সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর থেকে। নভেম্বরে পর্যটকরা শুধু দিনে ভ্রমণ করতে পারবেন। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৩ ধারা অনুযায়ী ২০২৩ সালে প্রণীত ‘সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকার’ আলোকে এ নির্দেশনাগুলো কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ভ্রমণ পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্বীপে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে।
কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতযাপনের কথা বলা হয়েছিল। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে।
পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষক দল ছয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছে। এতে অংশ নেন গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক।

আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যের একটি প্রশিক্ষক দল গত ১৩ অক্টোবর থেকে গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ পরিচালনা করছে।
প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশং ট্রেনিং (বিআইপিএসওটি)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গাম্বিয়ার কুইক রিয়েকশন ফোর্স (কুইক আর এফ)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে মোতায়েনের জন্য প্রস্তুত করা।

প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে, কোর প্রি-ডিপ্লোয়মেন্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস (সিপিটিএম), স্পেশিয়ালাইজড ট্রেনিং ম্যাটেলিয়ালস ফর ইউএনআইবিএটি এবং মাঠ পর্যায়ের অনুশীলন (এফটিঅ্যাক্স)।

আফগানদের ইনিংস ও ৭৩ রানে হারিয়ে প্রতিশোধ নিল জিম্বাবুয়ে

প্রতিশোধটা দুর্দান্তভাবে নিল জিম্বাবুয়ে। বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ৭২ রানে হেরেছিল জিম্বাবুয়ে। এবার ঘরের মাঠ হারারেতে প্রতিপক্ষকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে।

এতে ক্রিকেটের আদি সংস্করণের পরিসংখ্যানে দুই দল সমানে সমান।
৫ টেস্টের দেখায় উভয় দলের জয়-পরাজয় সমান, ২টি করে। ২০২৪ সালের বুলাওয়ে টেস্টটি হয়েছে ড্র।

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের জয় পাওয়া প্রায় নিশ্চিতই ছিল। কেননা আফগানিস্তানের ১২৭ রানের বিপরীতে প্রথম ইনিংসে ৩৫৯ রান করে জিম্বাবুয়ে।
২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমেও ব্যাটিং ধসে পড়ে আফগানরা। দলীয় ৬০ রানে ৪ উইকেট হারিয়ে বসে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির দল।

সেখান থেকে পঞ্চম উইকেটে ৪৯ রানে জুটি গড়ে পরাজয়ের ব্যবধান শুধু কমিয়েছেন বাহির শাহ (৩২) ও আফসার জাজাই (১৮)। তবে ১৮ রানের ব্যবধানে দুজনই বিদায় নিলে ১৫৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস।
ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৪২ রান করেছেন ইব্রাহিম জাদরান।

জিম্বাবুয়েকে বড় জয় এনে দেওয়ার কারিগর ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার এনগারাভা। অন্যদিকে প্রথম ইনিংসের মতো ফিরতি ইনিংসেও সমান ৩ উইকেট নিয়েছেন মুজারাবানি। বাকি দুই উইকেট নিয়েছেন তানকা চিভাঙ্গা।

অন্যদিকে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ এনে দেওয়ার নায়ক বেন কারান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১২১ রানের। ১৫ চারে ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ৩৫৯ রানের সংগ্রহে অবশ্য ৬৫ রানের ইনিংস খেলে অবদান রেখেছেন সিকান্দার রাজাও। আফগানরা ম্যাচ হারায় ইনিংসে ৭ উইকেট নিয়েও পরাজিত দলে থাকতে হলো জিয়াউর রহমানকে।

দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সব জেলা প্রশাসকদের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এহেন পরিস্থিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সকল উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরণের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়েছে, সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসসমূহে আকস্মিক অগ্নি দুর্ঘটনা বা যে কোন ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল যমুনায় গিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যমুনায় ঢুকেছে।

প্রতিনিধিদলে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এবং রফিকুল ইসলাম খান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল যমুনায় আসে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

দেশের ক্রান্তিকালে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রেসসচিব

জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব বলেন, ‘আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সে ঘাটের কাছাকাছি আছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি।
নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি, ভালো একটি নির্বাচন হবে।

তিনি বলেন, ‘আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা। জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়ের গুম-খুনের বিচার করা। ভালো নির্বাচনের আয়োজন করা। দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।’

তিনি আরো বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে।
আশা করি, নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।’

১৬ বছরে দেশে শিক্ষার মান বাড়েনি : চসিক মেয়র

শিক্ষায় মান বৃদ্ধির আহবান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছরে দেশে শিক্ষার হার কাগজে-কলমে বৃদ্ধি পেলেও শিক্ষার মান বাড়েনি। যে কারণে বিপুল পরিমাণ উচ্চশিক্ষিত তরুণ বেকারত্বে ভুগছে। এ জন্য শিক্ষার মান বাড়াতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে কর্মমুখী শিক্ষায়।
পাশাপাশি বিদেশে যে প্রবাসীরা যাচ্ছে তাদেরও দক্ষতা বৃদ্ধি করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপমহাদেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা এবং চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান নুর আহমদ চেয়ারম্যানের ৬১ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জেয়ারত, পুষ্পমাল্য অর্পণের পর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় নূর আহমদ চেয়ারম্যানের অবদানকে তরুণ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে নগরীতে তার নামে গোলচত্বর করার ঘোষণা দেন সিটি মেয়র।

চসিক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, নূর আহমদ চেয়ারম্যান ৩৩ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে পৌরসভার এক নবদিগন্তের সূচনা করেছিলেন।
মরহুম নূর আহমদ চেয়ারম্যান অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তনে যে অবদান রেখেছেন তা স্মরণীয়। তিনি চট্টগ্রামবাসীসহ সারা দেশে সমাজ সংস্কারে যে অবদানগুলো রেখে গেছেন তার সুফল আমরা এখনো ভোগ করে যাচ্ছি।

নগরীর শিক্ষাখাতকে ঢেলে সাজাতে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়ে মেয়র বলেন, বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক।
এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

আলোচনা সভায় নূর আহমদ চেয়ারম্যানের অবদানের উপর স্মৃতিচারণ করেন তার দৌহিত্র এস এম সালাউদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, নূর আহমদের দৌহিত্র এস এম নাসিরুদ্দিন আল মামুন প্রমুখ।

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়।

এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে।
এ ছাড়া কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনার। অন্যটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়। এসব মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জন আসামি।
তাঁদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।

গুম-নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি ১৭ জন। তাঁদের মধ্যে র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে); র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন।

আসামিদের মধ্যে র‍্যাবের সাবেক তিনজন মহাপরিচালকও আছেন।
তাঁরা হলেন বেনজীর আহমেদ (পরে আইজিপি হন), এম খুরশিদ হোসেন ও মো. হারুন-অর-রশিদ। তাঁরা পলাতক রয়েছেন। এ মামলার আসামির তালিকায় থাকা শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক।

এ ছাড়া গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম, পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমানকে আসামি করা হয়েছে। এর মধ্যে রেদোয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে আছেন।
বাকি দুজন পলাতক।

বুয়েট শিক্ষার্থীর শাস্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জেরে তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হলপাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেটের সামনে যায়।

মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে।
পুরো বাংলাদেশ আন্দোলন নামতে বাধ্য হবে।

এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত একটার দিকে ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (২২ অক্টোবর) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।