শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযা

লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানে বোমাবর্ষণ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘ইসরায়েলি যুদ্ধবিমান মাহরুনা শহরে একটি হামলা চালায়’, একই সময়ে জবা এলাকায় একটি বাড়িও লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ‘দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে’।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা শিগগিরই দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে’ হামলা চালাবে এবং দুইটি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে সতর্ক করেছে।

সামরিক বাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জবা ও মাহরুনা গ্রামের কয়েকটি ভবনের মানচিত্র শেয়ার করে বাসিন্দাদের সতর্ক করে জানায়, ওই এলাকায় অবস্থান করা ‘আপনাদের ঝুঁকির মধ্যে ফেলছে’।

ইসরায়েলি বাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিখাই আদ্রাই বলেন, ‘হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠন দক্ষিণ লেবাননে পুনরায় তাদের কার্যক্রম গড়ে তোলার যে নিষিদ্ধ চেষ্টা চালাচ্ছে, তার জবাবে (ইসরায়েলি সেনাবাহিনী) শিগগিরই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর ওপর হামলা চালাবে।’

তিনি বলেন, ‘আপনারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবনের নিকটে অবস্থান করছেন। আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে ওই স্থান ত্যাগ করতে হবে।

এই সতর্কতা এমন এক সময় এলো, যখন এক বছরের পুরোনো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় ইসরায়েল ও লেবানন একদিন আগে কয়েক দশকের মধ্যে তাদের প্রথম সরাসরি বৈঠক করেছে। বৈঠকে লেবাননের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মর্গান অরটাগাসও উপস্থিত ছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বৈঠকের পরিবেশকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করলেও একই সঙ্গে স্পষ্ট করেছে, অর্থনৈতিক সহযোগিতায় কোনো অগ্রগতি হোক বা না হোক, হিজবুল্লাহকে নিরস্ত্র করা ‘অত্যাবশ্যক’।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে যে লড়াই চলছিল, তা বন্ধ করতে ২০২৪ সালের নভেম্বর মাসে লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমাবর্ষণ চালিয়েছে, সাধারণত এই বলে যে তারা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যাতে সংগঠনটি পুনরায় অস্ত্রসজ্জা করতে না পারে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল সেখানে পাঁচটি এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে।

টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরী উপকূলে ইঞ্জিন বিকল হওয়া একটি যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টায় এমভি মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে বোটটি শাহপরী দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসমান অবস্থায় বোটটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে। পরে বিকল হওয়া বোটসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানিয়েছেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও সমুদ্র উপকূলে দুর্ঘটনায় পড়া যাত্রীদের উদ্ধারে এমন অভিযান অব্যাহত রাখবে।

কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ ইমরান খানের

কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) তার এক্স অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করা হয়। সেখানে তার ওপর চালানো নির্যাতনের কথা বলা হয়েছে।

এরআগের দিন তার বোন ড. উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন। ওই সময় উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান তিনি। যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

মানসিক নির্যাতনের ব্যাপারে ইমরান বলেছেন, “আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়েল অনুযায়ী, যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে।”

ইমরান দাবি করেছেন, তাকে ও তার স্ত্রীকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে।

২০২২ সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এরমধ্যে ২০২৩ সালে একবার গ্রেপ্তার হয়ে তিনি ছাড়া পান। এরপর তাকে ওই বছরের আগস্টে আবার গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে বন্দি আছেন তিনি।

নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন ইমরান খান।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।”

“পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।”

ইমরান খান আরও বলেন, “মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।”

অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।”

গ্যাসের উৎপাদন বাড়াতে ১,১৩৬ কোটি টাকা ব্যয়ে ৩টি নতুন কূপ খনন করবে সরকার

দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে একটি বড় উদ্যোগ নিচ্ছে সরকার। কুমিল্লার শ্রীকাইল, পাবনার মোবারকপুর ও সিলেটের ফেঞ্চুগঞ্জে তিনটি নতুন অনুসন্ধান কূপ খননে ১ হাজার ১৩৬ কোটি ২৫ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবিত এ প্রকল্প বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বাস্তবায়ন করবে। এর লক্ষ্য হলো শিল্প ও গৃহস্থালি খাতে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদায় দেশের নিজস্ব গ্যাস সরবরাহ জোরদার করা।

সরকারি নথি অনুযায়ী, ‘তিনটি অনুসন্ধান কূপ খনন (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ এবং ফেঞ্চুগঞ্জ সাউথ-১)’ শীর্ষক প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। এর অর্থায়ন মূলত সরকারের পক্ষ থেকে আসবে, যার মধ্যে ঋণ বরাদ্দ থাকবে ৯০৯ কোটি টাকা এবং বাপেক্স নিজস্ব তহবিল থেকে ২২৭ কোটি ২৫ লাখ টাকা প্রদান করবে।

দেশব্যাপী বাপেক্সের ২০টি নতুন কূপ খননের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভার শেষে প্রকল্প সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমরা সবসময়ই একটি পুনরাবৃত্ত সমস্যার সম্মুখীন— নতুন গ্যাস অনুসন্ধান, তা নতুন কূপ খনন করে হোক বা ইতোমধ্যে আবিষ্কৃত কূপ থেকে গ্যাস আহরণের প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করেই হোক। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি সভায় অন্তত এ ধরনের একটি বা দুটি গ্যাস প্রকল্প ছিল।

উপদেষ্টা বলেন, গ্যাস আমদানি এখনও প্রয়োজন। মূল সমস্যা হলো গত ১৫ বছরে কোনো নতুন কূপ খনন হয়নি, এমনকি বাপেক্সকেও শক্তিশালী করা হয়নি।

তিনি বলেন, আমরা এখন শুরু করলেও এক বছরেই গ্যাস পাওয়া যাবে না। কিন্তু যদি শুরু না করা হয়, তাহলে আমরা কখনো সেই পর্যায়ে পৌঁছতে পারব না। প্রথমবারের মতো আমরা খনন ও পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়ন করে বাপেক্সকে শক্তিশালী করছি। এটি একটি দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ।

প্রকল্প নকশা অনুযায়ী, শ্রীকাইল ডিপ-১ এবং মোবারকপুর ডিপ-১ কূপ ৬ হাজার মিটার গভীরতায় খনন করা হবে, আর ফেঞ্চুগঞ্জ সাউথ-১ কূপ খনন করা হবে ৪ হাজার মিটার গভীরতায়। কাজের মধ্যে থাকবে রিগ মোবিলাইজেশন ও ডিমোবিলাইজেশন, রিগ ফাউন্ডেশন নির্মাণ, খনন কার্যক্রম, পরীক্ষা ও সম্পন্নকরণ সেবা।

বিশেষ করে শ্রীকাইল ও মোবারকপুরের দুটি গভীর কূপের জন্য পরামর্শক সহায়তাও নেওয়া হবে।

বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা উল্লেখ করেছেন, বাপেক্স কর্তৃক সংগৃহীত বিস্তৃত ভূতাত্ত্বিক তথ্য পর্যালোচনা এবং থ্রি-ডি সিসমিক জরিপের তথ্য বিশ্লেষণের পর কূপ খননের স্থানগুলো চূড়ান্ত করা হয়েছে। তিনটি কাঠামোর ভূতাত্ত্বিক সম্ভাবনা উল্লেখযোগ্য গ্যাস মজুদের শক্তিশালী সম্ভাবনা দেখা যাচ্ছে।

যদি বাণিজ্যিক গ্যাস আবিষ্কৃত হয়, তাহলে তিনটি কূপ থেকে প্রাথমিকভাবে স্থাপিত গ্যাসের (জিআইআইপি) আনুমানিকপরিমাণ হবে ১,৬৯৬.৩৬ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে প্রায় ১,০১৮.১৪ বিসিএফ উত্তোলনযোগ্য হতে পারে। নীতিনির্ধারকদের মতে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে এটি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করবে।

পরিকল্পনা কমিশনের শিল্প ও জ্বালানি বিভাগের ওই কর্মকর্তা বলেন, এই প্রকল্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

কারণ এটি সরকারের দেশীয় উৎপাদন বাড়ানো এবং আমদানি করা এলএনজি’র ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও বলেন, এই কূপগুলোর অনুসন্ধান ফলাফল জাতীয় রিজার্ভ বেসকে ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ করতে পারে।

পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ২০২৫ সালের ৮ জুলাই অনুষ্ঠিত সভায় প্রস্তাবটি পর্যালোচনা করে, যেখানে তারা প্রকল্পটিকে অনুমোদনের সুপারিশ করে। কমিটি সময়মতো বাস্তবায়ন, পেট্রোবাংলার সঙ্গে সমন্বয় জোরদার এবং সাফল্যের হার বাড়াতে আধুনিক খনন প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

জ্বালানি খাতের বিশ্লেষকরা এ উন্নয়নকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর চাপ ক্রমেই বাড়ছে। শিল্প সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের গ্যাস আমদানির ওপর নির্ভরতা অব্যাহতভাবে বেড়েছে। নতুন দেশীয় রিজার্ভ সফলভাবে আবিষ্কার হলে এটি আমদানি ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা স্থিতিশীল করবে।

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যক্ষমতা সম্প্রসারণে কাজ করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সম্ভাব্য গ্যাসুসমৃদ্ধ অঞ্চলে বেশ কয়েকটি টু-ডি ও থ্রি-ডি সিসমিক জরিপ সম্পন্ন করেছে এবং আরও মূল্যায়নের জন্য একাধিক সম্ভাবনা চিহ্নিত করেছে।

একনেক অনুমোদনের মাধ্যমে নতুন খনন উদ্যোগ সরকারের জ্বালানি খাতের রোডম্যাপের অধীনে বিস্তৃত অনুসন্ধান কার্যক্রমে গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা মনে করেন, এটি গ্যাস অনুসন্ধানে বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগও আকর্ষণ করবে।

সূত্র: বাসস।

৫ গোলের ম্যাচে ১ গোল দিয়েই জিতল বায়ার্ন

চলতি মৌসুমে হ্যারি কেইনের ২৫তম গোল আর প্রতিপক্ষের দুই আত্মঘাতী গোলে অল্পের জন্য রক্ষা বায়ার্ন মিউনিখের। ডিএফবি পোকাল তথা জার্মান কাপে ইউনিয়ন বার্লিনকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাভারিয়ানরা।

ম্যাচে গোল হয়েছে সব মিলিয়ে ৫টি। এর মধ্যে চারটিতেই অবদান ইউনিয়ন বার্লিনের। বায়ার্নের জালে দুটি গোল করার পাশাপাশি নিজেদের জালেও করেছে সমানসংখ্যক গোল।

শুরু থেকেই ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বায়ার্ন। প্রথম গোলের অপেক্ষাটাও দীর্ঘ হয়নি। ১২তম মিনিটেই জোশুয়া কিমিখের কর্নার ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই পাঠান ইউনিয়ন ফরোয়ার্ড ইলিয়াস আনসাহ।

মাঝামাঝি সময়ে আসে বায়ার্নের দ্বিতীয় গোল। কিমিখের নিঁখুত কর্নারে দারুণ এক গ্লান্সিং হেডে দলের ব্যবধান বাড়ান হ্যারি কেইন। চলতি মৌসুমের প্রতিটি রাউন্ডে পোকালে গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক।

হাফটাইমের আগমুহূর্তে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় ইউনিয়ন। জোনাথন টাহর হাতে বল লাগায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে স্কোরলাইন ২-১ করেন লিওপোল্ড কুয়ারফেল্ড।

কিন্তু বিরতির আগেই আবারো গোল ব্যবধান বাড়ায় বায়ার্ন। এবারও প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। মাইকেল অলিসের ক্রসে বায়ার্নের কেউ পৌঁছানোর আগে ডিয়োগো লেইটে বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন। মধ্য বিরতিতে বায়ার্ন ৩-১।

বিরতির পর মাত্র পাঁচ মিনিটেই নতুন বিপদে পড়ে অতিথিরা। বক্সের ভেতরে ফাউল করে বসেন হ্যারি কেইন! দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ইউনিয়ন। কুয়ারফেল্ড আবারও নিখুঁত শটে ব্যবধান কমান ৩-২-এ। এরপর পুরো ম্যাচজুড়ে আক্রমণে আগ্রাসী ইউনিয়ন বার্লিন। লুইস দিয়াসের একটি গোল অফসাইডে বাতিল হয়, শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পান কুয়ারফেল্ডও—কিন্তু কাছ থেকে তার হেড বাইরে গেলে রক্ষা পেয়ে যায় বায়ার্ন। গোল ব্যবধান শেষ পর্যন্ত ৩-২ থাকলেও বায়ার্নের একমাত্র স্কোরার হ্যারি কেইন।

কোহলির কীর্তি ম্লান করে প্রোটিয়াদের দাপুটে জয়

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪ তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে প্রথম সেঞ্চুরি হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড়। জোড়া শতরানের সুবাদে স্কোরবোর্ডে তিনশোর্ধ্ব রানের বড় পুঁজি গড়েছিল ভারত। সেটিও শেষ পর্যন্ত যথেষ্ট হলো না। মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দিলেন প্রোটিয়াদের। ফলে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।

প্রথম ম্যাচে ১৭ রানে জয়ের পর গতকাল সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছিল ভারত। রায়পুরে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দল ৫ উইকেটে ৩৫৮ রান সংগ্রহ করে। জবাবে ৪৯ দশমিক ২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে জয়ের দিনে ৯৮ বলে ১১০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন এইডেন মার্করাম।

এর আগে শুরুতে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ে দেখে মনে হচ্ছিল রানটা চারশোর কাছাকাছি চলে যেতে পারে। যদিও শেষ পর্যন্ত ৩৫৮-তেই থামতে হয়েছে কোহলি-রাহুলদের। রায়পুরের পিচ এবং শিশিরে সেই রান ভারতীয় বোলিং বিভাগের পক্ষে আটকানোটা যে সহজ হবে না সেটা তখনই বোঝা গিয়েছিল। হলোও তাই। অবশ্য ভারতের বোলাররাও কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

অথচ এদিন ম্যাচের শুরুটা দারুণ করেছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। তারপর ভারতীয় ইনিংসের হাল ধরেন সেঞ্চুরি হাঁকানো দুই তারকা-বিরাট এবং রুতুরাজ। ১৯৫ রানের জুটি গড়েন দু’জনে। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রুতুরাজ। তবে ৮৩ বলে ১০৫ রানে শেষ হয়ে যায় তার ইনিংস। রুতুরাজের পর শতরানের দেখা পেলেন বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। অর্থাৎ শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের থেকে এখনও ১৬ ধাপ পেছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশ’টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্ট ফরম্যাটে করেন ৫১টি। এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনো একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল লিটল মাস্টারের নামে। সেই রেকর্ড প্রথম ম্যাচে রাঁচিতেই ভেঙে দিয়েছিলেন কোহলি। আর গতকাল আরও এক কদম উঠলেন তিনি। ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

এ নিয়ে টানা দু’বার সেঞ্চুরি হাঁকালেন ১১ বার। যা আরও একটা নজির। বিশ্বের আর কোনও ব্যাটারের এমন নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এ ছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির (৩৪*) রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন। এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনেন অধিনায়ক রাহুল। তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। রাঁচিতে ৬০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। রায়পুরে ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন রাহুল। কিন্তু বিরাট আউট হওয়ার পর থেকেই ভারতের রানের গতি কমতে থাকে। নিজের ভুলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর (১)। তারপর ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ২৭ বল খেলে মাত্র ২৪ রান করেন তিনি।

ধারাভাষ্যকাররাও বলছিলেন, এই পরিস্থিতিতে রানটা যথেষ্ট নয়। সেটিই সত্যি হলো। ২৬ রানে প্রোটিয়াদের প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতেই হয়ে যায় সেঞ্চুরি পার্টনারশিপ। অধিনায়ক বাভুমা ৪৬ রানে আউট হলেও অন্যদিকে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন মার্করাম। মাত্র ৯৮ বলে ১১০ রান করেন তিনি। কিন্তু মার্করামের উইকেট ফেলার পরও ম্যাচে ফিরতে পারেনি ভারত।

মিডল অর্ডারে ম্যাথু ব্রিৎজকে এবং ডেওয়াল্ড ব্রেভিস দুজনেই অনবদ্য ইনিংস খেলেছেন। ব্রিৎজকে করেন ৬৮ রান। মাত্র ৩৪ বলে ৫৪ করেন ব্রেভিস। ওই দুই ব্যাটারের ইনিংসেই ভারতের হাতের বাইরে চলে যায় খেলা। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ট্রাম্প

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ১০ অক্টোবর এ যুদ্ধবিরতি শুরু হলেও ৫০০ বারের বেশি চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির পরও প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে দখলদাররা।
এরআগে ইসরায়েল দাবি করে তাদের সেনাদের ওপর হামলা চালানোয় হামাসের এ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলার ব্যাপারে ট্রাম্প বলেন, “আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি চলছে। কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলছে। এটি শিগগিরই কার্যকর হবে।”

হামাসের কাছে দখলদার ইসরায়েলের আর মাত্র দুজন জিম্মি রয়েছে। যারমধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। তবে ইসরায়েল এ নিয়ে গড়িমসি করছে।

আনুষ্ঠানিকভাবে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো হয়নি। তবে এটি কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু মেকানিজম ঠিক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ধাপ শুরু হলে গাজার সরকারের নিয়ন্ত্রণ নেবে একটি টেকনোক্যাট সরকার। এছাড়া হামাসের বদলে নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সেনাপ্রধান অসীম মুনির মানসিক ভারসাম্যহীন, বললেন ইমরান খান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের সঙ্গে তার বোন ড. উজমা খান মঙ্গলবার সঙ্গে রাওয়ালপিন্ডিার আদিয়ালা জেলে দেখা করেন। সেখানে সেনাপ্রধানকে নিয়ে কথাবার্তা হয় তাদের মধ্যে।

তার এ বক্তব্য গতকাল বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করা হয়।

ইমরান অভিযোগ করেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। এছাড়া আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অসীম উত্তেজনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, “অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।”

“পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।”

ইমরান খান আরও বলেন, “মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।”

অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।”

ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান।

ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা ভিকির

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে নতুন অতিথি এসেছে গত ৭ নভেম্বর। অপেক্ষার পালা শেষে ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। গত দুই বছরে কোনো নতুন ছবিতেও তাকে দেখা যায়নি। অবশেষে নতুন সদস্যের আগমনে আনন্দ ছুঁয়েছে ভিকি-ক্যাটরিনার সংসার।

সন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রকাশ্যে আসেননি অভিনেত্রী ক্যাটরিনা। তবে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এসে বাবা হওয়ার পরের অনুভূতি জানালেন অভিনেতা ভিকি কৌশল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিবারে নতুন সদস্য আসার খবর জানান ভিকি ও ক্যাটরিনা।

স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা তখন লিখেছিলেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ এদিকে বাবা হওয়ার পর নিজের আবেগ যেন আর ধরে রাখতে পারছেন না ভিকি।

আনন্দের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম, এই দিনটা যেদিন আসবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে যেন আমাকে মাটির মানুষ করে দিল।’

বর্তমানে ছেলের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন ভিকি। ছেলেকে প্রকাশ্যেও আনেননি এই তারকা দম্পতি। তবে খুব শিগগিরই পুত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ভিকি কৌশল।

কক্সবাজার সৈকতে ৬ মেট্রিক টন প্লাস্টিক দিয়ে তৈরি হলো দানব ভাস্কর্য

কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে আছে বিশালদেহী দৈত্য সাদৃশ্য দানব। যাকে ঘিরে আছে উৎসুক জনতা, তবে এটা আসল নয়। মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই দানব তৈরি করেছে। প্লাস্টিকের কারণে দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এটি তৈরি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সৈকতের সীগাল পয়েন্টে নির্মাণ করা হয়েছে সাগরের প্লাস্টিক বর্জ্যে তৈরি এই দানব ভাস্কর্য, যা প্রদর্শন করা হবে তিন মাস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ‘প্লাস্টিক দানব’ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, দূষণের হাত থেকে সমুদ্রকে বাঁচাতে এ উদ্যোগ প্রশংসনীয়। সৈকতে আসা লাখো পযটকের মাঝে সচেতনতা তৈরিতে এটি রাখবে ভূমিকা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, সরকারের পলিসির সাথে সমন্বয় করে আমরা সারাদেশ থেকে স্বেচ্ছাশ্রমে ৫০০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করেছি। এতে করে প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টে সরকারি খরচ যেমন কমবে তেমনি মানুষও জানতে পারবে কীভাবে রিসাইকেলের মাধ্যমে বর্জ্য কে সম্পদে রুপান্তর করা যায়।

দেশব্যাপী এমন উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় ৬ মাসব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করবে বলে জানান তিনি।

ভাস্কর্য নির্মাণে জড়িতদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক ভাস্কর্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ভাস্কর ও শিল্পী আবীর কর্মকার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী মিলে ৬ মেট্রিক টন ওসান প্লাস্টিক ব্যবহার করে বিশ্বের বৃহত্তর এই প্লাস্টিক ভাস্কর্যটি তৈরি করেছেন। প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি এটিতে ব্যবহার করা হয়েছে কাঠ, পেরেক ও আঠাসহ (গাম) আরও কয়েকটি উপকরণ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের দায়িত্বরত স্বেচ্ছাসেবক মুহাম্মদ মুবারক জানান, গত প্রায় ৪ মাস ধরে কক্সবাজার, ইনানী ও টেকনাফের সমুদ্র সৈকত থেকে সংগৃহীত সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য ভাস্কর্যে ব্যবহৃত হয়েছে।

বিশ্বের দীর্ঘতম সৈকতে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের মাঝে প্লাস্টিক বর্জ্যের দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভিন্নধর্মী এই উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, পুরো পর্যটন মৌসুম সর্বসাধারণের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে যাকে কেন্দ্র করে এখানে প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক পথ নাটক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে।