সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অনুমতি ছাড়া ‘নকল গবেষণাপত্রে’ শেকৃবি উপাচার্যের নাম ব্যবহার

অনুমতি না নিয়েই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল লতিফের নাম ব্যবহার করে নকল গবেষণা প্রবন্ধ প্রকাশ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০১৭ সালে প্রকাশিত গবেষণা পত্রটির প্রধান ও যোগাযোগকারী লেখক (অথর ও করেসপন্ডিং অথর) জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শরওয়ার। তবে গবেষণা প্রবন্ধে সহ-লেখক (কো-অথর) হিসেবে ড. লতিফকে না জানিয়েই নাম যুক্ত করেন তিনি। প্রবন্ধটি ২০১৪ সালের একটি গবেষণা প্রবন্ধের সঙ্গে হুবহু মিলে যাওয়ায় মূল লেখক মেধাস্বত্ব চৌর্যবৃত্তির অভিযোগ করায় বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টি।

জানা যায়, নিপসমে কর্মরত ড. শরওয়ার ২০১৭ সালে ‘ডাইভারসিটিজ অব মস্কিটো স্পিসিস অব ডিফারেন্ট লোকেশনস ইন ঢাকা সিটি’ নামের গবেষণা প্রবন্ধ ‘প্রোগ্রেসিভ অ্যাগ্রিকালচার’ জার্নালে প্রকাশ করেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার দাবি করেন, প্রবন্ধটি ২০১৪ সালে তার প্রকাশিত প্রবন্ধের সঙ্গে ৯৮ শতাংশ মিলে যায়। এতে মেধাস্বত্ব চৌর্যবৃত্তির অভিযোগে অধ্যাপক ড. বাশার আইনের আশ্রয় নেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রকাশিত গবেষণা প্রবন্ধে অধ্যাপক আব্দুল লতিফের নাম সংযুক্তির ক্ষেত্রে তার কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি।
এমনকি গবেষণা জার্নাল থেকে ন্যূনতম যোগাযোগ ছাড়াই গবেষণা প্রবন্ধটি প্রকাশ করা হয়। তা ছাড়া, প্রকাশিত গবেষণা প্রবন্ধে প্রধান ও যোগাযোগকারী লেখক (অথর ও করেসপন্ডিং অথর) হিসেবে বর্তমানে নিপসমে কর্মরত ড. শরওয়ার থাকলেও বিভিন্ন গণমাধ্যমে শেকৃবি উপাচার্যকে প্রধান লেখক হিসেবে অভিযুক্ত করে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ২০১৭ সালে আমার এক পিএইচডি শিক্ষার্থী একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে। যেখানে আমাকে আমাকে অবগত না করেই সহ-লেখক হিসেবে উল্লেখ করা হয়।
এমনকি কোনো ধরনের নিশ্চিতকরণ ছাড়াই সংশ্লিষ্ট জার্নাল আমার নাম সহ-লেখক হিসেবে অন্তর্ভুক্ত করে প্রবন্ধটি প্রকাশ করে। ঘটনা আলোচনায় আসার পরে এ সম্পর্কে আমি অবগত হই। এতে ড. শরওয়ার আমার কাছে দুঃখ প্রকাশও করেছেন।

তবে এ বিষয়ে ড. মোহাম্মদ শরওয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিষয়টি এখনো দেখিনি। আমি কিছুক্ষণ পরে দেখে জানাব।

পরে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে গবেষণা প্রবন্ধটি প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কারিকুলামে কোনো গবেষণা প্রবন্ধ প্রকাশনা বাধ্যতামূলক ছিল না। এক্ষেত্রে পিএইচডি সম্পন্ন করার পরে ড. শরওয়ার নিজ উদ্যোগে গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেন।

কোনো না কোনো গোষ্ঠী দেশকে আনস্টেবল করতে চাইছে : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে গত ৫ দিনে তিনটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে। সেখানে ১৬ জন মারা গেছে। তারপরে চট্টগ্রামে ইপিজেডে।
আর আজকে (শনিবার) যেটা হলো বিমানবন্দরের কার্গোতে। এই তিনটি জায়গাই বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো কেউ না কেউ চাইছে, কোনো না কোনো গোষ্ঠী চাইছে, বাংলাদেশকে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ ১৭ বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। এই নির্বাচনটা ঘিরে নানা রকম ষড়যন্ত্র আছে।
আমি কোনো দলের কারো রেফারেন্স দেব না। কারণ বিএনপির রেফারেন্স দিলে আমি বিএনপি করি। এনসিপি রেফারেন্স দেব না। আমি জামায়াতের রেফারেন্সও দেব না।
আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন। তিনি প্রায়ই বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন, তাদেরকে আমরা বলতে শুনি, নির্বাচনটিকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে এবং এই যে একটার পর একটা নাশকতা, মাত্র ৫ দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং আরো প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে, রেমিট্যান্সের পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা।

শনিবার (১৮ অক্টোবর) দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে, সেটাও খুবই দুঃখজনক। এতে সরকারের অবহেলা ছিল, গভীর অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, সমন্বয়হীনতা ছিল।
সরকারের মধ্যে দায়িত্ব-জ্ঞানহীনতা ছিল। চার-পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরো অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে। সম্ভবত ২৫টা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে ৫০টা সই সম্ভবত হয়েছে, আরো বেশি। এতগুলো সই হতে পারল। এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল। তাদের আবার একেকটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে। কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কি নেওয়ার সুযোগ ছিল না?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ যেটা বলেছেন, সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোসর যেটা আসলে আমরা এনসিপির কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে-তাকে, যেকোনো জায়গায় ফ্যাসিবাদের দোসর ঢুকিয়ে দেওয়া, সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কি না? সেনসিটিভ মনে করেন কি না? এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে এক নাম্বারে থাকবে। কেন থাকবে? কারণ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হচ্ছে। তাদের জন্য এটা প্রমাণ করা বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি। আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম ভাঙচুর, মারপিট, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, সোয়াট বাহিনীকে ডেপ্লয় করা, আর্মি নিয়ে আসা- এগুলো কখনো হয়নি। এখন হচ্ছে। তাই এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বলতে কিছু নাই, বাংলাদেশে মবোক্রেসি কায়েম হয়েছে- এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ।

তিনি বলেন, বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায়, ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির পর থাকবেন না। উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর। তাহলে থার্ড কোনো পক্ষ আসবে, তৃতীয় কোনো গ্রুপ আসবে- সেই গ্রুপটা আবার কত বছর থাকবে, বা কীভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে- এটা আমরা এখনো জানি না। কিন্তু যতই সময় যাবে, এটুকু আমরা সবাই বুঝি, আওয়ামী লীগ কিন্তু সময় পাবে। তার দল গোছানোর, তার ভোটার গোছানোর, তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে। এই সময়টা তারা নিতে চাইবে। এটা খুব স্বাভাবিক।

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ডলার

অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে দেশে এসেছে প্রায় ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা। প্রতিদিন গড়ে যোগ হয়েছে আট কোটি ২৮ লাখ ডলার বা প্রায় এক হাজার ১১ কোটি টাকার প্রবাস আয়।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, এ রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ কোটি ১০ লাখ ডলার বেশি। গত বছরের ওই সময়ে প্রবাস আয় এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার।

চলতি (২০২৫-২৬) অর্থবছর ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।
অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার প্রবাস আয় এসেছে।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদুতে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় ইতালিয়ান ক্লাবের

ক্লাব ইতিহাসে অনেক জয়ের স্মৃতিই রয়েছে কোমোর। যেমন গত মাসেই সর্বশেষ জয়টা পেয়েছে কোপা ইতালিয়ায় সাসুলোর বিপক্ষে। তবে মনের ভেতরে একটা ক্ষত বহু বছর ধরেই বয়ে বেড়াচ্ছিল তারা। যা অন্য প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়ে ক্ষতটা মিটছিল না।

সঠিক ওষুধই প্রয়োজন ছিল কোমোর। সেই ওষুধের সন্ধান করতে ৭৩ বছর লাগল তাদের। বহুল প্রতীক্ষিত জয়টা যে আজ পেয়েছে কোমো। ঘরের মাঠে ২-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা।

সর্বোচ্চ ৩৬ বারের সিরি আ চ্যাম্পিয়নদের বিপক্ষে সর্বশেষ ১৯৫-৫২ মৌসুমে জয় পেয়েছিল কোমো। ঘরের মাঠে ২-০ গোলের সেই জয়ের পর আর কখনোই তৃপ্তির হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। অবশেষে সেই হাসি আজ ওষ্ঠ স্পর্শ করেছে।

জিউসেপ্পে সিনিগাগলিয়া স্টেডিয়ামে কোমোকে হাসি এনে দেওয়ার মূল কারিগর নিকো পাজ।
এক অবিশ্বাস্য গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। ম্যাচের চতুর্থ মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন তিনি। জুভেন্টাসের ডিফেন্ডারদের এড়িয়ে বাঁ পায়ে বলকে জালে জড়িয়ে দেন মার্ক-অলিভার ক্যাম্প।

এক গোলের লিডে যখন দীর্ঘ অপেক্ষার জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল কোমো তখনি সমর্থকদের আনন্দ দ্বিগুণ করেন পাজ। গোলটাও ছিল দর্শনীয়।
প্রতি আক্রমণ থেকে সতীর্থর বাড়ানো পাসে প্রতিপক্ষের বক্সে ঢুকে শরীরের নাচনে একজন ডিফেন্ডারকে বোকা বানান তিনি।

পরে ডান প্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে বলকে জাল খুঁজে নিতে বাধ্য করেন পাজ। জুভেন্টাসের গোলরক্ষক শুধু ডান প্রান্তে লাফ দিয়ে চেষ্টাটা করতে পারলেন। পরে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবের নগরীতে যেন রূপ নেয় পুরো স্টেডিয়াম।

মাঠের নায়ক পাজ হলেও নেপথ্যের নায়ক সেস ফ্যাব্রিগাস। ২০২৪ সালে কোমোর দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ মুহূর্ত উপহার দিচ্ছেন তিনি। সর্বশেষ মৌসুমে ১০ নম্বরে শেষ করা কোমো এখন পর্যন্ত সাতে রেখেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। লিগের ৭ ম্যাচে এখন পর্যন্ত তার দল একটি ম্যাচই হেরেছে। ৩ জয়ের বিপরীতে ড্র ৩।

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা, একে অপরকে দুষছে ইসরায়েল-হামাস

গাজায় ৯ দিন ধরে চলা যুদ্ধবিরতি রবিবার চাপের মুখে পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস যোদ্ধারা তাদের বাহিনীর ওপর হামলা চালানোয় তার জবাবে তারা গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

তবে হামাস তাদের অবস্থানে অনড়। তারা জানিয়েছে, তারা যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে।
হামাসের এক কর্মকর্তা উল্টো ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা আবার শুরু করার জন্য ‘মিথ্যা অজুহাত’ তৈরির অভিযোগ এনেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামাসকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনকারী’ আখ্যা দেওয়া হয়। এর পরই প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে ‘গাজা উপত্যকার সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে কঠোর ব্যবস্থা’ নিতে নির্দেশ দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই নাজুক যুদ্ধবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়।
এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছিল।

এই চুক্তিটি জিম্মি ও বন্দী বিনিময়ের রূপরেখা দিয়েছিল এবং গাজার ভবিষ্যতের জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনাও এর সঙ্গে প্রস্তাব করা হয়েছিল। তবে শুরুতেই এই চুক্তি কার্যকরে চ্যালেঞ্জের মুখে পড়ল।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে, চুক্তির শর্ত অনুযায়ী রাফা এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কাজে নিয়োজিত আইডিএফ বাহিনীর ওপর সন্ত্রাসীরা অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং গুলি চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আইডিএফ যুদ্ধবিমান ও গোলন্দাজ ব্যবহার করে রাফা এলাকাকে লক্ষ্য করে পাল্টা জবাব দিয়েছে।’

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছিলেন, হামাস যোদ্ধারা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে সেনাদের ওপর ‘একের পর এক হামলা’ করেছে।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরায়েলের দখলে থাকা রাফা শহরের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ৩৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানান, হামাস মূলত আবু শাবাব নামে পরিচিত একটি স্থানীয় ফিলিস্তিনি দলের সাথে লড়ছিল, কিন্তু তারা ‘সেখানে সেনা ট্যাঙ্কের উপস্থিতি দেখে বিস্মিত হয়’।

তিনি আরো বলেন, ‘বিমানবাহিনী আকাশ থেকে দুটি হামলা চালায়।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন, ঠিক তখনই এই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈঠকের পর কয়েকজন মন্ত্রী ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে পুনরায় যুদ্ধ শুরু করার আহ্বান জানান।

বাংলাদেশ-কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংলাপে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, উন্নয়ন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হয়।

রবিবার (১৯ অক্টোবর) ঢাকায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জনাব সামীহ ইসা জোহার হায়াত স্ব স্ব পক্ষের নেতৃত্ব দেন।

সংলাপে সিদ্ধান্ত হয়, এ সংলাপ প্রতি দুই বছর অন্তর ঢাকা ও কুয়েতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

উভয় পক্ষ প্রতিরক্ষা, প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয় এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জ্বালানি, অবকাঠামো, আইসিটি, খাদ্য নিরাপত্তা ও হালাল খাতকে অগ্রাধিকার দেয়।

বাংলাদেশ কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানায়। এ ছাড়া দুই দেশ কুয়েত ফান্ডের সহায়তায় চলমান প্রকল্পে সন্তুষ্টি প্রকাশ করে এবং নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমান সংযোগে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করে।
শিক্ষা ও সংস্কৃতিতেও সহযোগিতা জোরদারের বিষয়ে মতৈক্য হয়।

বাংলাদেশ রোহিঙ্গা সংকটে কুয়েতের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানায় এবং তাদের প্রত্যাবাসন ইস্যুতে একসঙ্গে কাজের প্রত্যয় ব্যক্ত করে। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সংলাপ শেষে একটি যৌথ সংবাদ বিবৃতি ইস্যু করা হয়।
সফরকালে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামীহ ইসা জোহার হায়াত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশনা চেয়ে রিট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

সেই সঙ্গে রিটে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটের বিষয়টি নিশ্চিত করে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে এবং এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহর নামে দুদকের মামলা

১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক দেনদেনের অভিযোগে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আসামি হাসনাত আবদুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক দেনদেন হওয়ায় মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস অসৎ উদ্দেশ্যে তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অপরাধে দুদক আইনে একটি মামলা করা হয়েছে।

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চান পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সবুজায়ন ও উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা কামনা করেছেন।

আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ সহায়তা চান।

সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, দেশে সবুজায়ন এবং উপকূলীয় লবণাক্ত অঞ্চলের স্থানীয় জনগণের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ বিষয়ক আলোচনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।
এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ বিন আবিয়াহ আসন্ন ইসলামিক কনফারেন্সের পঞ্চম সেশনে পরিবেশ উপদেষ্টার অংশগ্রহণের আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সৌদি সরকারের সম্ভাব্য সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

পরে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় তিনি রাবার শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণা, রপ্তানি সুযোগ বৃদ্ধি ও নীতিগত সহায়তার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খায়রুল হাসান, যুগ্মসচিব (আইন) শাহানারা ইয়াসমিন লিলিসহ মন্ত্রণালয় ও রাবার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে সংক্রমণ ৬০ হাজার ছুঁই ছুঁই

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৮৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৪৫ জনের মৃত্যু হলো।

রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন রয়েছে।

২৪ ঘণ্টায় এক হাজার ৮৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৫৬ হাজার ৮১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৮৪৯ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।