সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

১৫ বলে ফিফটিসহ ঝোড়ো ইনিংস খেললেন সূর্যবংশী

আইপিএলে আবারও নিজের প্রতিভার ঝলক দেখালেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দুর্দান্ত এক ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে জয়ের পথ দেখালেন তিনি। দূর্দান্ত এক ইনিংস খেলার পথে ১৫ বলেই তুলে নেন ঝোড়ো অর্ধশতক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এই ১৫ বছর বয়সী ওপেনার।
ইনিংসের শুরুতেই ভূবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকিয়ে আত্মবিশ্বাসের জানান দেন।

অল্প সময়ের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সূর্যবংশী। বিশেষ করে জশ হ্যাজলউডের এক ওভারে তিন চার ও এক ছক্কা মেরে ১৯ রান তুলে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরু বোলিং আক্রমণ।

মাত্র ১৫ বলে ফিফটি তুলে নিয়ে আইপিএলের দ্রুততম অর্ধশতকের তালিকায় নিজের নাম লেখান তিনি। এর আগে লোকেশ রাহুল ও ইউসূফ পাঠান এই কীর্তি গড়েছিলেন।

ইনিংসের পুরোটা সময় জুড়েই আত্মবিশ্বাসী ছিলেন সূর্যবংশী। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।
শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হলেও ম্যাচ তখন অনেকটাই রাজস্থানের নিয়ন্ত্রণে।

তার এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেই সহজ হয়ে যায় রান তাড়া। ম্যাচের শেষ দিকে খুব বেশি চাপ নিতে হয়নি রাজস্থানকে, এবং তারা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২

দীর্ঘ ১০ দিনের মহাকাশযাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছে নাসার ‘আর্টেমিস-২’। এর মাধ্যমে দীর্ঘ আধা শতাব্দীরও বেশি সময় পর চাঁদে মানুষের প্রথম সফরের সফল সমাপ্তি ঘটল।

শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে মহাকাশযান। এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্প্ল্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছেন, তিনিসহ চার নভোচারী সুস্থ আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনে নভোচারীরা প্রায় ৬ লাখ ৯৪ হাজার ৩৯২ মাইল (১১ লাখ ১৭ হাজার ৫১৫ কিমি) পথ পাড়ি দিয়েছেন। ওরিয়ন ক্যাপসুলটি দুটি পৃথিবী কক্ষপথ এবং চাঁদের পৃষ্ঠ থেকে ২ লাখ ৫২ হাজার মাইল দূর দিয়ে একটি ঐতিহাসিক ‘ফ্লাইবাই’ সম্পন্ন করেছে। এটি ছিল মহাকাশের এত গভীরে মানুষের এযাবৎকালের সবচেয়ে দূরের সফর।

প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস-২ মিশন।

আর্টেমিস-২ ছিল মূলত একটি পরীক্ষামূলক ক্রু ফ্লাইট। এই মিশনের সাফল্যের ওপর ভিত্তি করেই নাসা ২০২৮ সাল নাগাদ পুনরায় চাঁদের মাটিতে নভোচারীদের পাঠানোর চূড়ান্ত পরিকল্পনা করছে।
রিকভারি টিমগুলো ইতিমধ্যে সমুদ্র থেকে ওরিয়ন ক্যাপসুলটি উদ্ধার করে নভোচারীদের নিরাপদে নিয়ে আসার প্রক্রিয়া শেষ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি থাকছে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকছে। সবমিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, লম্বা এই ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে।

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা

আমদানি হওয়ায় সোনার দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ ৯ এপ্রিল সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শনিবার (১১ এপ্রিল) বিক্রি হচ্ছে সোনা।

বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা খরচ করতে হবে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ দুই হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম।
যেখানে দাম ৩১ বার বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৩ বার।

লা লিগায় শিরোপা আশা প্রায় শেষ রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গতরাতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে শীর্ষের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে তারা। ফলে শিরোপা জয়ের আশা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

ম্যাচের শুরুটা ছিল বেশ ধীরগতির।
প্রথমার্ধে দুই দলই তেমন আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৫১ মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তার এই গোলেই ম্যাচে প্রাণ ফিরে পায় মাদ্রিদ।

কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ৬২ মিনিটে দুর্দান্ত এক শটে সমতা ফেরান থমাস লেমার। ডি-বক্সের বাইরে থেকে তার নিখুঁত ফিনিশিং মাদ্রিদের গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি।

গোল হজমের পর ম্যাচে আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ।
একের পর এক আক্রমণ চালালেও কার্যকর ফিনিশিংয়ের অভাবে জয় অধরাই থেকে যায়। ম্যাচের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের একটি নিশ্চিত গোলের সুযোগ দারুণভাবে রুখে দেন পাওলো গাজ্জানিগা।

এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরো বাড়ায় শঙ্কায় পড়েছে মাদ্রিদ। বার্সেলোনা তাদের পরের ম্যাচে জয় পেলে পয়েন্ট ব্যবধান দাঁড়াতে পারে ৯-এ।

সব মিলিয়ে, টানা কয়েক ম্যাচে জয়হীন থাকা এবং রক্ষণভাগের দুর্বলতায় ভুগতে থাকা রিয়াল মাদ্রিদের জন্য লা লিগা শিরোপা এখন অনেকটাই দূরের স্বপ্ন।
পাশাপাশি সামনে চ্যাম্পিয়নস লিগের কঠিন ম্যাচ থাকায় চাপ আরো বাড়ছে দলটির ওপর।

ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে ‘বট বাহিনী’ পরিকল্পিতভাবে কাজ করছে : কোয়াবের সভাপতি

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন করে বিসিবির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এরপর জট খুলেছে ঢাকা লিগের। আগামী মাসেই শুরু হবে এই লিগ। এদিকে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বর্তমান বোর্ডকে ঘিরে।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে নিয়েও চলছে সমালোচনা। এ নিয়ে আজ (শুক্রবার) তিনি বলেন, ‘এটা আসলে একটা পরিকল্পিত বিষয়, একটা বাহিনী—‘বট বাহিনী’ বলেও যেটার কথা কিছুদিন আগে শুনেছি। তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে।’

এসব পরিকল্পনা সফল হবে না বলেই বিশ্বাস তার, ‘তবে আমার মনে হয় না এটা সফল হবে। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট। তামিম ভাই প্রথম দিন সংবাদ সম্মেলনে এসেই বলেছিলেন, ক্রিকেটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য।’

ক্রিকেটারদের নিয়ে পরে মিঠুন বলেন, ‘আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ক্রিকেটারদের যে ভাবমূর্তি ছিল, এখন সেটা আগের জায়গায় নেই। আমরা বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সেখানে অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করে বসে। কেউ একটা নেতিবাচক মন্তব্য করলেই অনেকে সেটা দেখে না বুঝেই আরেকটা নেতিবাচক মন্তব্য করে।’

তিনি বলে গেলেন, ‘কিন্তু সেই মন্তব্য কতটা যৌক্তিক, সেটি অনেকেই ভাবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের একটা চর্চা এখন দেখা যাচ্ছে। অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার যে এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এই চেষ্টা সফল হবে। কারণ বাংলাদেশের মানুষ যতই কষ্ট পাক, দিন শেষে তারা আবার মাঠে আসে, খেলা দেখে, খেলোয়াড়দের সম্মান করে এবং তাদের সঙ্গে মিশতে চায়।’

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ- ২০২৬ জাতীয় সংসদে পাশ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন- ২০২৬ বিল উত্থাপন করেন তিনি।

এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এ সময় সংসদ সদস্যরা ‌‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন।

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল বিশেষ কমিটি।

এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাশ

সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ বিল পাশ হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজকে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলের অধিবেশনে সংসদে অধ্যাদেশটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান এ অধ্যাদেশ উত্থাপন করেন।

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়। এ অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে। তবে এসব কলেজের নিজস্ব পরিচয়, অবকাঠামো ও সম্পদের ওপর তাদের অধিকার বহাল থাকবে।

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। রাষ্ট্রপতি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে ভিসি নিয়োগ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির ক্ষমতা পাবে।

ঢাকা থেকে সরিয়ে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত করল ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএনআই।

সরকারি বিবৃতিতে বলা হয়, ‘প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪), বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভারতের বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করে আসা প্রণয়কে ব্রাসেলসে নেওয়ার উদ্যোগের কথা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম বলা হচ্ছিল। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পরে সেখানকার দায়িত্ব ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই চুক্তির মাধ্যমে পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এটি ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই এফটিএ ভবিষ্যত-উপযোগী বাণিজ্য কাঠামো তৈরি করবে, যা ভারতের নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলোকে সহায়তা করবে। বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত।

ইউরোপের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার বাড়ার ফলে ভারতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ইউরোপীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে ভারতীয় উৎপাদকদের সংযুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ চুক্তিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আঞ্চলিক শিল্প ক্লাস্টারগুলোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা বৈশ্বিক বাজারে প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণ করতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১.৫ লাখ কোটি রুপি (১৩৬.৫৪ বিলিয়ন ডলার)। এর মধ্যে রপ্তানি ছিল ৬.৪ লাখ কোটি রুপি এবং আমদানি ছিল ৫.১ লাখ কোটি রুপি।

একই সময়ে সেবা খাতে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৭.২ লাখ কোটি রুপি (৮৩.১০ বিলিয়ন ডলার), যা দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতার ইঙ্গিত দেয়।

বিশ্ব অর্থনীতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত। একসঙ্গে তারা বৈশ্বিক জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।

ভারত সরকার মনে করছে, এই চুক্তি দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং প্রবৃদ্ধি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রণয় ভার্মা বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এ কর্মকর্তা তার আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের জুলাইয়ে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হয়ে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি।

এর আগে ২০১৭ সাল পর্যন্ত ভারতের পরমাণু কূটনীতি নিয়ে কাজ করা অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন প্রণয় ভার্মা। যন্ত্রকৌশলে স্নাতক করা প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে আসার আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন। যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার উপর স্নাতকোত্তর করেছেন তিনি।