শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় আরো ২০ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর মিডল ইস্ট মনিটরের।

২০২৩ সালের অক্টোবরে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হাতে গাজায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সামরিক অভিযানে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজা এখন মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি।

এদিকে গাজা সিটির জেইতুন মহল্লার দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই। গাজা সিটির দখল নিতে চলতি মাসের শুরুতে চালু করা স্থল অভিযানের পর থেকে শুধু জেইতুন এলাকায়ই ইসরায়েল ১ হাজার ৫০০-রও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, মহল্লার দক্ষিণাংশে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে নেই।
ভবন ধ্বংস করতে ইসরায়েলি সেনারা বুলডোজারসহ নির্মাণযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বোমা বহনকারী রোবট দিয়ে প্রতিদিন সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

চীনের হুমকি সম্পর্কে অস্ট্রেলিয়াকে সতর্ক করল তাইওয়ান

চীনের সম্ভাব্য হুমকি নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে তাইওয়ান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে এই সতর্কবার্তা দিয়েছে তাইওয়ান।

তারা জানিয়েছে, সম্ভাব্য চীনা আগ্রাসনের ফলে শি জিনপিং তাইওয়ানের কম্পিউটার চিপ শিল্পের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যাবেন।

তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া চি-চুং উ মি. আলবানিজকে তাইওয়ানের সিপিটিপিপি বাণিজ্য ব্লকে যোগদানের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আহ্বান জানান।

সূত্র : স্কাই নিউজ অস্ট্রেলিয়া।

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন হামজা

বাংলাদেশের ধুঁকতে থাকা ফুটবলে প্রাণ ফিরিয়েছেন হামজা চৌধুরী। গেল মার্চে প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমেই বদলে দিয়েছেন অনেক হিসাব। এর পর থেকে তিনি হয়ে উঠেছেন প্রবাসী ফুটবলারদের অনুপ্রেরণা, দেশের ফুটবলের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

এই মিডফিল্ডার এবার ছুঁলেন এক অনন্য উচ্চতা।
হয়ে গেলেন ইনস্টাগ্রামে ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার। নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে আমার। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
’

এদিকে হামজার নিকটতম প্রতিদ্বন্দ্বী শমিত সোম। তার অনুসারীর সংখ্যা ৯ লাখ ৯২ হাজার। অর্থাৎ শিগগিরই তিনি পেরোতে পারেন ১০ লাখের গণ্ডি।

বাংলাদেশ দলে অভিষেকের আগেই ১০ লাখ ফেসবুক অনুসারী পেয়েছিলেন হামজা।
তবে সেখানে তিনি দ্বিতীয়—প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন জামাল ভূঁইয়া। চলতি বছরের শুরুতে হামজা যোগ দেন সেই তালিকায়।

তবে শুধু অনলাইনে নয়, মাঠের খেলায়ও চমক দেখাচ্ছেন হামজা। গেল ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজার। মাঝমাঠে দাপট দেখিয়ে ভারতকে নড়বড়ে করেছিলেন তিনি।
যদিও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে বাংলাদেশ।

ঘরের মাঠে অভিষেকটা ছিল আরো স্মরণীয়। ভুটানের বিপক্ষে মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলের খাতা খোলেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে।

কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছেন হামজা। তবে উন্মাদনা ছড়ালেও শেষমেশ বাংলাদেশ হেরে যায় ২-১ গোলে।

হামজার পথ ধরে এখন দলে এসেছেন শমিত সোম, ফাহামেদুল ইসলামদের মতো খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের উদীয়মান তারকা কিউবা মিচেলদের মতো ফুটবলারও অভিষেকের অপেক্ষায়।

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা, তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি।

গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ।
উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা।
এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’

তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। লতিফ সিদ্দিকীর সঙ্গে আটককৃতরা আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আদের আটক করা হয়।

তাদের আটকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।
আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

‘যুদ্ধের কারণে নিজেদের অনুভূতি নিয়ে ভাবার সময় নেই’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরের জন্য গাজার স্থানীয় সাংবাদিকদের ওপর নির্ভর করে। কারণ, বিবিসি নিউজসহ বিদেশি মিডিয়াকে তাদের দেশের সংবাদ সংগ্রহ করতে দেয় না ইসরায়েল। তাই শত অসুবিধা সত্ত্বেও গাজা উপত্যকা থেকে চলমান সংঘর্ষের খবর সংগ্রহ করেন স্থানীয় সাংবাদিকরা।

সেই ধারাবাহিকতায় প্রায় দুই বছর ধরে নিজের শহরের বাসিন্দাদের ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়াই করার খবর ক্রমাগত বহির্বিশ্বের সামনে তুলে ধরছেন সাংবাদিক ঘাদা আল-কুর্দ।
কিন্তু সেই কাজ গিয়ে তিনি প্রতিনিয়ত যা অনুভব করেন, সেটা প্রকাশ করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘নিজেদের অনুভূতি নিয়ে ভাবার সময় আমাদের নেই। এই যুদ্ধের সময়, আমরা আমাদের আবেগ প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমরা ক্রমাগত আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছি।
যুদ্ধ শেষ হওয়ার পরে হয়তো আমরা এই ক্ষমতা ফিরে পাব।’

সেই দিন না আসা পর্যন্ত, তার দুই মেয়ের জন্য তার ভয় এবং ভাই আর তার পরিবারের জন্য নিজের শোক চেপে রেখেছেন এই সাংবাদিক। যাদের মৃতদেহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে বলে জানিয়েছেন তিনি।

ঘাদা আল-কুর্দ বলেন, ‘যুদ্ধ আমাদের মানসিকতা এবং ব্যক্তিত্বকে বদলে দিয়েছে।
যুদ্ধ শেষ হওয়ার পর আমাদের ৭ অক্টোবর ২০২৩ সালের আগে যা ছিল তা ফিরে পেতে দীর্ঘ নিরাময়ের প্রয়োজন হবে।’

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং জাপানসহ ২৭টি দেশ ইসরায়েলকে গাজায় অবিলম্বে স্বাধীন বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে বিবৃতি সমর্থন করেছে।

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার এবং সুরক্ষার পক্ষে কাজ করে ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’। এই আন্তঃসরকারি গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দাও করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে গাজায় কর্মরতদের অবশ্যই সুরক্ষা দিতে হবে।

সূত্র : বিবিসি বাংলা।

অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, হঠাৎ চিৎকার করে বেরিয়ে যান ঐশ্বরিয়া

বলিউডে অনেক সময় শুটিং ফ্লোরেও এমন মুহূর্ত আসে, যা নায়ক–নায়িকার জন্য চমকপ্রদ এবং অস্বস্তিকর উভয়ই হতে পারে। তেমনই এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই। অনিল কাপুরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে ঘটে এই ঘটনা। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি বলে রুম থেকে বেরিয়ে যান অভিনেত্রী।

২০০০ সালের কথা। তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনালি বেন্দ্রে। ঐশ্বরিয়া তখন নতুনত্বের ধাপ অতিক্রম করছিলেন, বলিউডে তার সাফল্য এখনও স্থায়ী হয়নি। যদিও ‘তাল’ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
ঠিক তখনই পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বরিয়াকে নিতে প্রস্তাব দেন। প্রথমে সতীশ রাজি ছিলেন না, কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করেন।

কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
এক শয্যা দৃশ্যে ক্যামেরা ঘোরাচ্ছে। বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বরিয়া। “অ্যাকশন” শব্দেই অনিল ঐশ্বরিয়াকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্যে এগোন। হঠাৎ ঐশ্বরিয়া চিৎকার করে ওঠেন এবং গট গট করে মেকআপ রুমে চলে যান।

সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলিপাড়ায় ঝড় ওঠে।
জানা যায়, অনিলের সঙ্গে এক শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বর্য। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠেছিলেন তিনি। পরবর্তীতে জানা যায়, ঐশ্বরিয়া শয্যা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিতে ছিলেন। এই কারণে তার চিৎকার। অনুরোধ অনুযায়ী, সেই দৃশ্য পরে শুটিং থেকে বাদ দেয়া হয়।

গোবিন্দ শুধু আমার, অন্য কারো নয় : সুনীতা

অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল বলিউড। কয়েকদিন আগেই খবর রটে যায়, আলাদা হওয়ার পথে হাঁটছেন এই জুটি। এমন গুঞ্জনে মন খারাপ হয়েছিল অভিনেতার ভক্তদের। তবে গণেশচতুর্থীর দিন একসঙ্গে হাজির হয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন দুজন।

এদিন গণেশ পুজার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই। অভিনেত্রীর কথায়, “আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম?”

সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমাদের কেউ আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না।
শয়তানের পক্ষেও সম্ভব নয়। আমার বর শুধুই আমার। গোবিন্দও শুধু আমার। যতক্ষণ না আমি মুখ খুলছি, কেউ কিছু বিশ্বাস করবেন না।
”

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন দীর্ঘ ৩৮ বছরের। শোনা যাচ্ছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগও উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে। তবে বুধবার সকল অভিযোগ উড়িয়ে দেন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন ঘিরে মুখ খোলেন তাঁদের কন্যা টিনা আহুজাও।
তিনি জানান, “এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। বিচ্ছেদের গুজবে যারা উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।”

গোবিন্দ–সুনীতা দম্পতিকে একসঙ্গে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা।

উপদেষ্টা হতে ২০০ কোটির চেক, সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে সাবেক এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা। এমন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদকের একটি টিম।

অভিযোগে বলা হয়, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে একজন সমন্বয়ককে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন।
এই ঘটনা এ বছরের জানুয়ারিতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ডা. মোস্তফা ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন। এই লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল ইসলাম সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন।
যদিও আরেফিন সশরীরে উপস্থিত ছিলেন না, তিনি ফোনে কথোপকথনের মাধ্যমে এই ডিল নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, ডা. শেখ গোলাম মোস্তফার ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন এবং সমন্বয়ক গ্রুপের সঙ্গে তার যোগাযোগের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী দল চেকগুলোর সত্যতা এবং লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই করছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

চ্যাম্পিয়নস লিগ ড্র : রিয়াল-বার্সেলোনা-পিএসজি কে কোন পটে

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লীগ স্টেজ ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মোনাকোতে। ৩৬ দলের এই প্রতিযোগিতায় ইতোমধ্যে চারটি পট নির্ধারণ করেছে উয়েফা।

কোন ক্লাব কোন পটে জায়গা করে নিয়েছে, দেখে নিন একনজরে—

পট–১: তারকাখচিত জায়ান্টরা

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।

পট–২: শক্তিশালী চ্যালেঞ্জাররা

আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুজ।

পট–৩: ঐতিহ্যের প্রতিনিধি

অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট ও টটেনহাম হটস্পার।

পট–৪: নতুন চমক ও পুরোনো লড়াকুরা

এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেতিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত।

নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে—৪টি ঘরের মাঠে, ৪টি প্রতিপক্ষের মাঠে। এরপর শীর্ষ ২৪ দল যাবে নকআউট পর্বে।
যার মধ্যে প্রথম ৮ দল সরাসরি ও বাকি ১৬ দল প্লে-অফ খেলে জায়গা করে নিবে শেষ ষোলোতে।