি কার্যকর রূপরেখা নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আইসিএমএবির সঙ্গে যৌথভাবে ক্যাশলেস বাংলাদেশ সামিট আয়োজন করতে পেরে মাস্টারকার্ড গর্বিত। একটি ক্যাশলেস সোসাইটি উদ্ভাবনকে ত্বরান্বিত করে, দক্ষতা বৃদ্ধি করে ও সমাজের সব স্তরে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে।’

উদ্বোধনী আলোচনায় ‘ক্যাশলেস অর্থনীতি গঠনে ফিনটেকের ভূমিকা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ।

নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তে ৪৭ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আফগান সীমান্ত পেরিয়ে বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টা করার সময় তাদের হত্যা করা হয়।

একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ভারতীয় মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা বড় একটি দল নিয়ে সামবাজা এলাকার পাক-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালায় এবং ৪৭ জন সন্ত্রাসীকে নির্মূল করে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ‘ফিতনা আল-খাওয়ারাজ’ নামেও ডাকা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তার। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

সূত্রটি আরো জানায়, নিহতদের বেশিরভাগই আফগান নাগরিক। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে।

ইসলামাবাদভিত্তিক থিঙ্ক ট্যাংক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু জুন মাসেই পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলায় অন্তত ১০০ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ছিলেন ৫৩ জন নিরাপত্তা কর্মী, ৩৯ জন বেসামরিক নাগরিক, ৬ জন সন্ত্রাসী এবং দুইজন শান্তি কমিটির সদস্য।

এ ছাড়া এসব হামলা ও অভিযানে মোট ১৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৩ জন সাধারণ নাগরিক। জুন মাসজুড়ে সহিংসতা ও অভিযানে সর্বমোট ১৭৫ জন নিহত হন—এর মধ্যে ৫৫ জন নিরাপত্তা কর্মী, ৭৭ জন সন্ত্রাসী, ৪১ জন বেসামরিক এবং দুইজন শান্তি কমিটির সদস্য ছিলেন।

সূত্র : জিও নিউজ।

কিছু রাজনৈতিক মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে।

বুধবার (২৭ আগস্ট) প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ফখরুল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা জিতে গেছি, এটি ভাবলে ভুল হবে।
’

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথাও উল্লেখ করে তিনি জানান, দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হয়েছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা যায়।

এসময় ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান, সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি : ফাওজুল কবির খান

প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় চার উপদেষ্টাসহ বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে থাকবেন যেসব উপদেষ্টা, তারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; গৃহায়ণ ও গণপূর্ত ও শিক্ষা উপদেষ্টা।

তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারা দেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন তারা। ইতোমধ্যে আন্দোলনরত প্রকৌশলীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, বিপুল অঙ্কের অর্থ জব্দ

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অভিযানের সময় প্রায় ১৫ লাখ ২৮ হাজার ৮৩২ শেকেল (চার লাখ ৪৭ হাজার মার্কিন ডলার) মূল্যের ‘সন্ত্রাসী তহবিল’ জব্দ করেছে। ইসরায়েলি পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রামাল্লায় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়, এতে ডজনখানেক ফিলিস্তিনি আহত হয়।

পুলিশের একজন মুখপাত্রের বিবৃতিতে বুধবার বলা হয়, ইসরায়েলি সীমান্ত পুলিশ ও সেনারা ‘রামাল্লার কেন্দ্রস্থলে একটি মানি এক্সচেঞ্জ ব্যবসায় অভিযানে যায়, যা হামাস সন্ত্রাসী সংগঠনের কাছে অর্থ স্থানান্তরে ব্যবহৃত হচ্ছিল।
’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাহিনী স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় বিপুল অঙ্কের অর্থ জব্দ করেছে, যার মোট পরিমাণ আনুমানিক ১৫ লাখ ২৮ হাজার ৮৩২ শেকেল। এর মধ্যে মার্কিন ডলার, জর্দানি দিনার, ইউরোসহ অন্যান্য বিদেশি মুদ্রা রয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন পলাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা প্রমাণসহ তাদের তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

গাজা যুদ্ধ চলাকালীন পশ্চিম তীরজুড়ে ইসরায়েল প্রায়ই অভিযান চালালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রস্থল রামাল্লায় অভিযান তুলনামূলক বিরল।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বেড়েছে, বিশেষ করে ওই অঞ্চলের উত্তরাংশে ফিলিস্তিনি জনবসতিপূর্ণ এলাকাগুলোতে। এ বছরের শুরুর দিকেও এবং ২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে একইভাবে মানি এক্সচেঞ্জ অফিসগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৯৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে যোদ্ধা ও সাধারণ নাগরিক—উভয়ই রয়েছে।
ইসরায়েলি হিসাবে একই সময়ে ওই এলাকায় হামলা বা সামরিক অভিযানের সময় অন্তত ৩৬ ইসরায়েলি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

অ্যাপল ও ওপেনএআই-এর বিরুদ্ধে একচেটিয়ার অভিযোগ এক্সএআই’র

প্রযুক্তি জগতের আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্ক আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম ওপেনএআই-এর বিরুদ্ধে বড় ধরনের মামলা করেছে।

মামলার মূল অভিযোগ, অ্যাপল ইচ্ছাকৃতভাবে চ্যাটজিপিটি-কে প্রাধান্য দিয়ে প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর পথ আটকে দিচ্ছে। এতে মাস্কের তৈরি গ্রক অ্যাপ জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়ছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাপল ও ওপেনএআই একসঙ্গে বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে। অ্যাপেল ও ওপেনএআই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

মামলার নথিতে বলা হয়েছে, অ্যাপল তার নিজস্ব অ্যাপ স্টোর-এ চ্যাটজিপিটি-কে শীর্ষ স্থানে রাখছে। অন্যদিকে গ্রকসহ প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোর র‌্যাংকিং ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, অ্যাপল প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর ক্ষেত্রে অ্যাপ অনুমোদনের প্রক্রিয়াও অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত করছে। এর ফলে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ কমে যাচ্ছে।

এক্স এআই এর মতে, অ্যাপল ও ওপেনএআই-এর মধ্যে এক ধরনের একচেটিয়া চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপল তার আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সরাসরি একীভূত করেছে।

এর ফলে চ্যাটজিপিটি এখন অ্যাপলের নিজস্ব বুদ্ধিমান সেবার অংশ হয়ে গেছে। এতে চ্যাটজিপিটি বিলিয়ন সংখ্যক ব্যবহারকারীর নির্দেশনা বা প্রম্পট পাচ্ছে। যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মের পক্ষে সম্ভব নয়।

ইলন মাস্ক এক্স-এ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা প্রায় অসম্ভব।”

তবে এই দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী প্রমাণ দেখিয়েছেন যে, ডিপসিক এবং পারপ্লেক্সিটি নামের প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোও ইতিমধ্যেই অ্যাপ স্টোরের শীর্ষে উঠে গিয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই মামলা একচেটিয়া ব্যবসা বিরোধী আইন বা অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী বড় গুরুত্ব পেতে পারে।

এর আগে গুগল অ্যাপলের বিরুদ্ধে একই ধরনের মামলায় হেরে গিয়েছিল। গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতে অ্যাপল অর্থের বিনিময়ে চুক্তি করেছিল। আদালত এই চুক্তিকে প্রতিযোগিতা-বিরোধী বলে রায় দেয়।

বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল ও ওপেনএআই-এর বর্তমান অংশীদারিত্বকেও আদালত সেই একই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারে।