মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

হালান্ডের জোড়া গোলের পরও মোনাকোয় হোঁচট খেল সিটি, আর্সেনালের জয়

চ্যাম্পিয়নস লিগে বুধবার (১ অক্টোবর) রাতের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচে দুইবার লিড পেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত মোনাকোর মাঠ থেকে ড্র নিয়েই ফিরতে হলো ইংলিশ জায়ান্টদের।

ম্যাচের ১৪ মিনিটে প্রথমবার জালের দেখা পান হালান্ড। তবে সিটি এগিয়ে থাকতে পারেনি বেশিক্ষণ।
মাত্র ৪ মিনিট পরেই মোনাকোকে সমতায় ফেরান জর্ডান তেজ।

এরপর বিরতির ঠিক আগে আবারও গোল করলেন হালান্ড। তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি সিটি। ম্যাচের শেষ মুহূর্তে মোনাকোর এরিক ডায়ারের মাথায় নিকো গঞ্জালেজের পা লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ডায়ার। এতে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হয়েছে ম্যাচ।

অপর এক ম্যাচে ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে হারিয়ে ধারাবাহিকতা বজায় রাখল আর্সেনাল।

ম্যাচের ১২ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় গানার্সরা।
পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক খেললেও ব্যবধান বাড়াতে অপেক্ষা করতে হয় যোগ করা সময়ে। বদলি নেমে বুকায়ো সাকা জালের দেখা পেলে নিশ্চিত হয় আর্সেনালের ২–০ গোলের জয়। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল লন্ডনের দলটি।

আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে আসা বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি।

৩৬ মিনিটে ডি ব্রুইনার পাসে গোল করেন নাপোলির রাসমুন হইলুন্দ।
তবে ৬২ মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টিতে সমতায় ফেরে স্পোর্তিং লিসবন।

এরপর ম্যাচের ৭৯ মিনিটে আবারও হইলুন্দকে দিয়ে গোল করান ডি ব্রুইনা। শেষ পর্যন্ত সেই গোলেই নাপোলির ২–১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগদান শেষে ৯ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

সফরকালে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত, স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাত করেন।

নিউইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ বৃহস্পতিবারও (২ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর—

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সিভিল ডিফেন্স জানায়, ভূমিকম্পে আহত হয়েছেন আরও ২৯৪ জন।
বুধবারের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা তিনজন বেড়েছে। সব মৃত্যুই ঘটেছে মধ্য ভিসায়াস অঞ্চলে।

অগভীর এই ভূমিকম্পটি মধ্যাঞ্চলের সেবু দ্বীপের উপকূলে রাতে আঘাত হানে। এতে বিদ্যুৎ লাইন, সেতু এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ধসে পড়ে শত বছরেরও বেশি পুরোনো একটি গির্জা।

সেবুর এই ভূমিকম্পটি ২০১৩ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। তখন প্রতিবেশী বোহোল দ্বীপে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২২২ জন নিহত হয়েছিল।

এদিকে প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেছেন, মন্ত্রিসভার সদস্যরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

রয়টার্স বলছে, ফিলিপিন্সের অন্যতম পর্যটনকেন্দ্র সেবুতে ৩৪ লাখ মানুষ বসবাস করে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হচ্ছে সান রেমিজিও। এই শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানিয়েছেন, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ নেই, আর পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকটে পড়েছে মানুষ।
এই পরিস্থিতিতে খাদ্য, পানি ও ভারী যন্ত্রপাতি দিয়ে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসছে এবং ভবন ধসে পড়ছে। এমনকি শতবর্ষী একটি গির্জাও ভেঙে পড়েছে। রেইনেস জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন সান রেমিজিওর একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলছিলেন। ভূমিকম্পে ওই ভবনটি আংশিক ধসে পড়ে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রতিবছর ৮০০-রও বেশি ভূমিকম্প হয়।

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আসা জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীকে এড়িয়ে গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে।

জাহাজে অবস্থানকারীরা জানিয়েছে, প্রায় ৩০টি নৌকা ইসরায়েলি দখলদার নৌবাহিনীর নিরবচ্ছিন্ন আগ্রাসন সত্ত্বেও গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে এবং বর্তমানে গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় জানিয়েছে, হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে তারা। ইসরায়েলি বাহিনী জানায়, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।

মন্ত্রণালয় একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় থুনবার্গকে নিরাপত্তা বাহিনী নিয়ে যাচ্ছে।
তবে ফ্লোটিলার সঙ্গে হামাসের সম্পৃক্ততার প্রমাণ এখনো দেয়নি ইসরায়েল।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারি ডিপ্লোমেটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ নির্ধারিত সব পরিষেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদের চ্যান্সারির নতুন ঠিকানা : বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০, ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স : ০৫১-২২৭৯২৬৬, ই-মেইল : mission.islamabad@mofa.gov.bd। #

গাজা উপকূলের কাছাকাছি ফ্লোটিলা, ঘিরে ধরল ইসরায়েলি ‘যুদ্ধজাহাজ’

গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত উপকূলের কাছাকাছি বুধবার পৌঁছলে তাদের কয়েকটি নৌকাকে ইসরায়েলি জাহাজ ঘিরে ধরে ‘বিপজ্জনক ও ভয়প্রদর্শনমূলক কৌশল’ চালায়।

আয়োজকদের দাবি, দুটি ইসরায়েলি ‘যুদ্ধজাহাজ’ দ্রুত এগিয়ে এসে বহরের আলমা ও সিরিয়াস নামের দুটি নৌকাকে ঘিরে ফেলে। এ সময় সব নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়, যা নৌকায় থাকা এক আয়োজক, থিয়াগো আভিলা, সংবাদ সম্মেলনে ‘সাইবার হামলা’ হিসেবে বর্ণনা করেন।

পরে নৌবহর আংশিকভাবে যোগাযোগ পুনরুদ্ধার করে।
ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করেননি।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। এর মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও।

বিবৃতিতে নৌবহর জানায়, ‘এই শত্রুতামূলক পদক্ষেপে ৪০টির বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের প্রাণ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
তবু আমরা গাজামুখী যাত্রা অব্যাহত রাখব।’

এখন তারা গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে—যেখানে ইসরায়েল কোনো নৌকা গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে। যদি আটকে না দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে তারা পৌঁছানোর আশা করছে।

ফ্লোটিলার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বেসামরিক নৌকার কাছাকাছি বন্দুক বসানো একটি সামরিক জাহাজের ছায়া।
রয়টার্স নিশ্চিত করেছে, ভিডিওটি সিরিয়াস থেকে ধারণ করা হয়েছে। তবে অপর জাহাজের পরিচয় বা ভিডিও ধারণের সময় যাচাই করা সম্ভব হয়নি।

গত কয়েক দিনে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে, কারণ নৌবহর ড্রোন হামলার শিকার হয়। ড্রোনগুলো স্টান গ্রেনেড ও ত্বকে জ্বালাভাব সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ফেলে, যাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

ইসরায়েল ওই হামলা নিয়ে কিছু বলেনি, তবে জানিয়েছে, গাজায় পৌঁছতে বাধা দিতে তারা যেকোনো ব্যবস্থা নেবে এবং তাদের নৌ অবরোধ আইনসিদ্ধ, কারণ তারা উপকূলে হামাসের সঙ্গে যুদ্ধরত।

ইতালি ও স্পেন উদ্ধার বা মানবিক সহায়তার প্রয়োজনে নৌবাহিনী মোতায়েন করেছে, তবে তারা সামরিকভাবে যুক্ত হবে না বলে জানিয়েছে। তুর্কি ড্রোনও নৌবহরের গতিবিধি নজরদারি করছে। তবে নিরাপত্তার কারণে ইতালি ও স্পেন বলেছে, গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করলে তারা নৌবহর অনুসরণ বন্ধ করবে।

সংগঠকদের আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি অধিকারবিষয়ক বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ বলেন, নৌবহর আটকানোর চেষ্টা হলে তা ‘আন্তর্জাতিক আইন, বিশেষ করে সমুদ্র আইন লঙ্ঘন’ হবে, কারণ গাজার উপকূলীয় জলসীমায় ইসরায়েলের কোনো আইনি এখতিয়ার নেই।

২০০৭ সালে হামাস উপকূলীয় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল গাজার ওপর নৌ অবরোধ জারি করেছে। এরপর থেকে একাধিকবার কর্মীরা নৌপথে সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছেন।

২০১০ সালে ইসরায়েলি সেনারা ছয় জাহাজের এক বহরে ওঠে এবং সংঘর্ষে ৯ কর্মী নিহত হন। এ বছরের জুনে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি দলের জাহাজ গাজামুখী হলে গ্রেটা থানবার্গসহ ১২ জনকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী।

ইতালি ও গ্রিস বুধবার যৌথভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় যেন নৌবহরের যাত্রীদের ক্ষতি না করা হয়। একই সঙ্গে তারা ফ্লোটিলাকে অনুরোধ করে যেন সহায়তাগুলো ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করা হয়, যাতে পরোক্ষভাবে গাজায় পৌঁছানো যায়। তবে এর আগেও ফ্লোটিলা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিলিয়নেয়ার ক্লাবে শাহরুখ, বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা তিনি

আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করলেন শাহরুখ খান। মঙ্গলবার (১ অক্টোবর) প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠে আসেন বলিউড বাদশাহ। তালিকা অনুসারে, শাহরুখের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপি।

প্রতিবেদনে তাকে উল্লেখ করা হয়েছে, ‘বলিউডের বাদশাহ শাহরুখ খান, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগৎকে গর্বিত করে চলেছেন, ১২,৪৯০ কোটি রুপির সম্পদ নিয়ে তিনি বিলিয়নেয়ার ক্লাবে যোগ দিলেন।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে বলিউডের সবচেয়ে ধনী আইকন হিসেবে আবির্ভূত হয়েছেন শাহরুখ খান।

এ তালিকায় শাহরুখের পরের স্থান দখল করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ৭,৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ ২,১৬০ কোটি রুপি।
করণ জোহর ও অমিতাভ বচ্চন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন।

এর আগে প্রকাশিত ২০২৪ সালের তালিকায় শাহরুখের সম্পদ ছিল ৭,৩০০ কোটি। মাত্র এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ সম্পদ নিয়ে তিনি এবার শীর্ষে উঠে এসেছেন।

বলা প্রয়োজন, অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক।
তার সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা রয়েছে— এক্স (পূর্বে টুইটার)–এ ৪৩.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৪৮.৬ মিলিয়ন ফলোয়ার।

চলতি বছর শাহরুখ খান তার ‘জওয়ান’ ছবির জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহৎ ব্লকবাস্টার, যা কেবল দেশীয় বক্স অফিসেই আয় করেছে ১,০০০ কোটিরও বেশি।

মার্শের ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ১৮১ রান। অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন একাই আলো ছড়ান ৬৬ বলে অপরাজিত ১০৬ রানে।
তবে শুরুতে জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইসের আগুনে বোলিংয়ে কিউইরা দ্রুত তিন উইকেট হারায়।

জবাবে মার্শ ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮৫ রান করেন তিনি। ওপেনার ট্রাভিস হেডের ৩১ রানের পাশাপাশি ম্যাথু শর্ট (২৯), টিম ডেভিড ও অ্যালেক্স কেরির অবদান ম্যাচকে সহজ করে তোলে।
শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

৪৯ পূজামণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। এ পর্যন্ত ৪৯টি পূজামণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা ১৯ জনের বেশি নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে আয়োজন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে, আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রচেষ্টা ছিল। এ পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট। সেক্ষেত্রে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি।
আমাদের এই উৎসবটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করব, আমাদের সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশ সব ধর্মের, সব গোত্রের বাংলাদেশ। সবাই সমান অধিকার নিয়ে যার যার ধর্মের অনুষ্ঠান পালন করব।
একে অপরকে সহযোগিতা করব। বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। যারা বাধা দেয়, তারা আইন ভঙ্গ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এই চএম সাজ্জাদ হোসেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।