সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

প্রথমবার ওয়েব সিরিজে হৃত্বিক রোশন!

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। তবে ক্যামেরার সামনে নয়, বরং পেছনে কাজ করবেন এই অভিনেতা। প্রযোজক হিসেবে তিনি নিয়ে আসছেন তার প্রথম সিরিজ ‘স্টর্ম’।

সিরিজটি একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ।
প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃত্বিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা। এটি পরিচালনা করবে অজিতপাল সিং, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃত্বিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।

একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে সিরিজের গল্প।
এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিং, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস। ‘স্টর্ম’-এ অভিনয় করতে দেখা যাবে পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, রামা শর্মা ও সাবা আজাদ প্রমুখকে।

সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী।
অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরিই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

সূত্র: দ্য হিন্দু

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা রোম যাচ্ছেন রবিবার

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল রবিবার ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।

পাশাপাশি, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফএওর সদর দপ্তরে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ।

বিতর্কে দীপিকা, পাশে পাকিস্তানি ভক্তরা

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রাখায় একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে। এ নিয়েই যখন সমালোচনা তুঙ্গে, তখন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ তার পক্ষে কথা বলেছেন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় আলিয়া ভাটকে নেওয়ার বিষয়ে প্রযোজনা সংস্থা আলোচনা করছে।
তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজকদের মতে, ছবির কাজে পূর্ণ দায়বদ্ধতা প্রয়োজন; যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না

বিতর্কের মুখে বৃহস্পতিবার রাতে দীপিকা জানান, তিনি নিজের সিদ্ধান্তে অনড়। অভিনেত্রীর কথায়, ‘বলিউডে অনেক পুরুষ তারকা আছেন, যারা আট ঘণ্টা কাজ করেন বা সাপ্তাহিক ছুটিতে কাজ করেন না, তখন কেউ প্রশ্ন তোলে না।
কিন্তু একজন নারী সেই দাবি করলে কেন আপত্তি?’

দীপিকার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে চাইছেন, এটা সমালোচনা নয়; সমর্থনের বিষয়। তিনি তো নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন, তাই সহকর্মীদেরও তার পাশে থাকা উচিত।’

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের : নাইম শেখ

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা খারাপ হয়েছে বাংলাদেশের জন্য। সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরে যাওয়ার পর বাংলাদেশের সামনে অবশিষ্ট দুই ম্যাচ জেতার কোন বিকল্প থাকছে না। এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।

দেশ ছাড়ার আগে নাইম সংবাদমাধ্যমকে বলেন, ‘আরে ভাই যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের! জয়ের আশা নিয়েই থাকতে হবে।
দুই ম্যাচ আছে, জেতাই লক্ষ্য।’

প্রথম ওয়ানডেতে ব্যাট করে বাংলাদেশ ২২১ রান সংগ্রহ করে। মেহেদী হাসান মিরাজ এবং তাওহীদ ছাড়া আর কেউ ব্যাটে ভালো করতে পারেনি। কিন্তু আফগানিস্তান নির্ধারিত লক্ষ্য পূরণ করে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে।
নাইম প্রথম ম্যাচে ভিসা জটিলতার কারণে খেলতে পারেননি।

নাইম বলেন, ‘ভালো উদ্দেশ্যে যাচ্ছি। টিমের সাথে শেষ ওয়ানডে সিরিজেও ছিলাম। ভিসা জটিলতার কারণে একটা ম্যাচ পরে যোগ দিচ্ছি।
ভিসা জটিলতা কাটিয়ে যেতে পারছি, এটা অবশ্যই ভালো লাগছে।’

প্রথম ওয়ানডেতে নাইম না থাকায় ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে সাইফ মাত্র ২৬ রানে আউট হন। নাইম দলে ফিরলে সম্ভাবনা রয়েছে সাইফকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দল আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী হয়েছিল।
ওয়ানডে দলে সেই দলের অধিকাংশ খেলোয়াড়ই আছেন। নতুনভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

ওমরাহ পালন করতে মক্কায় মুশফিক আর ফারহান

বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। নিয়মিত কাজের ব্যস্ততার মাঝেও তিনি এবার জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন— ওমরাহ পালন করতে বর্তমানে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে।

সেখানে থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফ-এর সামনে বসে আছেন।
আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন।
আর সবাই আমার জন্য দোয়া করবেন।”

এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

মক্কায় অভিনেতাকে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে। ফারহানও তাদের আবদার মেটান হাসিমুখে— যা ভক্তদের আরো কাছাকাছি টেনে নিয়েছে তাকে।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি।

গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

গাজার একাংশ থেকে তারা আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। যদিও ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে তবুও ইসরায়েলি বাহিনী বলছে, তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে, যা নিয়ে উভয়পক্ষ সম্মত।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছে।
গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। চুক্তি অনুযায়ী, হামাসকে সোমবার স্থানীয় সময় ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে।
এর মধ্যে ২০জন জীবিত আছে বলে মনে করা হয়। ২৮ জনের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে।

ইসরায়েলকে এখন তাদের কারাগারে সাজা ভোগরত প্রায় আড়াইশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ১০০ জন পশ্চিম তীরে, পাঁচজন পূর্ব জেরুজালেমে মুক্তি পাবেন।
একই সঙ্গে গাজা থেকে আটক করা আরও প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে বলে ইসরায়েল আর্মির রেডিও জানিয়েছে।

সমঝোতা অনুযায়ী, গাজায় ত্রাণবাহী লরিগুলোর প্রবেশে কোনো বাধা দেওয়া যাবে না। শুক্রবার থেকে প্রতিদিন প্রায় ৬০০টি লরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতির পর এই সংখ্যা আরো বাড়বে কি না, তা এখনও পরিষ্কার নয়। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা গত অগাস্টে জানিয়েছিলেন, গাজার কয়েকটি এলাকায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, পাঁচ লাখেরও বেশি মানুষ বর্তমানে ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দুই শতাধিকের বেশি মার্কিন সেনাকে ইসরায়েলে স্থানান্তর করা হচ্ছে। তারা আসন্ন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজা শহরের উত্তর-পশ্চিমাংশ থেকে ইসরায়েলি সেনারা পূর্ব দিকে সরে গেছে। একইভাবে দক্ষিণের খান ইউনিস থেকেও কিছু সেনা প্রত্যাহারের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সেনারা নতুন নির্ধারিত অবস্থানে স্থানান্তর শুরু করেছে। তবে আইডিএফ বলেছে, যেকোনো তাৎক্ষণিক হুমকি দেখা দিলে তারা প্রতিরোধ অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আইডিএফ সেনাদের প্রথম ধাপের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। সেনা প্রত্যাহারের রূপরেখা গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রকাশিত এক মানচিত্রেও দেখানো হয়েছিল। তিনি আরো বলেছেন, ‘৭২ ঘণ্টার মধ্যে জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হবে।’ টেলিভিশনে প্রচারিত ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সব জিম্মিকে ফিরিয়ে আনার অঙ্গীকার পূরণ করবেন। নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের বাহিনী প্রতিটি দিক থেকেই হামাসকে ঘিরে রেখেছে।’

ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা এবং গাজাকে অসামরিকীকরণ করার কথা বলা হয়েছে। তবে হামাস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শুক্রবারও গাজায় ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।

যেসব এলাকায় ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়েছে, সেখানে হামাসের নিরাপত্তা বাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তাদের পোশাকে হামাসের ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ লোগো স্পষ্ট। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। সেখানে ট্রাম্পের নেতৃত্বে গঠিত একটি বোর্ডের তত্ত্বাবধানে অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। বোর্ডটিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যুক্ত থাকবেন। পরবর্তীতে ওই বোর্ড থেকে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে।

ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর বহু গাজাবাসী দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ এলাকায় ফিরছেন। অনেকেই ২০ কিলোমিটার পর্যন্ত হেঁটে গেছেন। এদের মধ্যে অনেকেই দুর্বল ও অপুষ্টিতে ভোগা মানুষ। তারা ফিরছেন এমন এক গাজায়, যার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর নিচ থেকে এখনও মৃতদেহের সন্ধান পাচ্ছেন।

হামাস পরিচালিত গাজা সিভিল ডিফেন্স এজেন্সির তথ্যমতে, শুক্রবার প্রায় দুই লাখ মানুষ গাজার উত্তরাঞ্চলে ফিরে গেছে। অন্যদিকে ইসরায়েলে জিম্মিদের পরিবারও যুদ্ধবিরতির খবরে স্বস্তি প্রকাশ করেছে। নিহত জিম্মি তাল হাইমির আত্মীয় উরি গোরেন একে ‘বড় স্বস্তির খবর’ বলে অভিহিত করেছেন। তবে হামাস জানিয়েছে, নিহত সব জিম্মিদের দেহাবশেষের অবস্থান তাদের জানা নেই।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে প্রায় ১৮ হাজার শিশু বলে জানিয়েছে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ কমিশন ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইসরায়েলকে যুদ্ধ চলাকালীন গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছেন, যদিও ইসরায়েল সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র : বিবিসি বাংলা।

সিরিজে ফেরার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি মিরাজরা

টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়ে আসছিলেন রশীদ খান। ম্যাচের মোড় কয়েকবার ঘুরিয়ে দিতে দিতেও শেষ পর্যন্ত না পারা আফগান এই লেগ স্পিনারকে অবশ্য ওয়ানডে সিরিজের শুরুতে আর হতাশ হতে হয়নি। প্রথম ওয়ানডেতে শুরুর ধাক্কা সামলে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটিতে এগোতে থাকা বাংলাদেশকে একদম থমকে দেন তিনি। কিন্তু সফরকারীদের জন্য আরো দুশ্চিন্তার বিষয় একাধারে মিরাজ, জাকের আলী ও নুরুল হাসানরা এলবিডব্লিউ হয়েছেন রশীদের বলে।

তার ওপর আবুধাবির ধীরগতির উইকেটে আফগানরা যেখানে চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছে, সেখানে মিরাজরা নেমেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনকে ছাড়াই। ৫ উইকেটের হারে পিছিয়ে যাওয়া দলের জন্য তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি অনেক প্রশ্নের উত্তরও মেলানোর আছে।

যদিও উত্তর মিলবে কি না, তা নিয়ে সংশয় থাকা অস্বাভাবিক নয়। কারণ নিজেদের পছন্দের বলে দাবি করে আসা এই সংস্করণে তাদের বর্তমান অবস্থা করুণ।

এ বছর খেলা ছয় ম্যাচের মধ্যে জিতেছে মোটে একটিতে। গত ১২ মাসে এসেছে মাত্র দুটি জয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচের পাঁচটিতে জয় বলে দেয়, এই সংস্করণে নিজেদের হারিয়ে খুঁজছেন মিরাজরা। আজ তাই সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশকে পিছু টানছে তিক্ত সাম্প্রতিক অতীতও।

ওদিকে আফগানদের চোখ বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ে। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে দুটি সিরিজ পকেটে পুরেছে তারা। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের ২-১-এ হারানোর তৃপ্তিতে ভাসে তারা। গত বছরের নভেম্বরে শারজাতেও একই ব্যবধানে জেতা দলটি এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে দেখাচ্ছে শক্তি। অবশ্য আবুধাবির ধীরগতির উইকেটে প্রতিপক্ষের চেপে বসার পেছনে সফরকারী দলের ব্যাটারদের দায়ও কম নয়।

প্রথম ম্যাচেই ১৬৮টি ডট বল খেলেছেন মিরাজরা, যা বাংলাদেশের ইনিংসের ৫৭.৩৪ শতাংশ। মিরাজের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে দলকে পথ দেখাতে থাকা হৃদয়ের ভুল সময়ে হওয়া রান আউট এগোনোর ছন্দ কেটে দেয় প্রথমে। এরপর ৩৮ রানে ৩ উইকেট নেওয়ার পথে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক পেরোনো রশীদ সারেন বাকি কাজটা। একই ম্যাচে ধীরগতির উইকেটে তিন স্পিনার নিয়ে নামার কৌশলেও আজ পরিবর্তন আসার কথা। তবে খেলোয়াড় বদলালেও মিরাজদের চলতি ওয়ানডে ভাগ্য বদলাবে কি না, সেটি জানতে অপেক্ষায় থাকা ছাড়া অন্য কোনো উপায়ও নেই!

নেইমারকে চায় মায়ামি

একসময় ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে আলোচিত নাম ছিলেন নেইমার জুনিয়র। বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে অসাধারণ পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি আর ক্লাব পরিবর্তনের ভেতর দিয়ে বেশ কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান এই তারকা।

২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার।
কিন্তু গুরুতর হাঁটুর ইনজুরির কারণে সৌদি প্রো লিগে খেলতে পারেন মাত্র তিনটি ম্যাচ। এরপর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেন এবং বর্তমানে সেখানকার অধিনায়কও তিনি। তবে চোটের কারণে এবার ব্রাজিলের সিরি আ লিগে খেলেছেন মাত্র ১৩ ম্যাচ।

৩৩ বছর বয়সী নেইমার ২০২৩ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও মাঠে নামেননি।
ফলে গুঞ্জন উঠেছে, এবার হয়তো তিনি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ইন্টার মায়ামি ক্লাব নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যেই ক্লাবটি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তি নবায়নের আলোচনা করছে এবং তাদের পাশে নেইমারকে আনার চিন্তাও চলছে।

উল্লেখ্য, মৌসুম শেষে অবসরে যাচ্ছেন জর্দি আলবা ও সার্জিও বুসকেতস।
তাই মায়ামি এখন এমন একজন বড় তারকার খোঁজে, যিনি দলে তারকা প্রভাব বজায় রাখতে পারেন।

তাহলে কি আবারও দেখা যাবে সেই ঐতিহাসিক ‘এমএসএন’ ত্রয়ীকে ইন্টার মায়ামির হয়ে?

বার্সেলোনায় মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে গড়ে তুলেছিলেন এক অবিস্মরণীয় আক্রমণভাগ, যেটিকে সারা বিশ্ব চিনত ‘এমএসএন’ নামে।
যারা একসময় বার্সেলোনার হয়ে ইউরোপ কাঁপিয়েছিলেন।

তবে নেইমারকে দলে নেওয়া ইন্টার মায়ামির জন্য এক ধরনের ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে নিয়মিত মাঠে থাকতে পারেননি তিনি।

ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামি দলে এখন তারকা খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু বয়সের ভারে ক্লান্ত স্কোয়াডে তরুণ শক্তির ঘাটতি নিয়ে সমালোচনা আছে। কোচ হাভিয়ের মাসচেরানোও একসময় বার্সেলোনায় নেইমারের সতীর্থ ছিলেন, তাই পুরনো বন্ধুত্ব হয়তো এই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

সব মিলিয়ে, ফুটবল বিশ্বে এখন বড় প্রশ্ন— নেইমার কি সত্যিই যোগ দিতে যাচ্ছেন মেসির ইন্টার মায়ামিতে? আর আমরা কি আবারও দেখতে পাবো সেই জাদুকরি ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন?

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর (বুধবার) পালন করে আন্তর্জাতিক এ দিবস। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবারের প্রতিপাদ্য দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস বা ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই : সংকটের সামনের সারিতে মেয়েরা।

লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ রোধ করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্ল্যান ইন্টারন্যাশনাল নামে বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের জন্ম হয়েছিল।

প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসর ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচি হলো গোটা বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
এই সংস্থার কানাডার কর্মচারীরা সবাই এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়।

পরে জাতিসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কা খেল সুইডেন

২০২৬ বিশ্বকাপে খেলার আশায় বড় ধাক্কা খেল সুইডেন। স্টকহোমে নিজেদের মাঠে খেলা হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে জন ডাল টমাসনের দল। এই হারে গ্রুপ ‘বি’র তলানিতে নেমে গেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিক সুইডেন, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি আর্সেনালের ফরোয়ার্ড ভিক্টর গয়োকেরেস ও লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক।
পুরো ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি তারা।

অন্যদিকে সুযোগ বুঝে আঘাত হানে সুইজারল্যান্ড। ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সান্ডারল্যান্ড মিডফিল্ডার গ্রানিত জাকা। এর আগে বক্সের ভেতর সেভিয়ার মিডফিল্ডার জিব্রিল শ’কে ফাউল করেন আলেকজান্ডার বার্নহার্ডসন।

ম্যাচের যোগ করা সময়ে ফ্রেইবুর্গের মিডফিল্ডার জোহান মানজাম্বির শট আটালান্টা ডিফেন্ডার আইজাক হিয়েনের গায়ে লেগে জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ হয়।

ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েন স্বাগতিক সমর্থকরা। কোচ জন ডাল টমাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগের দাবি জানান তারা।

তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে সুইডেন।
নয় পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড, আর চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কসোভো, যারা আগামী সোমবার (১৩ অক্টোবর) মুখোমুখি হবে সুইডেনের বিপক্ষে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইডেন, কিন্তু ২০২২ কাতার আসরে জায়গা পায়নি। এবারও পরিস্থিতি আগের চেয়ে কঠিন হয়ে উঠছে টমাসনের দলের জন্য।