বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থায় অনেকটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে আছেন এবং সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছিল, তবে শারীরিক অবস্থা বিবেচনায় ভ্রমণের মতো পরিস্থিতি না থাকায় আপাতত তাঁকে দেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছায়ানটে হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে: সংস্কৃতি উপদেষ্টা

ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডির শংকরে ছায়ানট ভবন পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত হওয়া জায়গাগুলো দেখেন এবং ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা।

সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনার কাজ চলছে। এই ভবনে হামলা চালানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। আমি ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপন করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায় এ ব্যাপারে আর্থিক সহায়তাসহ সরকার সব ধরনের সহায়তা দেবে। ছায়ানট পরিচালনা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন।’

ছায়ানট ভবনের নিরাপত্তার ব্যাপারে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমি উপদেষ্টা পরিষদের অন্যান্যদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এটা অবশ্যই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। আজ আমাদের কথা বলার কথা শহীদ ওসমান হাদিকে নিয়ে। আজ আমাদের শোকাতুর হওয়ার কথা। প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে কারা? কারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা করেছে? যারা করেছে তারা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ চায় না।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘এই জাতীয় শোকের মুহূর্তে এক শ্রেণীর হঠকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এ হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেছে। মৃত্যুঞ্জয়ী হাদীর মৃত্যুতে কোনো সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারী অপরাধই নয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।’

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস পেয়েছেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।

জাইমা জারনাজ রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

এদিকে বিগত কয়েক দিনের তুলনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

‘ইয়েলো জার্নালিস্ট’ কঠিন জবাব দিলেন জামায়াত আমির

‘আর কতবার আমার কাছে ক্ষমা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি। শতবার বলেছি, ২ হাজার বার বললে খুশি হবেন?’

কথাগুলো বলছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এমন সময়েই সাংবাদিক বললেন, ‘আবার বলুন, আমরা একটু শুনি।’
আরও পড়ুন
জুমার দিন গুলিবিদ্ধ ও মৃত্যু: হাদিকে নিয়ে দেশবরেণ্য আলেমদের মন্তব্য

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লন্ডনে একটি রেস্টুরেন্টে জামায়াত আমিরের মিট দ্য প্রেসে এই ঘটনা ঘটেছে।

বৈঠককালে ‘পলিটিকা টিভি’র এডিটর ইন-চিফ ও একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ জামায়াত আমিরকে প্রশ্ন করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান লন্ডনে বলেছেন যে একাত্তরে আপনাদের ভূমিকা জাতি দেখেছে।

আবার আপনি বিজয় দিবসের র‌্যালিতে বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে যা জুলুম হয়েছে, জুলুম করেছেন, সেটার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং আপনারা ভালো হয়ে গেছেন। তো কোন জুলুমের কথা…।’

জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে প্রশ্ন করে বলেন,

‘বলবেন যে আপনি কোন মিডিয়ায় কাজ করেন, একটু প্লিজ?’

এ সময় সাংবাদিক তানভীর আহমেদ নিজের পরিচয় দিলে ডা. শফিকুর রহমান বলেন, ‘সো আই থিংক ইউ আর ম্যাচিউর পলিটিশিয়ান অলসো, অর পলিটিশিয়ান মেকার। আপনি আমার বক্তব্য শুনেন নাই। আপনি আমার কাটপিস শুনেছেন।’

বক্তব্য বিকৃত করে প্রচারকারীদের ‘ইয়েলো জার্নালিস্ট’ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, ‘উই হ্যাড দোজ ইয়েলো জার্নালিস্টস।

আমি মাফ চাই নাই। এটা ছিল ৯৬ সালে শেখ হাসিনার হাত জোড় করে মাফ চাওয়ার কাহিনী।

সেটাকে টুইস্টেড করে এনে আমার উপর ফেলা হয়েছে। এরপরে এরা সবাই আমাদের কাছে মাফ চেয়েছে, এই কাজ যারা করেছেন।

ইনটেনশনালি ড্যামেজ করার পরে এই মাফ চাওয়া। মাফ চাইছেন গোপনে, ড্যামেজ করেছেন ওপেনে। এই জায়গা থেকে সরে আসতে হবে। এটা আমার বক্তব্য নয়, যেটা আপনি শুনেছেন।’

তার প্রতিউত্তরে সাংবাদিক তানভীর আহমেদ বলেন, ‘আমার প্রশ্নটি ছিল একাত্তরের ভূমিকার জন্য আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা?’

এর জবাবে জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, ‘আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি। শতবার বলেছি, ২ হাজারবার বললে খুশি হবেন?’

এমন প্রশ্নের জবাবে সাংবাদিক তানভীর আহমেদ বলেন, ‘আবার বলুন, আমরা একটু শুনি।’

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘দরকার নাই আমার। একই কথা বারবার বলব কেন? বহুবার বলেছি। যদি একবার বলায় না হয়, ১০ হাজারবার বলায় হবে না।’

বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন।

আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে।

গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া। চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে।

লুকাশেঙ্কো বলেছেন, গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে। এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো।

গত আগস্টে মিনস্ক বলেছিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ জাপাদ-২০২৫ (ওয়েস্ট-২০২৫) সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে।

সূত্র: এনবিসি নিউজ

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একই সাথে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন‍্যান‍্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।

ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতের বিক্ষুব্ধ জনতা ছায়ানট ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, একদল হামলাকারী রাতের কোনো এক সময় ভবনটিতে অতর্কিত প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন
প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়।

এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করে তাঁকে বেহেশত নসিব করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ শোক জানান তিনি।

তারেক রহমান লেখেন, হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।

তিনি আরো লেখেন, আমি তাঁর শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই।

একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।

হাদির প্রথম জানাজা কোথায়, জানাল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটির মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ০৫ মিনিটের দিকে ঢাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, সিঙ্গাপুরের (দ্য আঙ্গুলিয়া মসজিদ) সকাল ১০টায় হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দেশে ফিরিয়ে এনে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে দ্বিতীয় জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী মুখ শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের ইতিহাস সংরক্ষণ ও চেতনাকে ধারণ করতে হাদি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। তার মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে ড. ইউনূস বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির এক সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যু জাতির জন্য গভীর বেদনার সংবাদ।

হাদির ইন্তেকালের খবরে রাত সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেন। পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত, এনসিপিসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানায়।

সরকারের পক্ষ থেকে আজ দোয়া মাহফিল এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

শাহবাগ মোড় অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শাহবাগ মোড়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার সকালেও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।

সেইসঙ্গে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতেও দেখা গেছে। এ সময় ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
আরও পড়ুন
আজ যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা।