বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা

আক্তারুজ্জামান সোহেল বারি (ফরিদপুর)ভাঙ্গা প্রতিনিধি:-
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সংসদীয় আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে পুনরায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপি, দলটির সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিভন্নি শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হয়। এ ঘটনায় আমাদের নেতা কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের গোপন যোগসাজস রয়েছে বলে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়েছে একটি কুচক্রিমহল। আমরা এ অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতাবাদ করছি। অথচ, আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় বক্তারা আরও বলেন- মা-মাটিকে রক্ষায় আমরা ভাঙ্গাবাসী সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি। অনতি বিলম্বে আমাদের দাবী পূরণ না হলে, আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে দক্ষিণ বঙ্গ অচল করার হুশিয়ারী দেন বক্তারা।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈমুর লং. শহিদুল ইসলাম বিটু, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, প্রচার সম্পাদক মির্জা ইমরান, দপ্তর সম্পাদক মুন্সী কুতুব উদ্দিন স্মরণ, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা আলগী ও হামিরদী ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে ফরিদপুর-২ আসনে। এর প্রতিবাদে গত শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাস স্টান্ড ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, ভাঙ্গা বাস স্টান্ডে টায়ার জালিয়ে ও গাছ ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে, প্রায় ৯ ঘন্টা অবরুদ্ধ থাকে ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের যান চলাচল। পরে, ৩ দিনের মধ্যে স্থানীয়দের দাবী পূরণের আশ্বাস দেন উপজেলা প্রশাসন। এরপর, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী জনতা।

বার্সেলোনার বিপক্ষে দেম্বেলে ও দুয়েকে পাচ্ছে না পিএসজি, শঙ্কায় বায়ার্ন ম্যাচও

হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই ফ্রান্স দলের সঙ্গী হয়েছিলেন পিএসজি তারকা ওসমান দেম্বেলে। আর তা নিয়ে জাতীয় দলের মেডিকেল স্টাফকে আগেই সতর্ক করেছিল ইউরোপ চ্যাম্পিয়নরা। তবে পিএসজির সতর্ক বার্তার পরও ম্যাচে নেমেই চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের চলে গেছেন ব্যালন ডি’অরের শীর্ষ দাবিদার এই ফরাসি ফুটবলার।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, দেম্বেলের নতুন চোটের ধাক্কায় ক্ষুব্ধ হয়েছে তার ক্লাব পিএসজি।
এছাড়া ডান পায়ের পাতার সোলিয়াস পেশি ছিঁড়ে যাওয়ায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আরেক পিএসজি তারকা দিজিরে দুয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএসজি জানত দেম্বেলে ক্লান্ত ছিলেন এবং এমন অবস্থায় খেললে তার চোট পাওয়ার শঙ্কা যে প্রবল সে ব্যাপারেও তাদের উদ্বেগ ছিল।

শনিবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আরএমসির রিপোর্টে বলা হয়, আগামী ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দেম্বেলেকে। এই সময়ে আটলান্টা, মার্সেইয়ের বিপক্ষে খেলা মিস করবেন দেম্বেলে।
এছাড়া ১লা অক্টোবর বার্সার বিপক্ষে খেলবে পিএসজি, সে ম্যাচেও তার না থাকার সম্ভাবনা বেশি। এমনকি শঙ্কা আছে বায়ার্ন ম্যাচেও দেম্বেলে থাকতে পারেন মাঠের বাইরে।

এদিকে আরেক তারকা দুয়েরও বার্সেলোনা ম্যাচে খেলা নিয়ে আছে শঙ্কা। তাই দল নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে হচ্ছে পিএসজিকে।

আর মাত্র ১২ দিন পরেই আতালান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক দিনের ঘটনায় বলব যে একটু খারাপের দিকে গেছে।
আমরা চেষ্টা করব দ্রুত আগের জায়গায় নিয়ে যেতে।

রাজবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত এদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর হয়তো আমরা এই সম্পূর্ণ ঘটনা জানতে পারবো।

ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাদের গাফিলতি হয়েছে সেটা তদন্তের পরই বলা যাবে। আগে থেকে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না— জানতে চাইলে তিনি বলেন, না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।

এমন পরিস্থিতি নির্বাচনে জনগণের অংশগ্রহণে প্রভাব ফেলবে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না।
ভোটকেন্দ্রে যেতেও কেউ প্রতিহত করতে পারবে না।

কোহলি ও সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা

জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবকে ছাড়িয়ে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার রেকর্ড গড়েছেন।

সিকান্দার রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার কীর্তি গড়েছেন। এই সংখ্যা আগে ১৬ বার করে থাকা ভারতীয় তারকা বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে এখন রাজা সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার মালিক।
তবে সামগ্রিকভাবে, মালয়েশিয়ার ভিরানদীপ সিং ১০২ ম্যাচে ২২ বার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে শীর্ষে রয়েছেন। উল্লেখ্য, মালয়েশিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

গতকাল হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রাজা অসাধারণ বোলিং করেন। তার বোলিংয়ে শ্রীলঙ্কা ১৭.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়, যেখানে রাজা ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন।
এই পারফরম্যান্সে জিম্বাবুয়ে ৫ উইকেটের জয়ে সিরিজে ফেরে।

সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ (আইসিসি পূর্ণ সদস্য দেশ)

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) – ১৭ বার
বিরাট কোহলি (ভারত) – ১৬ বার
সুর্যকুমার যাদব (ভারত) – ১৬ বার
মোহাম্মদ নবি (আফগানিস্তান) –১৪ বার
রোহিত শর্মা (ভারত) –১৪ বার।

এখন অনুতপ্ত শাহরুখ খান

শাহরুখ খানের হাস্যরস ব্যক্তিত্বের প্রশংসা করেন না, এমন মানুষ খুবই কম। তার বুদ্ধিদীপ্ত জবাব অনেকের কাছে মজার মনে হলেও, কারও কারও চোখে তা আবার ‘ঔদ্ধত্য’ বলে ধরা দেয়। তবে একসময় সত্যিকার অর্থে উদ্ধত ও রূঢ় ছিলেন এই নায়ক। আর সে কথা নিজেই স্বীকার করে আজ অনুতপ্ত শাহরুখ।

অভিনেতা হিসেবে শাহরুখ, তা কারও অজানা নয়। সঙ্গে পড়়াশোনায়ও বেশ ভালো ছিলেন শাহরুখ। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন নায়ক। তারপর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।

এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। স্নাতকোত্তর পড়ার জন্যও ভর্তি হন ওখানেই। ওই একই সময় অভিনেতা, তার প্রথম ধারাবাহিক ‘ফৌজি’র প্রস্তাব পান। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার।

এমনই সময়ে তার পরীক্ষা চলে এল, তখন গ্রন্থাগারে বসে পড়াশোনা করছিলেন বলিউড কিং। হঠাৎ কলেজের অধ্যক্ষ এসে বলেন, ‘আমার হাতে থাকলে, তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না।’ তার পাল্টা উত্তরে শাহরুখ বলেন, ‘আপনার এই পরীক্ষার কোনো দরকার নেই আমার।’

যদিও সেই দিনের এমন ব্যবহারকে নিজেই ঔদ্ধত্যের তকমা দিয়েছেন কিং খান। এ নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিন, ‘সেদিনের ব্যবহার ছিল অল্প বয়সের ঔদ্ধত্য, বেয়াদবি ও পাকামি।
’ যদিও এই ঘটনার পর শাহরুখকে তার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল।

ব্যালন ডি’অর আমার কাজে আসেনি : রদ্রি

স্পেন ও ম্যানচেস্টার সিটির ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি গত মৌসুমের বেশির ভাগ সময় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে ইনজুরিতে মাঠের বাইরে কাটিয়েছেন। চোটে পড়ার এক মাস পর তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার অর্জন করলেও এটি তার হতাশা মেটাতে পারেনি।

২৯ বছর বয়সী রদ্রি বলেছেন, ডি’অর পুরস্কার দিয়ে দীর্ঘ সময় ইনজুরির কারণে ফুটবল থেকে দূরে থাকার হতাশা কাটানো যায়নি।

তুরস্কে স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা ব্যালন ডি’অরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এটি তখন আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল যখন আমি সত্যিই কঠিন সময়ের মধ্যে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘এমন স্বীকৃতির জন্য আমি খুশি, কিন্তু এটি আমার কাজে আসে না। আমি এখনো আগের মতো খেলোয়াড় হতে চাই এবং ফুটবল আবার উপভোগ করতে চাই। এটিই আমার একমাত্র লক্ষ্য।

রদ্রি এই মৌসুমে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে একটি ম্যাচ শুরু থেকে খেললেও অপরটিতে নামেন বদলি হিসেবে।

হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রদ্রি খেলার জন্য প্রস্তুত। তিনি এখানে আমাদের অনেক কিছু দিতে প্রস্তুত।’

তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্পেনের শুরুর একাদশে নামার সম্ভাবনা রয়েছে রদ্রির।

দিল্লির লালকেল্লায় ধর্মীয় উৎসব থেকে কোটি টাকার সোনার কলস চুরি

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালে প্রায় দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট একটি কলস। লালকেল্লা প্রাঙ্গণে ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তি জৈন পুরোহিত সেজে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সন্দেহভাজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলায় উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের হীরা-পান্না-চুনি খচিত ছোট কলস ও একটি বড় সোনার কলস। ধর্মীয় আচার পালনে প্রতিদিনই এক জৈন ব্যবসায়ী সামগ্রীগুলো নিয়ে আসতেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না।’

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার মাঝেই এ চুরি ঘটে। আচার শুরুর পর দেখা যায়, মঞ্চ থেকে মূল্যবান সামগ্রীগুলো উধাও।

ব্যবসায়ীর ভাই অভিযোগ করেন, একই ব্যক্তি এর আগে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছেন।

শি জিনপিংয়ের সঙ্গে ‘গোপন’ বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি সম্ভবত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গোপন বৈঠক করতে পারেন।

সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ট্রাম্প ও তার উপদেষ্টারা গোপনে দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। এই সম্মেলন অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের ফাঁকে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন নিয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।
গত মাসে এক ফোনকলে শি ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ দিয়েছেন, যদিও কোনো তারিখ এখনো ঠিক হয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।’ এ ছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা ও অসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়েও আলাপের সুযোগ তৈরি হতে পারে।

এই সফরকে ঘিরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর সময় এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্পও বলেছেন, তিনি কিমের সঙ্গে দেখা করতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমি তা করব এবং আমরা আলাপ করব।
উনি আমার সঙ্গে দেখা করতে চান। আমরা তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি, আর সম্পর্ককে আরো ভালো করব।’

তবে শি এবং কিম উভয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন সূক্ষ্ম এক পর্যায়ে রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং, কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনকে কটাক্ষ করে মন্তব্য করেন।
তিনি বলেন, চীন, রাশিয়া ও ভারত যুক্তরাষ্ট্রবিরোধী ‘ষড়যন্ত্র’ করছে।

অন্যদিকে, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ নিয়েও উত্তেজনা চলছে। এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫% শুল্ক আরোপ করেন, আর চীন পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% কর বসায়। পরবর্তীতে নভেম্বর পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, গিয়াংজু সম্মেলন হবে ট্রাম্প-শি বৈঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আর কিম জং উনের উপস্থিতি থাকলে তা হবে আরো তাৎপর্যপূর্ণ।

ইউএস ওপেনের মুকুট ধরে রাখলেন সাবালেঙ্কা

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউএস ওপেন নারী এককে শিরোপা ধরে রাখলেন বিশ্ব এক নম্বর আরিনা সাবালেঙ্কা। ফাইনালে তিনি আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে হারান।

২৭ বছর বয়সী বেলারুশিয়ান তারকা ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এদিন। এ নিয়ে ২০১৪ সালের পর প্রথম কোনো নারী খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জয়ের রেকর্ড গড়লেন সাবালেঙ্কা।

এবারের আসরে এটি ছিল তার শেষ সুযোগ গ্র্যান্ড স্ল্যাম জেতার। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন ফাইনালে হারের ক্ষত মুছে এনে দিল এই জয়। ম্যাচ শেষে আবেগাপ্লুত সাবালেঙ্কা বলেন, ‘এটা অবিশ্বাস্য। এত কষ্ট, এত শিক্ষা সবই সার্থক হলো আজ।
আমি ভাষাহীন।’

অন্যদিকে, আগের নয় মুখোমুখি লড়াইয়ের ছয়টিতেই জয় পাওয়া আনিসিমোভা এবার দমে গেলেন অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, ‘দুইটি ফাইনালে হার পাওয়া কঠিন, কিন্তু আজ আমি স্বপ্নের জন্য যথেষ্ট লড়াই করতে পারিনি। আলোয় সমস্যার কারণে সার্ভিস করতে অনেক কষ্ট হচ্ছিল।

ম্যাচের শুরুতে যদিও আক্রমণাত্মক ছিলেন আনিসিমোভা। তৃতীয় গেমে ব্রেক করে এগিয়েও যান ৩-২ ব্যবধানে। কিন্তু সেটিই সাবালেঙ্কার জেগে ওঠার প্রেরণা হয়ে দাঁড়ায়। পরপর ব্রেক ফিরিয়ে নিয়ে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি।

দ্বিতীয় সেটে শুরুতেই ৩-১ এগিয়ে যান সাবালেঙ্কা।
যদিও লড়াইয়ে ফিরে ৩-৩ সমতা আনেন আনিসিমোভা। পরে আবারও ব্রেক নিয়ে এগিয়ে যান সাবালেঙ্কা এবং ৫-৪ এ ম্যাচ সার্ভ করছিলেন। কিন্তু সুযোগ নষ্ট করে আনিসিমোভাকে ব্রেক ফিরিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত টাইব্রেকে নিজের দাপট দেখিয়ে ৬-১ লিড নিয়ে ৭-৩ এ সেট জিতে ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা। এ জয়ে তিনি টানা ১৯তম টাইব্রেক জেতার কীর্তি গড়েছেন।

সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে : অপূর্ব

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২৯ বছর পূর্ণ হয়েছে গতকাল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছিল ভক্তদের মন। সময় পেরিয়ে গেছে ২৯ বছর, তবু এই দিন এলে কোটি ভক্তের মনে আবারও ফিরে আসে শোক, বিস্ময় ও গভীর ভালোবাসা।

গতকাল সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনেতা বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহ একজন কালজয়ী শিল্পী। এক উজ্জ্বল নক্ষত্রের নাম।
তাকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তিনি হচ্ছেন অনেক তরুণ-তরুণীর আইডল। তার সৃষ্টিকর্ম দিয়ে এখনও সবার হৃদয়ে বেঁচে আছেন। অনেকের কাছে তিনি স্বপ্নের একজন মানুষ।
মৃত্যুর ২৯ বছর পরও তার অভিনীত ছবি সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়।’

তিনি আরও বলেণ করেন, ‘চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবির অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। তার অভিনীত চলচ্চিত্রের কিছু গান এখনো শ্রোতাদের মুখে ফেরে। মৃত্যুর পর সাধারণত তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক বিস্ময়, রহস্যঘেরা তারকা।

সালমান শাহর আত্মার শান্তি কামনা করে অপূর্ব বলেন, ‘১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। তাঁকে হারিয়ে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ তার মৃত্যুবার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন— এটাই আমাদের প্রার্থনা।’

সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার ফ্যাশন-সচেতনতা, স্টাইলিশ চলাফেরা ছিল চোখে পড়ার মতো। সে সময় বলিউড থেকে ডাক পেলেও সেখানে কাজ করেননি তিনি। ভক্তদের চোখে তিনি ছিলেন ‘স্বপ্নের নায়ক’। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। পরবর্তী সময়ে অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই নায়কের। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন সালমান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশির ভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। উল্লেখ্য, সালমান শাহ চলে গেছেন ২৯ বছর হয়েছে। সে সময় থেকেই তাকে অনুকরণ করার চেষ্টা ছিল অনেকের মধ্যেই, যা এখনো চলমান। ভক্তদের হৃদয়ে এখনো অমর তাদের ‘স্বপ্নের নায়ক’।