শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান। আইএসপিআর জানিয়েছে, ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৯ ডিসেম্বর আরভিঅ্যান্ডএফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল এস এম আসাদুল হক। সাভার আরভিঅ্যান্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার মধ্যে রাফাহও রয়েছে।
রাফাহ সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে আরবি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ডজনখানেক তাবু বুধবারের ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে।

রাফাহের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে তারা ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছ থেকে সাহায্যের জন্য অসংখ্য ফোন পাচ্ছে। ভারি বৃষ্টিতে পরিবারগুলো তাবুর ভেতর আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণ শুরু হয়নি।

জুলাই অভ্যুত্থানের ডিজিটাল তথ্য সংরক্ষণ প্ল্যাটফর্ম ‘মনসুন প্রোটেস্ট আর্কাইভস’–এর যাত্রা শুরু

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও তথ্য সংরক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মনসুন প্রোটেস্ট আর্কাইভস’–এর যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের ওএইচসিএইচআর বাংলাদেশ মিশনের প্রধান হুমা খান বলেন, আমি মনে করি এটি বাংলাদেশের ইতিহাস সংরক্ষণ এবং সত্যকে ধরে রাখা ও ঐতিহাসিক নথিকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। প্যানেল আলোচনায় হুমা খান আর্কাইভটি সম্পর্কে বলেন, এটি এমন একটি টুল যা তথ্যকে বস্তুনিষ্ঠভাবে নথিবদ্ধ করে।
এটি ইতিহাস সংরক্ষণের একটি টুল।

টেক গ্লোবাল ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ও নেত্র নিউজ—তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে এ প্ল্যাটফর্ম। আর্কাইভে ৯৩৩ জন ভুক্তভোগীর যাচাইকৃত তথ্য এবং ৮ হাজারের বেশি অডিও, ভিডিও, ঘটনার স্থান, সময়, ব্যক্তিদের মৃত্যুর কারণ, আহত ব্যক্তিদের অবস্থা, এমনকি ঘটনায় জড়িত বাহিনীর তথ্যও সংরক্ষণ করা হয়েছে। তথ্যগুলো একটি মানচিত্রের ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে হুমা খান (জাতিসংঘের ওএইচসিএইচআর মিশনের প্রধান), সাংবাদিক ডেভিড বার্গম্যান, জেসমিন আক্তার (শহীদ মোহাম্মদ হৃদয়ের বোন) এবং টিজিআই-এর কান্ট্রি হেড (বাংলাদেশ) ফৌজিয়া আফরোজকে নিয়ে একটি প্যানেল ডিসকাশনও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মনসুন প্রোটেস্ট আর্কাইভস ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা এবং দুটি অনুসন্ধানী তথ্যচিত্র “গাজীপুর: এভিডেন্স অব আ মার্ডার” এবং “অ্যানাটমি অব বিজিবি শুটিং ইন রামপুরা” প্রদর্শন করা হয়। তথ্যচিত্র দুটি টিজিআই যথাক্রমে আইটিজেপি এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় নির্মাণ করেছে। এই তথ্যচিত্রগুলোর মধ্যে প্রথমটিতে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ কর্তৃক মোহাম্মদ হৃদয়কে হত্যার ঘটনাটি ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেখানো হয়েছে।

জুলাই বিপ্লবের একজন অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা-ও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, আন্দোলনকারীরা নারী-পুরুষ নির্বিশেষে মানুষ হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। তিনি আন্দোলনে নারীদের স্বতঃস্ফূর্ততা ও প্রেরণা সৃষ্টিকারী সাহস ও শক্তির জন্য তাদের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।

আর্কাইভটি প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, আন্তর্জাতিক স্তরে এমন একটি আর্কাইভ তৈরির প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাতে চাই, কারণ ভবিষ্যতে এর অন্তর্গত তথ্যগুলোই আমাদের জন্য ফিরে দেখার সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে মানবাধিকার বিশেষজ্ঞ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আর্কাইভটি তৈরি করা তিনটি সংস্থার প্রতিনিধি এবং জুলাই বিপ্লব আন্দোলনের অংশগ্রহণকারী ও শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিছিয়ে পড়েও রিয়ালকে হারাল সিটি, আলোনসোর ভবিষ্যৎ হুমকিতে

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ানো পেপ গার্দিওলার দল চাপ বাড়িয়ে দিল কোচ জাবি আলোনসোর ওপর।

ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পে বেঞ্চে থাকায় তাকে ছাড়া খেলতে নামা মাদ্রিদ দারুণ শুরুর পর ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহামের লম্বা ক্রস থেকে দারুণ শটে মার্চের পর প্রথম গোলটি করেন রোদ্রিগো।
তবে মাত্র সাত মিনিট পরই সমতা ফেরায় সিটি, কোর্তোয়ার ভুলে বল ফেরত পেয়ে কাছ থেকে গোল করেন তরুণ লেফট-ব্যাক নিকো ও’রেইলি।

হাফটাইমের ঠিক আগে ম্যাচ ঘুরে যায়। বক্সে রুডিগারের ধাক্কায় পেনাল্টি পায় সিটি, আর সেখান থেকে নিখুঁত শটে গোল করেন আর্লিং হালান্ড।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সিটির রক্ষণ দেয়াল হয়ে দাঁড়ায়।
বদলি এন্ড্রিকের হেড বার ঘেঁষে ফিরে আসে, বেলিংহামও এক দারুণ সুযোগ নষ্ট করেন।

অবশেষে ২-১ গোলে হেরে হতাশায় মাঠ ছাড়ে রিয়াল, আর জয়ে আত্মবিশ্বাসে উড়ছে পেপ গার্দিওলার দল। এদিকে এই পরাজয়ে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো ঘনীভূত হলো।

কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই : র‌্যাব

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, ‘র‌্যাবের আভিযানিক দল, ১৫টি ব্যাটালিয়ন এবং গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। কোনো অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না, কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘যেখানে যখন যে ঘটনা ঘটছে, র‌্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে কাজ করছে, যাতে আসামি বা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এবং র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এদিন সংবাদ সম্মেলনে রাজধানীর পল্টন থেকে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার এবং লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার চার ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন র‌্যাব মুখপাত্র। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলির প্রতি র‌্যাবের কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরো অনেক বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা।
ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।
যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আত্মীয়-স্বজন বা তিনি নিজেও কোনো অনিয়ম করেন তা লেখার আহ্বান জানান।

এর আগে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন তিনি।

চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারেই দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল; কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে আমরা স্থানান্তর করতে পারিনি। কিন্তু উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে উনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন, তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন। এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে ভালো চিকিৎসা যেটি, সেটি যাতে উনি পেতে পারেন, সেইজন্য এখানে রেখেও দেশি-বিদেশি… পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সকল সদস্যরাও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতে চাই, উনার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্যব্যবস্থার বা স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যেয়ে অতিরিক্ত প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করি। সেই লক্ষ্যে আমরা বলতে চাই, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এবং উনি চিকিৎসাধীন আছেন, এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

আরেক প্রশ্নে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি আগের মতোই আমাদের মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি- তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।

উল্লেখ, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।

নির্বাচনের তফসিলে তারিখ ছাড়াও যা যা থাকে

সাংবিধানিক দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকে। অর্থাৎ নির্বাচন কত তারিখ হবে, সেটির ঘোষণা। কিন্তু তফসিল মানে শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা নয়। নির্বাচনের সঙ্গে জড়িত খুঁটিনাটি আরো অনেক বিষয়ে সিদ্ধান্ত জড়িত এই তফসিলের সঙ্গে।

নির্বাচন আয়োজন করার জন্য যেসব কাজকর্ম জড়িত রয়েছে তার সবকিছুর জন্য একটি সময় বেঁধে দেওয়া হয় তফসিলে। খুব সহজ ভাষায় এটি নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা। যেমন প্রার্থীরা তাদের প্রার্থিতার মনোনয়নের কাগজ কত তারিখ জমা দেওয়া শুরু করতে পারবেন, সেটি ঘোষণা করা হয়।

মনোনয়নের কাগজ নির্বাচন কমিশন কত দিনের মধ্যে বাছাই করবে, বাছাই প্রক্রিয়ায় যদি সেটি বাতিল হয়ে যায়, তাহলে প্রার্থিতাপ্রত্যাশী ব্যক্তি কত দিন পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবে তার সময় বেঁধে দেয় কমিশন।

যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে আর কত দিন পর্যন্ত তা চালানো যাবে, সেটির উল্লেখ থাকে। সাধারণত প্রার্থীর নির্বাচনী প্রতীক ঘোষণার সাথে প্রচারণা শুরুর তারিখ সম্পর্কিত থাকে। নির্বাচন কত তারিখ হবে, কোন সময়ে শুরু হবে আর কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে তার বিস্তারিত এবং ভোটের পর ভোট গণনা কিভাবে এবং কোথায় হবে তারও পরিষ্কার উল্লেখ থাকে। এই পুরো বিষয়টির সমষ্টিকেই নির্বাচনের তফসিল বলা হয়।

ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আজ দেশের ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। ১৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলার এই মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়বেন। মুসল্লি না থাকলে এবং ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই, এটা আমরা চাই না। মসজিদের আবাদ করবেন সবাই।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুর মডেল মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছি। দেশের সব জেলখানাতে কুরআন শিক্ষা ও নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করেছি। যাতে জেল থেকে ফিরে আসামিরা নিয়মিত নামাজ আদায় করেন এবং অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।

তিনি বলেন, ‘ফিনল্যান্ড-ডেনমার্কসহ পৃথিবীর অনেক দেশে জেলখানা নেই। সেখানে চুরি-ডাকাতিও নেই। আসুন, আমরা ভালো হয়ে যাই।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আজ-কালের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। আশা করছি, আপনারা ভালো সরকার উপহার পাবেন।’

এ সময় গুরুদাসপুরের ইউএনও ফাহমিদা আফরোজসহ উচ্চপদস্থ কর্মকর্তা, মডেল মসজিদের প্রকল্প পরিচালক শহিদুল আলম, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা মোতাহার হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

৬ ঘণ্টা অবরুদ্ধ থেকে সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

সচিবালয়ে ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।

সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন। এর অংশ হিসেবেই বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ‍২টার পর থেকে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।
পরে পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন।

অবরুদ্ধ থাকাকালীন বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও তুলেছিল।

এর আগে আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়।
কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। আজই প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং তাদের অবস্থান ধরে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে সচিবালয় থেকে বের করে আনা হয়।