সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের শুনানি কাল

চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে চলা মামলার শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল ১৮ জানুয়ারি।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বর্তমান কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

সাধারণত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের বিধান রয়েছে। তবে বর্তমানে জাতীয় নির্বাচন এবং প্রশাসনিক ব্যাপক ব্যস্ততার কারণে অনেক প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনো ধরনের প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি না হয়, সেই লক্ষ্যেই সরকার বিদ্যমান কমিটির মেয়াদ বৃদ্ধির এই সময়োপযোগী পদক্ষেপ নিল। মন্ত্রণালয়ের আদেশে স্পষ্ট করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে যারা বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেকের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ধিত এই মেয়াদের মধ্যেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়মিত প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হতে পারে। শিক্ষা বোর্ডগুলোকে এই আদেশ অবিলম্বে কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি পরিবারের ৫১৭ জন মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন ডিএমপি কমিশনার।

কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে।
পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে। তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভালো ফর্মে থাকা টাইগার যুবারা সবশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৭টিতে। সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে তারা এবারও শিরোপার অন্যতম দাবিদার। তরুণ তুর্কি, হালের সেনসেশন বইভব সুরিয়াবংশী দলটির বড় শক্তি।

বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব। আমরা অনেকদিন আগে এসেছি, তাই প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সরকার উৎখাতে বিশ্ববাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান ইরানের নির্বাসিত যুবরাজের

ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের সরকার উৎখাতে দেশটির আন্দোলনকারীদের সহায়তা করার জন্য। তিনি বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের পতন হবেই—হবে কি না, সেই প্রশ্ন নয়; প্রশ্ন হলো, কবে হবে।’

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিরোধী নেতা রেজা পাহলভি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক বা ‘সার্জিক্যাল’ হামলার আহ্বান জানান। তাঁর দাবি, এতে আন্দোলনকারীদের কাজ সহজ হবে এবং প্রাণহানি কমানো সম্ভব হবে।
আরও দেখুন
মোবাইলে
সংবাদ লেখার প্রশিক্ষণ
ইংরেজি সংস্করণ
গণমাধ্যম প্রশিক্ষণ কোর্স
ইসলাম বিষয়ক
অপরাধ বিষয়ক আইনি সহায়তা
খেলাধুলা আপডেট
সংবাদ সাবস্ক্রিপশন
দুর্নীতি বিরোধী কর্মশালা
অনলাইন সংবাদ পোর্টাল

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পরে এই আন্দোলন রূপ নেয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসানের দাবিতে।

ইরান সরকার এই বিক্ষোভকে বিদেশি শত্রুদের মদদপুষ্ট ‘দাঙ্গা’ বলে উল্লেখ করেছে। তবে বিভক্ত বিরোধী শিবিরের মধ্যে রেজা পাহলভি একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন এবং এর আগেও তিনি বিক্ষোভ জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

কর্তৃপক্ষের কঠোর দমন অভিযানে আন্দোলনকারীরা প্রাণঘাতী শক্তির মুখে পড়ছেন। একই সঙ্গে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি ইরানে ফিরে যাওয়ার অঙ্গীকার করেন এবং দেশটির জন্য একটি নতুন সংবিধান প্রণয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনীর কিছু অংশ দমন অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সরকার বিদেশি মিলিশিয়া এনে বিক্ষোভ দমন করছে।

ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা ইরানের জনগণই ঠিক করবে।’ তিনি আরও বলেন, ‘আমি তাদের নিজেদের মুক্ত করতে সহায়তা করার চেষ্টা করছি।’

পাহলভি জানান, তিনি এমন একটি শাসনব্যবস্থার পক্ষে, যেখানে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ, ব্যক্তিস্বাধীনতা এবং জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার গঠনের অধিকার নিশ্চিত থাকবে।

বর্তমান আন্দোলনের সূত্রপাত হয় তেহরানে দোকানিদের ধর্মঘট থেকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার মূল্য পতনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে রূপ নেয়। বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল ‘স্বৈরশাসকের মৃত্যু’ এবং ‘এই বছরই সাইয়্যেদ আলি খামেনির পতন হবে’।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানায়, আন্দোলন শুরুর পর থেকে অন্তত দুই হাজার ৪৫৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনী বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ১৫৬ জন এবং সম্পৃক্ত নন এমন ১৪ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। একই সময়ে ১৮ হাজার ৪৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

খালেদা জিয়ার মেধাভিত্তিক নীতি আজকের প্রতিষ্ঠিত ক্যাডারের ভিত্তি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধাভিত্তিক ছিল বলে দাবি করেছেন কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

তিনি জানান, কোনো ধরনের হস্তক্ষেপ বা সুপারিশ খালেদা জিয়ার তরফ থেকে ঘটেনি, এবং তার এই নীতি আজকের দিনেও দেশের সেবাখাতের প্রতিষ্ঠিত ক্যাডারের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা হয়। এতে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, খালেদা জিয়ার তরফ থেকে কোনো সময় কোনো রকমের হস্তক্ষেপ ছিল না, কোনো তালিকা বা কোনো সুপারিশ ছিল না। উনি চেয়েছিলেন সবাই মেধার মাধ্যমে নিয়োগ পাবে। এ থেকে বোঝা যায় তিনি মেধাকে কতটা ধারণ করতেন।

শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

বাংলাদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলল কুয়েত সরকার

কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুনরায় এই পণ্যগুলো আমদানির সুযোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা কুয়েত বাজারে অংশ নিতে পারবে। তবে পণ্যের মান, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, ট্রেডমার্ক ও প্যাকেজিং সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে যাচাই করতে হবে।

কুয়েতে দীর্ঘ সময় বন্ধ থাকা এই আমদানি কার্যক্রম আগে স্বাস্থ্য ও মান সংক্রান্ত উদ্বেগের কারণে স্থগিত করা হয়েছিল। কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন কালবেলা বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি এবং মাংসজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি পেতে পারে এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি উনার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। আপনাদের মনে আছে, আমি একটা কথা বলতাম– বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এ নাগরিক শোকসভার আয়োজন করা হয়।

খালেদা জিয়ার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। উনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, আল্লাহর কাছে হাজার শোকর যে আজ আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারছি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এজন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এসময় দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাম্পের হাত ও আঙুল কেটে ফেলার হুমকি ইরানের বিপ্লবী গার্ডের জেনারেলের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন।

তিনি বলেন, “ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে। আমরা তার ওই হাত ও আঙুল কেটে ফেলব।”

এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল। তিনি বলেন, “যদি আমরা সামনের দিকে (যুদ্ধ) যাই। তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।” ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য্য প্রদর্শন করেছি, আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না। এ মুহূর্তে থামুন, পিছিয়ে যান। নয়ত এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) আপনাদের কোনো ঘাঁটিই সুরক্ষিত থাকবে না।”

এদিকে গতকাল জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলগুলোর দেশের প্রচেষ্টায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাদ দিয়েছেন ট্রাম্প। এছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে জানিয়েছেন তার হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ট্রাম্পের এমন আশ্বাস বিশ্বাস করছে না ইরান সরকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলার সময়ই ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়।

‘ভোট নিয়ে রুমিন ফারহানার আশঙ্কা অমূলক, আমরা কাজের মধ্য দিয়েই প্রমাণ করব: প্রেসসচিব

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদেরকে পাহারাদার হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন।

তবে এ শঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। এ শঙ্কা অমূলক উল্লেখ করে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে। যদি কোথাও সিল দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে আমাকে সহযোগিতা করে যাবেন।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে রুমিন ফারহানা সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন।

তবে আজ শুক্রবার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা কাজের মধ্য দিয়েই এর প্রমাণ করব।