বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ওআইসির জরুরি সভায় অংশ নিতে দোহা যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ওআইসির জরুরি সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে দোহায় ইসরায়েল আক্রমণ করেছে। এ কারণে আগামী ১৫ সেপ্টেম্বর ওআইসির একটা জরুরি সভা ডাকা হয়েছে।
সেখানে তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষে অংশ নেবেন।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসসচিব এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউএন (ইউনাইটেড নেশন) হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দি পিস ফুল সেটেলমেন্ট অব দি কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব দা টু স্টেট সলিউশন’ শীর্ষক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

পুলিশের জ্যেষ্ঠ ১৪ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বদলি হওয়া সাত অতিরিক্ত ডিআইজির মধ্যে ডিএমপির সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির মো. ছালেহ উদ্দিনকে র‍্যাবে, চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) মো. হুমায়ুন কবিরকে পিবিআইয়ে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে, পিবিআইয়ের মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বিএমপির মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। এ ছাড়া ওএসডি হওয়া আসমা সিদ্দিকা মিলিকে ঢাকা টিডিএসে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া সাত পুলিশ সুপারের মধ্যে ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরে, বরিশাল পিবিআইয়ের মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রেলওয়ে পুলিশের শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআইয়ের মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশে, পিবিআইয়ের আবু তোরাব মো. শামসুর রহমানকে হাইওয়ে পুলিশে, এসবির মো. আমীর খসরুকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। মিশন শুরুর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

টস জিতে লিটন জানিয়েছেন, প্রথম ম্যাচ হওয়ায় উইকেটের চরিত্র বুঝতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাকি ছয়জন স্বীকৃত ব্যাটার।

আজ দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিল তারা। চট্টগ্রামে হওয়া সেই ম্যাচে ২ উইকেটের জয় পায় হংকং।
আজ সেই হারেরই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জয়ের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে হংকংয়ের।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

হংকং একাদশ

জিশান আলী (উইকেটরক্ষক), বাবর হায়াত, অংশমান রাঠ, কালহন কাহল্লু, নিজাকাত খান, অ্যাইজাজ খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইয়ুশ শুকলা, আতিক ইকবাল, ইহসান খান।

আমেরিকার জন্য এক অন্ধকার মুহূর্ত : ট্রাম্প

চার্লি কার্কের মৃত্যুর ঘটনাকে ‘আমেরিকার জন্য এক অন্ধকার মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ট্রুথ সোশালে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, চার্লি কার্কের নৃশংস হত্যাকাণ্ডে তিনি ‘শোক ও ক্রোধে ভরে আছেন।

তিনি বলেন, চার্লি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং আজ রাতে যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন তারা সবাই শোকে মর্মাহত। চার্লি একজন দেশপ্রেমিক, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মুক্ত আলোচনার জন্য এবং তার প্রিয় দেশ, যুক্তরাষ্ট্রের জন্য।

ট্রাম্প বলেন, তিনি সত্য ও স্বাধীনতার প্রতীক ছিলেন, এবং তরুণদের কাছে এত সম্মানিত আর কেউ কখনও হননি। চার্লি ছিলেন গভীর বিশ্বাসের একজন মানুষ।
আমরা এই জেনে সান্ত্বনা পাই যে এখন তিনি স্বর্গে ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছেন।

তিনি আরো বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন এই ভয়াবহ দুঃখ ও কষ্টের সময়ে কার্কের স্ত্রী ও সন্তানদের দেখভাল করেন।

চার্লি কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে (৩১) গুলি করা হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার দিবাগত রাত এক বিবৃতিতে তিনি বলেন, ব্যক্তির ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এই ঘৃণ্য পদ্ধতিতে শেষ হওয়া উচিত নয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
কারণ, একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কখনোই কাউকে সহিংসতার শিকার হওয়া উচিত নয়। ব্যক্তির ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারো জীবন এই ঘৃণ্য পদ্ধতিতে শেষ হওয়া উচিত নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ইসরায়ের কট্টর সমর্থক ছিলেন।

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসলামী অবস্থান জরুরি : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবিলায় ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। খবর মেহের নিউজের।

বুধবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি ও সীমারেখাকে প্রকাশ্য অবজ্ঞা করে চলছে। ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই দখলদার শাসনের অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরো বলেন, ইসরায়েলি শাসনের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং নিজেদের ইচ্ছেমতো যেকোনো দেশকে আক্রমণ করে থাকে। তাদের এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বুধবারের এই ঘটনাটিকে গভর্নর রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। খবর রয়টার্সের।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার প্রায় ছয় ঘণ্টা পরও কর্তৃপক্ষ কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমাদের তদন্ত চলছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা বিভিন্ন তথ্য প্রকাশ অব্যাহত রাখব।

ইউটাহ গভর্নর স্পেনসার কক্স এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদ করছে।
তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। একই সংবাদ সম্মেলনে ইউটাহ জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন, হামলাকারী এখনও ‘পলাতক’।

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

কাতারে হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

অন্যদিকে হামলার এ ঘটনায় কাতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে আঞ্চলিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে কাতারে ইসরায়েলি হামলা নিয়ে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প এই হামলার ঘটনায় নেতানিয়াহুর প্রতি নিজের “তীব্র হতাশা” প্রকাশ করেন।

মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন— দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা ছিল “অবিবেচনাপ্রসূত পদক্ষেপ”। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, মার্কিন সামরিক বাহিনী থেকে তিনি এই হামলার খবর পান, অথচ ইসরায়েল আগে থেকে কিছু জানায়নি। এর মাধ্যমে হামলা চালানো হলো এমন এক মিত্র দেশের ভূখণ্ডে, যারা গাজায় যুদ্ধ শেষ করতে মধ্যস্থতার চেষ্টা করছে।

নেতানিয়াহু এর জবাবে বলেন, হামলার সুযোগের সময়সীমা খুবই কম ছিল, তাই তিনি সেটিই কাজে লাগান।

পরে উভয়ের মধ্যে আরেক দফা ফোনালাপ হয়, যা তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ ছিল। এতে ট্রাম্প জানতে চান হামলা সফল হয়েছে কিনা, তবে নেতানিয়াহু নিশ্চিত উত্তর দিতে পারেননি। পরে হামাস জানায়, তাদের নেতৃত্ব ওই হামলা থেকে বেঁচে গেছে। তবে সংগঠনের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ট্রাম্প ক্রমেই নেতানিয়াহুর ওপর বিরক্ত হয়ে উঠছেন। কারণ, নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে না জানিয়ে একতরফা আগ্রাসী পদক্ষেপ নিচ্ছেন, যা ট্রাম্পের মধ্যপ্রাচ্য–সংক্রান্ত লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা “হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা” চালিয়েছে।

অন্যদিকে কাতার এ হামলাকে “কাপুরুষোচিত কাজ” এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলের “বেপরোয়া আচরণ” আর সহ্য করা হবে না।

উপসাগরীয় রাষ্ট্র কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর একসঙ্গে গাজা যুদ্ধ শেষ করতে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ইসরায়েলের সামরিক অভিযানে ২০২৩ সারের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল–থানি বুধবার সিএনএনকে বলেন, দোহায় ইসরায়েলি হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া প্রস্তুত হচ্ছে। তিনি জানান, এ নিয়ে আরব ও ইসলামী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, “এই অঞ্চল থেকে অবশ্যই প্রতিক্রিয়া আসবে। এটি বর্তমানে আমাদের মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ ও আলোচনার পর্যায়ে আছে।”

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে শুরু হয় এই ভোটগ্রহণ। যা টানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, বুধবার দিবাগত রাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পোঁছে দেওয়া হয়।

এদিকে, ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৫০০ পুলিশ, ৭ প্ল্যাটুন বিজিবি ও ৫ প্ল্যাটুন আনসার ক্যাম্পাসের পরিসীমায় মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, ক্যাম্পাসে যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে।

এদিকে, মীর মশরারফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল গেইট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্ত্বর-সংলগ্ন দোকান, নতুন কলা ভবন-সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেইটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেইটের সকল দোকান এবং প্রধান গেইট সংলগ্ন সকল দোকান ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

সব আবাসিক হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখার জন্য বলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা হতে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ করা হয়েছে। এই সময়ে শুধু মাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবশে করবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উটাহর একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই তাকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন ট্রাম্প। ৩১ বছর বয়সী কার্ক ছিলেন রক্ষণশীল যুব সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ–এর সহ-প্রতিষ্ঠাতা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় আর কেউ এত ভালো বুঝতে পারেনি। সবাই তাকে ভালোবাসত, বিশেষ করে আমিও। এখন তিনি আমাদের মাঝে নেই।”

ট্রাম্প ঘোষণা দেন, কার্কের স্মরণে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

উটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এক গুলিতে নিহত হন কার্ক। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বক্তৃতার সময় হঠাৎ গুলির শব্দ হয়। মুহূর্তেই কার্ক চেয়ার থেকে পড়ে যান এবং আতঙ্কিত শিক্ষার্থীরা দৌড়ে পালান।

উটাহ গভর্নর স্পেন্সার কক্স একে “রাজনৈতিক হত্যাকাণ্ড” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটা আমাদের অঙ্গরাজ্যের জন্য অন্ধকার দিন, পুরো জাতির জন্যই এক শোকাবহ দিন”। তিনি জানান, কার্ক শুধু রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন দুই সন্তানের পিতা ও একজন স্বামী।

ডেমোক্র্যাটরাও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামা এক যৌথ বার্তায় বলেন, “আমাদের দেশে এই ধরনের সহিংসতার কোনো জায়গা নেই। এটা এখনই বন্ধ করতে হবে।”

এছাড়া বাইডেন তার স্ত্রী জিলসহ কার্কের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘটনাটিকে “ঘৃণ্য, জঘন্য ও নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন।

কার্ককে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে তিনি শ্রোতাদের এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। শ্রোতা জিজ্ঞাসা করেছিলেন, গত ১০ বছরে কতজন ট্রান্সজেন্ডার আমেরিকান গণগুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। কার্ক উত্তর দেন, “অনেক বেশি”। এরপরই তিনি আরেক প্রশ্নের জবাব দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার বো ম্যাসন জানিয়েছেন, কালো পোশাক পরিহিত সন্দেহভাজন একজন ছাদ থেকে গুলি চালাতে পারে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে এতে ছবির মান খুব একটা স্পষ্ট নয়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে এবং ধাপে ধাপে তথ্য প্রকাশ করা হবে।

মার্কিন গণমাধ্যমে কার্ককে তরুণ রক্ষণশীলদের মধ্যে ‘রকস্টার’ বলা হতো। ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণায় সমর্থন গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কলেজ ক্যাম্পাসে তার আয়োজিত অনুষ্ঠানে বিপরীত মতের শিক্ষার্থীদের সঙ্গে তর্ক-বিতর্ক দেখতে ভিড় জমাতো হাজারো মানুষ।

ঘটনার সময় উপস্থিত সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জেসন চাফেটজ ফক্স নিউজকে বলেন, “আমি গুলির শব্দ শুনেছি এবং দেখেছি কার্ক হঠাৎ পেছনে পড়ে গেলেন। যদিও রক্ত দেখিনি, কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন নিশ্চিত।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে পুলিশি উপস্থিতি খুবই সীমিত ছিল।

আল জাজিরা বলছে, এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এর আগে গত বছর ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা, আর চলতি বছরের জুনে এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তার স্বামীকে হত্যা করা হয়েছিল।