বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

লিটনের বিদায়ে ৫৩ রানে নেই বাংলাদেশের অর্ধেক উইকেট

ইনিংসের শুরুতেই বালির বাঁধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। তাতে বাঁধ দেওয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক লিটন দাস। তবে তার বাঁধ দীর্ঘস্থায়ী হয়নি।

চাপে থাকা অবস্থায় অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে বাঁধটা ভেঙে দিলেন লিটন।
তার আউটে বাংলাদেশের ‍ইনিংস দাঁড়ায় ধ্বংস্তূপে। ব্যক্তিগত ২৮ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দেন তিনি। আম্পায়ার শুরুতে আউটের আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা।

লিটনকে ফেরানোর আগে টি-টোয়েন্টিতে ৮ মাস পর খেলতে নামা হাসারাঙ্গা ফেরান শেখ মেহেদীকে।
এলবিডব্লিউয়ের ফাঁদে পড়া মেহেদী ফেরেন ৯ রানে। এর আগে বাংলাদেশকে দুঃস্বপ্নের শুরু এনে দেন শ্রীলঙ্কার দুই পেসার নুয়ান তুষারা ও দুষ্মন্ত চামিরা।

তুষারা-চামিরা দুজনই ইনিংসের প্রথম দুই ওভার নেন উইকেট মেডেন। শুরুটা করেন তুষারা।
ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলে তানজিদ হাসান তামিমের উইকেট উপড়ে ফেলে। ফিরতি ওভারে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন চামিরা। তাতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ ওভার শেষে ০ রান ‍২ উইকেট।

এমন বাজে শুরুর পর ইনিংসকে এগিয়ে নেওয়ার বিপরীতে একবার ‘জীবন’ পেয়ে ক্রিজে দাঁড়াতে পারেননি তাওহিদ হৃদয়। ৮ রানে ফেরেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৩ ওভার শেষে ৫ উইকেটে ৭৬ রান। উইকেটে আছেন জাকের আলি অনিক (১৬) ও শামীম হোসেন (১২)

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার বিকেলে রাজধানীর একটি আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান করেছি। তারা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছে, কিন্তু কোনো না কোনো সময় তো প্রক্রিয়াটা শেষ করতে হবে, এটা তো অনিঃশেষ প্রক্রিয়া হতে পারে না।
সে ক্ষেত্রে নির্বাচনটা করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে, তা নয়; জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি তা-ই মনে করি। সেই কারণে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন এ জিনিসটা মোকাবেলা করা।

তিনি বলেছেন, ‘রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায়, তাহলে আমার শঙ্কা হচ্ছে, নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াব, তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না।’

আলী রীয়াজ বলেন, ‘আগামী নির্বাচনটি আমরা করছি এ কারণে যে রাষ্ট্রকাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সংস্কার কমিশনে কাজ করার সময় আমরা দেখেছি, গত ১৬ বছরের যে সংকট, সেটা ১৬ বছরের সংকট নয়। ১৬ বছরের সংকটের ভয়াবহতাটা আমরা দেখতে পেয়েছি; কারণ একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
কিন্তু কাঠামোগত দিক থেকে আমরা বিভিন্নভাবে এই জায়গায় এসে দাঁড়িয়েছি।’

আলী রীয়াজ বলেন, ‘এখন যদি আমরা ওই কাঠামোটা ঠিক রাখি, একেবারেই সামান্য পরিবর্তন করি, আপনি নির্বাচন করে কোথায় যাবেন? একজন বিজয়ী হবে, একটি দল ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে—আমরা একটা কনসলিডেটেড ডেমোক্রেসি চাই। তিন দফা (১৯৭৩, ১৯৯১ ও ২০০৯) চেষ্টা করেও যেটা আমরা পাইনি।’

মনুষ্যত্ব অর্জন, পশুত্ব বর্জনই হোক অঙ্গীকার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ নাগরিক হিসেবে সব গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য, মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশুপাখি এবং বন্যপ্রাণীর অধিকারের সম্পর্কটাও তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে, বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। মানুষ হিসেবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে, অন্য সব প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা সতর্ক ও যত্নবান থাকব। সেই বিবেচনা থেকেই দেশের রাজনৈতিক ডামাডোলের বাইরে এসে পশুপাখী প্রেমী, প্রাণী প্রেমী কিছু মানুষের আয়োজনে আজকের প্রাণীবিষয়ক এই আলোচনাটি অবশ্যই অর্থবহ এবং অত্যন্ত ভালো একটি উদ্যোগ।
এই যাত্রায় আমাদের স্লোগান হোক ‘প্রাণ বাঁচাও, প্রাণী বাঁচাও’। দেশ হোক সব প্রাণের নিরাপদ আশ্রয়স্থল।”

তিনি বলেন, ‘এই দেশে এক হাজার ৬০০টির বেশি প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে প্রায় ৩৯০টি প্রজাতি বিলুপ্তির মুখে চলে গিয়েছে, এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আরো অনেক দেশেই।
মানুষের সৃষ্টি পরিস্থিতির কারণে অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন। বাংলাদেশের গর্ব, ঐতিহ্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার বাঘও এখন মনে হয় বিলুপ্ত প্রজাতির তালিকায় খুব সম্ভব স্থান করে নিচ্ছে। যতটুকু মনে আছে, ৮০ দশকে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল সম্ভবত ৫ শর কাছাকাছি। সর্বশেষ জরিপে সেই বাঘের সংখ্যা কমতে-কমতে এখন ১০০টির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হাতির সংখ্যাও এখন কমে ২০০টির নিচে চলে এসেছে বোধহয়।
এভাবে বাংলাদেশের অনেক প্রাণী বিলুপ্ত প্রজাতির তালিকায় ধীরে-ধীরে যুক্ত হচ্ছে। নানা কারণে একদিকে জীববৈচিত্র্য যে রকম হুমকির মুখে পড়ছে, ঠিক একইভাবে বন্যপ্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে বাড়ছে। আর এসব কারণেই বন্যপ্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণীদের আবাসস্থলগুলোও অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। ইনশাআল্লাহ জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, পশুপাখি-বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্র নিরাপত্তার জন্য এই দেশের আইনগুলোকে সময় উপযোগী করব। প্রাণী সম্পর্কিত আইনগুলো পরিবর্তন-পরিবর্ধন প্রয়োজন আছে।’

দেশের প্রত্যেকটা নাগরিককে জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করা জরুরি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের প্রত্যেকের ভেতরে এই উপলব্ধিটা থাকতে হবে যে, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ, মানব সমাজ, আমাদের নিরাপত্তা জড়িত। বিভিন্ন দল, ভিন্ন মত, কিংবা অবৈধভাবে লোভ-লালসার আশায় যেখানে মানুষ মানুষের প্রতি মমত্ববোধের একটা অভাব প্রকট হয়ে উঠছে, সেখানে পশুপাখি কিংবা বন্যপ্রাণীর প্রতি মমত্ববোধের কথা হয়তো অনাহত ভাবার মতো মনে হতে পারে। তবে এটাও সত্য পশুপাখি অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয়, শুধু আইন করে প্রাণীর আহার, আবাস-নিবাস নিশ্চিত করা কঠিন। পশুপাখির প্রতি মানুষের মধ্যে অনুভূতি যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে শুধু আইন করে প্রাণীর আহার-নিবাস, নিরাপত্তা নিশ্চিত অত্যন্ত কঠিন হবে। মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন এটা মানব সমাজের পরিপক্বতা এবং উন্নত নৈতিকতারই প্রতিফলন ঘটায়। সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার। প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার।’

তিনি বলেন, ‘আমরা যখন প্রাণের নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা আসতে পারে, সেটা রাষ্ট্র যখন কখনো-কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি, মনে এ ধরনের কথা আসাটা অন্যায্য নয়। তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের (রাষ্ট্রের) সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও, সব শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, ক্রিকেটার শফিউল আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও চিত্রনায়ক আদনান আজাদ, প্রধান উদ্যোক্তা আতিকুর রহমান রুমন প্রমুখ।

দিশা পাটানির বাড়িতে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার রাত ৩টা নাগাদ তার বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গেছে। অভিনেত্রীর বোন খুশবু পাটানির বক্তব্যের জেরেই নাকি এই ঘটনা ঘটিয়েছে গ্যাংস্টার গোল্ডি ব্রার।

অভিযোগ, দিশার বোন খুশবু পাটানি হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ মহারাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন।
যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই নাকি গ্যাংস্টার গোল্ডি ব্রার দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে গুলি করেছে।

গুলির ঘটনায় কোটওয়ালি থানায় বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পরিবারের সুরক্ষার জন্য বাড়ির সামনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিশা ও খুশবু পাটানির বাবা জগদীশ সিং পাটানি সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী আমার বাড়িতে গুলি চালিয়েছে। পুলিশ যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছে। বরেলি পুলিশ, এসএসপি, এডিজি সবাই কর্তব্য পালন করছে। গুলিগুলো বিদেশি।
আমার অনুমান, আট থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি গোল্ডি ব্রার এর দায় স্বীকার করেছে।’

সন্তানের সমর্থনে এক বিবৃতিতে বলেছেন, ‘মেয়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি পরিবারকে অসম্মান করার ষড়যন্ত্র।’

তিনি আরো যোগ করেছেন, ‘প্রেমানন্দজি মহারাজের বিষয়ে ওর নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের শ্রদ্ধা করি।
যদি কেউ ওর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।’

দিশার বোন খুশবু, যিনি ভারতীয় সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত। গত জুলাই মাসে অনিরুদ্ধ আচার্যজি মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে এক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। মহারাজ বলেছিলেন, যারা ২৫ বছরের বেশি বয়সী হয়েও অবিবাহিত থাকে তারা সাধারণত চরিত্রহীন।

এ বিষয়ে খুশবুর প্রতিক্রিয়া ছিল, যে মেয়েরা ২৫ বছরের বেশি বয়সে থেকেও সহবাস করেন তারা অনেকের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে। যদি তিনি আমার সামনে থাকতেন আমি তাকে তার ব্যবহৃত শব্দগুলির মানে বুঝিয়ে দিতাম। এগুলো দেশদ্রোহী ভাষা। একই সময়ে, প্রেমানন্দজি মহারাজও প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, ফলে নেটিজেনরা মনে করেন খুশবু তাকেই আক্রমণ করেছেন।

তবে খুশবু পরে আরো একটি ভিডিও শেয়ার করে স্পষ্ট করে দেন, ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হচ্ছে।

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সুশীলা কার্কি এ শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান নেপা‌লের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

নেপালে বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পাশাপা‌শি রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সল্টের দ্রুততম সেঞ্চুরিসহ ইংল্যান্ড-আফ্রিকা ম্যাচে যত রেকর্ড

আইসিসির পূর্ণ সদস্য এমন দুটি দেশের টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ৩০৪ রান তুলে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ঝড় তোলার ম্যাচে তারা ১৪৬ রানের বিশাল জয়ও পেয়েছে। ম্যাচটিতে যেমন ইংল্যান্ডের দাপট ছিল, তেমনি বেশকিছু উল্লেখযোগ্য রেকর্ডও গড়েছেন দলটির ক্রিকেটাররা। ইংলিশদের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ওপেনার ফিল সল্ট।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যত রেকর্ড

৩০৪
দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ ২৯৭ রান করার রেকর্ড ছিল ভারতের (প্রতিপক্ষ বাংলাদেশ)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই রান টপকে নতুন রেকর্ড (৩০৪) গড়ল ইংলিশরা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।

এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৩৪৪ এবং নেপাল ৩১৪ রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। এর আগে ফরম্যাটটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২৬৭। সে হিসেবে হ্যারি ব্রুকের দল গতকাল ফরম্যাটটিতে নিজেদের সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ল।

৪৮
কালকের ম্যাচে ৩০ চার ও ১৮টি ছক্কা মিলিয়ে ইংলিশ ব্যাটাররা ৪৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ইতিহাসগড়া ৩৪৪ রান করার পথে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের বাউন্ডারি ছিল ৫৭টি।

১০০
পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে চতুর্থবার পাওয়ার প্লেতে ১০০ রান দেখা গেল। বিনা উইকেটেই ইংলিশরা গতকাল ৬ ওভারে এই রান তোলে। এদিক থেকে সবার ওপরে স্কটল্যান্ডের বিপক্ষে করা অস্ট্রেলিয়ার ১১৩/১। পূর্ণ সদস্য দেশের (ওয়েস্ট ইন্ডিজ) বিপক্ষে সর্বোচ্চ ১০২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

১৬৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ওভার শেষে সর্বোচ্চ দলীয় রানের (১৬৬/১) রেকর্ড এটি। ইংল্যান্ডের গড়া এই রেকর্ডের আগে ১০ ওভারে ১৫৬/৩ করেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া সব টি-টোয়েন্টি মিলিয়ে ১০ ওভারে ১৬৭ রান করার রেকর্ড রয়েছে আইপিএলে (লখনৌর বিপক্ষে হায়রাবাদ)।

২০০
টি-টোয়েন্টিতে গতকাল ইংল্যান্ড দ্রুততম (১২.১ ওভার) ২০০ রানের রেকর্ড গড়ে। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে দলীয় ২০০ রান করেছিল ১২.৫ ওভারে।

১২৬
ইংল্যান্ডের ওপেনিং জুটিতে সল্ট ও জস বাটলার ১২৬ রান করেন। এই জুটিতে ১৭ ইনিংসে চারবার ১০০–এর অধিক রান হয়েছে। যা দ্বিতীয় সর্বোচ্চ। সামনে আছে কেবল পাকিস্তানি তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটি।

বাটলার-সল্ট ১২৬ রান করেছেন মাত্র ৪৭ বলে। তাদের রানরেট ছিল ১৬.০৬। যা পূর্ণ সদস্য কোনো দেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেটের রেকর্ড।

১৮/১৯
ইংল্যান্ডের হয়ে গতকাল বাটলার তৃতীয় এবং সল্ট চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। বাটলার ১৮ এবং সল্ট (২০২২ সালেও পাকিস্তানের বলে সমান বলে ফিফটি আছে) ওই কীর্তি গড়েন ১৯ বলে। এর আগে মঈন আলি ১৬ ও লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ফিফটি করার রেকর্ড রয়েছে।

৩৯
মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন সল্ট। যা ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম। এর আগে লিভিংস্টোন পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করেন। সল্ট ৬০ বলের পুরো ইনিংসটি সাজান ১৫ চার ও ৮ ছক্কায়। তার করা ১৪১* রান ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে তার করা ১১৯* রান এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল।

আরও পড়ুন
সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে প্রোটিয়াদের উড়িয়ে দিলো ইংল্যান্ড
লিটনের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, ব্যাট হাতে আরও যত কীর্তি
ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ৫ জয়


টি-টোয়েন্টিতে মাত্র ৪২তম ইনিংস খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি পেয়ে গেলেন সল্ট। যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। তার সমান চারটি সেঞ্চুরি করতে সূর্যকুমার যাদব ৮০ ইনিংস খেলেছেন। সেঞ্চুরির সংখ্যায় সল্ট-সূর্যের সামনে আছেন কেবল দুজন। সমান ৫টি করে সেঞ্চুরি রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল (১১৪ ইনিংস) ও রোহিত শর্মার (১৫১ ইনিংস)।

১০৮
কেবল বাউন্ডারিতেই (১৫ চার ও ৮ ছক্কা) ১০৮ রান করেছেন সল্ট। যা ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে নিজের রেকর্ডই নতুন করে গড়লেন সল্ট। এর আগে তিনি ৮৮ রান তোলেন বাউন্ডারিতে।

সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে প্রোটিয়াদের উড়িয়ে দিলো ইংল্যান্ড


গতকাল ফিল্ডার (নন-উইকেটরক্ষক) হিসেবে ইংল্যান্ডের হয়ে এক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪টি ক্যাচ ধরেন জোফরা আর্চার। বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ফিল্ডিংয়েও তার প্রদর্শনী ছিল প্রশংসনীয়। এর আগে কেভিন পিটারসেন এক ইনিংসে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেন।

৭০
গতকাল ৪ ওভারে উইকেটশূন্য থেকে ৭০ রান খরচ করেন কাগিসো রাবাদা। যা দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে কাইল অ্যাবট এক টি-টোয়েন্টিতে ৬৮ রান দেন।

এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নিশানা করে একাধিক গুলির ঘটনা ঘটে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। সেই ঘটনার বছর না যেতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির (ভারতের উত্তর প্রদেশে) বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঘটে এই ঘটনা। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কারা এই গুলি চালালো, কেন চালালো তা এখনও জানা যায়নি।

এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে পোস্ট দিয়েছেন গ্যাং স্টার বাহিনী। ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ নিয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে।

স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গোয়েন্দা তল্লাশী ও আলামত সংগ্রহ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ডিনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে একসাথে রাতের খাবার খান তারা। এ সময় ট্রাম্প ও থানির সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দখলদার ইসরায়েল কাতারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলার পর যুক্তরাষ্ট্রে যান কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি এ হামলা নিয়ে আলোচনা করবেন।

কাতারের ডেপুটি চিফ অব মিশন হামাহ আল-মুফতাহ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছন, “মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অসাধারণ ডিনার।”

হোয়াইট হাউজ নিশ্চিত করেছেন, ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী একসঙ্গে ডিনার করেছেন। তবে তারা এর বেশি কিছু জানাননি।

গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় বিমানহামলা চালায় দখলদার ইসরায়েল। হামাসের নেতাদের লক্ষ্য করে অন্তত ১২টি মিসাইল ছোড়ে ইসরায়েলি বিমানবাহিনী। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা হলেও তারা বেঁচে যান। তবে এ হামলায় ছয়জন প্রাণ হারান। যারমধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্যও আছেন। বাকি পাঁচজন ফিলিস্তিনি নাগরিক।

কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ইসরায়েল দোহায় হামলা চালানোর পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন।

হামাসের নেতারা গাজায় যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন। তখনই এ হামলার ঘটনা ঘটে।

কাতারকে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় মিত্র দেশ হিসেবে মনে করে। কাতারে আল উদেইদ নামে মার্কিনিদের একটি বিমানঘাঁটি রয়েছে। যা মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমানঘাঁটি। তা সত্ত্বেও ইসরায়েল দেশটিতে হামলা চালিয়েছে। এমনকি কাতারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সেগুলো ইসরায়েলের মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে।

কাতারে ইসরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি দোহাকে আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা আর হবে না।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

শুধু সাইফ আলি খানই নয়, সোহা-কুণালের বাড়িতেও হানা দিয়েছিল চোর

চলতি বছরের জানুয়ারিতে সাইফ আলি খান ও করিনা কাপুর খানের মুম্বাইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। সে সময় পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হন সাইফ। অল্পের জন্য তার প্রাণ বেঁচে যায়। এরপর থেকে তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। সম্প্রতি সাইফের বোন সোহা আলি খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার নিজের বাড়িতেও একবার চোর ঢুকে পড়েছিল। পরে তার স্বামী কুণাল খেমু পরিস্থিতি সামলে নেন।

সোহা আলি খান বলেন, মুম্বাইয়ে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। ভাইয়ের (সাইফের) নয়, আমার নিজের বাড়িতে চুরি হয়েছিল। কুণাল চোরটিকে ধরে থানায় দিয়ে এসেছিল। চোরটি আমাদের বেডরুমে ছিল। ভোর ৪টা বাজে, আমরা তখন ঘুমচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তখন কুণালের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ একটা ছবির শুটিংয়ের সময় তার আঙুলে চোট লেগেছিল।

তিনি আরও বলেন, কুণাল উঠে গিয়ে দেখতে গেল, শোয়ার ঘরের পর্দা সরাতেই দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। কুনাল তখন চোরটিকে লাথি মারে এবং দু’জনেই গিয়ে ব্যালকনিতে পড়ে যায়। আমি তখন পুলিশে ফোন করি। পরে কুণাল ফিরে এসে বলল, ‘আমার মনে হয়, ও মরে গিয়েছে।’ পরে দেখা গেল, সে মরেনি, তবে ব্যাক পেইন হচ্ছিল, কারণ সে ব্যালকনি থেকে নীচে পড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, ২০০৯ সালে সিনেমার শুটিংয়ের সময় সোহা ও কুনাল প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। এরপর ২০১৪ সালে বাগদান সারেন এবং ২০১৫ সালের ২৫ জানুয়ারি এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন তারা। ২০১৭ সালে জন্ম হয় তাদের কন্যা ইনায়া নাওমি খেমুর।

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলটি ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

শনিবারের ভূমিকম্পে কোনো সুনামি সৃষ্টি হয়েছে কি না সেটি নিরূপণ করতে স্থানীয় কর্তৃপক্ষ। নতুন ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: নিউজ-১৮, আনাদোলো