রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের স্কোয়াডে চোটের ধাক্কা

বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ শুরুর আগের দিন আয়ারল্যান্ডের স্কোয়াডে ইনজুরির ধাক্কা লেগেছে। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন রস অ্যাডায়ার। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। দুই টেস্টের দলে থাকা জর্ডান নিল তার স্থলাভিষিক্ত হয়েছেন।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় এক ইনিংস খেলেন অ্যাডায়ার। ৫৮ বলে করেন সেঞ্চুরি। গত কয়েক মাস ধরে ছোটখাটো ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। এই বছর শুধু তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮, ইংল্যান্ড সিরিজে ২৬ ও ৩৩ রান করেন তিনি। তাকে এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিট হওয়ার লড়াইয়ে নামতে হবে।

১৫ জনের টেস্ট স্কোয়াডে আছেন নিল। বাংলাদেশ সফর তার জন্য আরো লম্বা হচ্ছে। গত মে মাসে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। মাঠে চোটে পড়ে হোম সিজনে লম্বা সময় খেলতে পারেননি।

আগামী ১৯ নভেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। ২৭ নভেম্বর থেকে দুই দল খেলবে তিন টি-টোয়েন্টি।

সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের

আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্রয়, দান, হেবা, নামজারি, হস্তান্তর, আম-মোক্তার বা ঋণ অনুমতির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রথা বাতিল করে ৭ দফা নির্দেশনা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সব নির্দেশনা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়ন করা আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা সহজ, লিজ গ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি লাঘব এবং দুর্নীতি দূর করার লক্ষ্যে বিদ্যমান প্রথা ও পদ্ধতি নিম্নরূপে পরিবর্তন করা হলো :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত ও বরাদ্দকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি, হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল, আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের বিদ্যমান প্রথা বাতিল করা হলো।

এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উপর্যুক্ত কার্যক্রমের জন্য তফশিলে বর্ণিত আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রয়োজন হবে না। তবে লিজ দলিলের অন্যান্য শর্ত যেমন, কোনো প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রীকরণের মাধ্যমে প্লটের আয়তনের পরিবর্তন এবং প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণির পরিবর্তন অর্থাৎ মাস্টার প্ল্যানের কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের বর্তমান পদ্ধতি বহাল থাকবে।

দলিল গ্রহীতাকে উন্নয়নকৃত ফ্ল্যাট বা ভবনসহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের দুই শতাংশ হারে এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের তিন শতাংশ হারে অর্থ সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন দলিল সম্পাদনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে জমা প্রদান করতে হবে।

এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক উন্নয়নকৃত প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে একই হারে ও পদ্ধতিতে মন্ত্রণালয়ের অনুকূলে (প্রাতিষ্ঠানিক কোড নম্বর: ১৩২০১০১১১৮৮২৭, অর্থনৈতিক কোড নম্বর: ১৪২২৩১২) নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে আদায় করা হবে।

লিজকৃত সম্পত্তির মালিকানা সম্পর্কিত বিরোধ পরিহার এবং মালিকানা রেকর্ড লিজদাতা প্রতিষ্ঠানে সংরক্ষণ ও হালনাগাদ রাখার লক্ষ্যে প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে দলিল সম্পাদনের পর অবিকল নকলের একটি কপি (সার্টিফাইড কপি) এবং নামজারির পর এ সম্পর্কিত রেকর্ডপত্র ক্রেতা বা ক্ষেত্রমত, দলিল গ্রহীতা কর্তৃক দলিল সম্পাদনের নব্বই দিনের মধ্যে লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে দৈনিক পঞ্চাশ টাকা হারে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। হস্তান্তর দলিল বা নামজারি সংক্রান্ত রেকর্ডপত্র লিজদাতা প্রতিষ্ঠানে দাখিলের ত্রিশ দিনের মধ্যে মালিকানা রেকর্ড হালনাগাদ করতে হবে।

হালনাগাদ করা রেকর্ডপত্র রেজিস্ট্রার্ড ডাকের পাশাপাশি ই-মেইল বা ইলেক্ট্রনিক অন্য কোনো মাধ্যমে ক্রেতা বা ক্ষেত্রমত দলিল গ্রহীতাকে অবহিত ও পাঠাতে হবে। নির্ধারিত সময়ে তা পরিপালনে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অথবা কর্মচারীর বিরুদ্ধে কর্তব্য-কর্মে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লিজ দলিলের মেয়াদ শেষে (নিরানব্বই বছর পর) তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত বলে গণ্য হবে এবং অনুচ্ছেদ (২) এ বর্ণিত হস্তান্তর ফি আদায়ও রহিত হয়ে যাবে। তবে লিজদাতা প্রতিষ্ঠানের পূর্বানুমতি ব্যতীত প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রীকরণ, প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণির পরিবর্তনসহ মাস্টার প্ল্যানের কোনো পরিবর্তন করা যাবে না।

আবাসিক ব্যতীত অন্যান্য (প্রাতিষ্ঠানিক, বাণিজ্য ও শিল্প) প্লট, ফ্ল্যাট বা স্পেসের হস্তান্তর ও নামজারিসহ অন্যান্য ক্ষেত্রে লিজদাতা কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণের বিদ্যমান প্রথা বহাল থাকবে।

যে সব আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এবং ওই বিরোধে সরকারের স্বার্থের সংশ্লেষ রয়েছে, যে সব প্লট, ফ্ল্যাট বা বাড়ি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে অথচ ১৯৮৮ সালের ২৮ মার্চের পরে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করা হয়নি এবং যে সব আবাসিক প্লট বা ফ্ল্যাট ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুলাই মেয়াদে বিশেষ বিবেচনায় বরাদ্দ প্রদান করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, সে সকল প্লট, ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠান হতে অনুমোদন গ্রহণের বিদ্যমান প্রথা বহাল থাকবে।

এ অনুচ্ছেদের অধীন লিজদাতা প্রতিষ্ঠান হতে অনুমোদন পাওয়ার পর অনুচ্ছেদ (২) এ বর্ণিত পদ্ধতি ও হারে ক্রেতা বা ক্ষেত্রমত, দলিল গ্রহীতাকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে।

যে সব আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি, হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল, আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতি প্রদানের ক্ষেত্রে লিজ দাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রয়োজন হবে না, সে সব আবাসিক প্লট বা ফ্ল্যাটের তালিকা এ প্রজ্ঞাপনের অধীন, যথা শিগগিরই সম্ভব, তফশিল আকারে প্রকাশ করা হবে।

তবে প্রকাশিত তফশিলে পরবর্তী সময়ে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি জানিয়েছে, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “যুদ্ধবিরতির এক মাস পেরিয়ে গেলেও ত্রাণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নানা জটিল প্রক্রিয়া, মানবিক সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা, সীমিত প্রবেশপথ ও অনিরাপদ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে।”

তিনি জানান, “কিছু এলাকায় আমাদের দলকে এখনো প্রতিবার চলাচলের আগে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।”

ফারহান হক বলেন, “গত সপ্তাহে ত্রাণ পাঠানোর আটটি প্রচেষ্টা চালানো হলেও তার মধ্যে কেবল দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অনুমোদন দেয় ইসরায়েল। বাকি চারটি পথে বাধাগ্রস্ত হয়— এর একটি ক্ষেত্রে অনুমতি পেতে দলটিকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।”

তিনি আরও বলেন, “চলমান প্রতিবন্ধকতার মধ্যেও জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো সব সুযোগ কাজে লাগিয়ে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে।”

বেশি সংখ্যক সীমান্তপথ খুলে দেওয়ার বিষয়ে দেরির কারণ জানতে চাইলে ফারহান হক বলেন, “সমস্যাটা ইসরায়েলি পক্ষেই। আমরা তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি যাতে আরও বেশি প্রবেশপথ খোলা যায়, কিন্তু এখনো তারা তা করেনি।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকায় যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা, মানববন্ধন, অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এছাড়া বিভিন্ন দাবি আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 111/৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ১১ নভেম্বর মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

ঢাকার তিন স্থানে সোমবার গভীর রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

রাত পৌনে ১টা থেকে ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি মঙ্গলবার সকালে বলেছেন, “রাত ১২ টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪ টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল এবং এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে শিক্ষক আন্দোলনের সমাপ্তি

লিপি বলেন, “দশম গ্রেডে বেতন আমাদের প্রাণের দাবি, এ দাবিটা সহকারী শিক্ষকদের চলমান থাকবে। প্রধান শিক্ষকরা যেহেতু দশম গ্রেড পেয়েছেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরীখে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করে। এ মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল। কারণ আমরা বারোতম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম।

“প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যেহেতু আমাদের একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের নিশ্চয়ণ করেছে যে এগারোতম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দেবে এবং পে কমিশন থেকে দ্রুত প্রেরণ করবে অর্থ মন্ত্রণালয়ে এবং যতদূর সম্ভব দ্রুত সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীত করবে বলে আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এটাই আমি মনে করি এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয় এবং আন্দোলনের অনেক বড় ফসল।

“অবশ্যই আজকে যদি এগারোতম গ্রেড নিশ্চয়ণ না হত, কোনোক্রমেই আমরা শহীদ মিনার থেকে সরে যেতাম না। সকলের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে যেহেতু প্রেস বিজ্ঞপ্তি মানেই আমাদের কাছে প্রজ্ঞাপন, সেটি যেহেতু আমরা হাতে পেয়েছি, তাই চলমান যে আন্দোলন, সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এগারোতম গ্রেডে বেতন চূড়ান্ত হয়েছে।”

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাও ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিক সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল উন্নীত করার বিষয়ে অর্থ সচিব বলেন, ‘বেতন গ্রেড ১১তমতে উন্নীত করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশন ২০২৫ এ পাঠিয়েছে, যা জাতীয় বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ পাওয়ার পরে অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে’।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষকদের দশম গ্রেড ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা প্রসঙ্গে অর্থ সচিব বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে একটি প্রস্তাব করলে অর্থ বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে’। শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবে।”

আন্দোলনরত শিক্ষকদের নেতা খায়রুন নাহার লিপি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও শহীদ মিনারে শিক্ষকদের একাংশ বেতন বৃদ্ধির ‘প্রজ্ঞাপনের দাবিতে’ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছিলেন।

পরবর্তীতে রাত সোয়া ৯টায় শহীদ মিনার থেকে সেই শিক্ষকদের সরিয়ে দেয় পুলিশ। তখন কয়েকজন শিক্ষক বলছিলেন, প্রজ্ঞাপন ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করব না।

শহীদ মিনারে অবস্থান করা লক্ষ্মীপুরের সহকারী শিক্ষক রাশেদ শাহরিয়ার আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতারা আন্দোলন প্রত্যাহার করেছেন। শহীদ মিনার থেকে শিক্ষকদের পুলিশ সরিয়ে দিয়েছে। আমরা যতটুকু জানি আন্দোলন প্রত্যাহার হয়েছে।

“অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পে কমিশনে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু পে কমিশন বাস্তবায়ন করার কেউ না, তাই সাধারণ শিক্ষকরা প্রজ্ঞাপন দাবি করেছেন। কারণ প্রজ্ঞাপন স্বীকৃতি, প্রেস রিলিজ নয়।”

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন ছাড়াও চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার দাবি তুলে ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। সেদিন বিকালে তারা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহাবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ।

এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাসে শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। দেড় শতাধিক শিক্ষক আহত হওয়ার পাশাপাশি ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বাধার মুখে শহীদ মিনারে ফিরে এসে রোববার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। এদিন রাতে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিত করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও সেই সিদ্ধান্ত পরে তারা সরে আসেন।

সোমবার তৃতীয় দিনের মত শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। সেইসঙ্গে দ্বিতীয় দিনের মত তাদের কর্মবিরতির কর্মসূচিও চলে।

এদিন সোমবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেসব স্কুলে যথারীতি ক্লাস চলেছে।

রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ সোমবার অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রেস উইং আরো জানায়, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে।

বিবৃতিতে সরকার বলছে, রাজধানীর সব গির্জা এবং সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আন্ত ধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

আজ সোমবার সকালে রাজধানী ঢাকার চারটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা নেই।

এ ছাড়া ধানমণ্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯ এর ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রবল বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লা এলাকায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেসব গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি পুলিশ বলেছে, লাল কেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

বিস্ফোরণ স্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং একটি গাড়ি একেবারে বিধ্বস্ত হয়েছে। এছাড়া আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে।

নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের অন্তত ২০টি গাড়ি সেখানে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌‌‘‘আমার বাড়ির ছাদ থেকে আগুনের বিশাল গোলা দেখতে পেয়েছি। বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে উঠেছে।’’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমি গুরদুয়ারায় ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনি। বিস্ফোরণের শব্দ এত ভয়াবহ ছিল যে, কী ঘটেছে তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারিনি।

এদিকে, দিল্লিতে বিস্ফোরণের দিনই হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মিরের পুলওয়ামার বাসিন্দা ডা. মুজাম্মিল শাকিল বাড়িটি ভাড়া নিয়েছিলেন। সম্প্রতি দেশটির একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গত কয়েক দিনে হরিয়ানা ও জম্মু-কাশ্মির পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই নেটওয়ার্ক ধ্বংস করা হয়। অভিযানে ২ হাজার ৯০০ কিলোগ্রামেরও বেশি বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই অভিযান গত ১৫ দিন ধরে চলছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা গেছে, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেটে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

এর আগে আজ ভোরের দিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুটি বাসই ভিক্টর পরিবহনের।

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষদিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ পড়ে ১ হাজার ৬২ ডলার, পাম তেলে যা ১ হাজার ৩৭।
ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি।

সুপারিশে প্রতি ডলার ১২২ ডলার ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে। যেখানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার বদলে ৯ টাকা ২৭ পয়সা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৮ টাকা ২৭ পয়সা এবং ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে খোলা ১ লিটার সয়াবিন ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে, এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১৪ শতাংশ।