বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

সারা দেশে রাতে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনে সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মাঠ মাতালেন ছেলে, গ্যালারিতে বসে উপভোগ করলেন জিদান

আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো মরক্কোর রাজধানী রাবাত। ফুটবল বিশ্বের কিংবদন্তি জিনেদিন জিদান গ্যালারিতে বসে উপভোগ করলেন নিজের ছেলের খেলা। আলজেরিয়ার গোলপোস্টে দাঁড়ানো লুকা জিদানের নিরাপদ হাতে ভর করেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আলজেরিয়া।

রাবাতের মুলায় এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় আলজেরিয়া।
ম্যাচজুড়ে লুকা জিদান ছিলেন আত্মবিশ্বাসী। প্রথমার্ধেই সুদানের ইয়াসের আওয়াদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন তিনি, যা আলজেরিয়ার জয়ের ভিত গড়ে দেয়।

গ্যালারিতে বসে থাকা জিদানকে বড় পর্দায় দেখানো হলে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা হাসিমুখে ছেলের খেলা উপভোগ করেন, কখনো দাঁড়িয়ে করতালি দেন, কখনো আবার উদ্বেগভরা চোখে মাঠের দিকে তাকিয়ে থাকেন।

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক না থাকায় এই ম্যাচে সুযোগ পান লুকা জিদান। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি। ম্যাচ শেষে আলজেরিয়ান সমর্থকদের বড় অংশই প্রশংসায় ভাসান তরুণ গোলরক্ষককে।

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত : সারজিস

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তাকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার অভিপ্রায় জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন।
আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

সারজিস লেখেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় অবতরণ করবেন। তার আসার খবরে বিমানবন্দর এলাকার আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় জমাতে দেখা গেছে। যদিও বিমানবন্দর সড়ক থেকে ওসমানী বিমানবন্দরের যে প্রবেশমুখ সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানের কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।

সরেজমিন দেখা গেছে, বিমানবন্দরের প্রধান সড়ক থেকে ওসমানী বিমানবন্দরমুখি সড়কটিতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।
বিমানবন্দর এলাকার সবগুলো ভিউপয়েন্ট, বাসাবাড়ির ছাদে তাদের সতর্ক অবস্থান দেখা গেছে।

৬১ বছর পূর্তি উদযাপনে বিটিভির নানা আয়োজন

প্রতিষ্ঠার ৬১ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিটিভির পর্দায় থাকছে নানা আয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি বলেছে- বর্ষপূর্তিতে রয়েছে বিশেষ অনুষ্ঠান, বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’। পাশাপাশি বিটিভির আর্কাইভ থেকে প্রচারিত হবে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান ও নাটক। এ ছাড়া বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান।

বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিও থেকে থাকছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা তাতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে অতিথিরা বিটিভি নিয়ে স্মৃতিচারণ করবেন।

বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ টেলিভিশন কেবল একটি সম্প্রচারমাধ্যম নয়; এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের অংশ। ৬১ বছরের পথচলায় বিটিভি জাতির গুরুত্বপূর্ণ সব মুহূর্তের সাক্ষী ও সহযাত্রী।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করে বিটিভি। ১৯৭৫ সালে ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়।

১৯৮০ সালে রঙিন সম্প্রচার শুরু করে নতুন যুগে প্রবেশ করে বিটিভি। বর্তমানে এইচডি ফরমেটে টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে রাষ্ট্রীয় এই গণমাধ্যম।

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টা ২৬ মিনিটে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয় মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, আপনার শরীর কেমন আছে? দোয়া করবেন। ইনশাআল্লাহ।

তারেক রহমান আরো বলেন, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্নরকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।

এর আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) প্রথমে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো ত্যাগ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

জনস্রোত ঠেলে এগোচ্ছে বাস, হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান

দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে করে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দিয়েছেন তিনি। তাকে একনজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা।

এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন।

মাতৃভূমিতে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রেড জোনে তাকে শুভেচ্ছা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
সেখান থেকে বের হয়ে ঢাকার ৩০০ ফিট সড়কে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তাঁর গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে এসেছে লাখ লাখ মানুষ।
তীব্র শীত উপেক্ষা করে রাত থেকে সমাবেশস্থলে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে শুরু করে। ভোর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সরেজমিন দেখা গেছে, রাজধানীর প্রায় সব এলাকা থেকে দল বেঁধে হেঁটে কিংবা বাস-ট্রাক-মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়।
এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান। পরে তারেক রহমান ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।
এ ছাড়া দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছবে।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। ৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা) যাবেন।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সোয়াট টিমকেও প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে প্রিয় নেতাকে বরণ করতে নিয়ে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে ভিড় করেছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে একনজর দেখতে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশস্থলে রাত কাটিয়েছেন হাজার হাজার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ। ঢাকার আশেপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ১১টা ১৩ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা দেশবাসী দেখবে, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ধরে রাখতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে ও বিদেশে এখনো সক্রিয়। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই অগণতান্ত্রিক ও সন্ত্রাসী স্বপ্ন সফল হবে না। যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে চাইবে, আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব।’

এ সময় একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন।