রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যের জুতা-প্যান্ট-শার্টে লুকানো ১৫ মোবাইল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এসময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে লুকিয়ে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযুক্ত জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তাকর্মী জানান, আটক জেনারুল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। পরে তাকে তল্লাশি করে বুট জুতার ভেতরে এবং প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বাইরে তার অন্য সঙ্গীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইল ফোনগুলো বের করে তাদের হাতে দিতেন।’

নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না।

শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান।
সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় এক বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গত ১৭ অক্টোবর সব দল একমত হয়েছে—যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি।

তিনি বলেন, আমরা যেগুলো গ্রহণ করিনি, কনফারেন্স করে তা বলেছি।
পরবর্তীতে আমরা দেখলাম, হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন যে, তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে—রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে, যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এতদিন ধরে যে ঐকমত্য কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন, সেখানে আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল—তাহলে এটা কেমন হলো? বহু টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা সমাধান হলো না।

ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে, তারা বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা বলেছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে।
কারণ, দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে। আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।

যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত করি।

রোনালদোর সমালোচনার পর যা বললেন আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম জানিয়েছেন, ক্লাব অতীতে অনেক ভুল করেছে, তবে এখন তাদের লক্ষ্য শুধুই সামনে এগিয়ে যাওয়া। তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে আর পড়ে থাকলে হবে না। আমরা কাঠামো বদলাচ্ছি, খেলোয়াড়দের আচরণে পরিবর্তন আনছি, প্রতিদিন উন্নতি করছি।’

সাম্প্রতিক সময়ে পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেড লেজেন্ড ক্রিস্তিয়ানো রোনালদো বলেন, “আমরা জানি আমোরিম ভালো কাজ করছেন ঠিকই, কিন্তু তার পক্ষে ‘অলৌকিক কিছু করা সম্ভব নয়’।

আল-নাসর ফরোয়ার্ড রোনালদো মন্তব্য করেন যে ইউনাইটেডের দলে কিছু ভালো খেলোয়াড় থাকলেও, কিছুজনের মধ্যে ‘এই ক্লাবের খেলোয়াড় হওয়ার মতো মানসিকতা নেই।’

টটেনহামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আমোরিম সরাসরি জবাব না দিয়ে ভবিষ্যতের ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, ‘তিনি (রোনালদো) জানেন, তিনি যা বলেন তার প্রভাব কত বড়। আমরা জানি ক্লাব হিসেবে আমরা অতীতে অনেক ভুল করেছি।
এখন সেগুলো বদলানোর চেষ্টা করছি। চলুন, অতীত নিয়ে আর কথা না বলি। আমরা অনেক কিছু বদলাচ্ছি—কাঠামো, খেলোয়াড়দের আচরণের ধরন। আমরা উন্নতি করছি।
চলুন একটু অতীত ভুলে যাই।’

রোনালদো ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে এবং ২০২১ সালে জুভেন্টাস থেকে ফিরে দুই দফা ইউনাইটেডে খেলেছেন।

তবে ২০২২ সালে পিয়ার্স মর্গানকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ক্লাব ও তৎকালীন কোচ এরিক টেন হাগকে কড়া সমালোচনা করার পর তার চুক্তি বাতিল হয়ে যায়।

সাম্প্রতিক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী তারকা বলেন, ‘আমি দুঃখিত, কারণ ক্লাবটি বিশ্বের অন্যতম বড় ক্লাব এবং এখনো আমার হৃদয়ে জায়গা রাখে। কিন্তু তাদের কোনো সঠিক কাঠামো নেই।
আশা করি বর্তমানে এবং ভবিষ্যতে সেটা বদলাবে।’

তিনি আরো বলেন, ‘ওরা ভালো পথে নেই। আর এটা শুধু কোচ বা খেলোয়াড়দের কারণে নয়… আমোরিম তার সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনি কী করবেন? অলৌকিক কিছু সম্ভব নয়।’

২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর আমোরিম গত মৌসুমে দলকে ইউরোপা লিগের ফাইনালে তুললেও টটেনহামের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। লিগে শেষ করেন ১৫তম স্থানে। যা ৫০ বছরের মধ্যে ইউনাইটেডের সবচেয়ে খারাপ অবস্থান।

এ মৌসুমে ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করা সত্ত্বেও শুরুটা ছিল হতাশাজনক। গ্রিমসবি টাউনের কাছে কারাবাও কাপে বিদায় নিয়েও সমালোচনায় ছিলেন কোচ। তবে ক্লাবের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফ স্পষ্ট করে দিয়েছেন, আমোরিমকে তার প্রকৃত ক্ষমতা দেখাতে তিন বছর সময় দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ফর্মে ফিরতে শুরু করেছে দল। সর্বশেষ চার লিগ ম্যাচের তিনটিতে জয়, লিভারপুলের মাঠে স্মরণীয় জয়সহ বর্তমানে তারা লিগ তালিকার অষ্টম স্থানে।

নতুন ‘প্রিডেটর’ আসছে বাংলাদেশে

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি। এরপর প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে ‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) এবং ২০২২ সালে ‘প্রেই’।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন অফ ‘প্রিডেটর: কিলার অব কিলারস’। সবগুলো ছবিতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে সিরিজের নতুন সিনেমা।
‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী ইলে ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি। ৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি।

প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা প্রযুক্তিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে। বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগিতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষসহ অন্যান্য বিপজ্জনক প্রাণীকে শিকার করে।
শিকার করা প্রাণীটিকে হত্যা করে তার শিরদাঁড়াসহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়।

এবারের গল্পের কেন্দ্রে থাকছে এক তরুণ যোদ্ধা, যে নিজের অস্তিত্ব ও সম্মান রক্ষায় ভয়ংকর এক অভিযানে নামবে। এখানে দেখা যাবে, এক তরুণ প্রিডেটর ডেক, যে নিজের দুর্বলতা ও কোমলতার কারণে তার গোত্রের কাছে তুচ্ছ হয়ে পড়েছে। ডেকের মুখে ভৌতিক দাঁতের সারি, ভয়ংকর ম্যান্ডিবল নখর। তবুও এর ভেতরকার মানবিক কোমলতা। এই ‘দুর্বলতা’র কারণেই তার কঠোর বাবা তাকে হত্যা করতে চায়, কিন্তু ডেক পালায় এক দূরের এক গ্রহে; যেখানে অপেক্ষা করছে ভয়ংকর দানব কালিস্ক, যাকে তার বাবাও ভয় পায়। নিজের বংশের সম্মান পুনরুদ্ধার করতে, ডেক কালিস্ককে হত্যা করার শপথ নেয়। তবে এই মিশনে সে একা নয়। পথে তার দেখা হয় দুই রোবট-মানব বায়োক্লোন যমজ বা ‘সিন্থ’-এর সঙ্গে। একদিকে রয়েছে থিয়া, এক নির্ভার, হাসিখুশি, ভুলভ্রান্তিতে ভরা এক রোবট-মানব, যে ডেকের সঙ্গে গড়ে তোলে এক অদ্ভুত বন্ধুত্ব।

অন্যদিকে এক নির্মম, নিখুঁত, অনুভূতিহীন শিকারি, যে কার্যত হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজির নতুন ‘প্রিডেটর’। ফলে এই সিনেমাটি আর সেই পুরোনো, সরল গল্প নয়; বরং এটি এমন এক মৃত্যুগ্রহে নিজের প্রজাতির হাতে তাড়া খাওয়া এক মহাজাগতিক প্রাণীর গল্প, যে নিজের ভেতরের ভয়, ভালোবাসা ও অস্তিত্বের অর্থ বুঝে নিতে চায়। এখানে ট্রাখটেনবার্গ তৈরি করেছেন এমন এক মিশ্র বাস্তবতা, যেখানে প্রযুক্তি, দর্শন ও আবেগ একসূত্রে গাঁথা। নিস্তদ্ধতার মাঝেও অনুভূত হয় মৃত্যুর গন্ধ। সব কিছুর মাঝেই জীবনের জন্য লড়াই করে যায় ডেক। এই লড়াইয়ে সে জিতবে কি না সেটা সময় বলে দেবে, তবে এর মধ্য দিয়ে পরিচালক যে বার্তা দিচ্ছেন সেটাই মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বোদ্ধারা।

নারীদের যন্ত্রণা বুঝতে পুরুষদেরও এই অভিজ্ঞতা হওয়া উচিত : রাশমিকা

নতুন ছবি মুক্তির আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। তার ঠিক মুখেই অদ্ভুত ইচ্ছে প্রকাশ করে অভিনেত্রী জানালেন, তিনি চান পুরুষদেরও পিরিয়ড হোক।

‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির প্রচারে সম্প্রতি রাশমিকা জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে গিয়েছিলেন।
সেখানেই সঞ্চালক অভিনেত্রীর সঙ্গে মজা করেন। তুলে আনেন স্কুল জীবনে রাশমিকা করা এক অভিযোগের প্রসঙ্গ। জগপতি বাবু জানতে চান অভিনেত্রী কি সত্যিই চাইতেন পুরুষদের পিরিয়ড হোক? জবাবে সম্মতি জানান তিনি। তাঁর মতে পুরুষদেরও অভিজ্ঞতা হওয়া উচিত যে এই সময় নারীদের ঠিক কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।
তাঁর এই বক্তব্য যেমন শোরগোল ফেলেছে, তেমনই দারুণ প্রশংসিত হয়েছে।

ঠিক কী বলেছেন অ্যানিম্যাল খ্যাত নায়িকা? রাশমিকা এদিন শোতে জগপতি বাবুর প্রশ্নের জবাবে বলেন, ‘আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি, অসুবিধায় পড়তে হয়।
কিভাবে সব সামলাতে হয়।’

শুধু তাই নয় এই শোতেই নজর কাড়ে অভিনেত্রীর হাতের আংটিও। রাশমিকা যখন দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন তখন ঝলমল করে ওঠে তাঁর হাতের আংটিটি। সেটি দেখেই জগপতি বাবু মজা করে বলেন, ‘তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতি… ভক্ত, বিজয় থালাপতি… চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ।
’ এই কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।

প্রসঙ্গত ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে রাশমিকা মান্দানার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন এই ছবিটির পরিচালনা করেছেন। পরিচালকের মতে এই ছবি মুক্তির পর নাকি মেয়েরা নতুন করে বিচার করতে, বুঝতে শিখবেন তাঁদের প্রেমিকদের। এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক ছবি রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি ছবির কাজ করছেন। বলিউডের এই প্রজেক্টটি নারীকেন্দ্রিক। এ ছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও কাজ করবেন তিনি।

জানা গেছে, ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা মান্দানা। যদিও নিজেদের প্রেমের সম্পর্ককে কখনই প্রকাশ্যে স্বীকৃতি দেননি এই তারকা জুটি। নিজেরা একত্রে ছবি না দিলেও, তাঁদের ট্রিপের বা অন্য সময় পোস্ট করা ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেই ফেলেন অনুরাগীরা। অন্যদিকে সদ্যই রটে যায়, গত ৩ অক্টোবর নাকি ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সেরেছেন দুই অভিনেতা। নিজেরা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। তবে একটি শোতে এই প্রসঙ্গ ওঠায় সেটাকে অস্বীকার করেননি নায়িকা। বরং কায়দা করে এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ।

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার মার্কিন খসড়া প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পক্ষে ১৪টি ভোট পড়েছে, যেখানে চীন ভোটদানে বিরত ছিল।

এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে।
ওয়াশিংটন কয়েক মাস ধরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ করে আসছে। মে মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে মার্কিন নীতিতে একটি বড় পরিবর্তন ঘোষণা করেন।

বৃহস্পতিবার শারা সম্পর্কে ট্রাম্প পরে বলেন, ‘আমি মনে করি তিনি খুব ভালো কাজ করছেন। তিনি একজন কঠোর লোক, কিন্তু আমি তার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছি।
সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের অনেক অগ্রগতি হয়েছে।’

তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, যাতে তাদের লড়াই চালিয়ে যেতে পারে।’

১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদকে ডিসেম্বরে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী ক্ষমতাচ্যুত করে। পূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস), তারা সিরিয়ায় আল-কায়েদার আনুষ্ঠানিক শাখা ছিল।
২০১৬ সালে ওই সংগঠনের সঙ্গে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সালের মে মাস থেকে, এই গোষ্ঠীটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আল-কায়েদা ও ইসলামিক স্টেট সম্পর্কিত নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এইচটিএসের বেশ কয়েকজন সদস্য জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন — যার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং অস্ত্র নিষেধাজ্ঞা। তবে শারা এবং খাত্তাবের ওপর থেকে এই নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়া হয়েছে। রয়টার্সের হাতে পাওয়া জুলাই মাসের এক জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষকরা এ বছর আল-কায়েদা ও এইচটিএসের মধ্যে কোনো ‘সক্রিয় সম্পর্ক’ দেখতে পাননি।

সূত্র : রয়টার্স

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

লেবাননে একাধিক ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। জাতীয় বার্তা সংস্থার (এনএনএ) তথ্যমতে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের টৌরা এলাকায় একটি আবাসিক স্থানে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো আটজন আহত হয়েছেন।

এ ছাড়া টাইর শহরের নিকটবর্তী তায়ের দেবা এলাকায় ইসরায়েলি হামলায় আরো একজন ব্যক্তি আহত হন। ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল তায়বে ও আইতা আল-জাবাল শহরও।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যেকোনো রাজনৈতিক আলোচনা সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটি জোর দিয়ে বলেছে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।

হিজবুল্লাহর রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও মিসর সম্প্রতি লেবাননের নেতাদের আলোচনায় বসতে চাপ দেওয়ার কারণে এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবানন ও ইসরায়েলের মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা বিরাজ করছে।
তবে সম্প্রতি সব সশস্ত্র সংঘাতে হিজবুল্লাহ নেতৃত্ব দিয়েছে, লেবাননের সেনাবাহিনী নয়।

ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ হয়ে থাকে। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাতিসংঘ জড়িত রয়েছে।

সূত্র : এএফপি ও মিডল ইস্ট আই।

১.১ বিলিয়ন ডলার চুক্তিতে বোয়িংয়ের বিরুদ্ধে অভিযোগ খারিজ

মার্কিন বিচার বিভাগ ও বোয়িং কম্পানির মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার এক মার্কিন বিচারক বোয়িং-এর ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের মারাত্মক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত ফৌজদারি অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন।

এই টেক্সাসের বিচারকের সিদ্ধান্তটি বিচার বিভাগের সঙ্গে বিমান প্রস্তুতকারক কম্পানিটির একটি সমঝোতা চুক্তির ফলস্বরূপ এসেছে, যা গত ২৩ মে ঘোষণা করা হয়েছিল। এই দুর্ঘটনাগুলোর ফলে মোট ৩৪৬ জনের মৃত্যু হয়েছিল।

ফেডারেল ফাইলিং অনুযায়ী, চুক্তির অধীনে বোয়িং ম্যাক্সের সার্টিফিকেশন প্রক্রিয়ায় তাদের আচরণের জন্য একটি ফৌজদারি অভিযোগ খারিজ করার বিনিময়ে ১.১ বিলিয়ন ডলার প্রদান করবে।

এই চুক্তির ফলে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে জুনে নির্ধারিত একটি ফৌজদারি বিচার প্রক্রিয়া বাতিল হয়ে গেল।

এই সমঝোতার মাধ্যমে মামলাটির নিষ্পত্তি হলো, যেখানে ২০১৮ ও ২০১৯ সালে দুটি দুর্ঘটনার শিকার হওয়া ম্যাক্সের সার্টিফিকেশনে জালিয়াতির জন্য বোয়িংকে দোষ স্বীকার করতে হচ্ছে না।

বোয়িং জানিয়েছে, তারা একটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ১৫৭ জন এবং ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি ফ্লাইটে ১৮৯ জনের মৃত্যুর ঘটনায় ‘গভীরভাবে দুঃখি’।

বোয়িং এই দুর্ঘটনার জন্য কৌশলগত বৈশিষ্ট্য বৃদ্ধি ব্যবস্থা (এমসিএএস) নামক ফ্লাইট হ্যান্ডলিং সিস্টেমের নকশাকে দায়ী করেছে, যা ত্রুটিপূর্ণভাবে কাজ করেছিল।

বোয়িং বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিচার বিভাগের সঙ্গে আমাদের চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, আমাদের কম্পানি হিসাবে সুরক্ষা, মান ও সম্মতি প্রোগ্রামগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়েছি, তা অব্যাহত রাখতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মে মাসে যখন এই চুক্তির রূপরেখা ঘোষণা করা হয়েছিল, দুর্ঘটনার শিকার কিছু নিহত যাত্রীর পরিবারের সদস্যরা প্রস্তাবিত সমঝোতাকে বোয়িং-এর জন্য একটি ‘উপহার’ বলে তীব্র সমালোচনা করেছিলেন।

বোয়িং-এর বিরুদ্ধে মামলা করা বাদীপক্ষের অ্যাটর্নিদের দ্বারা পূর্বে প্রকাশিত এক বিবৃতিতে জাভিয়ের ডি লুইস বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে সারা দেশের কম্পানিগুলোর কাছে যে বার্তাটি পাঠানো হলো, তা হলো: আপনাদের গ্রাহকদের জন্য আপনাদের পণ্যকে নিরাপদ করার বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই।

হঠাৎ ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি একসঙ্গে তার মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। গত বছর একের পর এক সম্পত্তি কেনার পর হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি বড় কোনো আর্থিক পরিকল্পনার অংশ এটি?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি তিনি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি।

প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি।

দুটি ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী। ২০২৪ সালে মুম্বাইয়ের এক বহুতলে অভিষেক একসঙ্গে ৬টি ফ্ল্যাট কিনেছিলেন ১৫.৪২ কোটি রুপি দিয়ে।

হাসপাতালে ভর্তি জিতু কামাল

জনপ্রিয় টলিউড অভিনেতা জিতু কামাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং চলাকালীন সেটে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে অভিনেতার। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কলকাতার ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির আউটডোর শুটিং চলছিল। ওই টিমের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘শুটিংয়ের মাঝে হঠাৎই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বরও আসে তার। অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হলেন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অনেকেই মনে করছেন, একটানা কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেতা।

বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিতু যখন অসুস্থ হন, তখন শুটিং সেটে উপস্থিত ছিলেন তার সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সহকর্মীর আকস্মিক অসুস্থতায় তিনিও বেশ উদ্বিগ্ন।

এর আগে জিতু ও শ্রাবন্তীকে ‘বাবুসোনা’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। এ ছাড়াও, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জিতু কামাল।