শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিএনপি বের হলে রাস্তায় জায়গা হবে না : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যদি বিএনপি বের হয় তাহলে রাস্তায় জায়গা হবে না। কারণ ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর কে ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক।
তিনি এই আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য।

একটি ইসলামিক দলকে ইঙ্গিত করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে তারা ওই হেলমেট বাহিনীর মতো হুন্ডা দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ দিয়া বাহিরে বাহিরে ঘুরছে। বিএনপির রাজনীতিতে কোনো হুন্ডা থাকবে না। বিএনপির রাজনীতিতে কোনো গুণ্ডা থাকবে না।
কোনো হুন্ডা র‌্যালি নেই। বিএনপির রাজনীতিতে থাকবে সাধারণ মানুষের র‌্যালি। সাধারণ মানুষের আওয়াজ, মা-বোনদের আওয়াজ। অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করে তারা বোঝাতে চায় হাজার হাজার লোক।
বিএনপিতে এসব হুন্ডা-গুণ্ডার রাজনীতি থাকবে না। আমরা হুন্ডার আওয়াজ ও র‌্যালির কাছে কখনোই মাথা নত করিনি। এজন্যই বলছি হুন্ডা গেছে যেই পথে, আগামীতে হুন্ডা যারা চালাবে তারাও যাবে সেই পথে।

তিনি বলেন, কেউ হুন্ডার দিকে নজর দেবেন না। দুই-চারটা হুন্ডা থাকে।
কিন্তু শত শত হুন্ডা থাকতে পারে না। হাজার হাজার হুন্ডা নিয়ে ভোট হয় না, গুণ্ডামি হয়, অপরাজনীতি হয়। এই রাজনীতি থেকে আমরা ৫ আগস্ট বের হয়ে গিয়েছি। তাহলে আবার কেন সেই হুন্ডা, সেই অপসংস্কৃতি। এগুলো করার কোনো সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠক করেছেন।

শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে তারা একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টাইগেটে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জেও দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

রাজধানীর বিজয়নগরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় বেলা ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত আত্-ত্বরীক টাওয়ারে আগুন লাগার তথ্য ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে তেমন কিছু জানা যায়নি।

খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয়নগরে একটি দশতলা বাণিজ্যিক ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। রমনা থানার মাধ্যমে খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয় বলে জানান রোজিনা আক্তার।

যুক্তরাষ্ট্রে নায়ক মারুফের বাসায় থাকেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা যায় তার ফেসবুক পোস্ট থেকে।

যুক্তরাষ্ট্রে মাহি অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। সম্প্রতি তিনি অতিথি হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খানের অনুষ্ঠানে। ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে মাহি তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।

সেখানেই জানালেন তিনি কোথায় থাকেন।
খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি বলেন, ‌‘আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।’

জায়েদ খানের প্রশ্ন, ‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’

এর উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না।
কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

শোটির পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার, ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

ভূমিকম্পে শুধু বাংলাদেশই কাঁপেনি, কেঁপেছে মেট্রোরেলও। শুধু কম্পন নয়, মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ফাটলও ধরেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সরেজমিনে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। ফাটল ধরেছে বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও। পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ফাটল ধরেছে।

অনুসন্ধান বলছে, মিরপুর ১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর ১০ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত ছিলেন তিনজন। প্রথমে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম। পরে এ প্রতিবেদক তাকে ফাটল দেখিয়ে বলেন, ‘ওই তো ফাটল’।

তখন সায়েম বলেন, ‘আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম।’

সায়েম এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পল্লবী স্টেশনের অন্য এক স্টেশন কর্মী জানান, আরও এক জায়গায় ভূমিকম্পে ফাটল ধরেছে। কিন্তু, তিনি কোথায় ফাটল ধরেছে তা বলতে চাননি।

মিরপুর ১০ স্টেশনের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক জায়গার টাইলসে ফাটল ধরেছে।

এ ছাড়া মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের অনেকের সঙ্গে কথা বললে তারা ফাটলের বিষয়টি নিশ্চিত করেন।

ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। তবে, শুক্রবার বিকেল থেকে যথারীতি মেট্রোরেল চলতে শুরু করে। এ প্রতিবেদকের সঙ্গে কথা হচ্ছিল সাব্বির রহমান নামের এক যাত্রীর। ফাটলের কথা জানতে পেরে তিনি বলেন, ‘এটা ঠিক না। বিভিন্ন স্টেশনে ফাটল ধরার পরও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি। দুর্ঘটনা ঘটতে কতক্ষণ?’

জানতে চাইলে সুস্মিতা নামের আরেক এক যাত্রী বলেন, ‘শুনে খারাপ লাগছে। মেট্রোরেল খুব উপকারী। বিপুল অর্থ খরচ করে নির্মিত মেট্রোরেলের ক্ষতি হবে না; এমনটাই ভাবনা ছিল আমার। প্রাকৃতিক কারণে হলে তো আমাদের কিছু করার নেই।’

কারওয়ান বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোরে ফাটল ধরেছে। সেখানে রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, সাব-স্টেশনের কক্ষ বন্ধ। তবে, স্টেশনে থাকা এক কর্মী বলেন, ফাটল ধরেছে। অনেকে ভয়ে আছে।

ফাটলের ব্যাপারে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের মুঠোফোনে কল করা হয়। তবে, তিনি কল রিসিভ করেননি। এ ছাড়া ডিএমটিসিএলের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে চাননি। তিনি আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে তার মুঠোফোনে কল করা হয়। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।’

এ অবস্থার ভেতর দিয়েও মেট্রোরেল চালানো ঠিক হলো কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা কতগুলো ট্রায়াল রান করেছি। যখন দেখেছি, কোনো অসুবিধা নেই; তখন মেট্রো রান করেছি।’

রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত

রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে হওয়া এ কম্পনে সারাদেশে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২৮ পয়েন্টের পরিকল্পনা ফাঁস, কী আছে সেখানে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২৮টি পয়েন্ট সম্বলিত একটি নতুন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন, যা গতকাল ফাঁস হয়েছে। বিবিসি, রয়টার্স, সিএনএনসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে এসেছে সেই খসড়া।

ট্রাম্প প্রশাসনের সেই ২৮ পয়েন্ট সম্বলিত খসড়ায় গত প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে কিছু শর্ত মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো —

১) ইউক্রেনের সার্বভৌমত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এ লক্ষে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপের মধ্যে একটি সম্পূর্ণ এবং বিস্তৃত আগ্রাসনবিরোধী চুক্তি হবে। চুক্তিতে অবশ্যই নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারটি গুরুত্ব সহকারে রাখতে হবে।

২) ইউক্রেন এই শান্তি পরিকল্পনায় সম্মতি জানানোর পর ১০০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে।

৩) ইউক্রেনকে অবশ্যই দোনেৎস্ক ও লুহানস্ক থেকে নিজেদের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে হবে এবং এ দুই প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইউক্রেনের মূল ভূখণ্ডের অন্যান্য যেসব এলাকা বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা।

বর্তমানে দোনেৎস্ক, লুহানস্কসহ ইউক্রেনের মূল ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ এলাকা রুশ বাহিনীর দখলে আছে।

ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ক্রিমিয়া, লুহানস্ক এবং দোনেৎস্ককে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ফলে কোনো কারণে ইউক্রেন যদি এই তিন অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না ও দেয়, তাহলেও এগুলো নিজেদের বলে দাবি করতে পারবে না।

৪) ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যসংখ্যা কোনোভাবেই ৬ লাখের বেশি হতে পারবে না। ২০২৫ সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী দেশটির সেনাবাহিনীতে বর্তমানে সক্রিয় সেনাসদস্যের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার।

সেই সঙ্গে চুক্তিতে বলা হয়েছে, কখনও পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না কিয়েভকে।

৫) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ কখনও পাবে না ইউক্রেন। ন্যাটোও কখনও দেশটির ভূখণ্ড বা জলসীমায় কোনো ঘাঁটি গড়তে পারবে না। তবে ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)-এর সদস্যপদ লাভের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, ইইউ’র বাজারেও প্রবেশাধিকার পাবে।

৬) রাশিয়া এবং ইউক্রেন— উভয়ে শান্তি পরিকল্পনায় সম্মতি জানালে যুদ্ধের কারণে রাশিয়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য যেসব রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিশ্ব— সেগুলো শিথিল করা হবে। তবে রাশিয়া যদি শর্ত ভেঙে ফের ইউক্রেনে আগ্রাসন চালায়— তাহলে ফের কার্যকর করা হবে সেই নিষেধাজ্ঞাগুলো।

৭) রাশিয়াকে ফের শিল্পোন্নত ও প্রভাবশালী দেশের জোট জি৭-এ অন্তর্ভুক্ত করা হবে। রাশিয়া আগে এই জোটের সদস্যরাষ্ট্র ছিল এবং সে সময় এর নাম ছিল জি৮। ২০১৪ সালে রুশ বাহিনী ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পর গ্রুপের অন্যান্য সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা এবং জাপানের মতামতের ভিত্তিতে রাশিয়াকে এই জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুতিন এবং অন্যান্য রুশ কর্মকর্তাদের ওপর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

ম্যাচের ফল বিবেচনায় নিলে আমরা সেখানে কিছুটা পিছিয়েই আছি : আয়ারল্যান্ডের প্রধান কোচ

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ২৬৫ রানেই গুটিয়ে যায়। পরে ২১১ রানের লিড নিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। ফলে স্বাগতিকরা ইতোমধ্যে ৩৬৭ রানের লিড নিয়েছে।

স্বভাবতই সিলেট টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টেও যে দাপট দেখাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যা স্বীকার করে নিয়ে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান বলেছেন, ‘ম্যাচের ফল বিবেচনায় নিলে আমরা সেখানে কিছুটা পিছিয়েই আছি। তবে আমি মনে করি ছেলেরা বেশ ভালোভাবে লড়াই করেছে।’

ব্যাটিং বিপর্যয়ে পড়ায় আইরিশদের প্রথম ইনিংসের দৌড় আরও আগেই থামতে পারত। তবে স্টিফেন দোহানি ও লরকান টাকারের ৮১ এবং টাকার-জর্ডান নিলের ৭৪ রানের জুটি তাদের মান কিছুটা বাঁচিয়েছে। শিষ্যদের প্রশংসা করে আইরিশ কোচ বলেন, ‘যেভাবে দোহানি এবং লরকান টাকার শেষ দিকে লড়াই চালিয়ে গেল এগুলো দারুণ আশা জাগানিয়া। এই পর্যায়ে এসে আমরা অনেক কিছু শিখছি। জর্ডান নিল আরও একবার ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়েছে। সামনে কঠিন ২ দিন আসছে।’

মিরপুরে সচরাচর যে স্পিননির্ভর উইকেট দেখা যায়, এই ম্যাচে সেই চিত্র নেই। যা ভাবনার বাইরে ছিল বলেও জানান মালান, ‘এখানে উইকেট আমরা যেরকম ভেবেছিলাম একদম সেভাবে আচরণ করেনি। আজকেও দেখা গেছে এখানে ব্যাট করাটা অসম্ভব নয়। মাঝেমধ্যে বোলাররা ভালো বল করেছে। আমরা এবং বাংলাদেশের ব্যাটাররা দেখিয়ে দিয়েছে রান করা যাবে। এভাবেই বাকি ২ দিন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল হামলা : ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১), আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)। তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

বাংলাদেশ ‘এ’ দল এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালো

ভারতের বিপক্ষে নাটকীয় এক সুপার ওভারে জিতে আগেই এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে টানটান উত্তেজনার পর শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। আগামী ২৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করেছিল পাকিস্তান ‘এ’ দল। যেখানে তাদের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৩৯ রান করেন গাজী ঘোরি। বিপরীতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৪ উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়ায় নেমে কক্ষপথেই ছিল লঙ্কান শিবির। কিন্তু শেষ দুই ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে পারেনি। তাদের পক্ষে মিলান রত্ননায়েক সর্বোচ্চ ৪০ রান করেন। আর পাকিস্তানের সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ৪টি করে উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ‘এ’ দলের শুরুটা ছিল দারুণ। ৩.৩ ওভারে ৩০ রান তোলার পরই তারা ওপেনার মোহাম্মদ নাঈমকে (১৬) হারায়। খানিক বাদেই ফেরেন আরেক ওপেনার মাজ সাদাকাত (২৩)। ৬–৭ রানের গণ্ডিতে আটকে অল্প সময়ের ব্যবধানে আউট হয়েছেন ইয়াসির খান, মোহাম্মদ ফাইক ও ইরফান খান। শেষ পর্যন্ত গাজী ঘোরির ৩৯, সাদ মাসুদের ধীরগতির ২২ ও আহমেদ দানিয়ারের ২২ রানের ঝোড়ো ক্যামিওতে দেড়শ (১৫৩) পেরোনো পুঁজি পায় পাকিস্তান।

লঙ্কান ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় তিনি ১ উইকেট নিয়েছেন। তবে তাকে ছাপিয়ে প্রমোদ মাদুশান ৪ এবং ট্রাভিন ম্যাথিউ শিকার করেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে মিলে ১.২ ওভারে ২৯ রান তুলে ফেলেন। ক্রুসপুল্লে ৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রানে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। একপ্রান্ত আগলে রেখে হালামবাগে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঠিকই, অন্যপাশে ছিল সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। ফলে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল লঙ্কানরা। হালামবাগে আউট হয়েছেন ২৯ রান করে।

নবম উইকেট জুটিতে মিলান রত্ননায়েক ও ম্যাথিউ মিলে ৪৭ রান তুলে ফের জয়ের আশা জাগিয়ে তোলেন। তবে শেষের সমীকরণ মেলানো হয়নি লঙ্কানদের। ১৮তম ওভারে ১৪ রান তোলার পর শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। হাতে ছিল ২ উইকেট। ১৯তম ওভারে ৬ এবং শেষ ওভারে ৯ রান তুলতেই সেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৪৮ রানে গুটিয়ে ৫ রানের হারে তাদের বিদায় নিশ্চিত হয়। রত্ননায়েক করেন ৪০ রান। বিপরীতে পাকিস্তানের জয় নিশ্চিতের পথে ৩টি করে শিকার ধরেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।