শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কমলা হ্যারিসের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষে তাকে অতিরিক্ত ছয় মাস নিরাপত্তা দেওয়ার অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসন সেটি বাতিল করেছে।
গত ২১ জুলাই পরাজিত এই প্রেসিডেন্ট প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসের নিরাপত্তার মেয়াদ শেষ হয়েছে।

হ্যারিসের এক জ্যেষ্ঠ সহকারী সংবাদমাধ্যম এএফপিকে বলেন, ‘সিক্রেট সার্ভিসের পেশাদারি, নিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির জন্য হ্যারিস কৃতজ্ঞ।’

নির্বাচনে পরাজয়ের পর থেকে হ্যারিস নীরব থাকলেও চলতি শরতে তিনি তার লেখা বইয়ের প্রচারণায় দেশজুড়ে সফরে বের হবেন। এতে তাকে নিয়মিত জনসম্মুখে আসতে হবে।

হ্যারিসের ‘১০৭ ডেজ’ নামের স্মৃতিকথামূলক বইয়ে তিনি তার সংক্ষিপ্ত কিন্তু ব্যর্থ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সাইমন অ্যান্ড শুস্টারের প্রকাশিত বইটি ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাজারে আসবে।

জো বাইডেন তার মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডেমোক্র্যাট দলের মনোনয়ন পান। হ্যারিস জানিয়েছেন, তিনি ‘খোলামেলা স্বীকারোক্তি ও আত্মসমালোচনার ভঙ্গিতে’ বইটি লিখেছেন এবং এতে থাকবে প্রচারণার নেপথ্যের বিবরণ।

এদিকে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তিনি সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন, তার বিরুদ্ধে অতীতের আইনি মামলায় জড়িত আইনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ও বিশ্ববিদ্যালয়গুলোর ফেডারেল অর্থায়ন বন্ধ করেছেন।

গত সপ্তাহে ট্রাম্পের কড়া সমালোচক সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও কার্যালয়ে অভিযান চালায় এফবিআই। কর্মকর্তারা জানিয়েছেন, এটি শ্রেণিবদ্ধ নথিসংক্রান্ত এক তদন্তের অংশ।

একটি ফোন কলই যেভাবে ক্ষমতাচ্যুত করল থাই প্রধানমন্ত্রীকে

একটি ফোন কলেই প্রধানমন্ত্রীর পদ হারালেন, হ্যাঁ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত শুক্রবার প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে তার ভূমিকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা দেশটিকে রাজনৈতিক অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত মাসে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

গত জুন মাসে কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে ফোনে আলাপ করেন পেতংতার্ন। পরে যা হুন সেন নিজে ফাঁস করে দেন। শুক্রবার সাংবিধানিক আদালত রায়ে বলেছেন, ওই ফোন কলের মাধ্যমে পেতংতার্ন নৈতিকতার লঙ্ঘন করেছেন।

ফোনালাপে শোনা যায়, সীমান্ত বিরোধ নিয়ে হুন সেনের সঙ্গে সমঝোতার আলোচনা করছেন পেতংতার্ন।
এক পর্যায়ে তিনি এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন।

হুন সেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রার বন্ধু হিসেবে পরিচিত। ফোন কল ফাঁসের পর পেতংতার্ন সেটির ব্যাখ্যায় বলেন, হুন সেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নই ছিল তার উদ্দেশ্য। হুন সেন ওই কথোপকথনটি গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফোন কলটি ফাঁসের পর বেশ বিব্রতকর অবস্থায় পড়েন পেতংতার্ন ও তাঁর রাজনৈতিক দল পিউ থাই পার্টি। সে সময় পেতংতার্নের পদত্যাগের দাবি ওঠে। তাঁর জোটের সঙ্গীদের কেউ কেউ সরকার থেকে সরে দাঁড়ান।

গত জুলাইয়ে সাংবিধানিক আদালতের নয়জন বিচারকের মধ্যে সাতজন পেতংতার্নকে সাময়িকভাবে বরখাস্ত করার পক্ষে ভোট দেন। ফলে শুক্রবারের সিদ্ধান্তটি দেশটির রাজনীতিবিদদের মধ্যে কোনো বিস্ময় জাগায়নি।
সংবিধান অনুযায়ী, এখন সংসদ সদস্যদের মধ্যে থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

বিবিসি বলছে, আদালতের বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস জন্ম হয়েছে। সেটি হলো, রক্ষণশীল ও রাজতন্ত্রপন্থীরা যাদের হুমকি মনে করে আদালত সবসময় তাদের বিরুদ্ধে রায় দেন। বিশ্বে খুব কম দেশেই বিচার বিভাগের একটি শাখা রাজনীতিতে এমন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।

এখন প্রশ্ন উঠছে হুন সেন কেন তাঁর বন্ধুর মেয়ের সঙ্গে হওয়া আলাপ ফাঁস করলেন। বিবিসি বলছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে পেতংতার্ন সিনাওয়াত্রা সীমান্ত বিরোধ নিয়ে একটি মন্তব্য করেছিলেন। বলেছিলেন, সীমান্ত বিরোধ নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরার জন্য কম্বোডিয়ার নেতৃত্বের সামাজিক মাধ্যম ব্যবহার করাটা অপেশাদার। হুন সেন বেশ রেগে গিয়ে এর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি পেতংতার্নের মন্তব্যকে অপমান হিসেবে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, এমন ঘটনাই তাঁকে সত্য প্রকাশে বাধ্য করেছে।

কিন্তু হুন সেনের সত্য প্রকাশের সিদ্ধান্ত থাইল্যান্ডে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা উসকে দেয়। গত মাসে এই দুই দেশের সীমান্তে সেনাদের মধ্যে পাঁচদিন ধরে সংঘাত চলে। এতে ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

যে শর্তে বিয়ে করতে রাজি হলেন সুস্মিতা সেন

কখনো হাঁটুর বয়সী ছেলে, কখনো বয়স্ক পুরুষের সঙ্গে, প্রেম থেকে একান্ত সময় কাটানো কিংবা আবার পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়া—সব কিছু নিয়েই খবরের শিরোনাম হয়েছে সুস্মিতা সেন। বিশ্ব সুন্দরী হয়েও নাকি মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না তিনি!

৪৯ বছর বয়সেও প্রেম, বিয়ে নিতে তার মন টালমাটাল। তবে এবার সুস্মিতা ঠিক করেই ফেললেন, বিয়ে করবেন। তবে পাত্রের কাছে শর্ত রয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বললেন, আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল।
যেদিন এমন মানুষ পাবে, সেদিন বিয়ে করব।

সুস্মিতা আরো বললেন, শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।

সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুদা, রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, এরপর পরিচালক বিক্রম ভাট। সম্প্রতি নাম জুড়েছিল ললিত মোদির সঙ্গেও। তবে এই মুহূর্তে মোটেই একা নন সুস্মিতা। তার সেই পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।

কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ।
তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি।’

স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।
যেকোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।’

সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভুলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর আলশামস ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল।’

সভায় বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।
চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি এ. কে. এম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

ভুটানের সঙ্গে ড্রয়ে শিরোপার স্বপ্ন ফিকে বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিততে না পেরে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ। আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পূর্ণিমা মারমার গোলে এগিয়েও যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে রক্ষণভাগের ভুলে শেষ পর্যন্ত ভুটানের সঙ্গে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

চার দলের লিগভিত্তিক এই প্রতিযোগিতায় প্রতিটি দল খেলছে ৬টি করে ম্যাচ।
বাংলাদেশ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। অন্যদিকে ভারত ৪ ম্যাচেই তুলেছে ১২ পয়েন্ট। আজকের ড্রয়ে বাংলাদেশ হোঁচট খাওয়ায় ভারতের সামনে খুলে গেছে আগেভাগেই শিরোপা নিশ্চিত করার সুযোগ। সন্ধ্যায় নেপালের বিপক্ষে ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে ভারত।
নেপাল যদি ড্র করে বা জিতে যায়, তাহলেই বেঁচে থাকবে বাংলাদেশের শিরোপার ক্ষীণ আশা।

আজকের ম্যাচে শুরুর দিকেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমণ সাজিয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মারমা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের লম্বা পাস ধরে চোর্টেন জাংমো বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীকে পরাস্ত করলে সমতায় ফেরে স্বাগতিক ভুটান।

বিরতির পর ম্যাচের বাকিটা সময়জুড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

টানা হ্রাসের পর শ্রীলঙ্কায় আবারও বেড়েছে মুদ্রাস্ফীতি

টানা ১১ মাস মুদ্রাস্ফীতি হ্রাসের পর আগস্টে শ্রীলঙ্কায় পণ্যমূল্য বেড়েছে। দেশটির শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মুদ্রাস্ফীতি ১.২ শতাংশে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির সেন্সাস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যের দাম ২ শতাংশ বেড়েছে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করেছে।
তবে পরিবহন ও গৃহস্থালি রক্ষণাবেক্ষণ খরচ কমেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স ৪.২ শতাংশ কমে গিয়েছিল, যা ১৯৬০ সালের জুলাইয়ের পর সবচেয়ে বড় মুদ্রাস্ফীতি হ্রাস।

২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ার পর ২০২৩ সালের শুরুর দিকে শ্রীলঙ্কা আইএমএফ থেকে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর থেকে মুদ্রাস্ফীতি কিছুটা স্থিতিশীল হয়। সরকার আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ঋণ পুনর্গঠন চুক্তি করেছে।
আইএমএফ বলেছে অর্থনীতি দেশটির স্থিতিশীল হয়েছে, যদিও পুনরুদ্ধার এখনো নাজুক।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষে মুদ্রাস্ফীতি প্রায় ৫ শতাংশে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে। তবে আগস্টে বার্ষিক ভিত্তিতে মুদ্রাস্ফীতি মাত্র ১.২ শতাংশ ছিল।

মাত্র ২০ বলের জন্য ৩৪ হাজার কিলোমিটারের যাত্রা!

মাত্র ২০ বল করার জন্য যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে চলেছেন অ্যাডাম জাম্পা। এমন ঘটনাই ঘটছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের সঙ্গে।

ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। সিরিজ শেষ হয়েছে ২৪ আগস্ট।
এরই মধ্যে ডাক পড়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে। ওভাল ইনভিন্সিবলসের হয়ে ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি।

ওভালের হয়ে নিয়মিত খেলা আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান এবার খেলতে পারবেন না। পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আজ শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের কারণে হানড্রেডের ফাইনালে মাঠে নামা হচ্ছে না তার।
তাই বিকল্প হিসেবে জাম্পাকেই দলে ভিড়িয়েছে ওভাল।

অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের আকাশপথের দূরত্ব প্রায় ১৬ হাজার ৯০০ কিলোমিটার। জাম্পা কোন শহর থেকে বিমানে উঠবেন, তার ওপর কিছুটা কম-বেশি হতে পারে এ দূরত্ব। অর্থাৎ যাওয়া-আসা মিলিয়ে প্রায় ৩৪ হাজার কিলোমিটার!

ওভালের কোচ টম মুডি বলেছেন, ‘আমরা জাম্পাকে চাই।
সে-ও আসতে রাজি। এই দল ও সারের সঙ্গে আগে থেকেই পরিচিত সে। এর আগে ভাইটালিটি ব্লাস্টেও খেলেছে।’

টানা তৃতীয়বার হানড্রেডের ফাইনালে উঠেছে ওভাল। এর আগে দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
দুই মৌসুমেই দলে ছিলেন জাম্পা। সর্বশেষ আসরে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট।

হানড্রেডে একজন বোলার সর্বোচ্চ ২০ বল করার সুযোগ পান। অর্থাৎ জাম্পার সম্ভাব্য বোলিংয়ের সময় হবে ম্যাচে মাত্র সাড়ে সাত মিনিট, অথচ ফ্লাইটে কাটবে তার চেয়ে পাঁচ গুণ বেশি সময়।

রোববার লর্ডসে ফাইনালে ওভালের প্রতিপক্ষ হবে ট্রেন্ট রকেটস বা নর্দার্ন সুপারচার্জার্স। শনিবার হবে এলিমিনেটর ম্যাচ।

বান্ধবীর সঙ্গেই বাগদান সারলেন অভিনেতা বিশাল

আজ শুক্রবার দক্ষিণী অভিনেতা বিশালের জন্মদিন। নিজের ৪৮তম জন্মদিনে দিলেন দ্বিগুণ খুশির খবর! সম্পন্ন হলো তার বাগদানও। বিশেষ এই দিনেই ঘনিষ্ঠ বন্ধু থেকে জীবনসঙ্গিনী হয়ে ওঠা অভিনেত্রী সাই ধানশিকার সঙ্গে আংটি বদল করলেন তিনি।

চেন্নাইয়ের আন্না নগরের নিজ বাসভবনে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় এ বাগদান অনুষ্ঠান।

ভক্তদের উদ্দেশে এক্স (টুইটার)-এ বিশাল লিখেছেন, ‘আমার বিশেষ দিনে সবাই যে ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, সাই ধানশিকার সঙ্গে আজ আমার বাগদান হলো। ইতিবাচক আর আশীর্বাদপুষ্ট বোধ করছি। সবসময় যেমন আশীর্বাদ দিয়েছেন, তেমনই সঙ্গ চাই।
’
বিশাল ও সাই ধানশিকা দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধুত্বের সম্পর্কে আছেন। যদিও একসঙ্গে তারা কোনো ছবিতে কাজ করেননি, তবে সম্পর্কের গভীরতা থেকেই এই বন্ধন নতুন মাত্রা পেল।

উল্লেখ্য, ধানশিকার ‘যোগী দা’ ছবির ইভেন্টে প্রকাশ্যে তারা জানিয়ে দিয়েছিলেন যে আগামী ২৯ আগস্ট ২০২৫-এ তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হবে।

ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় রীতিমতো ঝড় তুলেছেন।
এই তারকা জুটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সিনেমার পরিচিত মানুষেরাও।

প্রসঙ্গত, এর আগে বিশাল অভিনেত্রী অনীশা আল্লার সঙ্গে বাগদান করেছিলেন এবং ২০২০ সালের অক্টোবরে বিয়ে হওয়ার কথা ছিল। তবে সে সম্পর্কটি ভেঙে যায়।

প্রেক্ষাগৃহে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির ‘পরম সুন্দরী’

আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির ‘পরম সুন্দরী’। ভারতের দিল্লির ছেলে আর কেরালার মেয়ের মিষ্টি প্রেমের কাহিনি নির্ভর এ সিনেমাটি মুক্তির পরপরই সিনেপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে বলে খবর।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘সাইয়ারা’ সিনেমার ঝড়ের পর বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে রোমান্টিক প্রেমের এ সিনেমা।

ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল এক পোস্টে সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।
সিনেমাটি প্রসঙ্গে তিনি লিখেছেন, পরম সুন্দরী একটি আদর্শ হিন্দি রোমান্টিক সিনেমা যেখানে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে মিশে গেছে।

এ ছাড়া ভারতীয় সমালোচক তারান আদর্শ বক্স অফিস প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, সিনেমাটি বক্স অফিসে একটি সুস্থ ব্যবসা উপভোগ করবে।

এদিকে মুক্তির তিন দিন আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়। ‘পরম সুন্দরী’ প্রথম ২৪ ঘন্টায় ১০,০০০ এরও বেশি টিকিট বিক্রি করেছে।
তাই ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রেক্ষাগৃহে শুরু হওয়ার আগেই আয় করে নিয়েছে আনুমানিক ১০ কোটি রুপি।

তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে দীনেশ বিজান প্রযোজিত সিনেমাটি উত্তর ভারতীয় পাঞ্জাবি পুরুষ ‘পরম’ (সিদ্ধার্থ) এবং অর্ধ-তামিল, অর্ধ-মালয়ালি নারী ‘সুন্দরী’র (জাহ্নবী) মধ্যে ক্রমবর্ধমান আন্তঃসাংস্কৃতিক প্রেমের গল্পকে ঘিরে নির্মিত।

দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা

অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে।’

‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি : বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ বিষয়ক আলোচনায় অংশ নেন তাসনিম জারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এতে আরো অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
’

এর উত্তরে তাসনিম জারা বলেন, ‘বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণ-অভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।’

দুই দিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।